পলাতক স্বৈরাচারের দোসরদের টার্গেট সম্পর্কে শরীফ ওসমান হাদি যথেষ্ট সচেতন থাকলেও নিজের ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নে ছিলেন উদাসীন। সম্প্রতি দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে হত্যার হুমকি দিয়ে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অন্তত ৩০টি টেলিফোন কল ও মেসেজ পাঠিয়েছিল। কিন্তু এই জুলাই যোদ্ধা ভয় পাওয়ার পাত্র নন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, ভয় পেয়ে ৫০ বছর বেঁচে থেকে লাভ নেই, যদি এই বেঁচে থাকা সমাজে কোনো ইতিবাচক কোনো পরিবর্তন আনতে না পারে। মাত্র কয়েক বছর রাষ্ট্রক্ষমতায় থেকে সমাজে ও রাষ্ট্রে বিশাল ইম্প্যাক্ট বা পরিবর্তনের চিহ্ন রেখে যাওয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিজের অন্যতম আইকন হিসেবে গ্রহণ করেছেন হাদি।

নির্বাচনের মাঠ চষে বেড়ানোর সময় তিনি জিয়াউর রহমানের মত প্রতিটি এলাকা নিজের পায়ে হেঁটে জনমত গঠন ও সাধারণ মানুষের মন জয় করার চেষ্টায় অভাবনীয় সাফল্য পেয়েছেন। ঢাকা শহরের প্রাণকেন্দ্র ঢাকা-৮ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছে ওসমান হাদীর টীম। শুক্রবার জুম্মার পর রাজধানীর বিজয় নগরে কালভাট রোর্ডে নির্বাচনী প্রচার কাজ শেষে রিকশায় চড়ে উত্তর দিকে যাওয়ার সময় কালোহেলমেটধারী মোটরবাইক আরোহী আততায়ীর পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে করা পিস্তলের গুলি ওসমান হাদির মাথার খুলি ভেদ করে বেরিয়ে যায়। জুলাই বিপ্লবের এই লড়াকু যোদ্ধা চব্বিশের ৫ আগস্টের পর থেকে এক নুতন লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন।

পতিত ফ্যাসিস্টের দোসরদের কালচারাল হেজিমনি ও ন্যারেটিভ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের পুর্নবাসন ও পুরনো রাজনৈতিক বন্দোবস্ত পুন:প্রতিষ্ঠার বিরুদ্ধে ইনকিলাব মঞ্চ অতন্দ্র প্রহরী হয়ে সোচ্চার ভূমিকা পালন করছে। নির্বাচনের মাঠে ওসমান হাদির পদচারণা, ক্রমবর্ধমান জনপ্রিয়তা বিএনপি-জামায়াতের ডাকসাইটে প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ বা হুমকি হয়ে না দাঁড়ালেও অন্ধকারের আততায়ী ও তাদের হুকুমদাতা, অর্থদাতা ও নিয়ন্ত্রকরা ভোটের মাঠের প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতাকে ব্যবহার করে পানি ঘোলা করতে ওসমান হাদিকে টার্গেট করার পেছনে রয়েছে এক ঢিলে তিন পাখি মারার ধুরন্ধর কৌশল।

একবাক্যে বলতে চাইলে, বলা যায়, প্রথমত: তারা ওসমান হাদিকে মেরে সরাসরি জুলাই বিপ্লবের স্পিরিটের ওপর হামলা চালিয়ে ভয় ধরিয়ে দিতে চাইছে, দ্বিতীয়ত: নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে কাজে লাগিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্লেইম-গেইম ও অবিশ্বাস-অনাস্থার জন্ম দেয়া এবং তৃতীয়ত: নিরাপত্তাহীনতা ও জুলাই যোদ্ধাদের ক্ষেপিয়ে তোলার মধ্য দিয়ে নিবার্চনের পরিবেশকে ঘোলাটে করে তোলার মধ্য দিয়ে দেশে আরেকটি ওয়ান-ইলেভেনের মতো সেনানিয়ন্ত্রিত বিশেষ সরকারের প্রেক্ষাপট তৈরী করা। সার্বিক বিচার-বিশ্লেষণে আরো অনেক কিছুই আসতে পারে। চোয়াল ও মাথার খুলি ভেদ করে যাওয়া গুলিতে প্রচুর রক্তক্ষরণে ওমর হাদির তাৎক্ষণিক মৃত্যুর আশঙ্কা ছিল প্রবল। ডাক্তারদের সমন্বিত ত্বরিৎ উদ্যোগ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ জটিল অস্ত্রোপচারের সফলতার মধ্য দিয়ে জীবন-মত্যুর সন্ধিক্ষণে থাকা হাদি প্রথম ধাপ উত্তীর্ণ হওয়ায় অনেকেই পরম করুণাময়ের পক্ষ থেকে অলৌকিক সহায়তার জন্য শোকরিয়া জ্ঞাপন করেছেন। গুলিবিদ্ধ হওয়ার ৪৮ ঘন্টা পর রবিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে হাদির অবস্থা স্থিতিশীল বলে জানা গেলেও তিনি এখনো আশঙ্কামুক্ত নন। উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

কয়েকদিন আগে ওসমান হাদি নিজের সম্ভাব্য মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে নিজের শিশু সন্তানের দিকে খেয়াল রাখার পাশাপাশি ইনকিলাব মঞ্চের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছিলেন। তাঁর ভাগ্যে কিম্বা হায়াতে যাই ঘটুক, ওসমান হাদীর ওপর আততায়ী হামলার ঘটনা জুলাাই অভ্যুত্থানের স্পিরিটকে একটি নতুন বিপ্লবী চিন্তাধারার প্রেক্ষাপটের সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পতিত স্বৈরাচারের সম্মিলিত শক্তি, পাচারকৃত বিপুল অর্থ ও অস্ত্র, দিল্লি থেকে উস্কানি, পর্দার অন্তরালে থাকা দোসরদের নীলনকশা ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের নির্বাচনমুখী সব রাজনৈতিক দল ও জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতি এটি একটি রেড এলার্ট।

পতিত ফ্যাসিস্ট ও গণতন্ত্রের শত্রুরা রাষ্ট্র ও সরকারকে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে যেসব হুমকি ও চ্যালেঞ্জ ছুড়ে দিতে শোনা গেছে, ওমর হাদীকে হত্যার মধ্য দিয়ে সে লক্ষ্য অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে চেয়েছিল। হাদীর ভাগ্যে যাই ঘটুক; রাষ্ট্র ও সরকার জুলাই যোদ্ধা ও কালচারাল হেজিমনির বিরুদ্ধে অকুতোভয় কন্ঠস্বরগুলো রক্ষায় ব্যর্থ হলে, দেশে ক্যাওটিক সিচুয়েশন তৈরী করে জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেয়ার অপচেষ্টা অব্যাহত রয়েছে, যদিও লাখ লাখ জুলাই যোদ্ধার সবল প্রতিরোধে তাদের সে লক্ষ্য আর পূরণ হওয়ার নয়। ওসমান হাদি এখনো বেঁচে আছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া হয়েছে। হায়াত-মউত আল্লাহর হাতে।

তবে পতিত স্বৈরাচারের মত হাদির হন্তারকরাও সীমান্তপথে ভারতে পালিয়ে গেছে। ওমর হাদীর চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদেরকেও নাকি ভারত থেকে ফোন করে হুমকি দেয়া হয়েছে! এর মানে হচ্ছে, ওসমান হাদীকে ভারতীয় আধিপত্যবাদী ন্যারেটিভ ও তাদের এজেন্টদের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। একাত্তরের স্বাধীনতাযুদ্ধোত্তর চুয়ান্ন বছরে গত ১৭ বছর এবং জুলাই অভ্যুত্থাণ পরবর্তী দেড় বছরে পুরো জাতির কাছে বাংলাদেশ সম্পর্কে ভারতের চেহারা খুব স্পষ্টভাবে ধরা পড়ে গেছে। তারা কিছুতেই বাংলাদেশকে ভারতের করদ রাজ্যের বাইরে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভাবতে পারে না। বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক আত্মপরিচয়, রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতা, আত্মরক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং স্বাধীন পররাষ্ট্রনীতির সম্ভাবনাকে তারা ডিস্ট্যাবিলাইজেশন ও হিন্দুত্ববাদী কালচারাল হেজিমনির এজেন্ডায় ব্যর্থ করে দিতে তারা সম্ভাব্য সবকিছুই করেছে। জুলাই অভ্যুত্থান পরবর্তি নতুন বাংলাদেশ ভারতীয় গোয়েন্দা নেটওয়ার্কের আওতায় দীর্ঘদিনে গড়ে তোলা তাদের হেজিমনি ন্যারেটিভের নেটওয়ার্ক তছনছ করে দিতে শুরু করেছে। ইনকিলাব মঞ্চ এবং শরিফ ওমর হাদিরা জুলাই যোদ্ধা ও জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে প্রতিনিধিত্ব করছে। উত্তরা থানার সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে হাদীর ওপর করা সশস্ত্র হামলা, ভারতে পালিয়ে যাওয়া এবং হাদীর চিকিৎকদের প্রতি ভারত থেকে হুমকির অভিযোগ থেকে বোঝা যায়, শরিফ ওমর হাদীরাই ভারতীয় স্বার্থের প্রধান প্রতিপক্ষ। এর মানে হচ্ছে, জুলাই অভ্যুত্থানের স্পিরিট, ঐক্যবদ্ধ ও স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখাই হচ্ছে ভারতীয় এজেন্টদের টার্গেট। হাদির মত নেতাদের হত্যা করে তারা ব্লেইম-গেইমের অবতারনা করে জাতিকে বিভক্ত ও ডিস্ট্যাবিলাইজ করতে চাচ্ছে।

ওমর হাদীর উপর হামলার আগেই আল জাজিরার বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের তথ্য দিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে ভারত থেকে অন্তত ৮০ জন পেশাদার সন্ত্রাসী-কিলারকে বাংলাদেশপন্থী দেশপ্রেমিক রাজনীতিক ও নির্বাচনী পরিবেশ ভন্ডুল করতে বাংলাদেশে পাঠানো হয়েছে। কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপগুলোর সদস্য ও সুব্রতবাইন, পিচ্চি হেলাল, পিলখানা হত্যা মামলায় অভিযুক্ত লেদারলিটনসহ আন্ডারওর্য়াল্ডের পলাতক শীর্ষ সন্ত্রাসীরা মোটা অংকের বাজেট পেয়ে সীমান্ত দিয়ে তাদের এজেন্টদের মাঠে নামিয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকজন প্রার্থীকে টার্গেট করে নির্বাচনের মাঠকে এলোমেলো, অস্থিতিশীল ও নিরাপত্তাহীন করে তোলাই তাদের প্রধান টার্গেট।

এ ক্ষেত্রে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওমর হাদিকে হত্যা প্রচেষ্টা ছিল তাদের অনেক বড় গেম-চেঞ্জার প্রকল্প। জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সাথে বাণিজ্য ও ভিসা নিষেধাজ্ঞা, রাজনাথ সিং, শুভেন্দু অধিকারিসহ বিজেপি নেতাদের একের পর এক উস্কানিমূলক বক্তব্য, ময়ুখ রঞ্জন ঘোষদের প্রপাগান্ডা ও বাংলাদেশকে নাই করে দেয়ার হুমকিসহ ভারতের নানাবিধ পদক্ষেপের পাশাপাশি শেখ হাসিনার ভিডিও বার্তায় বাংলাদেশে টার্গেট কিলিং, দেশকে অস্থিতিশীল করে তোলার যেসব উপাদান পাওয়া যাচ্ছিল, তাতে সরকারকে যথেষ্ট সতর্কতার সাথে সবকিছু হ্যান্ডেল করতে হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসকে টলানো যায়নি।

জিয়াউর রহমানের পর তিনিই প্রথম ব্যক্তি যিনি ভারতের সাথে চোখে চোখ রেখে বাংলাদেশের স্বার্থ, নিরাপত্তা, আভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিষয়গুলো ডিল করতে সক্ষম হয়েছেন। তবে বিস্ময়ের ব্যাপার হচ্ছে, ওমর হাদীর উপর সন্ত্রাসি হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে হিসেবে নির্বাচনের সময় আছে দুইমাসেরও কম। নির্বাচনের তফশিল ঘোষণার পর সরকারের কর্মকা- সীমিত ও সীমাবদ্ধ। অন্যদিকে, নির্বাচন কমিশন ডি-ফ্যাক্টো সরকার হিসেবে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত সাংবিধানিক প্রতিষ্ঠান। এ সময় রাজনৈতিক হত্যাকা-, হুমকি ও চ্যালেঞ্জ সম্পর্কে নির্বাচন কমিশনের চোখ বন্ধ করে থাকার কোনো সুযোগ নেই। শরিফ ওমর হাদির ওপর টার্গেট কিলারদের হামলাকে প্রধান নির্বাচন কমিশনার যদি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন, তাহলে বোঝা যাচ্ছে, নিবার্চনের সময় আওয়ামী-ভারতীয় নাশকতার ছক মোকাবেলায় তার কোনো প্রস্তুতি ও পরিকল্পনা নেই। পরিস্থিতির প্রকৃতি ও আশঙ্কাকে স্বীকার করে নেয়ার মধ্য দিয়েই সেই পরিস্থিতিকে মোকাবেলার প্রাথমিক পদক্ষেপ শুরু হয়। ঢাকার প্রাণকেন্দ্রে দিনে-দুপুরে একজন প্রার্থীর উপর সশস্ত্র হামলা চালিয়ে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে সীমান্তপথে কিলাররা ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা, সক্ষমতা ও সীমাবদ্ধতা উলঙ্গভাবে প্রকাশিত হয়েছে। এ ধরণের পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বিরোধীদেরকে কি নির্বাচনের পরিবেশ, নিরাপত্তা ও সক্ষমতা সম্পর্কে নতুন করে প্রশ্ন তোলার সুযোগ করে দেয়া হলো? তাহলে কি সর্ষের ভেতরের ভুতেরা কলকাঠি নাড়ছে? এসব প্রশ্ন অবান্তর কিংবা অপ্রাসঙ্গিক নয়।

ওয়ান-ইলেভেনের প্রেক্ষাপট সৃষ্টি করে বাংলাদেশে ভুয়া নির্বাচনের মোড়কে আওয়ামী ফ্যাসিবাদী শাসন প্রবর্তন এবং সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে টার্গেট কিলিংয়ের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল ভারতে। ওয়ার অন টেররিজমের আওতায় সেই পরিকল্পনায় আংশিকভাবে পশ্চিমা সা¤্রাজ্যবাদী শক্তির সমর্থন ছিল। পরবর্তিকালে ভারত একতরফাভাবেই বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কলকাঠি পরিচালনা করে। ভূরাজনৈতিক কৌশলগত কারণে পশ্চিমাদের নিরবতা ও নিস্ক্রিয়তা তাদেরকে সে সুযোগ এনে দেয়। শেখ হাসিনার সব রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার পদক্ষেপ ছিল হিটলারের গেস্টাপো ও জুইশ বিরোধী পদক্ষেপের অনুরূপ।

২০১২ সালের এপ্রিলে শ্রীলঙ্কান গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের শিরোনাম ছিল, ‘দ্য বেঙ্গল টাইগার্স ইন দি র’ কেইজ’ (ভারতের র’য়ের খাচায় বাংলার বাঘ)। সেখানে বলা হয়, আওয়ামী লীগের ক্যাডারদের মধ্য থেকে খুব কঠোরভাবে বাছাইকৃত ১০০ ব্যক্তিকে ভারতের দেরাদুনে ৬ মাসের কমান্ডো প্রশিক্ষণ দেয়া হয়েছে বাংলাদেশে টার্গেট কিলিংয়ের জন্য। এই গ্রুপের কোড নেম ছিল ‘ক্রুসেডার হান্ড্রেড’। তারা ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১০ সালে জুন পর্যন্ত ভারতের দেরাদুনে অস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক সিদ্দিকীর সরাসরি তত্ত্বাবধানে।

প্রকাশিত প্রতিবেদনে ক্রুসেডার হান্ড্রেডের হিটলিস্টে এম ইলিয়াস আলি সহ অন্তত ২০জনের নাম জানা গেছে যাদেরকে ২০১৪ সালের নির্বাচনের আগেই টার্গেট করার নির্দেশনা দেয়া হয়েছিল। তবে সবাইকে হত্যা বা গুম করার প্রয়োজন হয়না, কাউকে কাউকে ভয়ভীতি ও প্রলোভনের ফাঁদে ফেলেই স্বার্থসিদ্ধি করে থাকে গোয়েন্দা সংস্থাগুলো। ক্রুসেডার হান্ড্রেডের জন্য বিশেষ আর্থিক বরাদ্দ, আবাসনসহ গোপনীয়তার সুরক্ষা এবং কিছুদিন অন্তর ভারতে গিয়ে আমোদ-ফূর্তি করার বন্দোবস্ত ছিল। তাদের কোনো পাসপোর্ট-ভিসা বা ট্রাভেল ডক্যুমেন্টের প্রয়োজন হতো না। দিনের বেলায় লোকালয়ে বের হলে রংচটা কালো হেলমেট পরা ছিল তাদের জন্য বাধ্যতামূলক। গত দশকে শিশুদের নিরাপদ সড়কের আন্দোলন দমন, শিক্ষার্থীদের কোটা আন্দোলন এবং জুলাই অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনীতে এবং সাদাপোশাকে এদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, প্রশিক্ষিত সেসব কিলার গ্রুপের ফান্ডিং ও তৎপরতা বন্ধ হয়নি। জুলাই অভ্যুত্থানের পর হাসিনার দোসর অলিগার্করা হাজার কোটি টাকার বাজেট দিয়ে ডি-স্ট্যাবিলাইজেশন প্রকল্প জোরদার করেছে। নিঝুম মজুমদারের মতো ব্যক্তিরা সশস্ত্র যুদ্ধের হুমকি দিচ্ছে। নির্বাচনের তফশিল ঘোষণার দিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওমর হাদিকে হত্যাচেষ্টার প্রকৃতি ও পালিয়ে যাওয়ার ধরন দেখে সহজেই বোঝা যাচ্ছে, তারা কমান্ডো স্টাইলের প্রশিক্ষণ প্রাপ্ত।

দেশের সামগ্রিক জননিরাপত্তা ও স্থিতিশীলতা অত্যন্ত নাজুক ও হুমকির সম্মুখীন। এ অবস্থাকে ভারতীয় আধিপত্যবাদি চেসর্বোডের এটি শেষ চালের শুরু বলা যায়। পিলখানা হত্যাকান্ড থেকে শুরু হওয়া ভারতীয় আধিপত্যবাদের ছোঁবল, শাহবাগে ফ্যাসিবাদের উত্থানের রোডম্যাপ এবং ১৫ বছর ধরে দেশপ্রেমিক, গণতন্ত্রকামী ও ধর্মপ্রাণ মানুষের উপর গুম-খুন, গায়েবি মামলার মধ্য দিয়ে দেশের সব প্রতিরোধ শক্তিকে নির্মূল করার মধ্য দিয়ে ভারতের পুতুল সরকারের ক্ষমতাকে নিরঙ্কুশ আয়োজনের শেষ ধাপে এসে চব্বিশের জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। যারা দেশ পরিচালনা করবেন, যারা দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের কঠিন দায়িত্ব পালন করবেন, তাদেরকে সম্ভাব্য ও অবধারিত চ্যালেঞ্জসমুহ মোকাবেলার প্রস্তুতি রাখতেই হবে।

আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এতদিন কার্যত ভারতীয় ডিপস্টেটের দ্বারা পরিচালিত হয়েছে। সে ব্যবস্থার সর্বোচ্চ কাঠামোটি ভেঙ্গে পড়ার পর রাজনৈতিক নেতৃত্ব ভারতে পালিয়ে গেলেও তাদের সাজানো আমলাতন্ত্র ও প্রাতিষ্ঠানিক কাঠামো এখনো অক্ষত রয়েছে। চব্বিশের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ৬ শতাধিক অপরাধিকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে যারা নিরাপদে পালিয়ে যেতে সহায়তা দিয়েছে, তারা এখনো বহাল তবিয়তে আছে। সেই সব ব্যক্তির মধ্যে পিলখানা হত্যার মাস্টারমাইন্ড , গুম-খুন ও আয়নাঘরের কুশীলব, ব্যাংক লুট করে হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার করার মাধ্যমে দেশের ব্যাংকিং সেক্টর ও আর্থিক মেরুদ- ভেঙ্গে দেয়ার নেপথ্যের অলিগার্ক ও বিদেশের এজেন্ট আমলারাও ছিল।

এরা পালাতে না পারলে বিদেশে পাচার করা ও লুকিয়ে রাখা সম্পদ খুঁজে বের করে ফিরিয়ে আনা সহজ ছিল। ফ্যাসিস্টের দোসররা ভালো করেই জানতো, হাসিনা পালিয়ে গেলে দেউলিয়া অর্থনীতি ও ভারতীয় ডিস্ট্যাবিলাইজেশন পরিকল্পনা মোকাবেলা করে দেশ চালানো অসম্ভব হয়ে পড়বে। ড.মুহাম্মদ ইউনূস সেই অসম্ভবকে সম্ভব করে দেশের অর্থনীতিকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নেয়ার যুদ্ধে প্রাথমিক বিজয় অর্জন করেছেন। শুধুমাত্র প্রধান উপদেষ্টার একার পক্ষে সবকিছু নিয়ন্ত্রন করা সম্ভব নয়। সব ধরনের নাশকতা ও ডি-স্ট্যাবিলাইজেশন টার্গেট দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা ও নির্বাচনী বৈতরণী শান্তিপূর্ণভাবে সম্পন্ন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের মধ্য দিয়ে শত্রুর চুড়ান্ত পরাজয় ও বাংলাদেশের গণতান্ত্রিক বিজয় নিশ্চিত হবে। শহীদ জিয়া ও খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্ব ও জুলাই যোদ্ধাদের অতন্দ্র প্রহরায় নতুন বাংলাদেশের অভিযাত্রা অপ্রতিরোধ্য। ঢাকার রাজপথে শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার মধ্য দিয়ে জাতি যে বার্তা পেল, ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রকে সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। bari_zamal@yahoo.com