দেশের সচেতন মহলসহ আপামর জনগণ সম্যক অবগত আছেন, অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা পরিশুদ্ধ সাংবাদিকতার পথিকৃৎ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের উঁচুমার্গের সফল চেয়ারম্যান সর্বজন শ্রদ্ধেয় আতিকউল্লাহ খান মাসুদের সম্পাদনায় ১৯৯২ সালের ২১ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠের যাত্রা। মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনায় পরিপূর্ণ ঋদ্ধ দৈনিক জনকণ্ঠ শহর-নগর ও গ্রামীণ জনপদের সব ধরনের সংবাদ, প্রজ্ঞাপন-বিজ্ঞপ্তি, সম্পাদকীয়, উপসম্পাদকীয়, খেলাধুলা, শিক্ষা-সংস্কৃতি-সাহিত্য, নৃত্য, বিতর্ক, গান, আবৃতি বিশেষ করে শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান, গবেষণা, সেমিনার-সিম্পোজিয়াম ইত্যকার বিষয়গুলোকে গুরুত্বসহকারে অব্যাহতভাবে উপস্থাপন করে আসছে।

ধর্ম, বর্ণ, লিঙ্গ, অঞ্চল, গোত্র নির্বিশেষে জনকণ্ঠের পরিবেশনা অবশ্যই অসাম্প্রদায়িক-দেশপ্রেমের আচ্ছাদনে সমসাময়িক ও সমকালীন পাঠকনন্দিত অগ্রগণ্য নান্দনিকতায় পরিপুষ্ট। রুচিশীল কৃষ্টি, ঐতিহ্য, চারুশিল্প, চলচিত্র ও বিনোদন প্রকাশের দৃষ্টিভঙ্গিও অনবদ্য। চমৎকার সুপঠিত এবং সুলিখিত শুধু কালো কালির মধ্যে নয়; প্রিয় সংবাদ কর্মী ও কলমযোদ্ধা, প্রতিবেদকের লেখনীতে এই পত্রিকার ন্যায়পরায়নতা-বস্তুনিষ্ঠতার পরিচয় অত্যুজ্জ্বল হয়ে ওঠে। চলমান নানা বিষয় প্রক্ষেপণে সাধারণ, জাতীয় ও আন্তর্জাতিক, রাজনৈতিক, বিভিন্ন অপরাধমূলক, সামাজিক, সাংগঠনিক সংবাদ বিশেষভাবে পরিবেশিত।

দীর্ঘ ৩৩ বছর ধরে নিরন্তর মেধা-প্রজ্ঞা-সময়-শ্রমের বিনিময়ে দৈনিক জনকণ্ঠকে নির্ভীক গণমাধ্যমের মর্যাদায় উঁচুমাত্রিকতায় সমাসীন করার জন্য সম্মানিত প্রকাশক, সম্পাদক, প্রতিবেদক, লেখকসহ সংশ্লিষ্ট সকল কলাকুশলীদের প্রতি অজস্র অভিনন্দন এবং পত্রিকার রাজসিক ভবিষ্যৎ কামনা করছি।\r\nএটি সর্বজনবিদিত যে সমাজ সভ্যতার ক্রমবিকাশের আধুনিক ধারায় প্রতিকূল পরিবেশের নিয়ন্ত্রণ ও অভিযোজন এবং জীবন প্রবাহের অনুকূলে সামাজিক-প্রাকৃতিক-রাজনৈতিক নানামুখী গতিপ্রকৃতি নির্ধারণে মানুষের পরিজ্ঞানকে ঋদ্ধ করার ইতিবাচক কৌশল ছিল তথ্য-উপাত্তের সঞ্চারণ। ব্যক্তি-বস্তু-পারিপার্শ্বিক অবস্থান সম্পর্কে সুসংহত ধারণা সমৃদ্ধ মতামত গ্রহণ-বর্জনের প্রণিধানযোগ্য উপাদান হিসেবে গণমাধ্যমের গতিশীল প্রবাহমানতা মুখ্য প্রপঞ্চ।

নাগরিক সমাজের চাহিদার আলোকে বিভিন্ন ধরনের সংবাদ-মতামত-ভাষ্য-কলাম-নিবন্ধ-ফিচারের সন্নিবেশ সমাহারে জনগণকে আঞ্চলিক-দেশীয় ও আন্তর্জাতিক চলমান পরিস্থিতির সার্বিক প্রচারণায় জনমতের ব্যাপকতা ও দৈনন্দিন জীবন-জীবিকার নীতি-পথ নির্ধারণই গণমাধ্যমের নিগূঢ় উদ্দেশ্য হিসেবে বিবেচিত। সুদূর অতীতকাল থেকে সমসাময়িক পর্যায়ে পরিবর্তনশীলতার যৌক্তিক অবয়বে সত্য-বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ-বিচার বিশ্লেষণ-প্রকাশ ইত্যাদির সমন্বয়ে সংবাদ মাধ্যমের কলেবর নিত্যনতুন প্রকরণে পাঠকনন্দিত-সমৃদ্ধ হয়ে ওঠে।

রাত্রির তপস্যা শেষে দিনের আগমন লগ্নে যাবতীয় জগৎরসদ সম্পর্কে কৌতুহল মিটানোর তাগিদ থেকেই গণমাধ্যম নির্ভরতায় অনিন্দ্য সকালের সার্থকতা প্রতিফলিত।\r\nবস্তুতপক্ষে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতা সম্পূরক ও পরিপূরক এবং বহুমাত্রিক অর্থে প্রচলিত প্রত্যয় হিসেবে বিপুল সমাদৃত। যদিও সংবাদ পরিবেশনায় তথ্য সংগ্রহ-বিশ্লেষণ, সম্পাদনা ও প্রকাশ ইত্যাদি প্রাচীনকাল থেকেই প্রায়োগিক বিষয়রূপে ঐতিহাসিকভাবে মানুষের প্রাত্যহিক জীবনে নানা অনুষঙ্গের সাথে সম্পৃক্ত, প্রাচীন ভারতেও তার যথেষ্ট উদাহরণ রয়েছে। সম্রাট অশোকের আমলে বিভিন্ন আদেশ-নির্দেশ পাথর ও স্তম্ভে  খোদিত হয়ে রাজ্যের সর্বত্র তথ্য বা প্রজ্ঞাপনরূপে প্রচারিত হতো। সে সময় দেশ-বিদেশ থেকে তথ্য সংগ্রহের কাজে গুপ্তচরও নিয়োগ করার প্রচলন ছিল।

সুলতানি আমলে ‘বারিদ-ই-মামালিক’ (গোয়েন্দা কর্তৃপক্ষ) রাজ্যের তথ্য সংগ্রহ ও সরবরাহের দায়িত্ব পালন করতেন। সুলতান আলাউদ্দিন খলজির আমলে তা ছিল অধিকতর বিস্তৃত। মুগল আমলে ‘ওয়াকই-নবিশ’, ‘সাওয়ানিহ-নবিশ’ এবং ‘খুফিয়ানবিশ’ নামক সংবাদ নেটওয়ার্ক প্রতিষ্ঠান হিসেবে সক্রিয় ছিল। এছাড়াও ‘হরকরা’, ‘আকবর-নবিশ’ নামে তথ্য সরবরাহের বিভিন্ন ব্যবস্থাও ছিল। সামাজিক, সাংস্কৃতিক খবরাখবর সরবরাহের জন্য ভাট, কথক ও নরসুন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।\r\nসংবাদপত্রের ইতিহাস পর্যালোনায় দেখা যায়, ১৫৬৬ সালে ইতালি ও ইউরোপের যুদ্ধ এবং রাজনীতির খবর প্রতি সপ্তায় পাঠকের নিকট পৌঁছানোর জন্য ভেনিসে হাতে লেখা সংবাদ প্রচার করা হতো।

১৬০৯ সালে জোহান ক্যারোলুসের উদ্যোগে জার্মান ভাষায় প্রকাশিত ‘রিলেশন’ নামে প্রথম ছাপা সংবাদপত্র বের হয় জার্মানি থেকে। আমস্টার্ডাম থেকে ১৬২০ সালে ইংরেজি ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশ করা হয়। উন্নত দেশসমূহের মধ্যে ফ্রান্স ও আমেরিকায় সর্বপ্রথম পত্রিকা প্রকাশিত হয় যথাক্রমে ১৬৩১ ও ১৬৯০ সালে। বিভিন্ন বিজ্ঞ গবেষকদের উদ্বৃতি থেকে জানা যায়, আঠারো শতকে ইউরোপে আধুনিক সাংবাদিকতার সূচনা হলেও এ উপমহাদেশে মুদ্রণ সাংবাদিকতা শুরু হয় জেমস আগাস্টাস হিকি কর্তৃক ১৭৮০ সালে কলকাতায় ‘হিকির গেজেট’ প্রকাশের মাধ্যমে।

১৮১৮ সালে জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত ‘দিগদর্শন’, গঙ্গাকিশোর ভট্টাচার্য সম্পাদিত ‘বেঙ্গল গেজেট’ এবং ১৮৩১ ঈশ্বরচন্দ্র গুপ্তের বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক সাহিত্য পত্রিকা হিসেবে ‘সংবাদ প্রভাকর’ প্রকাশে বাংলা সাংবাদিকতার উন্মেষ ঘটে। ঈশ্বরচন্দ্র গুপ্ত ১৮৩২, ১৮৪৬ ও ১৮৪৭ সালে যথাক্রমে সংবাদ রত্নাবলী, পাষণ্ড পীড়ন ও সংবাদ সাধুরঞ্জন নামে আরও তিনটি পত্রিকা বের করেছিলেন। \r\n১৮৪২ সালে অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় ব্রাহ্মসমাজের মুখপত্র তত্ত্ববোধিনী। ১৮৪৬ সালে মৌলভী ফরিদুদ্দীন খাঁর সম্পাদনায় পঞ্চভাষিক সাপ্তাহিক ‘জগদুদ্দীপক ভাস্বর’ প্রকাশ পায়।

রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায় ১৮৫১ সালে প্রথম সচিত্র মাসিক পত্রিকা ‘বিবিধার্থ সংগ্রহ’ এবং ১৮৫৪ সালে নারীদের জন্য প্রথম সাময়িকী ‘মাসিক পত্রিকা’ বের হয়। রংপুর জেলা কুন্ড্রী পরগনার জমিদার কালীচন্দ্র রায় চৌধুরীর অর্থায়নে পূর্ব বাংলার প্রথম সংবাদপত্র ‘রঙ্গপুর বাত্তাবহ’ প্রকাশিত হয় ১৮৪৭ সালে। আলেকজান্ডার ফর্বেসের সম্পাদনায় ঢাকার প্রথম ইংরেজি সাপ্তাহিক ‘ঢাকা নিউজ’ প্রকাশিত হয় ১৮৫৬ সালে।

উনিশ শতকে প্রকাশিত পত্রিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ১৯০৩ সালের সৈয়দ এমদাদ আলীর সম্পাদনায় মাসিক সাহিত্যপত্র ‘নবনূর’ এবং কলকাতা থেকে বের হওয়া মোহাম্মদ আকরাম খাঁর মাসিক ‘মোহাম্মদী’, ১৯১৮ সালে মোহাম্মদ নাসিরউদ্দীনের ‘মাসিক সওগাত’, ১৯১৯ সালে চট্টগ্রাম থেকে আব্দুল করিম সাহিত্যবিশারদ ও আবদুর রশীদ সিদ্দিকীর সম্পাদিত মাসিক ‘সাধনা’, কাজী নজরুল ইসলামের ‘নবযুগ’ (১৯২০), ‘ধুমকেতু’ (১৯২২) ও ‘লাঙল’ (১৯২৫), বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্তের ‘প্রগতি’ (১৯২৬) ইত্যাদি।  \r\nপ্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৪৭’র দেশ বিভাগ এবং পূর্ববাংলার রাজধানী ঢাকার উত্থান ইত্যাদি সাংবাদিকতার বিস্তারে সহায়ক শক্তি হিসেবে কাজ করে।

১৯০০-৪৭ সাল পর্যন্ত এ অঞ্চলে সংবাদপত্র শিল্পের বিকাশ নানা মাত্রিকতায় মুক্তবুদ্ধির চর্চা সীমিত হলেও তথ্য প্রবাহের গতিশীলতা ও মেধা-জ্ঞান সৃজন-বিতরণে অপরিমেয় অবদান অনিস্বীকার্য। উল্লেখ্য, সময়ে বাংলায় ১৭৩টি সংবাদপত্র প্রকাশিত হয়েছিল যার মধ্যে আনুমানিক ৬৫টি মুদ্রিত হয়েছিল পূর্ববঙ্গ থেকে। ভারত ভাগের পর উদ্ভুত পরিস্থিতিতে ১৯৪৭ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত  সংবাদপত্র ও সাময়িকীর সংখ্যা ১৬০-এ হ্রাস পায়। পঞ্চাশ ও ষাটের দশকে বাংলাদেশে পত্রিকাগুলো ছিল রাজনৈতিক ব্যক্তি-দলের পৃষ্ঠপোষক। মহান মুক্তিযুদ্ধের সময় বেশকিছু সংবাদপত্রের প্রকাশ বন্ধ থাকে এবং অনেক পত্রিকা পাকিস্তানি হানাদার বাহিনীর তত্ত্বাবধানে চলে যায়।

১৯৪৭ সালে প্রকাশিত অর্ধ সাপ্তাহিক ‘জেন্দেগি’ পরবর্তীতে ১৯৪৭ সালের ৪ সেপ্টেম্বর দৈনিক পত্রিকার রূপ পরিগ্রহ করে। জনাব এসএম বজলুল হক সম্পাদিত এ পত্রিকার প্রকাশনা স্বল্প পরিসরে নিস্তব্ধ হওয়ার পর একই ঠিকানা থেকে দৈনিক সংবাদ প্রকাশিত হয়। ১৯৪৮ সালের ১৯ অক্টোবর মুসলিম লীগ ও পাকিস্তান সমর্থক দৈনিক আজাদ ঢাকা থেকে প্রকাশ শুরু করে। \r\n১৯৪৯ সালের ১১ মার্চ মুসলিম লিগ নেতা হামিদুল হক চৌধুরীর নেতৃত্বে ঢাকা থেকে প্রথম প্রকাশিত ইংরেজি দৈনিক ছিল পাকিস্তান অবজারভার। একই সালের ২০ মার্চ দৈনিক মর্নিং নিউজ কলকাতা থেকে ঢাকায় স্থানান্তরিত হয়। ১৯৪৯ সালের গোড়ার দিকে মুসলিম লিগের চরম বিরোধিতা এবং আওয়ামী মুসলিম লিগ প্রতিষ্ঠার মাধ্যমে মজলুম জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে সাপ্তাহিক ইত্তেফাকের প্রকাশ উম্মীলিত হয়।

পাকিস্তানের কথিত অখণ্ডিত সুরক্ষায় সামরিক শাসন জারির মাধ্যমে পত্রিকার কণ্ঠরোধের অপচেষ্টায় ১৯৫৮ সাল থেকে ১৯৬১ সালে দৈনিক পত্রিকার সংখ্যা ১৮ থেকে নেমে এসে ১২টিতে অবস্থান নেয়। মহান মুক্তিযুদ্ধের সূচনাপর্বে ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে ছয়জন সংবাদকর্মীকে হত্যা করে দৈনিক দি পিপলস পত্রিকা ও পালাক্রমে ২৬ মার্চ দৈনিক ইত্তেফাক অফিস পাকিস্তান হায়ানাদের আক্রমণে লণ্ডভণ্ড হয়ে পড়ে।

মহান মক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন উল্লেখযোগ্য সাপ্তাহিক-পাক্ষিক গণমাধ্যম ও সংবাদ পত্র ছিল ‘জয় বাংলা’-‘রণাঙ্গন’-‘মুক্ত বাংলা’-‘স্বাধীন বাংলা’-‘নতুন বাংলা’-‘বাংলার বাণী’-‘বাংলাদেশ’-‘বিপ্লবী বাংলাদেশ’-‘দাবানল’-‘জাগ্রত বাংলা’-‘দেশ বাংলা’-‘বাংলার মুখ’-‘সংগ্রামী বাংলা’-‘মুক্তি’-‘অগ্রদূত’-‘সাপ্তাহিক বাংলা’-‘মুক্তিযুদ্ধ’- ইংরেজিতে ‘দ্য নেশনস’-‘বাংলাদেশ’ ইত্যাদি (আর রাজি : ২০১৬)   \r\n১৯৮২ থেকে ১৯৮৯ পর্যন্ত সংবাদপত্রগুলো ছিল স্বৈর শাসকের নিয়ন্ত্রণে। সে সময় স্বৈরশাসকের সমালোচনামূলক সংবাদ পরিবেশনের অভিযোগে প্রায় ৫০টি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা বন্ধ করে দেওয়া হয়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকের প্রকাশনার তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা যায়; আশির দশকের শেষে স্বৈরশাসনের প্রতিবাদে মূলধারার সাংবাদিকতার বাইরে প্রতিবাদী সাংবাদিকতায় কার্টুন প্রচ্ছদ সংবলিত কিছু সাপ্তাহিক পত্রিকা সরকারের বিদ্রুপাত্মক সমালোচনায় সোচ্চার থাকত। ১৯৯০ সালের স্বৈরশাসনের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিশেষ ক্ষমতা আইনের ১৬, ১৭ এবং ১৮নং ধারা অবলুপ্ত এবং সেন্সরশিপ ও প্রকাশনা নিষিদ্ধ-সংক্রান্ত কালো আইন বিলুপ্ত করে। ঐ সময় প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট সংশোধন হওয়ায় রেকর্ডসংখ্যক পত্রিকা প্রকাশিত হয়েছিল।

১৯৯১ সালে দেশে মোট পত্রিকার সংখ্যা ছিল ৬৬৯টি, যা পরবর্তী বছরে বৃদ্ধি পেয়ে ৯৪০ এ উন্নীত হয়।\r\nপ্রকৃত অর্থে গণমাধ্যম বিশেষ করে সংবাদপত্র, বেতার, টেলিভিশন, সামাজিক যোগাযোগ, স্যাটেলাইট সংস্করণ, ফেসবুক, ইন্টারনেটসহ ভিন্নধর্মী ক্রমবর্ধমান উপকরণসমূহ ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে কতটুকু জনপ্রত্যাশা পূরণ করতে পারছে- তা নিয়ে সমুদিত সংশয় অত্যধিক প্রবল। সময়ের জোরালো দাবি- গণমাধ্যমের সত্যনিষ্ঠ লেখনি, প্রতিবেদন, সম্পাদকীয়, উপসম্পাদকীয়, মনন-সৃজনশীল কর্মযজ্ঞ তারুণ্যের অদম্য সক্ষমতার অবগাহনে এক আধুনিক যুগের ব্যাবর্তন সংস্কৃতির উৎসমূলে থাকবে এবং প্রতিটি সভ্য জাতিগোষ্ঠীতে সুশাসনের সংসর্গ প্রতিস্থাপন করবে। গণমাধ্যম সুশাসন প্রতিষ্ঠায় একনিষ্ঠ ব্রতী হয়ে প্রবর্তমান অনুন্নয়নের উন্নয়ন নয়; বরং গণউন্নয়নের উন্নয়ন সংস্কৃতিকে জাগরিত রাখবে। গণবিচ্যুত গণমাধ্যম অপসংস্কৃতির নষ্টধারাকে বিশ্বময়তাদানে উন্নয়নশীল বিশ্বকে কতটুকু নির্মমভাবে প্রভাবিত ও দুর্বৃত্তায়নের বন্ধনে আবদ্ধ করতে পারঙ্গম, সচেতন বিশ্বজনীন মানবতাবাদি বিবেকবান মানুষের বোধে তা অত্যন্ত সুস্পষ্ট। উল্লেখ্য, সকল নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে সংহার করে দৈনিক জনকণ্ঠ স্বমহিমায় অগ্রগণ্য থেকে অধিকতর পাঠকনন্দিত হোক। দৈনিক জনকণ্ঠ বিকাশমানতায় সর্বক্ষেত্রে জয়ী থাকুক এবং দেশবাসীর প্রত্যাশা পূরণে অসীম সাহসীকতায় এগিয়ে যাক- প্রতিষ্ঠাবার্ষিকীর শুভকামনায় মহান স্রষ্টার কাছে এটুকুই প্রার্থনা। \r\nলেখক : শিক্ষাবিদ