আমরা খুবই চিল্লাপাল্লা করে এ্যালেজ-গ্যালেজ অবস্থা করে ফেলতাম আগে। কেন জানেন? বাকস্বাধীনতা ছিল না বলে। মন খুলে মনের-মাধুরী মিশিয়ে কথোপকথন করতে পারতাম না বলে। এমনকি সোশ্যাল মিডিয়ায় যা মন চায় তা লিখলেও ঝামেলায় পড়তে হতো। কিন্তু এখন কী হচ্ছে ভেবে দেখেছেন কী আপনারা? যেমন খুশি তেমন নোংরামি করছে সোশ্যাল মিডিয়ায়। বাকস্বাধীনতা কখনোই অশালীন শব্দ, নোংরা বাক্য বা ব্যক্তিগত আক্রমণের অনুমতি দেয় না। মত প্রকাশের অধিকার মানে শালীনতা ও দায়িত্ব বজায় রেখে কথা বলা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটাকে আজ লাগামহীন ভাষার ঢাল বানানো হচ্ছে। হইহট্টগোল করেই মূল অ্যাকাউন্ট এবং ফেইক অ্যাকাউন্ট খুলে অজস্র অসামাজিক আচরণ করলে কেমন বাকস্বাধীনতা হয়? আপনার মাথা কিংবা মস্তিষ্কে কী এসবকেই বাকস্বাধীনতা বলে?
এমন বাকস্বাধীনতা চাই না যার কারণে অসভ্য ও নোংরা ভাষায় মনের ভাব প্রকাশ করতে হয়।\r\nআরেক জিনিস দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। আরে গণতন্ত্র মানেই হচ্ছে সবার মত একই না। একেকজন মানুষের এক-এক মতামত হলোই গণতন্ত্র- তবে তা ইতিবাচক হওয়া চাই অবশ্যই। নেতিবাচক বা দেশ ও সমাজ বিরোধী হওয়া চলবে না। কারও কারও মত আপনার সঙ্গে নাও মিলতে পারে। আপনার দলের, গোত্রের, পক্ষের ও স্বার্থের দিকে নাও যেতে পারে। বৈচিত্র্য বা অমিল হতেই পারে। রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে। কিন্তু সেই ভিন্নমতের নামে গালাগাল, কটূক্তি ও পরিবার টেনে অপমান রাজনীতিকে নয়, বরং আমাদের নৈতিক অবস্থানকেই প্রশ্নবিদ্ধ করে। যুক্তির জায়গায় যখন ঘৃণা আসে, তখন সমাজে প্রতিহিংসা বাড়ে। হু-হু করে বৃদ্ধি পায় অনীহা, ঘৃণা ও সহস্র কিমি দূরত্ব।
সবাই একই দলের লোক হলে তো আর গণতন্ত্রের দরকার পড়ে না। একজনের মন্তব্য অন্যের সঙ্গে নাই মিলতে পারে। তাই বলে পরিবারের নারী জাতি ধরে টান দিয়ে আপনি লাগামহীন গালাগাল দিতে পারেন না। কারও মৃত মা-বাবা নিয়ে হুলুস্থুল নোংরামি শব্দ বুনিয়ে বাক্য গঠন করতে পারেন না। \r\nসবচেয়ে বেমানান ও কষ্টকর টপিক হচ্ছে মৃত মানুষকে পর্যন্ত ছাড় দিচ্ছে না মানুষ। কেমন সুশীল সমাজে বসবাস করছি আমরা? কেমন জ্ঞান আহরোণ করে এগিয়ে যাচ্ছি আমরা? কেমন শিক্ষা অর্জন করছি আমরা? কেমন মুহূর্ত সৃষ্টি করে যাচ্ছি পরবর্তী প্রজন্মের জন্য? এখন একটু বুঝতে শিখলেই মানুষ সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়। সে ক্ষেত্রে ছোটদের ও তরুণদের কী পথ দেখাচ্ছি আমরা? মৃত মানুষ নিয়ে মক, ট্রল, ব্যঙ্গ, নেংরামি ও কটূক্তি করে যাচ্ছি নিয়মিত। এসব পরবর্তী প্রজন্ম শিখবে না? মৃত মানুষকে নিয়ে লজ্জাজনক মিম ও ব্যঙ্গ মানবিকতার চরম অবক্ষয়ের উদাহরণ। এতে শুধু মৃত ব্যক্তিকে নয়, আমাদের সামষ্টিক বিবেককেই অপমান করা হয় এবং মানুষের মধ্যে সংবেদনশীলতা দিন দিন কমে যায়। কোথায় যাচ্ছে ভবিষ্যৎ তরুণ? এসব কী ভালো কিছু বয়ে আনবে বলে মনে হয় এসবে?\r\nআপনারা শুধু পরবর্তী প্রজন্ম ও বর্তমান প্রজন্মের অবস্থা কেমন হচ্ছে বা হবে একটু চিন্তা করুন। ভালো ক্রিটিক কন্টেন্ট, ভালো মিমস, ভালো শব্দের মিশ্রণে স্যাটায়ার বা সমালোচনা করা যায়। সোজাসাপ্টা পরিবার, নারী, গায়ের রং, ছোট-বড়, ধনী-গরিব এবং ধর্ম-বর্ণ টেনে এনে স্যাটায়ার বা মব-মক-ট্রল করতে হয় না। লিমিটে থেকে সমালোচনা ও যুক্তি দিয়ে জবাব দেওয়া শ্রেয় বলে মনেকরি। এই পরিবেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন প্রজন্ম। তাই এসব থেকে সরে আসা এখন জরুরি। ভাষা শুদ্ধ করা, সংযত হওয়া এবং দায়িত্বশীল মতপ্রকাশে ফিরে আসাই সময়ের দাবি।
