প্রকৃতিতে কোনো কিছুরই পুনরাবৃত্তি ঘটে না। দুটি নদী তীরবর্তী ভূমিকে একই আকৃতি দেয় না। দুটি পাতার নকশা এক রকম নয়। দুজন মানুষ একইভাবে চিন্তা করে না, দুজনের অনুভূতিও ভিন্ন হয়। ভিন্নতার মাধ্যমেই জীবনের বিকাশ ঘটে: বৈচিত্র্যই টিকে থাকার অলিখিত আইন। তারপরও মানবজাতি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সত্যের বিরুদ্ধে লড়াই করে চলছে; তারা বৈচিত্র্যকে একপাক্ষিকতা দিয়ে বদলে ফেলছে, বহমাত্রিকতার পরিবর্তে একমাত্রিকতা গ্রহণ করছে এবং স্বাধীনতাও তথৈবচ। এটাই একপাক্ষিক সংস্কৃতির আদি রোগ। বাংলাদেশে বলতে গেলে আজকের বাস্তবতায় এটি কেবল প্রাকৃতিক বিষয় নয়, বরং রাজনৈতিক সংকট।

কৃষির চোখে সমাজ দেখা বাংলাদেশের কৃষিজমিতে একই ফসল ফলাবার বাস্তবতা আমরা জানি। বিশাল জমিতে একই ফসল ফলানোর ফলে মাটি পুষ্টিহীন হয়ে পড়ে এবং বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যায়। কৃষির একক পদ্ধতি যেমন ভূমি দুর্বল করে ফেলে, তেমনি অনুরূপ একক সংস্কৃতি আমাদের শাসন ব্যবস্থাকেও দুর্বল করে ফেলছে। একফসলি জমির মাটি যেমন তার সক্ষমতা হারিয়ে ফেলে, একইভাবে যে সমাজ একক সংস্কৃতির আদর্শের ওপর দাঁড়ানো, সে সমাজও তার শক্তি হারিয়ে ফেলে।

একক আদর্শের উত্থান ২০২৪ পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এক ভয়ংকর পথ উন্মোচন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন নেতৃত্বের পতন ঘটানোর পর পরিবর্তনের উথাল-পাথাল সময় শুরু হয়। এই শূন্যতার সময়ে এক শক্তির উত্থান ঘটে, যারা ধর্মবিশ্বাস ও পরিচয়ের দিক থেকে অভিন্নতা দাবি করছে। কট্টরপন্থি গোষ্ঠী, যেমন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকায় (৩ মে, ২০২৫) নারীর অধিকার বিষয়ক সংস্কারের বিরোধিতায় বিশাল সমাবেশ করে। তারা লৈঙ্গিক বৈচিত্র্য অস্বীকার করছে। সংখ্যালঘুদের বিরুদ্ধে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ঘৃণাজনিত তৎপরতার দুই হাজার ৪৪২ ঘটনার প্রতিবেদন প্রমাণ করছে, একপক্ষীয় আদর্শিক অবস্থান এখানে আর গুপ্ত নয়, বরং প্রকাশ্যেই সক্রিয়।

শিক্ষা ও সমআদর্শের অবস্থান আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোও একই ফাঁদে পড়েছে। কৌতূহল কিংবা নতুন চিন্তাকে স্বাগত জানানোর পরিবর্তে সেখানে তারা সমমতকেই পুরস্কৃত করে। প্রশ্ন করার শক্তিকে অগ্রাধিকার দেওয়ার পরিবর্তে তারা আনুগত্যকে গুরুত্ব দেয়। আপনি যদি সত্যের কেবল একটি সংস্করণই শিক্ষা দেন, তবে আপনি সুযোগের পথ বন্ধ করছেন। আপনি যদি একটিমাত্র পরিচয়কেই গুরুত্ব দেন, তবে আপনি অন্য অনেককে নিশ্চিহ্ন করে দিচ্ছেন। যে দেশে বহুবিধ নৃতাত্ত্বিক গোষ্ঠী, ধর্মবিশ্বাস ও লিঙ্গ পরিচয়ের মানুষ আছে, সেখানে এটি কেবল খারাপ নীতিই নয়; বরং রাজনৈতিক ইন্ধনও বটে।

প্রকৃতি ও মানবতা থেকে বিচ্ছিন্নতা বস্তুত আমরা মানুষ সম্পর্কেও পরিবেশগত ভুলেরই পুনরাবৃত্তি করছি। আমরা ভাবছি যে, মানুষ আলাদা, শ্রেষ্ঠ এবং সবাই একই ধরনের। সুন্দরবন উজাড়, নদী দখল, জলাভূমির বাস্তুতন্ত্র ধ্বংস, আদিবাসী কণ্ঠস্বর হারিয়ে যাওয়া– সব একই ইঙ্গিত দেয়: আমরা পরিচয় ও ক্ষমতার একক সংস্কৃতি গড়ে তুলেছি। আর এখন ন্যায়বিচার, পরিবেশ ও সংস্কৃতির বাস্তুতন্ত্র শেষ হয়ে যাচ্ছে।

দেশের বর্তমান সংকট বাংলাদেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উগ্রবাদ দমনে নমনীয় অবস্থানের কারণে এবং কট্টরপন্থি দলগুলোর ওপর থেকে পুরোনো নিষেধাজ্ঞা শিথিল করার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে। এতে আদর্শিক অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং ২০২৫ সালের মে মাসে দলটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রমাণ করছে, বাংলাদেশে পরিচয়ভিত্তিক রাজনীতির পরিবর্তন কতটা দ্রুত হচ্ছে। ধর্মীয় ও জাতীয়তাবাদী শক্তিগুলো একক সংস্কৃতির ব্যাপারে জোর দিলে তারা একফসলি জমির মতোই ভঙ্গুর ও দুর্বল হয়ে পড়বে।

বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য এই সংকটের সমাধান রয়েছে জীবনের মৌলিক সত্যের স্বীকৃতিতে: ভিন্নতাই শক্তি। বাংলাদেশে আছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসী, ধর্মনিরপেক্ষ চিন্তক– সবাই আলাদা, কিন্তু এরা সবাই একই বিদ্যমান ব্যবস্থার অংশ। একপাক্ষিক সংস্কৃতির দাবি করা মানে কাউকে বাদ দেওয়া; আর বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য খোঁজা মানে সমাজকে টেকসই করা।

রাজনৈতিক করণীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে অবশ্যই প্রশ্ন করা শেখাতে হবে, কেবল উত্তর নয়। রাজনৈতিক দলগুলোকে বৈচিত্র্য রক্ষা করতে হবে, কেবল গোষ্ঠীভিত্তিক একমাত্রিক পরিচয়ের সুরক্ষা নয়। সরকারকে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে হবে, দায়মুক্তির বার্তা নয়। নাগরিকদের ভিন্নতার স্বীকৃতি দাবি করতে হবে, একে ভয় নয়। বাংলাদেশের ভবিষ্যৎ কেবল একক সংস্কৃতি, একটি ধর্ম ও এক পরিচয়ে সুরক্ষিত হবে না; বরং তা নিশ্চিত হবে এমন সমাজ গড়ে তোলার মাধ্যমে, যেখানে অনেক রং ও কণ্ঠের মানুষ থাকবে। একক ফসল চাষ করলে দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়; বিভিন্ন প্রজাতির গাছে সৃষ্টি হয় বন। বাংলাদেশকে সেই বন সৃজন করতে হবে। সংগত কারণেই বাংলাদেশের পরবর্তী বিপ্লব কেবল পরিবেশ সংক্রান্ত নয়; বরং এটি সামাজিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক। এটি উন্মত্ত একপাক্ষিকতাকে প্রত্যাখ্যান করে এবং বৈচিত্র্যের সৌন্দর্যকে স্বাগত জানায়। তখনই কেবল আমরা একটি বাংলাদেশ গড়ে তুলতে পারব, যেখানে একটি বিশ্বাসের একমাত্রিক সংস্কৃতি নয়; বরং আশার বহু সংস্কৃতি বিদ্যমান থাকবে।

আনুশেহ আনাদিল: সংগীতশিল্পী ও সমাজকর্মী