পাবনার ঈশ্বরদীতে আট কুকুরছানা পানিতে ফেলে যেভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত হৃদয়বিদারক। যে কোনো মানুষই এ ঘটনায় মর্মাহত হবেন। সমাজে কীভাবে মানুষ সহিংস হয়ে উঠেছে, এটি তার সাক্ষ্য। কেবল দলীয় কোন্দলে রাজনৈতিক সহিংসতা ঘটছে, এমন কিন্তু নয়। বরং সমাজের ভেতর থেকেই নিষ্ঠুর ও অমানবিক আচরণ বিভিন্নভাবে ফুটে উঠছে।

প্রাণীর প্রতি মানুষ যেমন সহানুভূতিশীল বা স্নেহপ্রবণ, তেমনি ভয়ংকর আচরণও কম নয়। আমার নিজের গ্রামে দেখেছি, পাড়া-প্রতিবেশী অনেকেই কুকুরের প্রতি সহিংস আচরণ করে। বাজারে কাউকে কাউকে কুকুরের গায়ে গরম পানি ছুড়ে মারতে দেখেছি। আমরা প্রাণিকুলের প্রতি এমন আচরণ করে থাকি যেন তাদের অনুভূতি শক্তি নেই; ব্যথা নেই।

প্রশ্ন হলো, কীভাবে একজন মানুষ এত নিষ্ঠুর হয়ে ওঠে? প্রত্যেক মানুষ তার সময় ও পরিস্থিতির সৃষ্টি। এর মানে এই নয়, কাউকে সময় ও পরিস্থিতির কথা বলে দায়মুক্তি দেওয়া হোক। নিশ্চয় না, বরং আমরা নিজেরা বিভিন্নভাবে সহিংসতার বীজ ও পরিবেশ তৈরি করছি এবং তা ধীরে ধীরে অন্যদের মন ও মগজে জায়গা করে নেয়। তা পরিশেষে মানুষের আচরণে দেখা যায়।

গ্রামে এক ধরনের পরিবেশ, যেখানে বিশেষত জমি ও বিভিন্ন ছোটখাটো ব্যাপার বড় হয়ে ওঠে। মাঝে মাঝে এক বা দুই টাকার জন্যও খুনের ঘটনা ঘটে। আবার আমরা এমন শহর ও নগর গড়ে তুলেছি, যা মানুষ ও প্রাণিকুলের সম্পর্ককে বিষাক্ত করে তুলেছে। সব দিক থেকে এ দায় আমাদের; নিরীহ প্রাণীর নয়। শহরের সম্পর্কগুলো এখন বিষাক্ত রূপ নিয়েছে। অল্পতেই আমরা মেজাজ হারিয়ে থাপ্পড় মেরে দিচ্ছি কিংবা চরম পর্যায়ের গালাগাল করছি। শুরুটা হয়তো হালকা কিছু দিয়ে। কিন্তু এর শেষটা ঘটে জখম কিংবা খুনের মধ্য দিয়ে। শহর কিংবা গ্রামে এ ধরনের ঘটনা এখন অহরহ। যেখানে মানব সম্পর্ক এতটাই বিষাক্ত হয়ে উঠেছে, সেখানে প্রাণীর প্রতি মানুষের দরদের প্রশ্ন ওঠে না। বরং বহু ক্ষেত্রে নিজের ব্যক্তিগত দ্বন্দ্ব, ব্যর্থতা, দাম্পত্য জীবনে কলহের বলি হচ্ছে এসব অবলা প্রাণী।

পৃথিবীতে সহাবস্থান নিশ্চিত করতে হলে প্রাণ ও প্রকৃতির সম্পর্ক চিহ্নিত করাটা জরুরি। সঠিকভাবে চিহ্নিত করতে না পারার কারণে সম্পর্কগুলো প্রতিপক্ষ, শত্রুতে রূপ নেয়। গাজায় দীর্ঘদিন ধরে গণহত্যা চলছে। এ ক্ষেত্রেও কথাটি প্রযোজ্য। একই ভূখণ্ড, অথচ দুটি জনগোষ্ঠী আলাদা নিজেদের চিহ্নিত করে এবং এ সম্পর্ক দাঁড়িয়েছে শত্রুতে, খুনোখুনিতে। এই পৃথিবীতে মানুষ নির্ধারণ করে প্রাণিকুলের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে। অবলা প্রাণীর সেই ক্ষমতা ও দক্ষতার কোনোটাই নেই। সুতরাং আমরা মানুষই এ পৃথিবীর যাবতীয় সম্পর্কের ধরন ঠিক করি। পাবনার ঈশ্বরদীতে যে ঘটনা ঘটেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। মায়ের অনুভূতি সর্বক্ষেত্রে একই রকম। প্রাণিকুলের অন্তর্ভুক্ত মায়ের অনুভূতি আলাদা কিছু নয়। এ কারণে মা কুকুর মৃত ছানাদের পাশে এসে নির্বাক হয়ে কেঁদেই যাচ্ছে। মানুষ যদি এই ভাষা বুঝতে না পারে, তাহলে পাশের পুকুরে পড়ে মারা যাওয়া শিশুর মায়ের আর্তনাদও আমরা উপলব্ধি করতে পারব না।

কেবল মানুষের জন্য নয়, বরং সমস্ত সৃষ্টিজগতের প্রতি মানুষের দায় ও দায়িত্ব রয়েছে। মানব সভ্যতা কোন দিকে যাবে– কল্যাণ কিংবা অকল্যাণ, তা নির্ভর করে আমরা প্রাণ ও প্রকৃতির সঙ্গে কেমন সম্পর্ক নিরূপণ করছি। কেবল উন্নয়ন ও আরামের কথা বলে আমরা যেভাবে প্রাণ ও প্রকৃতির ধ্বংস করেছি, তা আমাদেরই জীবনকে এখন হুমকির মুখে ফেলে দিয়েছে। তাই সব ধরনের প্রাণ ও প্রকৃতির প্রতি দায় ও দরদ দিয়ে আচরণ করতে না পারলে পরিশেষে তা আমাদের জীবনেই সংকট সৃষ্টি করবে।

ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, সমকাল