স্বাস্থ্য কোনো ব্যক্তিগত বিষয় নয়; এটি একটি সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ও রাষ্ট্রের উচ্চ মূল্যবোধের প্রকাশ। এক রোগগ্রস্ত সমাজ কখনোই শক্তিশালী, সৃজনশীল বা উন্নত হতে পারে না। সুস্থ জনগণই কর্মক্ষম, প্রতিযোগিতাবোধ সম্পন্ন এবং পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। এই বাস্তবতায় স্বাস্থ্য খাতকে কেবল ব্যয়ের খাত হিসেবে দেখা সমাজ ও রাষ্ট্রের জন্য বাস্তুচ্যুত সিদ্ধান্ত। এটিকে একটি দীর্ঘমেয়াদি ও কৌশলগত বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে। স্বাস্থ্য খাতে যদি পরিকল্পিত ও পর্যাপ্ত বিনিয়োগ হয়, তাহলে সেই রাষ্ট্রই টেকসই উন্নয়নের পথে দৃঢ়ভাবে এগোতে পারে। তাই স্বাস্থ্য নিশ্চিত করতে হলে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সমাজের প্রতিটি স্তর ও সংশ্লিষ্ট খাতকে স্বাস্থ্যবান্ধব নীতি গ্রহণ করতে হবে। নিরাপদ খাদ্য, স্বাস্থ্য শিক্ষা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন এসবের জন্য কৃষি, শিক্ষা, স্থানীয় সরকার, পরিবেশ সব খাতকে একযোগে পথচলা নিতে হবে। উন্নত দেশগুলো এই সমন্বিত নীতিতেই সফল হয়েছে।

বাংলাদেশ গত দশকে স্বাস্থ্য খাতে অসামান্য অগ্রগতি দেখিয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছেছে, মাতৃ ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে, এবং টিকাদান কর্মসূচি সাফল্যের সঙ্গে বাস্তবায়িত হয়েছে। তবে সাফল্য থাকা সত্ত্বেও আজ আমাদের সামনে বৃহত্তর হুমকি দাঁড়িয়ে আছে, অসংক্রামক রোগের বিস্তার। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ এবং ক্যানসার এসব রোগের প্রকোপ প্রতিদিন বাড়ছে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, মানসিক চাপ, ধূমপান ও বায়ুদূষণ এসব কারণ আজ আমাদের জনস্বাস্থ্যকে সংকটে ফেলেছে। দীর্ঘমেয়াদে এই রোগগুলো দেশের কর্মক্ষমতা ও অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলবে।

বিজ্ঞান ও গবেষণার অবদান এখনও মানবজীবনকে রক্ষা করছে। টিকা আবিষ্কার না হলে গুটিবসন্ত, পোলিও, হাম, ডিফথেরিয়ার মতো রোগে কোটি কোটি মানুষের মৃত্যু হত। অ্যান্টিবায়োটিকের আবিষ্কার না হলে সাধারণ সংক্রমণও প্রাণঘাতী হত। আধুনিক চিকিৎসা প্রযুক্তি - এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই - রোগ নির্ণয় ও চিকিৎসাকে অনেক বেশি কার্যকর করেছে এবং বহু জীবন বাঁচিয়েছে। এসব প্রমাণ করে যে বিজ্ঞান মানুষের জীবনকে দীর্ঘায়ু ও নিরাপদ করে। তাই কোনো স্বাস্থ্য সিদ্ধান্ত বিজ্ঞান, তথ্য ও গবেষণার ভিত্তিতে নিতে হবে; কুসংস্কার, গুজব বা অজানা উপায় নয়। এ দায়িত্ব শুধু সরকারের নয়; সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক ও শিক্ষিত নাগরিকদের সম্মিলিত কাজ।

কোভিড-১৯ মহামারি আমাদেরকে গভীর শিক্ষা দিয়েছে, একটি শক্তিশালী জনস্বাস্থ্য ব্যবস্থা ছাড়া কোনো দেশই নিরাপদ নয়। শুধু হাসপাতাল নয়, শক্তিশালী রোগ নজরদারি, আধুনিক গবেষণাগার, দক্ষ জনবল এবং সচেতন নাগরিক এসবের সমন্বয়ই আসল প্রস্তুতি। যে দেশগুলো জনস্বাস্থ্যে বিনিয়োগ করেছে, তারা দ্রুত সংকট মোকাবিলা করেছে। বাংলাদেশও এই শিক্ষা ভুলে যাবে না। ভবিষ্যতে সম্ভাব্য মহামারি, নতুন রোগ বা স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আজ থেকেই প্রস্তুতি নেয়া আমাদের কর্তব্য।

স্বাস্থ্য শারীরিক সুস্থতায় সীমাবদ্ধ নয়; মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে বিষণ্নতা, উদ্বেগ ও মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণ অঞ্চলে মানসিক স্বাস্থ্য সেবা প্রায় অনুপস্থিত, শহরেও তা সীমিত। সমাজে এখনো মানসিক স্বাস্থ্যকে লজ্জার বিষয় হিসেবে দেখা হয়। ফলে অনেকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে ভয় পান এবং সমস্যা জটিল হয়ে ওঠে। তাই মানসিক স্বাস্থ্যের সেবা প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে সংযুক্ত করা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে কার্যকর কাউন্সেলিং ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি।

চিকিৎসা ব্যয় বাড়ছে, এটিও বড় চ্যালেঞ্জ। দেশে বেশির ভাগ মানুষ নিজের পকেট থেকে চিকিৎসার খরচ বহন করেন। অনেক পরিবার এই খরচের কারণে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। কার্যকর স্বাস্থ্যবীমা ব্যবস্থা চালু হলে এই চাপ কমানো সম্ভব। সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যকর করা, একটি জাতীয় স্বাস্থ্য কমিশন বা ন্যাশনাল হেলথ অথোরিটি গঠন, এবং জাতীয় স্বাস্থ্য তহবিল প্রতিষ্ঠা এসব আজকার বাস্তব কিছু প্রয়োজনীয় সংস্কার। একই সঙ্গে স্বাস্থ্য খাতে সরকারি বাজেট বাড়ানো ও বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাও জরুরি।

বেসরকারি স্বাস্থ্যখাতেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনীয় পরীক্ষা, অতিরিক্ত বিলিং ও অনিয়ন্ত্রিত ফি এসব রোগীদের ওপর আর্থিক বোঝা তৈরি করে। স্বাস্থ্যসেবা কোনো ব্যবসায়িক লেনদেনের মতো হতে পারে না। রোগীকে চিকিৎসা ও খরচ সম্পর্কে পরিষ্কার তথ্য দেওয়া, অপ্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে প্রতিরোধ এসব নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন।

সবচেয়ে বড় শিক্ষা হলো - স্বাস্থ্য শুধু সরকারের দায়িত্ব নয়; এটি সমাজের সকল মানুষের সম্মিলিত দায়িত্ব। পরিবার, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র সব জায়গায় স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, ধূমপান পরিহার ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এসব অভ্যাস সমাজকে আরও সুস্থ ও সচেতন করে তুলবে।

প্রতি বছর ৭ এপ্রিল বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। দিনটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি সুস্বাস্থ্যের জন্য একটি বৈশ্বিক অঙ্গীকারের প্রতীক। এমন এক সময়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে, যখন আধুনিক চিকিৎসাবিজ্ঞান মানবজীবনকে দীর্ঘায়ু ও নিরাপদ করেছে, অন্যদিকে ভুয়া তথ্য, কুসংস্কার ও জীবনযাত্রাজনিত স্বাস্থ্যঝুঁকি আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এ প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।

ড. মো. আল-মামুন: কৃষি গবেষক