বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় সবচেয়ে গুরুত্ব সহকারে উঠে এসেছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তনের প্রশ্নটি। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে সম্প্রতি দেওয়া ভাষণে বিষয়টিকে নতুনভাবে সামনে এনেছেন। তিনি শুধু একটি উচ্চকক্ষ গঠনের ইচ্ছা প্রকাশ করেননি; বরং জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট, যেখানে জনগণ সরাসরি সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কি দ্বিকক্ষ সংসদ ব্যবস্থায় যাবে, নাকি বর্তমান একক-কক্ষ ব্যবস্থাই বজায় থাকবে। এমন গণভোট বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে এক ব্যতিক্রমী পদক্ষেপ। কারণ রাষ্ট্রের আইনসভা কাঠামো পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের প্রত্যক্ষ মতামত নেওয়ার নজির দেশে নেই বললেই চলে।

তাই প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে অনেকেই একটি সাংবিধানিক সংস্কারের নতুন অধ্যায় হিসেবে দেখছেন।\r\nপ্রস্তাবিত উচ্চকক্ষটি ১০০ সদস্যবিশিষ্ট হবে এবং এ সদস্যরা সরাসরি নির্বাচিত হবেন না; বরং জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল যে জনপ্রতি ভোট পাবে, তার অনুপাতে দলগুলো আসন পাবে- অর্থাৎ এক ধরনের প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন ব্যবস্থা অনুসরণ করা হবে। এর ফলে এমন কোনো দল দেশজুড়ে উল্লেখযোগ্য পরিমাণ ভোট পেলেও একক-সদস্যদীয় আসনে কম আসন পাওয়ার যে বৈষম্য তৈরি হয়, তা উচ্চকক্ষে আংশিক পূরণ হতে পারে। প্রধান উপদেষ্টার যুক্তি হলো, এতে আইনসভায় বৈচিত্র্য বাড়বে, ছোট দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং বৃহৎ সংখ্যাগরিষ্ঠতার একচেটিয়া প্রভাব কিছুটা কমবে।

পাশাপাশি সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক হলে কোনো দল বা কক্ষ একক সিদ্ধান্তে রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে পারবে না, যা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার একটি উপায় হিসেবে তিনি উপস্থাপন করেছেন। এই প্রস্তাব নিছক একটি নতুন আইনসভা যোগ করার বিষয় নয়; বরং বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি, সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে আরও গভীর প্রশ্ন উত্থাপন করে। বহুকাল ধরে দেশে একক-কক্ষ ব্যবস্থা চালু থাকলেও এর কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে। সংখ্যাগরিষ্ঠতার প্রাধান্য, বিরোধী দলের সীমিত ভূমিকা, দ্রুত আইন পাস এবং বিশেষজ্ঞ মতামতের পর্যাপ্ত প্রতিফলন না পাওয়ায় এ ব্যবস্থাকে অনেকেই অসম্পূর্ণ বা একপক্ষীয় মনে করেন।

ফলে একটি উচ্চকক্ষ গঠনের ধারণা অনেকের কাছে প্রয়োজনীয় মনে হলেও এর বাস্তবায়নযোগ্যতা নিয়ে মতভেদ ব্যাপক।\r\nইতিহাসে দেখা যায়, দ্বিকক্ষ ব্যবস্থা প্রথম গড়ে ওঠে মধ্যযুগীয় ইউরোপে, বিশেষত ইংল্যান্ডে, যেখানে অভিজাত শ্রেণি ও সাধারণ মানুষের স্বার্থ আলাদা রাখতে পার্লামেন্ট দুটি কক্ষে বিভক্ত হয়। পরবর্তীকালে বড় ও বৈচিত্র্যময় রাষ্ট্রগুলো- বিশেষত ফেডারেল কাঠামোর দেশগুলো দ্বিকক্ষ ব্যবস্থা গ্রহণ করে। যুক্তরাষ্ট্রে নিম্নকক্ষ জনসংখ্যাভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করলেও উচ্চকক্ষ প্রতিটি রাজ্যকে সমান শক্তি দিয়ে ক্ষমতার ভারসাম্য ধরে রাখে। ভারতে লোকসভা সরাসরি নির্বাচিত হলেও রাজ্যসভা আঞ্চলিক স্বার্থ রক্ষার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

এসব দেশে উচ্চকক্ষ শুধু অতিরিক্ত কাঠামো নয়; বরং আইনি ও নীতিগত পর্যালোচনার ক্ষেত্রে একটি পরিণত ও পরিশীলিত স্তর।\r\nবাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। দেশের প্রশাসনিক কাঠামো ইউনিটারি, ফেডারেল নয়। এখানে যুক্তরাষ্ট্র কিংবা ভারতের মতো অঞ্চলভিত্তিক ক্ষমতা বণ্টনের প্রয়োজন নেই। তবু আমাদের একক-কক্ষ ব্যবস্থা সবসময় কার্যকর ছিল কিনা, সেই প্রশ্ন রয়ে গেছে। সংসদে বিরোধী কণ্ঠ দুর্বল হলে বা কোথাও অনুপস্থিত থাকলে গুরুত্বপূর্ণ আইন সাধারণত দ্রুত পাস হয় এবং অনেক ক্ষেত্রে পর্যাপ্ত আলোচনার সুযোগ থাকে না। একজন বিশেষজ্ঞ, গবেষক বা পেশাজীবী যে গভীর পর্যালোচনা দিতে পারেন, তা সংসদে সবসময় পাওয়া যায় না। এ কারণে অনেক নীতিনির্ধারণী সিদ্ধান্তে স্থায়িত্ব বা পরিপক্বতার অভাব দেখা যায়।

এই প্রেক্ষাপটে একটি উচ্চকক্ষ যুক্ত হলে আইনপ্রণয়ন প্রক্রিয়া আরও বিশ্লেষণাত্মক হতে পারত। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি এখন সেই প্রস্তুতির পর্যায়ে আছে? রাজনৈতিক সংস্কৃতি যদি দলকেন্দ্রিক হয়, যদি দলীয় আনুগত্যই সদস্য নির্বাচনের প্রধান মানদণ্ড হয়ে যায়, তবে উচ্চকক্ষ কার্যকর হওয়ার সম্ভাবনা কম। প্রস্তাবিত প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন ব্যবস্থায় দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপরই সদস্য নির্বাচনের নির্ভরতা থাকবে। ফলে যে স্বাধীন, গবেষণা-সংলগ্ন, অভিজ্ঞ পর্যালোচনামূলক ভূমিকা উচ্চকক্ষের কাছে প্রত্যাশিত, তা বাস্তবে দলীয় নিয়ন্ত্রণে সীমিত হয়ে যেতে পারে।

এতে উচ্চকক্ষ পরিণত হতে পারে কেবল একটি অতিরিক্ত রাজনৈতিক মঞ্চে, যেখানে সিদ্ধান্ত গ্রহণ আরও জটিল ও সময়সাপেক্ষ হলেও গুণগত উন্নতি ততটা নাও হতে পারে।\r\nদ্বিকক্ষ ব্যবস্থা প্রশাসনিক ব্যয়ও বাড়ায়। অবকাঠামো, ভাতা, কর্মচারী- সব মিলিয়ে নতুন একটি কক্ষ পরিচালনা করা দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করবে। আমাদের মতো উন্নয়নশীল দেশে এমন ব্যয় যথার্থ কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তদুপরি আইন প্রণয়ন ধীরগতির হওয়ার সম্ভাবনাও বাস্তব। একক-কক্ষ ব্যবস্থায় যেসব আইন দ্রুত পাস হয়, দ্বিকক্ষ ব্যবস্থায় সেগুলো দুই কক্ষে আলোচনা, সংশোধন ও পুনর্বিবেচনার মধ্য দিয়ে দীর্ঘায়িত হতে পারে, যা জরুরি নীতি বাস্তবায়নে বাধা তৈরি করতে পারে। তবে এত কিছুর পরও উচ্চকক্ষের কিছু সম্ভাবনা অস্বীকার করার উপায় নেই।

বিশেষজ্ঞ, গবেষক ও অভিজ্ঞ ব্যক্তিদের অংশগ্রহণ রাজনৈতিক সিদ্ধান্তকে আরও পরিণত করতে পারে। বিরোধী রাজনীতি দুর্বল হলেও উচ্চকক্ষে যদি বৈচিত্র্যময় মতামত প্রতিফলিত হয়, তবে আইন প্রণয়ন প্রক্রিয়ায় অন্তত একটি পর্যালোচনামূলক স্তর যুক্ত হবে। জাতীয় নির্বাচনে ছোট রাজনৈতিক দল যদি ভালো পরিমাণ ভোট পেলেও আসন না পায়, উচ্চকক্ষ তাদের কিছুটা হলেও প্রতিনিধিত্ব দিতে পারে, যা রাজনৈতিক অন্তর্ভুক্তির দিক থেকে ইতিবাচক। সংবিধান সংশোধনে দুই কক্ষের অনুমোদন লাগলে একক দলীয় প্রভাব কমারও সুযোগ আছে। অর্থাৎ সঠিকভাবে গঠিত হলে উচ্চকক্ষ একটি ভারসাম্যপূর্ণ, গবেষণা-নির্ভর ও অংশগ্রহণমূলক আইনসভা তৈরি করতে পারে। কিন্তু এখানেই মূল শর্তটি প্রযোজ্য- সঠিকভাবে গঠিত হলে ।

আর তা যদি না হয়, তবে উচ্চকক্ষ হবে কেবল আরেকটি আমলাতান্ত্রিক স্তর, যার কার্যকারিতা সীমিত এবং বাড়তি ব্যয়। বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলছে, সংসদীয় কমিটি যেমন কার্যকর হতে পারেনি, তেমনি অনেক সময় নীতি পর্যালোচনার দায়িত্ব যাদের ওপর থাকে, তারাও দলীয় বিবেচনায় সীমাবদ্ধ থাকেন। এসব সমস্যার সমাধান ছাড়া শুধু কক্ষের সংখ্যা বাড়ালে প্রকৃত সংস্কার হবে না।\r\nমূলত বাংলাদেশের রাজনৈতিক সমস্যার কেন্দ্রবিন্দু কাঠামোগত নয়; রাজনৈতিক সংস্কৃতি, প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, জবাবদিহির অভাব, দলীয় গণতন্ত্রের দুর্বলতা এবং নির্বাচনী প্রক্রিয়ার অসম্পূর্ণতা- এ সবই আসল চ্যালেঞ্জ। এসব ঠিক না করেই উচ্চকক্ষ তৈরি করলে নতুন কাঠামো কার্যকর হবে এমন নিশ্চয়তা নেই।

অনেক দেশেই দেখা গেছে, উচ্চকক্ষ কার্যকর তখনই হয়, যখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিণত ও স্বাধীন থাকে। অন্যথায় উচ্চকক্ষ অচলাবস্থা তৈরি করে, ব্যয় বাড়ায়, কখনো কখনো ক্ষমতাধর গোষ্ঠীর হাতিয়ার হয়ে ওঠে। তাই, বাংলাদেশের জন্য দ্বিকক্ষ সংসদ প্রয়োজন কিনা- তার উত্তরে সরলতা নেই। এর সম্ভাবনা যেমন আছে, বাস্তবায়নের ঝুঁকিও তেমনই। সিদ্ধান্তটি কাঠামো পরিবর্তনের নয়; বরং রাজনৈতিক সক্ষমতার। উচ্চকক্ষ ভবিষ্যতে বাংলাদেশে প্রয়োজনীয় হতে পারে- যখন রাজনৈতিক সংস্কৃতি আরও গণতান্ত্রিক হবে, আইন প্রণয়নে গবেষণার গুরুত্ব বাড়বে, বিরোধী মতকে জায়গা দেওয়ার পরিবেশ তৈরি হবে এবং জনস্বার্থে সংসদ আরও জবাবদিহিমূলক হবে। সেই সময় উচ্চকক্ষ একটি পরিপূর্ণ পর্যালোচনামূলক ও ভারসাম্যমূলক কক্ষ হিসেবে কার্যকর হতে পারে। কিন্তু বর্তমান বাস্তবতায় তাৎক্ষণিক সুফলের আশা করা কঠিন। তাই শেষ পর্যন্ত যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, তা হলো- সংসদের কক্ষ দুটি হবে কি একটি, সেটি নয়; বরং আইনসভার প্রকৃত দক্ষতা, জবাবদিহি, অংশগ্রহণ এবং জনস্বার্থে কাজ করার মানসিকতাই একটি কার্যকর গণতন্ত্রের মূল ভিত্তি। কাঠামো পরিবর্তন প্রয়োজন হতে পারে, কিন্তু তার আগে প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতির রূপান্তর।\r\nলেখক : প্রকাশক ও কলাম লেখক