নতুন সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস বা ৬০ দিন পূর্ণ হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ তুলে ধরা হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের কাজ সম্পর্কে জনগণকে অবহিত করা ইতিবাচক পদক্ষেপ। একই সঙ্গে গতিময়তাও নির্দেশ করে। কিন্তু এই পর্যায়ে কিছু মৌলিক প্রশ্ন সামনে আনা জরুরি, যাতে ভবিষ্যতের পথরেখা সুস্পষ্ট হয়। যেমন, সরকারের গতিময়তা কোন ভিত্তির ওপর দাঁড়িয়ে? কারণ, এই সরকার পাঁচ বছরের জন্য দায়িত্ব নিয়েছে। ফলে প্রথম দুই মাসে গতিময়তার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত ছিল রাষ্ট্রের প্রকৃত অবস্থা নির্ধারণ করে জনগণের সামনে উপস্থাপন। অর্থাৎ দেশটিকে নির্বাচিত সরকার কী অবস্থায় পেয়েছে, সেটি জনগণের সামনে তুলে ধরা।

স্মরণে রাখতে হবে, বর্তমান সরকার স্বাভাবিক ধারাবাহিকতার মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার প্রায় দেড় বছর রাষ্ট্র পরিচালনা করেছে। তার আগে প্রায় ১৬ বছর ধরে ক্ষমতায় ছিল শেখ হাসিনা সরকার। ২০০৮ সালে নির্বাচনের পর ২০০৯ সালে ক্ষমতায় এলেও ২০১৪ সালের একতরফা নির্বাচনের পর থেকে নানা পদক্ষেপের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী সরকারে রূপান্তরিত হয়েছিল। ২০১৫ সাল থেকে পরবর্তী ১০ বছরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ থেকে দেখা যায়, প্রতিবছর ব্যাংকে খেলাপি ঋণ বাড়তে থাকার মধ্য দিয়ে ব্যক্তি পর্যায়ে দুর্নীতি ও অর্থ পাচার ঘটেছে। অন্যদিকে মেগা প্রকল্পসহ নানা ধরনের সরকারি ক্রয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনিয়ম ও দুর্নীতি হয়েছে। উন্নয়ন প্রকল্পের জন্য বিদেশি ঋণ নেওয়ায় জনগণের মাথার ওপর বিপুল ঋণের বোঝা তৈরি হয়েছে। মেগা প্রকল্প, বিদেশি ঋণ ও বাজেট ব্যবস্থাপনায় যে চাপ বিগত সরকার তৈরি করেছে, তার প্রভাব এখনকার সরকারের ওপরেই পড়ছে। এসব তথ্য বিচ্ছিন্নভাবে সংবাদমাধ্যমে ও বক্তৃতায় উঠে এলেও এই দীর্ঘ সময়ে বিভিন্ন খাতে অনিয়ম, লুটপাট ও অপ্রয়োজনীয় উন্নয়ন ব্যয়ের অভিযোগ নিয়ে সত্যিকার অর্থে নথিপত্র তৈরি হয়নি।

বস্তুত বর্তমান সরকার এক জটিল বাস্তবতার মুখোমুখি। অতীতের সরকারের কিছু দৃশ্যমান উন্নয়ন আছে। আবার সেই উন্নয়নের মধ্যেই অপচয় ও দুর্নীতি রয়েছে। অনেক প্রকল্প ছিল অপ্রয়োজনীয়; আবার অনেক প্রয়োজনীয় খাতে বিনিয়োগ হয়নি। এই বাস্তবতা বিশ্লেষণ করে জনগণের সামনে তুলে ধরার কাজ জনগণকে উন্নয়নের প্রকৃত চিত্রটা বুঝতে সহায়তা করবে। তারা নিজেদের সামলানোর প্রস্তুতি নিতে পারবে। তাতে সরকারেরই লাভ।

আওয়ামী লীগ আমলের লুটপাট নিয়ে অন্তর্বর্তী সরকার শ্বেতপত্র তৈরি এবং বিভিন্ন খাতে সংস্কারের জন্য কমিশন গঠন করেছিল। কিন্তু তারা রাষ্ট্রের পূর্ণাঙ্গ ভিত্তিচিত্র বা বেজলাইন তৈরি করেনি। অর্থাৎ দেশকে তারা কোন অবস্থায় পেয়েছিল– এর সমন্বিত, পরিমাপযোগ্য, তথ্যভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করা হয়নি। দেরিতে হলেও এই জায়গাটি এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে; স্বাস্থ্য খাতের সক্ষমতা কত; শিক্ষা ব্যবস্থার গুণগত অবস্থা কী; বিচার ব্যবস্থায় মামলার জট কত; কৃষি ও পানিসম্পদ খাতে বাস্তব চিত্র কী– এসব তথ্য জনগণের সামনে সংখ্যা ও গুণগতভাবে তুলে ধরা প্রয়োজন। এগুলো প্রধানমন্ত্রীর দপ্তরের ওয়েবসাইটে কিংবা আলাদা উন্মুক্ত প্ল্যাটফর্মে প্রকাশ এবং নিয়মিত হালনাগাদ করা যেতে পারে।

যে কোনো উন্নয়ন প্রক্রিয়ার স্বীকৃত ধারা হলো প্রথমে বর্তমান অবস্থা নিরূপণ, তারপর বিশ্লেষণ; এরপর পরিকল্পনা, বাস্তবায়ন, তদারকি ও মূল্যায়ন। তারপর আবার মূল্যায়নের ভিত্তিতে পরিকল্পনায় প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজন করে এগিয়ে যাওয়া। এই ধারাবাহিক প্রক্রিয়ার প্রথম ধাপটি অনুপস্থিত থাকলে পুরো প্রক্রিয়াই দুর্বল হয়ে পড়ে। সেই কাজের পরিমাপের নির্দিষ্ট ভিত্তি এখনও স্পষ্ট নয়।

এ অবস্থায় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে–ভিত্তিচিত্র তৈরির যে কাজ অন্তর্বর্তী সরকার করেনি; নির্বাচিত সরকারও কি তা করবে না? কাজটি কঠিন নয়। প্রতিটি মন্ত্রণালয়ের অধীনে ছোট দল গঠন করে বর্তমান অবস্থা, সমস্যা ও সূচক নির্ধারণ করা সম্ভব। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পানিসম্পদ ও বিচার বিভাগ– এই খাতগুলো দিয়ে শুরু করা যেতে পারে। এতে রাষ্ট্রের বাস্তব চিত্র জনগণের সামনে আসবে। একই সঙ্গে সরকারের ভবিষ্যৎ কাজের একটি সুস্পষ্ট ভিত্তি তৈরি হবে। গুজব ও বিভ্রান্তিও কমে আসবে।

বর্তমান সরকারের সামনে একটি বড় সুযোগও তৈরি হয়েছে। বিগত সরকারগুলোর মতো রাজনৈতিক বক্তব্যনির্ভরতা থেকে রাষ্ট্রব্যবস্থাকে নীতিনির্ভর শাসনব্যবস্থার দিকে নিয়ে যেতে পারে। এ জন্য দরকার পরিমাপযোগ্য তথ্য, সুস্পষ্ট সূচক ও নিয়মিত মূল্যায়ন। শুধু উদ্যোগ নেওয়া নয়, উদ্যোগের ফলাফল কতটুকু অর্জিত হলো, সেটিও দেখাতে হবে।

অনেকেই বলবেন, বিএনপি নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে; নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার দায়িত্ব ও চাপ আছে। এ কথা মেনেও বলতে হয়, নির্বাচনী ইশতেহার তাদের ওই কাজগুলো করার ম্যান্ডেট দিয়েছে। কিন্তু পুরোনো কাজগুলোতে রাষ্ট্রের অগ্রগতির ভিত্তিচিত্র আছে। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই প্রয়োজনে সংশোধন করে এগোতে হবে। কারণ রাষ্ট্র কেবল উদ্যোগ দিয়ে এগোয় না। এগোয় তথ্য, বিশ্লেষণ এবং জবাবদিহির মাধ্যমে। সরকার যদি এখনই একটি পূর্ণাঙ্গ ভিত্তিচিত্র তৈরি করে, তাহলে আগামী পাঁচ বছরের কাজ শুধু দৃশ্যমানই হবে না; পরিমাপ ও মূল্যায়নযোগ্যও হবে।

বাংলাদেশের জনগণ সবসময় স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার চেয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর সেই প্রত্যাশা আরও স্পষ্ট হয়েছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের জবাবদিহিমূলক শাসনের প্রথম পদক্ষেপ হতে পারে রাষ্ট্রের স্পষ্ট ভিত্তিচিত্র জনগণের সামনে তুলে ধরা।

মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন