ড. মুমিত আল রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। উচ্চতর গবেষণার জন্য তিনি ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইরানে অবস্থান করেছেন। ইরান থেকে প্রকাশিত প্রবন্ধ ‘বেঙ্গলি ট্রান্সলেশনস অব খৈয়ামস রুবাইয়াট অ্যান্ড ইটস চ্যালেঞ্জেস’-এর জন্য তিনি আন্তর্জাতিক ক্যাটেগরিতে অর্জন করেছেন “ডিন’স মেরিট অ্যাওয়ার্ড ফর টিচার্স ২০২৫”। পারস্য অনুষঙ্গের বিভিন্ন বিষয়ে তাঁর এখন পর্যন্ত প্রকাশিত গ্রন্থ ২০টি। লেখকের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে ‘ইরানের পথে প্রান্তরে’, ‘ফারসি ব্যাকরণ শিক্ষা, ‘পারস্যের লোকজ সংস্কৃতি ও উৎসব’ ও ‘দামেস্কের দিনলিপি’। ৩৮টি ইরানি চলচ্চিত্র ফারসি থেকে বাংলায় অনুবাদ করেছেন। সমকালের সঙ্গে কথা বলেছেন তাঁর দেখা ইরান নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন সমকালের সহকারী সম্পাদক সাদিয়া মাহ্জাবীন ইমাম।
সমকাল: উচ্চতর গবেষণার জন্য আপনি ছয় বছর ইরানে ছিলেন। আপনার দেখা ইরান কেমন?
মুমিত আল রশিদ: ২০১৩ সালে ইরানে প্রথমবার গিয়ে মনে হয়েছিল দেশটা অনেক গোছানো। তখন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব এত বেশি ছিল না। অর্থনৈতিক ভারসাম্য ছিল। ব্যাংক, ডলার রেটসহ সবকিছুতেই কিছুটা স্বস্তি ছিল ইরানের জনগণের। ২০০৯ সালে মাহমুদ আহমাদেনিজাদ দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। সেবারের নির্বাচনের প্রতিবাদে পথে নেমে গুলিতে নিহত হয়েছিলেন দর্শনের ছাত্রী নেদা আগা সুলতান। এই হত্যাকাণ্ডের রেশ ছড়িয়েছিল ভালোভাবেই। বেশ কিছুদিন অস্থিতিশীল থাকার পর ইরান আবার ঘুরে দাঁড়িয়েছিল। ২০১২ সালে মধ্যপন্থি ও সংস্কারপন্থি হাসান রুহানি নির্বাচিত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসছিল। ধীরে ধীরে জনগণের মধ্যে আস্থার জায়গা তৈরি হয়েছিল। তবে আমি সব রকম রাজনৈতিক উত্তেজনার মধ্যেও ইরানের সামাজিক নিরাপত্তা দেখেছি চোখে পড়ার মতো। রাতদিন ২৪ ঘণ্টা নির্বিঘ্নে যে কেউ দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারত। আমি একজন বিদেশি হয়েও রাজধানী তেহরান থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরের কেরমান প্রদেশ, ৮০০ কিলোমিটার দূরের আহভাজ প্রদেশে একা একাই চলে গিয়েছিলাম।
সমকাল: অন্যান্য প্রদেশেও অবস্থান করেছেন আপনি। রাজধানীর সঙ্গে প্রদেশ বা অঞ্চলগুলোর চিত্র কতটা ভিন্ন?
মুমিত আল রশিদ: রাজধানী তেহরানের চেয়ে বিভিন্ন প্রদেশের অবস্থা আরও বেশি ভালো। তাবরিজ শহর পুরোপুরি ভিক্ষুকমুক্ত ও পরিচ্ছন্ন। শিরাজ আর ইসফাহান নগরের সৌন্দর্য অকল্পনীয়। ইরানের মানুষ সর্বোপরি সবাই অতিথিপরায়ণ। আরবের কোনো কোনো দেশে বাংলাদেশের মানুষকে ছোট করে দেখার একটা প্রবণতা দেখা যায়। ইরানে এমনটা কখনোই দেখিনি। মানুষ মানুষকে সম্মান করে। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইরানে সামাজিক অবস্থান বৈষম্যপূর্ণ মনে হয়নি। পারস্য সভ্যতার যে ঐতিহ্য, তা তাদের শিষ্টাচারে স্পষ্ট ছিল। আসলে ইরান জাতিগতভাবেই তাঁর সভ্যতাকে ধারণ করে। ইরান সাহিত্য, গবেষণায় নিজেদের অনেক দূর এগিয়ে নিয়েছে। তার ছাপ শুধু রাজধানী নয়, প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যেও রয়েছে।
সমকাল: ইরানে গবেষণার ক্ষেত্রগুলো কতটা স্বাধীন? বিশেষ করে সমাজবিজ্ঞান, ধর্মতত্ত্ব বা প্রযুক্তির মতো বিষয়গুলোতে?
মুমিত আল রশিদ: ইরান গবেষণার ক্ষেত্রে অনেক এগিয়ে। বিশেষ করে প্রযুক্তিগত গবেষণায়। বাধ্যতামূলকভাবে গবেষণাগারের ব্যবস্থা আছে। প্রয়োজনে মধ্যরাত পর্যন্তও গবেষণাগারে কাজ করা যায়; এমনকি সুপারভাইজারকে গবেষণাগারের চাবি দিয়ে চলে যেতে দেখেছি। গবেষকদের ২০ ঘণ্টা করেও সেখানে অবস্থান করতে দেখতাম। পদার্থবিজ্ঞান ও রসায়নে ইরানের গবেষণা অনেক দূর এগিয়ে গিয়েছে। যত্ন সহকারে শিক্ষক একজন গবেষককে প্রস্তুত করেন। যে পারস্য একসময় কবিতা, ভাষাবিজ্ঞান, ভেষজ ওষুধ আর সমরাস্ত্রের জন্য পরিচিত ছিল, সেখান থেকে অনন্য মাত্রায় পৌঁছেছে তাদের প্রযুক্তিগত গবেষণাক্ষেত্র। চিকিৎসাশাস্ত্রের গবেষণায়ও তারা প্রায় ইউরোপের সমান্তরালেই এগিয়ে চলেছে। মজার ব্যাপার, আমি ইরাক সীমান্তের কেরমান শাহ প্রদেশে গিয়েও বাংলাদেশি চিকিৎসকের দেখা পেয়েছি। তবে সমাজবিজ্ঞান ও ধর্মবিজ্ঞানে গবেষণার ক্ষেত্রে ইরানের আরও উদারভাবে দেখার সুযোগ আছে। মুর্তজা মোতাহেরি বা আয়াতুল্লাহ শারিয়াতির মতো আন্তর্জাতিক মানের অসাধারণ ধর্মতত্ত্ববিদ ও সমাজতত্ত্ববিদ তাদের থাকলেও সংবেদনশীল বিষয়ে গবেষণার ক্ষেত্রে ইরানের উদারতার কমতি আছে, এটি অস্বীকারের সুযোগ নেই।
সমকাল : নারী শিক্ষার্থীর অংশগ্রহণ ও আত্মপ্রকাশ কেমন?
মুমিত আল রশিদ: নারী শিক্ষার্থীর আত্মপ্রকাশ বিষয়ে যদি বলি, সেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতেও পুরুষের চেয়ে নারী শিক্ষার্থীর অংশগ্রহণ বেশি। গবেষণার ক্ষেত্র, কর্মক্ষেত্রেও নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেশি। যদিও একটা ধারণা আছে, ইরান পর্দার আড়ালে নারীকে আটকে রেখেছে। এটি ঠিক যে তারা হিজাবের ধরন বা পোশাকের মাপ নিয়ে মোরাল পুলিশিং বেশি করে। তবে একেবারে গ্রামের কথা বাদ দিলে শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারীর উপস্থিতি চোখে পড়ার মতো।
সমকাল: ধর্মীয় অনুশাসন ও ব্যক্তিগত জীবনের মধ্যে কোনো ধরনের টানাপোড়েন দেখেছেন?
মুমিত আল রশিদ: ধর্মীয় অনুশাসন ও ব্যক্তিগত জীবনের মধ্যে টানাপোড়েন আমাদের প্রতিটি সমাজেই রয়েছে। তবে হ্যাঁ, ইরানে মোরাল পুলিশিং দেখেছি। দেখুন, সমাজে সব ধরনের স্বাধীনচেতা মানুষও বসবাস করে। মানুষ যখন ক্ষমতা পায় তখন সে তার ক্ষমতাকে সেভাবেই ব্যবহার করতে চায়। শাসকশ্রেণির অনেকেই ধর্মীয় অনুশাসন পালনে বেশি মোরাল পুলিশিং করেছে; যা আমার কাছে বাড়াবাড়ি মনে হয়েছে। এটি আসলে এভাবে না হলেও পারত। তবে ইরানে কখনও ইভটিজিং দেখিনি। আমি কয়েক বছর ছাত্রাবাসে থেকেছি। সেখানকার ছাত্রদেরও কখনও দেখিনি নারী শিক্ষার্থীকে নিয়ে কটূক্তি করতে। তারা স্বাধীনভাবেই চলাফেরা করত। আফগানিস্তানের মতো কট্টর নয় ইরান। আবার মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটত, সেটিও ঠিক।
সমকাল: মোরাল পুলিশিং কি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কম-বেশি হতো?
মুমিত আল রশিদ: এটি ঠিক যে ২০১৩ সালেও আমি গিয়ে সেখানে মোরাল পুলিশিং বেশি দেখেছি। নারীরা যখন কোথাও যাচ্ছেন তখন তাঁর চুল, পর্দা, পোশাক নিয়ে বিভিন্ন সময় সতর্ক করা হতো। পুলিশকে মাইক্রোবাসে করে এসব করতে দেখেছি। অভিযুক্তকে কখনও কখনও পুলিশের দপ্তরে অভিভাবকসহ তলব করা হতো। তবে ধীরে ধীরে রুহানি এটিকে একটু স্বাধীন করে দিয়েছিলেন মনে হয়েছে। ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত কিছুটা শিথিল হয়েছিল। আবার ২০২২-এ মোরাল পুলিশিং বেড়েছিল। এ সময় মাসা আমিনির হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নারীদের মনে এটি প্রভাব ফেলেছে নিশ্চয়ই। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মোরাল পুলিশিংয়েও তারতম্য হয়েছে।
সমকাল: সাধারণ মানুষের জীবনযাপনে নানা রকম নিষেধাজ্ঞা বা রাজনৈতিক প্রভাব আছে। এই প্রভাবগুলো সম্পর্কে কিছু বলুন।
মুমিত আল রশিদ: এ বিষয়ে কথা বললে অন্ধের হাতি দেখার মতো হবে। যারা ইরানে গিয়েছেন তারা দেখেছেন ইরান কিন্তু অনেক ব্যাপারে উদার। তাদের স্বাভাবিক জীবনযাপনে কোনো নিষেধাজ্ঞা বাধা হয়ে দাঁড়ায়নি। দেখুন সব দেশেরই সাধারণ মানুষ দিন শেষে তার মৌলিক অধিকারগুলো পূরণ করতে চায়। যে শাসকই আসুক, মানুষের কাছে দিন শেষে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের প্রয়োজন মেটানো। কিন্তু এটি তো সত্যি যে শাসকের রীতিনীতি আর পরিকল্পনার কাছে মানুষ বারবার হেরে যায়। এই হেরে যাওয়াটাই একসময় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে। এখানে ইরানের অনেক আগে থেকেই কাজ করার ছিল। বর্তমান শাসকগোষ্ঠী বিদেশি শক্তিগুলোকে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছে। সাধারণ মানুষ কিন্তু রাষ্ট্রের অসংখ্য পলিসি থেকে দূরে থাকতে চায়। একেকটা আন্দোলন, ঘটনা বারবার তা ব্যাহত করেছে, আবার মানুষের মনে আশা জেগেছে। ২০১৫ সালের ছয় জাতির চুক্তির পর ইরানের মানুষের মনে সেই আশা বেড়েছিল।
সমকাল: চলচ্চিত্র নিয়ে আপনার কাজ আছে। অভিযোগ আছে ইরানের বিখ্যাত চলচ্চিত্রকারেরা সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্টকে পুঁজি করেছে। ইরানের চলচ্চিত্র গোটা বিশ্বের মতো নিজ দেশেও কি সমান সমাদৃত?
মুমিত আল রশিদ : চলচ্চিত্র নিয়ে আমাদের ধারণা আর ইরানি চলচ্চিত্রকারদের ধারণা এক নয়। ইরানের পরিচালকরা যতটা পড়াশোনা করেন এবং নিত্যনতুন চিন্তা করেন, সেই চর্চা বাংলাদেশে নেই। ইরান দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে যে বাস্তবতা তৈরি করে, সেটি অ্যান্টি এস্টাবলিশমেন্ট বলে ভাবার সুযোগ নেই। পারস্যের চলচ্চিত্র কবিতার মতো। ১৯৬৯ সালে নির্মিত ‘দ্য কাউ’ চলচ্চিত্রটিতে একটি গরুর সঙ্গে মানুষের যে আত্মার সম্পর্ক তুলে ধরা হয়েছে, এই দর্শনের কাছে কি অ্যান্টি এস্টাবলিশমেন্টের প্রয়োজন হয়? আব্বাস কিয়ারোস্তমির চলচ্চিত্র কবিতার মতো। মাজিদ মাজিদির ‘দ্য চিলড্রেন অব হ্যাভেন’ কি অ্যান্টি এস্টাবলিশমেন্টের কথা, নাকি শিশু মনস্তত্ত্বের শৈল্পিক প্রকাশ? তবে নির্মাতা স্বাধীনভাবে চিন্তা করেন। ফলে তিনি যখন সমাজের কথা তুলে ধরবেন তখন তাঁর চোখে যা ধরা দেবে তিনি সেটিই বলবেন। মহসিন মখমলবাফ, জাফর পানাহির চলচ্চিত্রে যে সমাজের নানা খুঁটিনাটি বিষয় পাবেন, সেটিকে সমালোচনার খাতিরে অ্যান্টি এস্টাবলিশমেন্ট মনোভাবের বলতেই পারেন কেউ কেউ। ইরানের দেখাদেখি মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের চলচ্চিত্র নিয়ে এগিয়ে যেতে চেয়েছে। তারা ভেবেছে ইরান যদি কঠোর অনুশাসনের মধ্যেও এত ভালো সিনেমা তৈরি করতে পারে, তাহলে আমরা কেন পারব না? তবে ইরানেও সরকারি সিনেমায় প্রচুর পৃষ্ঠপোষকতা রয়েছে। সেসব চলচ্চিত্র স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের মানের মতো কদর পায় না।
সমকাল: বর্তমানের সংকট প্রসঙ্গে আলোচনা করি। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর আমরা দুই ধরনের প্রতিক্রিয়াই দেখেছি। এ বিষয়ে আপনার মত জানতে চাই।
মুমিত আল রশিদ: দেখুন ক্রোধান্বিত মানুষের মনে কোনো দয়া থাকে না। যেহেতু প্রায় ৪৭ বছর ধরে একটি সরকার ক্ষমতায় আছে, ফলে কোনো না কোনোভাবে মতানৈক্য তৈরি হওয়ার সুযোগ রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ইমাম খামেনির মৃত্যুর পর আনন্দ উল্লাস করার কিছু দৃশ্য দেখা গিয়েছে। ইরানের ভেতরেও একটি ছোট অংশ উল্লাস প্রকাশ করেছে। তবে এটি মূলত তারাই করেছে, যাদের অনেকেরই হয়তো সন্তান বা স্বামী নির্যাতনের শিকার হয়েছে বিভিন্ন আন্দোলনে অথবা এদের অনেকেই সরাসরি রেজা শাহ পাহলভির নীতি ও আদর্শের ধারক-বাহক। অন্যদিকে এই সরকারের প্রতি যারা আকৃষ্ট; ধর্মীয় আবেগ-অনুভূতি যাদের সবচেয়ে বেশি রয়েছে, যারা তাদের ১২ ইমামকেন্দ্রিক শিয়া মাজহাবে বিশ্বাস করেন, তাদের একজন রাহবার বা আধ্যাত্মিক নেতা দরকার। তারা কিন্তু স্বভাবতই ইমাম খামেনিকে তাদের সেই আধ্যাত্মিক পুরুষ হিসেবে মনেপ্রাণে গ্রহণ করেছেন। তাদের শোক ও মাতম দেখেছে বিশ্ববাসী। এই যে একটি রাজনৈতিক মৃত্যু নিয়ে দুই রকম অনুভূতির প্রকাশ, সেই ঘটনা কিন্তু সব দেশে সব রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। একজন সর্বোচ্চ ধর্মীয় নেতার আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোক প্রকাশ করবে–এটিই বাস্তব ও সত্য। তিনি ছিলেন সেই আধ্যাত্মিক পুরুষ, যিনি সার্বক্ষণিক তাঁর অনুসারীদের আগলে রাখার পাশাপাশি পরিপূর্ণ দিকনির্দেশনা দিয়েছিলেন।
সমকাল: সরকারের মধ্যে কি দুটি ধারাই আছে?
মুমিত আল রশিদ: ইরান সরকারের মধ্যে দুটি পন্থির একটি উসুল গেরা; যারা ধর্মীয় অনুশাসন পরিপূর্ণভাবে মেনে চলেন এবং রাষ্ট্রের সর্বস্তরে সেটির পুঙ্খানুপুঙ্খ বিধিনিষেধ জনগণের জন্য আরোপ করতে চান। আরেকটি হচ্ছে এসলাহ তালাব, তারা মূলত সংস্কারপন্থি। তাদের অধিকাংশ বিদেশে পড়ালেখা করা। এর মধ্যে হাসান রুহানি, খাতামি, জারিফ, হাশেমি রাফসানজানির কথা বলতে পারি। তারা একটি ধারা। তারা উদারপন্থি হিসেবে পরিচিত। এসব কারণে সরকারের মধ্যে দুটি ধারা বা মতাদর্শ থাকা স্বাভাবিক।
সমকাল: সর্বশেষ আন্দোলনটি এত তীব্র হলো কেন?
মুমিত আল রশিদ: আমি ২০১৩ সালে ইরানে পিএইচডি প্রোগ্রামে যাই এবং তখন এক ডলার সমান দুই হাজার ৯০০ তুমান (ইরানি মুদ্রা) ছিল। ২০২৫ সালের ডিসেম্বরে এটি এক লাখ ৪০ হাজার তুমানে পৌঁছায়। বেকারত্ব, মূল্যস্ফীতি–এই বাস্তবতাকে অস্বীকারের কোনো উপায় নেই। এই বিষয়গুলো মানুষের জীবনযাপনে প্রভাব রেখেছে। মানুষ নিজের ব্যক্তিগত অবস্থান থেকেও সরকারের প্রতি সমর্থন বা অসমর্থন তৈরি করেছে।
সমকাল: ইরানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও সংযোগ সম্পর্কে আমাদের বলুন।
মুমিত আল রশিদ: ইরানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মূলত ভারতীয় উপমহাদেশে ফারসি ভাষা ও সাহিত্যকেন্দ্রিক সম্পর্ক। এ অঞ্চলের অনেক মুসলমান আধ্যাত্মিক সুফি ধারায় মুসলমান হয়েছে। বায়েজিদ বোস্তামি, মনসুর হাল্লাজ, আবুল হাসান খারাকানি, মাওলানা জালালুদ্দিন রুমি, ফেরদৌসি, শেখ সাদি, ফরিদউদ্দিন আত্তার, হাফিজ শিরাজির হাত ধরে ধরে ফারসি বাংলায় বিস্তার পেয়েছে। আরও কিছু সম্পর্ক আছে। একটা সময় ছিল বাংলাদেশের ৫৩ শতাংশ পাট ইরান তাদের বিশ্বব্যাপী সমাদৃত কার্পেটের জন্য আমদানি করত। এখন তা ৩৩ শতাংশ হয়েছে। ইরানের তেল-গ্যাস-বিটুমিনের মান খুবই ভালো। বাংলাদেশের পোশাকশিল্প তুরস্ক হয়ে ইরানে প্রবেশ করে। শ্রমবাজার তৈরি হতে পারত। চলচ্চিত্র নিয়ে সম্পর্ক তৈরি হতে পারত। ভাষা-সাহিত্যের ক্ষেত্রেও সম্পর্ক হতে পারত। সবই থেমে গিয়েছে মার্কিন নিষেধাজ্ঞায়।
সমকাল: সমকালের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
মুমিত আল রশিদ : সমকালকেও ধন্যবাদ।
