এটি সর্বজনস্বীকৃত যে, দুর্নীতি দারিদ্র্য হ্রাস ও উন্নয়নের অন্যতম প্রধান বাধা। বাংলাদেশে দুর্নীতির আশপাশ বিষয়গুলো সাধারণ মানুষের দৈনন্দিন আলোচনা এবং উদ্বেগের কেন্দ্রবিন্দু। দুর্নীতি নিয়ে প্রায়ই গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। জাতীয় নীতি ও কৌশলগত কাগজপত্রে সুশাসন প্রতিষ্ঠা, আইন প্রয়োগের কথা বলা হয়েছে। বাস্তবে এর প্রতিফলন দেখা যায় কম। দুর্নীতির কার্যকর প্রতিরোধের জন্য একটি জনবান্ধব ও দরিদ্র সমর্থক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয় কথায়। কিন্তু কাজকর্মে তেমন কার্যকর দেখা যায় না। সব সরকার দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে জোর দিলেও সমাজ থেকে দুর্নীতি কমছে না, যা খুবই হতাশাজনক। যদিও সরকারের চেষ্টার কমতি থাকে না। তাই কোথায় আমাদের দুর্বলতা রয়েছে, সেটি খতিয়ে দেখা একান্ত জরুরি।
কারণ দুর্নীতি আমাদের টেকসই উন্নয়নের বড় অন্তরায়। দেশের উন্নয়ন বারবার বাধার সম্মুখীন হওয়ার অন্যতম কারণ দুর্নীতি। \r\nসরকারি চাকরি মানুষের কাছে শুধু জীবিকা নয়, দায়িত্ব, নৈতিকতা এবং জনগণের প্রতি জবাবদিহির প্রতীকও। কিন্তু কিছু কিছু ঘটনা মাঝে মাঝে মনে করিয়ে দেয়-শুধু আইন নয়, নৈতিকতার প্রশ্নও সমান গুরুত্বপূর্ণ। \r\nসম্প্রতি এক উপ কর-কমিশনারকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দুর্নীতি, তদবির, অদৃশ্য শক্তি এবং জবাবদিহির গভীর সংকটেরই বহির্প্রকাশ। ২০১৮ সালে ৩৬ তম বিসিএসের মাধ্যমে চাকরিতে যোগ দেওয়া এই কর্মকর্তা মাত্র পাঁচ বছরের ব্যবধানে অস্বাভাবিক সম্পদশালী হয়ে ওঠায় ২০২৩ সাল থেকেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরদারিতে রয়েছেন।
কিন্তু অদ্ভুতভাবে দেখা গেছে-তদন্ত চলমান থাকা অবস্থাতেই তিনি পদোন্নতি পেয়েছেন। প্রশ্ন উঠেছে, তদন্ত চলমান থাকা সত্ত্বেও কীভাবে এমন সুযোগ তৈরি হলো? কারা বা কোন বলয়ের শক্তিতে তদন্ত ধীরগতি এবং পদোন্নতি দ্রুতগতিতে? এই কর্মকর্তা তার এক বন্ধুর বাসায় কোনো চুক্তিপত্র, রসিদ বা প্রমাণ ছাড়া ৬২ লাখ টাকা রেখেছিলেন-এমন তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্নগুলোর তীব্রতা বাড়তে থাকে। একটি অডিও রেকর্ডে কথোপকথনের যে অংশ পাওয়া গেছে, তা সত্যিই উদ্বেগজনক। বন্ধুর সঙ্গে তার সংলাপ থেকে স্পষ্ট- এটি কোনো ব্যাংক লেনদেন নয়, কোনো স্বাভাবিক আর্থিক লেনদেনও নয়। কোনো সরকারি কর্মকর্তা কেন ৬২ লাখ টাকা অপ্রাতিষ্ঠানিকভাবে নগদ রাখবেন? এই টাকার উৎস কী?
কর কর্মকর্তা হিসেবে এ ধরনের লেনদেন কি তার দায়িত্ব ও পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?\r\nতদন্তে বেরিয়ে এসেছে, চাকরিতে যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যেই তার বাবা-মা কোটিপতি হয়ে ওঠেন। তার বাবা ২০২১-২২ অর্থবছরে প্রথমবার ট্যাক্স ফাইল খুলতেই দেখান ৫ কোটি টাকার সম্পদ। মা, যিনি অবসরপ্রাপ্ত শিক্ষিকা, তার নামে দেখানো হয়েছে ৩ কোটি ১১ লাখ টাকার সম্পদ এবং ৩৮০ ভরি স্বর্ণ। তার মায়ের নামে বিভিন্ন জায়গায় আরও ২ কোটি টাকার প্লট রয়েছে। নিজ আয়কর ফাইলেও দেখিয়েছেন ২ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ। সব মিলিয়ে বাবা-মা-মেয়ে মিলিয়ে প্রায় ১১ কোটি টাকার সম্পদ। প্রশ্ন হলো-অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বৃদ্ধ বাবা এত সম্পদের মালিক হলে আগে কেন কর দেননি? এবং হঠাৎ কর ফাইল খোলার সময়ই বা কেন এত বিপুল সম্পদ দেখানো হলো?
এটিকে কি তদন্ত থেকে বাঁচার পূর্ব-প্রস্তুতি হিসেবে দেখা উচিত? দুদকের প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে- জ্ঞাত আয়ের বাইরে প্রায় ২ কোটি টাকার সম্পদ, বাবা-মায়ের নামে সন্দেহজনক সম্পদের প্রাথমিক তথ্য, শেয়ারবাজারে উল্লেখযোগ্য বিনিয়োগ। কিন্তু তবুও মামলার প্রক্রিয়া এগোয়নি। দুদকের একজন কর্মকর্তা বলেছেন-অনুসন্ধান এখন শেষ পর্যায়ে। কিন্তু কেন এত সময় লাগছে বা কেন ডিক্লারেশন চাওয়া হয়নি-তা স্পষ্ট নয়। প্রশ্ন উঠছে, তদন্ত ধীরগতি কি কাকতালীয়? নাকি কারও প্রভাব, তদবির তদন্তকে নীরব করতে কাজ করছে? তার স্থায়ী ঠিকানা নিয়েও বিতর্ক রয়েছে। পিএসসির প্রজ্ঞাপনে তার স্থায়ী ঠিকানা-বরগুনা, জাতীয় পরিচয়পত্রে বরিশাল। পরিবারের সবার ঠিকানাও বরিশাল। দুটি স্থায়ী ঠিকানা হওয়ার আইনগত ও বাস্তবিক যুক্তি নেই।
স্থায়ী ঠিকানা পরিবর্তন সাধারণত করা হয় বিশেষ উদ্দেশ্যে। প্রশ্ন হলো-এখানে উদ্দেশ্য কী?\r\nতথ্যমতে, তার এক নিকটাত্মীয় সচিবালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তা। বেরিয়ে এসেছে আরও কথিত ভাই র কথাও, যারা ক্ষমতাবান সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী। এমন প্রভাবশালী নেটওয়ার্ক থাকলে তদন্ত ধীর হওয়ার ব্যাখ্যা কি খুব অস্পষ্ট? এমনকি যিনি তার ভাইভা বোর্ডে ছিলেন, সেই পিএসসির সাবেক সদস্যও পরবর্তীতে দুর্নীতির অভিযোগে আটক হয়েছেন, যা নিয়োগপদ্ধতি নিয়ে নতুন প্রশ্ন তোলে।\r\nআইনগত বাধ্যবাধকতা না থাকলেও নৈতিকতা ও স্বচ্ছতার স্বার্থে ঐ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়াই ছিল সঠিক সিদ্ধান্ত। কিন্তু হয়েছে উল্টোট। তাকে শুধু বহালই রাখা হয়নি, উন্নীতও করা হয়েছে।
এভাবে যদি চলতে থাকে, দুর্নীতি নিরুৎসাহিত হবে কীভাবে? এই ঘটনা শুধু একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ নয়, এটি পুরো ব্যবস্থার প্রতিচ্ছবি। তদন্ত ধীর হ, অস্বাভাবিক সম্পদ দেখিয়ে ট্যাক্স ফাইল খোলা, তদবিরে পদোন্নতি, নৈতিকতার সংকট, দুর্নীতিবাজদের রক্ষা সব মিলিয়ে এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সততা ও জবাবদিহির প্রতি বড় প্রশ্ন ছুঁড়ে দেয়।\r\nআজ যদি একজন কর্মকর্তার পাঁচ বছরে ১০-১১ কোটি টাকার সম্পদ হয়, ৬২ লাখ টাকা বন্ধুর বাসায় রাখা যায়, দ্বৈত ঠিকানা থাকে, তদবিরে পদোন্নতি হয়-তাহলে সাধারণ মানুষের চোখে রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আস্থা কোথায় থাকে? দুদকের দায়িত্ব হলো- কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে স্বচ্ছ, গতিশীল ও নিরপেক্ষ তদন্ত করা।
কিন্তু যে কারও ক্ষেত্রে তদন্তের ধীরগতি ও পদোন্নতির দ্রুতগতি দুর্নীতি নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতি আস্থা কমিয়ে দেয়। রাষ্ট্র যখন দুর্নীতিকে উপেক্ষা করে, তখন দুর্নীতিবাজরা শক্তিশালী হয় এবং সৎ মানুষ দুর্বল হয়ে পড়েন। অভিযুক্ত উপ কর-কমিশনারের দুর্নীতির অভিযোগ সত্য না মিথ্যা তার প্রমাণের অপেক্ষায় আছি আমরা। যদি তিনি সত্যি দুর্নীতি করে থাকেন তবে তা আমাদের জন্য লজ্জার বিষয়। আমরা বিব্রত হব। সেইসঙ্গে এমন অপরাধের উপযুক্ত বিচার চাইব যাতে আর কেউ দুর্নীতি করার সাহস না দেখায়। আর যদি তিনি নির্দোষ হয়ে থাকেন তাহলে তা সঠিক তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হোক।\r\nট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড.
ইফতেখারুজ্জামান স্পষ্টভাবে বলেছেন,\r\nতদন্ত চলমান থাকা কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া নৈতিকতার পরিপন্থি। ২০২১ সালের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিষয়ক মহাসমীক্ষা আজও বাংলাদেশের বাস্তবতা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে রয়ে গেছে। সেই জরিপে বলা হয়েছিল, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ ও র্যাবকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে মানুষ চিহ্নিত করেছে। জরিপে ৭০.৯% পরিবার জানিয়েছিল, তারা কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছে। এর মধ্যে প্রায় ৭৪.৪% পরিবার আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে দুর্নীতির অভিজ্ঞতা পেয়েছে। অর্থাৎ জনগণের সবচেয়ে নিকটবর্তী যারা, তাদের কাছেই দুর্নীতির অভিজ্ঞতা ছিল সবচেয়ে বেশি।
জরিপকৃত সেবা খাতের মধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (৭০.৫%) এবং বিআরটিএ (৬৮.৩%) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সর্বাধিক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে উঠে আসে। \r\nবর্তমান প্রেক্ষাপটেও পরিস্থিতি খুব একটা বদলায়নি। বরং আরও জটিল হয়েছে বলে সাধারণ মানুষের অভিযোগ। প্রশাসনিক সংস্কার, ডিজিটাল সেবা, অনলাইন পেমেন্ট এবং প্রক্রিয়াগত স্বচ্ছতা বৃদ্ধির নানা উদ্যোগ থাকলেও সাধারণ নাগরিকের অভিজ্ঞতায় দুর্নীতির চাপ এখনো প্রবল। টিআইবির জরিপ দেখায়, দুর্নীতি কেবল একটি প্রতিষ্ঠাননির্ভর সমস্যা নয়, এটি একটি ব্যবস্থাগত ব্যাধি, যা আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে সেবা খাত, ভূমি অফিস, পরিবহন কর্তৃপক্ষ, শিক্ষা ক্ষেত্র, স্বাস্থ্যসেবা সব জায়গায় ছড়িয়ে আছে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিনিয়তই দুর্নীতির নতুন নতুন অভিযোগ প্রকাশ পাচ্ছে। যেমন- ঘুষ ছাড়া ফাইল নড়ছে না, ন্যায়বিচার পেতে গড়িমসি, বিভিন্ন সেবায় অঘোষিত চার্জ, তদবির না হলে কাজ না হওয়া ইত্যাদি সমস্যা মানুষের দৈনন্দিন জীবনে দেখা দিচ্ছে। ফলে ২০২১ সালের যে অস্বস্তিকর পরিসংখ্যান সামনে এসেছিল, বর্তমানেও সেটি বাস্তবতার সঙ্গে প্রাসঙ্গিক। বরং সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের পর মানুষ এখন আরও বেশি প্রত্যাশা করছে স্বচ্ছতা, ন্যায়বিচার ও জবাবদিহির। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় জনগণের আস্থা ক্ষয় হচ্ছে ক্রমাগত। সভ্যতা ও আধুনিকতার উন্নয়নের ফলে দিন দিন যেখানে দুর্নীতি কমার কথা সেখানে নাগরিক অভিজ্ঞতায় দেখা যাচ্ছে দুর্নীতি রূপ বদলে আরও সূক্ষ্ম, প্রাতিষ্ঠানিক ও সুসংগঠিত হয়ে উঠছে।\r\nলেখক : সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
