চব্বিশের গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত ও রূপান্তরিত রাজনৈতিক প্রেক্ষাপটে অস্থিরতা ও সুযোগ সন্ধান ক্রমান্বয়ে বেড়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় জনসাধারণের আকাঙ্ক্ষা দুর্বার হলেও নির্বাচন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে শঙ্কা ও অনিশ্চয়তা কাটছে না। বর্তমান বাস্তবতায় বিএনপি নিশ্চিতভাবেই সবচেয়ে বড় রাজনৈতিক দল। অন্তত ১২টি দলকে জোটে শামিল করে জামায়াতে ইসলামীও ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির হতে চাইছে। দল দুটির নেতৃবৃন্দ প্রকাশ্যই পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উপস্থাপন করছেন। ২৫ বছরের সখ্য ও নৈকট্য ছেড়ে বিএনপি ও জামায়াত বিপরীত মেরুতে গিয়ে নির্বাচনে পরস্পরকে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।

সখ্য যে আওয়ামী লীগের সঙ্গেও জামায়াতের ছিল না, এমন নয়। জেনারেল এরশাদের অধীনে ১৯৮৬ সালের নির্বাচনে অংশগ্রহণ এবং ১৯৯৩-৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে দল দুটিকে অভিন্ন পথে দেখা গেছে। যদিও বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক বরাবরই তুলনামূলক ঘনিষ্ঠ। বাম বা মধ্য-বামপন্থিরা যেমন আওয়ামী লীগ বলয়ে স্বচ্ছন্দ; ডানপন্থিরা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হতেই বেশি পছন্দ করেছে। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি পরিচিতি ও পুরোনো সমীকরণ পাল্টে দিয়েছে। বিএনপি ও জামায়াত এখন পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচনের মাঠে সক্রিয়।

অঙ্কটি অবশ্য এত সরল নয়; রাজনীতির মাঠের আপাত বিরোধ একসময় বিস্ময়কর সমঝোতার পরিস্থিতি তৈরি করে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের আওয়ামী লীগ আমলের একতরফা ও ছলেবলের নির্বাচনে ‘পুতুল’ বিরোধী দল জাতীয় পার্টিকে আমরা দেখেছি; বিরোধী দলে থেকেও সরকারের অংশ হয়ে বসেছিল। আসন্ন নির্বাচনে বিএনপি ও জামায়াতের আপাত তীব্র বিরোধিতার পরও এই উদাহরণ হাজির করা কেন?

খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গত বৃহস্পতিবার বিএনপি কার্যালয়ে যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বলেছি, দেশের স্বার্থে অতীতে একসঙ্গে কাজ করেছি, আগামীতেও ইনশাল্লাহ একসঙ্গে কাজ করব। আমরা এটাও বলেছি, আগামী পাঁচ বছর সুন্দর পরিবেশের জন্য সবাই মিলে ভালো কিছু চিন্তা করতে পারি কিনা। নির্বাচনের পর সরকার গঠনের আগে আমরা আবার বসব। খোলা মনে চিন্তা করে জাতির জন্য সিদ্ধান্ত নেব’ (সমকাল, ২ জানুয়ারি ২০২৫)। এর মানে কী? সংসদ আবারও হতে যাচ্ছে বিরোধী দলশূন্য? এবং রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা ও সমঝোতা করে জাতির জন্য কোনটা ভালো হবে বলে ঠিক করে নেবে? নির্বাচনের আগে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো ঘোষণা থাকবে না?

২. রাজনীতিতে বিভিন্ন দলের একসঙ্গে কাজ করবার ঘোষণা অবশ্য সৌজন্য ও প্রীতিমূলক প্রস্তাব। তবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান দুই দলই যদি পরস্পর একসঙ্গে কাজ করবার ঘোষণা দিয়ে বসে, তবে আর বিজয়ী বা সরকারি দলকে জবাবদিহিতার কাঠামোর মধ্যে নিয়ে আসবার উপায় থাকে না। বিগত তিন সংসদে এই অভিজ্ঞতার কারণেই সিঁদুরে মেঘ দেখে আমরা ভয় পাই। উপরন্তু বিএনপি ও জামায়াতের ঐতিহাসিক নৈকট্যের কথাও মনে রাখতে হচ্ছে। ২০০১ সালে এই দুই দল একত্রে সরকার গঠন করে; গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয় যায় জামায়াতের হাতে। আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে রাজনীতিতে বিশাল শূন্যতা থেকেই বিএনপির বিরোধী হিসেবে জামায়াতের ‘আপাত’ উত্থান। রাজনীতিতে বর্তমানে নিষ্ক্রিয় থাকলেও আওয়ামী লীগের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক ঠিকই ক্রিয়াশীল থাকবে। দলটিকে ছাড়া নির্বাচন সম্ভব হলেও অদূর ভবিষ্যতে কতদিন তাদের সমর্থকদের প্রভাব রাজনীতির বাইরে রাখা যাবে, তা নিয়ে অনেকের মতো জামায়াত নেতাদেরও সম্ভবত সন্দেহ ও শঙ্কা রয়ে গেছে। তাই বিএনপিকে নির্বাচনের পর সরকার গঠনের আগে সমঝোতার প্রস্তাব দিয়ে রাখছে?

অবশ্য নিজেদের গোছানোর সর্বোচ্চ চেষ্টাই করছে জামায়াত। ডানপন্থি সকলের ভোট এক বাক্সে নিয়ে আসতে বৃহত্তর জোট গঠন করেছে তারা। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের রাজনৈতিক দল এনসিপিও সেই জোটে যোগ দিয়েছে। এতে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হলেও গণঅভ্যুত্থানের শক্তিকে সঙ্গে রেখে তারুণ্যের সমর্থন পেতে চাইছে জামায়াত। এ সবই জামায়াতের কৌশল। রাজনীতিতে কৌশল নিশ্চয়ই সংগত; তবে দক্ষিণপন্থিদের এই ঘর গোছানোর সমীকরণের বিপরীতে বিপুল জনপ্রিয় ও মধ্য-ডান দল বিএনপিকে অবশ্যই নিজেদের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে সজাগ ও তৎপর হতে হবে।

৩. নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে গত ১৭ মাস দেশের আইনশৃঙ্খলার অবনতি, সাংস্কৃতিক আয়োজনে বাধা; ভাস্কর্য-স্মারক ভাঙচুর; মুক্তিযুদ্ধসহ ইতিহাস-ঐতিহ্যের অবমাননা বারবার আলোচনা-সমালোচনার বিষয় হয়েছে। অসহিষ্ণু, উচ্ছৃঙ্খল মহলবিশেষ মব সন্ত্রাসের মধ্য দিয়ে সমাজকে জঙ্গল বানিয়ে তুলেছে। শ্রেণি-পেশা-ধর্ম নির্বিশেষে সব মানুষের সমমর্যাদা পড়েছে প্রশ্নের মুখে। দক্ষিণ পন্থার এই বিকাশের সময় বিএনপিকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে। দেশের মুক্তিযুদ্ধের ঘোষকের গড়া রাজনৈতিক দল বিএনপি মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য ও ধারাবাহিকতা সম্পর্কে সচেতন ও সক্রিয়।

মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বলে যে কথাটি গত দেড় বছর পুনঃপুন উচ্চারিত; নব্য বয়ানকারীরা জানেই না– মুক্তিযুদ্ধের মূল দলিলপত্রের আকর জিয়াউর রহমানের সময়ে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় গ্রন্থভুক্ত। অমলিন, স্মরণীয় দলিলপত্র জাতির চিরদিনের সম্পদ। সত্তর, আশির দশকের সাহিত্য, চলচ্চিত্র, নাটক? মুক্তিযুদ্ধের যে বয়ান রচিত হতে দেখি আমরা এ সময়কালে; তখনও আওয়ামী লীগ ক্ষমতার বাইরে। অর্থাৎ ইতিহাসকে রাজনীতির বৃত্তে চাইলেই বেঁধে রাখা যায় না। বেঁধে রাখা যায়নি। তারপরও সমাজের একটি অংশে মুক্তিযুদ্ধ ও আবহমান অসাম্প্রদায়িকতাবিরোধী মানসিকতা দেখতে পাচ্ছি। মহাসচিবসহ বিএনপি নেতৃবৃন্দ রাজনীতিতে ধর্মের অপব্যবহার ও উগ্রবাদ সম্পর্কে উদ্বেগের কথা জানাচ্ছেন। এই প্রচেষ্টা আরও দৃষ্টিগ্রাহ্য হতে হবে।

দেশের সরলমতি ভোটারদের যাতে ধর্মের অপব্যবহারে ভুল পথে পরিচালনা না করা যায়, সে সম্পর্কেও সজাগ থাকা প্রয়োজন। সাময়িক কথার ফুলঝুরি নয়, আদর্শগতভাবে সুদৃঢ় মনোভঙ্গি মানুষের সামনে হাজির করে বিএনপিকে সকলের মনের শঙ্কা দূর করে প্রত্যেকের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিতে হবে। দল হিসেবে সেখানেই জিত হবে মধ্যপন্থার। আর যদি দ্বিধা থাকে; কোনোভাবে ক্ষমতায় পৌঁছুনোই যদি হয় প্রত্যেকের গন্তব্য, তবে জাতিকে আরও একবার গড়াপেটার সংসদ দেখতে পাবার অভিজ্ঞতা হতে পারে। যেখানে সব রাজনৈতিক দল অনুপস্থিত; এই অবস্থায় নিজের অবস্থান সুসংহত করতে নিজ আদর্শের শক্তিশালী অংশকে আরও সক্রিয় ও ক্ষুরধার করে তোলার বিকল্প নেই। তেমনই একটি দল বা আদর্শকে আমরা দেশের দায়িত্বে দেখতে চাই; যারা দেশের সুদীর্ঘ ঐতিহ্য-ইতিহাস ও বর্তমানকে একই সঙ্গে ধারণ করে; অর্থনীতির গতি ও সংস্কৃতির মান সম্পর্কে সজাগ থেকে প্রগতিশীল, নৈতিক ও মানবিক রাষ্ট্র গড়ায় সমর্থ হবে। রাষ্ট্রকে ব্যক্তির পাশে উপস্থিত করতে সমর্থ হবে; সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। জাতির প্রাথমিক এই স্বপ্নপূরণে সংসদে শক্তিশালী সরকারের বিপরীতে শক্তিধর বিরোধী দলের অবস্থানও তাই খুবই প্রয়োজন। কোনোভাবেই ক্ষমতার ভাগবাটোয়ারার সংসদ এই দেশ আর দেখতে চায় না।

মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক mahbubaziz01@gmail.com