হেমন্ত মানেই শিশিরস্নাত প্রহর। রাতের ঘন কুয়াশা ও ভোরে ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দেয় শীতের আগমনী বার্তা। হেমন্তের জয়গানে উত্তরের হিমেল হাওয়া আর ভোরের স্নিগ্ধ-কোমল ধূসর কুয়াশার আবহে শীতের আগাম বার্তা থাকে প্রকৃতি জুড়ে। আশ্বিনের মন্দমধুর হাওয়া, নদীর তীরে ঢেউ খেলা কাশগুচ্ছ আর সাদা মেঘের ভেলায় ভাসতে ভাসতে শরৎ পেরিয়ে প্রকৃতিতে হেমন্তঋতু চলে আসে নীরবে। বাতাসে শীতের হিম হিম স্পর্শ। প্রকৃতিতে কুয়াশার আঁচল সরিয়ে শিশির বিন্দু মুক্তো দানার মতো দ্যুতি ছড়াতে শুরু করে।

গাছে গাছে ফোটে শিউলি, কামিনী আর ছাতিম ফুল। ছাতিম, শিউলি আর কামিনীর চিরচেনা মিষ্টি ঘ্রাণ প্রকৃতিতে জানান দেয় শীতের বার্তা। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ ‘আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়, কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়।’Ñ কবিতায় ফিরে আসতে চেয়েছেন রূপসী বাংলার হেমন্তের কার্তিকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হেমন্তের বন্দনা করে লিখেছেন- ‘আজি হেমন্তের শান্ত ব্যাপ্ত চরাচরে, জনশূন্য ক্ষেত্র-মাঝে দীপ্ত দ্বিপ্রহরে- শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার/ রয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্ত প্রসার/ স্বর্ণশ্যাম ডানা মেলি...।’ হেমন্তকে চেনা যায় তার ‘স্বর্ণশ্যাম’ রঙের বিভা এবং ভোরের শিশিরে। ঋতুর প্রাকৃতিক সৌন্দর্য ও অনুভূতিকে তুলে ধরে কবি নজরুলের গানে তুলে ধরেছেন হেমন্তের সৌন্দর্য- ‘সবুজ শোভার ঢেউ খেলে যায়/নবীন আমন ধানের ক্ষেতে। হেমন্তের ঐ শিশির-নাওয়া হিমেল হাওয়া/সেই নাচনে উঠলো মেতে।’ কার্তিক মাসের শেষ সপ্তাহেই প্রকৃতিতে দেখা মিলেছে ঘনকুয়াশা। এরই সঙ্গে সঙ্গে বিদায় নেয় মৌসুমি বায়ু, আগমন ঘটে উত্তরের হিমবায়ুর। সেই সঙ্গে পড়ন্ত বিকেল থেকে শুরু হয় মৃদু হিমেল হাওয়া, রাত ভারি হওয়ার সঙ্গে সঙ্গে গাছের পাতায় শিশির বিন্দু জমে টুপটাপ শব্দে ঝরে পড়ে কুয়াশা।

ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গ্রামাঞ্চলের পথ-ঘাট, দীগন্ত জোড়া ফসলের মাঠ, সবুজ প্রকৃতি। কার্তিক-অগ্রহায়ণ দুই মাস নিয়ে হেমন্তকাল, বাংলা পঞ্জিকাবর্ষের চতুর্থ ঋতু। কৃত্তিকা ও আর্দ্রা এ দুটি তারার নাম অনুসারে নাম রাখা হয়েছে কার্তিক। ‘অগ্র’ ও ‘হায়ণ’ অংশের অর্থ যথাক্রমে ‘ধান’ ও ‘কাটার মওসুম’। সম্রাট আকবর অগ্রহায়ণ মাসকেই বছরের প্রথম মাস বা খাজনা তোলার মাস ঘোষণা দিয়েছিলেন। হেমন্তের ফসল কাটাকে কেন্দ্র করেই সূচনা হয় নবান্ন উৎসবের।

নবান্ন অর্থ নতুন ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব, যা সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর অনুষ্ঠিত হয়। শিশিরস্নাত সকাল, কাঁচাসোনা রোদমাখা স্নিগ্ধসৌম্য দুপুর, পাখির কলকাকলি ভরা ভেজা সন্ধ্যা আর মেঘমুক্ত আকাশে জোছনা ডোবানো আলোকিত রাত হেমন্তকালকে যেন আরও রহস্যময় করে তোলে সবার চোখে। প্রকৃতিতে এনে দেয় ভিন্নমাত্রা। হেমন্তের এ মৌনতাকে ছাপিয়ে বাংলার মানুষের জীবনে নবান্ন প্রবেশ করে জাগরণের গান হয়ে, মানুষের জীবনে এনে দেয় সর্বজনীন উৎসবের ছোঁয়া।

অসাধারণ সৌন্দর্যচেতনায় ভাবুক হৃদয়ের বিলাসিতায় এ ঋতুকে নিজের প্রিয়তমারূপে কল্পনা করেছিলেন বিখ্যাত ইংরেজ কবি জর্জ এলিয়ট। বলেছিলেন, ‘হে অপরূপা সুন্দরী ঋতু হেমন্ত/তোমার সঙ্গে আমার অন্তরাত্মা এখন বিবাহবন্ধনে আবদ্ধ/যদি ডানাওয়ালা পাখির মতো পৃথিবীজুড়ে উড়ে বেড়াতে পারতাম/তোমার মনোলোভা রূপের এ সৌন্দর্যের বিস্তারে, তাহলে উপভোগ করতাম সর্বত্র।’ কাজী নজরুল ইসলাম হেমন্ত নিয়ে কবিতা লিখেছেন, ‘চাঁদের প্রদীপ জ্বালাইয়া নিশি জাগিছে একা নিশীথ/নতুনের পথ চেয়ে চেয়ে হলো হরিত পাতারা পীত।’

হেমন্তে ফোঁটা শিউলি, কামিনী, গন্ধরাজ, মল্লিকা, দেবকাঞ্চন, হিমঝুরি, রাজ অশোক প্রভৃতি ফুলের সৌরভ বাঙালির প্রাণে সঞ্চার করে নতুন আমেজ। ভোরের শিশির ভেজা ঘাসে ছড়িয়ে থাকা মুক্ত দানা আর ফসলের সোনালি সমুদ্র সবমিলিয়ে যেন পূর্ণতা পায় প্রকৃতি। হেমন্তের সকালে শিউলির সৌরভে বাঙালির প্রাণে আসে উৎসবের আমেজ। বাংলা কবিতায় শীত প্রবেশ করেছে মধ্যযুগে বিশেষ করে মঙ্গলকাব্যে নায়িকার বারো মাসের কষ্ট বর্ণনার অনিবার্য পরিসরে। ষোড়শ শতকের কবি মুকুন্দরাম চক্রবর্তী বলেছেন :‘পউষের প্রবল শীত সুখী যেজন।/ তুলি পাড়ি আছারি শীতের নিবারণ / ফুল্লরার কত আছে কর্মের বিপাক।/ মাঘ মাসে কাননে তুলিতে নাহি শাক...।’ পরবর্তীকালে আধুনিক কবিরাও শীতকালের বন্দনা করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন : ‘শীতের হাওয়া হঠাৎ ছুটে এলো।/ গানের হাওয়া শেষ না হতে।/ মনে কথা ছড়িয়ে এলোমেলো।/ ভাসিয়ে দিল শুকনো পাতার স্রোতে।’

জসীম উদ্দীনের ‘রাখাল ছেলে’ কবিতায় শীতকে আমরা পাই আমাদের একান্ত নিজস্ব ঋতুরূপে। ‘ঘুম হতে আজ জেগেই দেখি শিশির-ঝরা ঘাসে,/ সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে...।’ প্রকৃতির কবি, রূপসী বাংলার রূপকার জীবনানন্দ দাশ ‘শীতরাত’ কবিতায় লিখেছেন : ‘এইসব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে;/ বাইরে হয়ত শিশির ঝরছে, কিংবা পাতা।’ তার কবিতায় ঘুরে ঘুরে আসে ‘পউষের ভেজা ভোর’, ‘নোনাফল’, ‘আতাবন’ ‘চুলের ওপর তার কুয়াশা রেখেছে হাত’, ‘ঝরিছে শিশির’, ‘পউষের শেষরাতে নিমপেঁচাটি’। শামসুর রাহমানের ‘রূপালি স্নান’, ‘তার শয্যার পাশে’ কবিতা দুটিতে আছে শীতের অনুষঙ্গ। কবি আল মাহমুদ লিখেছেন :‘কখনো ভোরের রোদে শিশিরের রেনু মেখে পায়/ সে পুরুষ হেঁটে যায় কুয়াশায় দেহ যায় ঢেকে।’ বাঙালির শখের পিঠা পুলি শুধু স্বাদে নয়, এগুলো সংস্কৃতিরও ধারক।

পিঠার খাঁজে খাঁজে ফুলে ওঠে নিবিড় শিল্প নৈপুণ্য, নামেরও বাহার! পাটিসাপটা, দুধকলি, ভাজাকলি, নারিকেলী, ভাপা, চিতই নকশীপিঠা ইত্যাদি। খেজুর রসে ভেজানো পিঠা রসনাকে উসকে দেয়। বিশেষ করে ভাপাপিঠা খাওয়ার ধুম পড়ে যায়। ধোঁয়া ওঠা গরম ভাপাপিঠা দেখে জিভে পানি এসে যায়। এক সময় পিঠা ছিল গ্রামবাংলার ঐতিহ্য। কালের বিবর্তনে এখন তা শহরের বিলাসী খাদ্যে নাম লিখিয়েছে। ফুটপাত থেকে নামিদামি খাদ্যভা-ারে দেখা যায় পিঠার বিশেষ মেন্যু, বিশেষত শীতকালে। এক সময় পিঠার পাশাপাশি মোয়া, মুড়কি, লাড্ডু, বরফি ছিল প্রায় অনিবার্য পদ। তবে বাঙালির খাদ্য রুচিতে বাস্তবিকই একটি স্বাতন্ত্র্যরূপ দিয়েছে শীতকালের খেজুরের রস। সন্ধ্যা কিংবা ভোরবেলায় টলটলে খেজুরের রস পানের ঐতিহ্য এদেশে প্রাচীন।

তা থেকে ঘন করে জ্বাল দেওয়া চৌরস দিয়ে শীতের সকালে মুড়ি খাওয়া গ্রামবাংলার চেনা দৃশ্য। আরেক বস্তু খেজুরের পাটালি। কে না জানে যশোরের নলেন গুড়ের নাম? শীতের খাবার সে তো ইতিহাস! শীতে জমে থাকা মাছের ঝোল, মাষকালাইয়ের ডাল আর কড়কড়ে ভাতের স্বাদ গ্রামবাংলার জনপ্রিয় খাবার। হরেক রকম তরতাজা সবজি শীতের খাবার-দাবারে স্বভাবতই যোগ করে ভিন্ন স্বাদ। বাংলাদেশের গ্রামে-গঞ্জে একসময় শীতকালে অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। গ্রাম-বাংলা এসময় শীতসন্ধ্যায় কেচ্ছা বলার ধুম পড়তো। জারি, সারি, বাউল, হাছনরাজার গানের আসর বসতো পাড়ায়-পাড়ায়। পাঠের সুর হিমেল বাতাসে ছড়িয়ে পড়তো গ্রাম থেকে গ্রামান্তরে। পৌষের জ্যোৎস্নায় উঠোনে উঠোনে বসতো ‘বিষাদ সিন্ধুর’ পাঠের আসর, রাতভর মারফতি, মুর্শিদী গানের সেই শীত তাড়ানো আনন্দ এখন বিরল। এখন আর শীতের মধ্যরাতে কবিয়ালদের ঢাক-ঢোলক ছন্দে মুখর হয় না। একসময় উত্তর বাংলার গম্ভীরা গান ছিলো শীত ঋতুর প্রধান বিষয়। গ্রাম-বাংলার শীত সংস্কৃতির অন্যতম প্রধান বিষয় ‘যাত্রাপালা’ এবং ‘নাটক।’ শীতের শুরু থেকে সাড়ম্বরে চলত আয়োজন।

পাড়ায় পাড়ায় জমে উঠতো যাত্রা-নাটকের রিহার্সেল। খড়ের বিছানায় বসে রাতভর যাত্রা দেখতো দর্শকরা। আজকাল যাত্রাপালা নেই বললেই চলে। কিছুটা শহুরে আদলে মঞ্চস্থ হয় নাট্য। এই শীতের দাপট ও কিছুটা রুক্ষèতার কথা বাদ দিলে শীত আমাদের সবার কাছেই প্রিয় ঋতু। এই ঋতুতে আমরা নিজেদের সাজাই অন্যরূপে। এই সময়টাতে গোলাপ, বেলী, গাদা, চন্দ্রমল্লিকা, বকুল, চামিলীর সৌরভ ও সৌন্দর্য ফুটে ওঠে শীতের ছোঁয়ায়। দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ তখন ভরে ওঠে সর্ষে ফুলের হলুদ আভায়। মনে হয় সারা মাঠে বুঝি পাতা হলুদ গালিচা। হলুদ শাড়িতে রাতের কুয়াশা ভিজিয়ে দিচ্ছে রমণীকে। চুলের গুচ্ছে শিউলি ফুল যেন তাজা হয়ে রাজত্ব করছে পুরো সময়কে। লেখক : ব্যাংক কর্মকর্তা ও সংস্কৃতিকর্মী