খাদ্য-বাসস্থানের কারণেই যে বন্যপ্রাণীরা হারিয়ে যাচ্ছে, তা কিন্তু সঠিক নয়। নানাবিধ কারণেই দেশ থেকে বন্যপ্রাণীরা হারিয়ে যাচ্ছে এখন। প্রধান কারণগুলো হচ্ছে ১. বন্যপ্রাণীদের আবাসস্থল ধ্বংস করে দেওয়া। ২. অবাধে বৃক্ষ নিধন। ৩. খাদ্য সংকট। ৪. জলাশয় ভরাট। ৫. পাখিদের বিচরণক্ষেত্র হাওর-বাঁওড়সহ অন্যান্য জলাশয়ে অতিরিক্ত মাছ শিকার। ৬. চরাঞ্চলে জেলেদের উৎপাতের ফলে মৎস্যভুক পাখিরা বিপাকে পড়ছে। ৭. বন্যপ্রাণী শিকার ও পাচারের ফলে আশঙ্কাজনক হারে এদের সংখ্যা হ্রাস পাচ্ছে। এছাড়াও কবিরাজরা গ্রামীণ হাট-বাজারে বিভিন্ন ধরনের পশু-পাখির মাংস বিক্রি করার ফলে বন্যপ্রাণীরা হুমকির মুখে পড়েছে। বিশেষ করে কবিরাজরা ধনেশ পাখি, বনরুই কিংবা শিয়ালের মাংস বাত-ব্যথার ওষুধ বলে চালিয়ে দিচ্ছে।
এরই ধারাবাহিকতায় কয়েক বছর আগে প্রথম চট্টগ্রাম অঞ্চলে তক্ষক শিকার শুরু হয়েছিল। পরবর্তীতে দেশের সর্বত্রই তক্ষক শিকারির সংখ্যা বেড়ে যায়। সেই ধারাবাহিকতায় আজও তক্ষক শিকার করছে যুবকরা। চলতি সপ্তাহে চুয়াডাঙ্গা ও খুলনার দোকোপা থেকে তক্ষকসহ কয়েকজন শিকারিকে গেপ্তারও করা হয়েছে।\r\nএ ধরনের ন্যক্কারজনক ঘটনার প্রেক্ষিতে বন্যপ্রাণীর বেশ কিছু প্রজাতি আজ দেশ থেকে হারিয়ে গেছে। কিছু প্রজাতি রয়েছে বিপন্নের পথে। আবার কিছু প্রজাতি রয়েছে মহাবিপন্নের পথেও। যেমন পাখিদের মধ্যে হারিয়েছে, ফ্লোরিকান ময়ূর, পিংক মাথা হাঁস ও রাজ শকুন। আর হারিয়ে যেতে বসেছে বাদিহাঁস, বালিহাঁস, দিগহাঁস, কালো তিতির, চন্দনা, বাংলা শকুনসহ নানান প্রজাতির পাখি। উল্লিখিত প্রজাতির মধ্যে বাংলা শকুনদের তো গলা টিপেই হত্যা করা হয়েছে।
গবাদি পশুর ব্যথানাশক চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোফেনাক ওষুধের প্রভাবে প্রচুর বাংলা শকুন মারা গিয়েছে। যার কারণে ডাইক্লোফেনাক বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। তবে শকুন রক্ষায় বাংলাদেশে বিশেষ পদক্ষেপ নিলেও বছর বছর এদের সংখ্যা হ্রাস পাচ্ছে। এমনিই তো এদের সংখ্যা বর্তমানে হাতেগোনা বলা যায়। বিবিসি বাংলা মারফত জানা যায়, বাংলাদেশে ২০১৪ সালে পর্যন্ত ২৬০টি বাংলা শকুন থাকলেও সেই সংখ্যা কমতে কমতে বাংলা শকুন বর্তমানে মহাবিপন্নের তালিকায় স্থান পেয়েছে। বাংলা শকুন ছাড়াও দেশে আরও পাঁচ প্রজাতির শকুন রয়েছে। সেই প্রজাতির শকুনেরাও দেশে ভালো অবস্থানে নেই। নিয়মিত ওদের দেখাও যায় না এখন আর। ফলে আইইউসিএন শকুনদের লাল তালিকাভুক্তি করেছে।\r\nশকুন ছাড়াও পাখিদের মধ্যে চন্দনার অবস্থাও সংকটাপন্ন।
এই পাখিদের কয়েক দশক আগেও দেশের বিভিন্ন স্থানে সাক্ষাৎ পাওয়া যেত। হালে তেমন একটা নজরে পড়ে না। খাঁচায় বন্দি এবং উঁচু গাছ-গাছালি সংকটের কারণে এদের প্রজননে বিঘ্ন ঘটছে। ফলে প্রজাতিটি দেশে মহাবিপন্ন হয়ে পড়েছে। এদের বৈশ্বিক বিস্তৃতি ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমার পর্যন্ত। অথচ সেখানে ওরা ভালো অবস্থানে রয়েছে। অন্যদিকে বাংলাদেশে প্রজাতিটি মহাবিপন্নের তালিকায় স্থান পেয়েছে। আবার বাদিহাঁস, দিগহাঁস, কালো তিতির এখন তো দেখাই যায় না। ওরাও মহাবিপন্নের তালিকায় স্থান পেয়েছে। এছাড়াও আরও ১৯ প্রজাতির পাখি মহাবিপন্নের তালিকায় স্থান পেয়েছে।
উল্লেখ্য, যে কোনো ধরনের প্রাণীর প্রজাতি যদি প্রকৃতি থেকে বছর দশেকের মধ্যে শতকরা ৫০ ভাগ বা তারও অধিক বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে সাধারণত সেই প্রজাতি মহাবিপন্নের তালিকায় স্থান পায়।\r\nপ্রাণীদের মধ্যে মহাবিপন্নের তালিকায় স্থান পেয়েছে লজ্জাবতী বানর । প্রাণীবিজ্ঞানীদের আশঙ্কা এটিও দ্রুত হারিয়ে যাবে দেশ থেকে। যার ফলে লজ্জাবতী বানর রেড সিগন্যাল -এর আওতায় রয়েছে। এর অন্যতম কারণ অবাধে বনভূমি উজাড়। লজ্জাবতী বানরের বাসযোগ্য স্থান হচ্ছে পার্বত্য চট্টগ্রাম ও লাউয়াছড়ার গভীর জঙ্গলে। উঁচু গাছের মগডালে থাকতে এরা পছন্দ করে। জন-মানবের পদচিহ্ন নেই যেখানে, সেখানেই ওদের বাস। অন্য কারণটি হচ্ছে এদের প্রজননহারও সন্তোষজনক নয়। বছরে মাত্র একটি বাচ্চা প্রসব করে মাদি বানর। আবার এদের গড় আয়ুও সন্তোষজনক নয়।
মাত্র ১০-১২ বছর বাঁচে, তাও যদি অনুকূল পরিবেশ পেয়ে থাকে।\r\nবন্যপ্রাণীদের করুণ পরিণতির কথা ব্যক্ত করলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কারণে অকারণে বলির পাঁঠা হচ্ছে জন্তু-জানোয়ারগুলো। বাঘের বাচ্ছা মনে করে কত মেছো বিড়ালকে যে লোকজন পিটিয়ে মেরেছে তার কোনো সঠিক হিসেব নেই। হিসেব নেই গুইসাপের করুণ মৃত্যুরও। শুধু ওদের চামড়ার লোভে কতিপয় দুষ্কৃতকারীরা জ্যান্ত গুইসাপের চামড়া তুলে নিতো নব্বই দশকের দিকেও। পরক্ষণে গুইসাপটা মারা গেলেও করুণভাবে প্রাণ হারাতে দেখা গেছে। অজগর সাপের ক্ষেত্রেও তদ্রুপ। শুধু চামড়ার লোভে অসংখ্য অজগরের প্রাণ হারাতে হয়েছে দেশে। ফলে দেশে অজগর তেমন একটা নজরে পড়ে না এখন আর। পাহাড়ি অঞ্চল তথা চা বাগান আর সুন্দরবনে সামান্য অজগরের বিস্তৃতি রয়েছে শুধু।
ওরা খাদ্যসংকটে অনেক সময় লোকালয়ে এসে মারা পড়ে।\r\nএভাবে অনেক বন্যপ্রাণী এ দেশ থেকে হারিয়ে গেছে। তার মধ্যে সম্বর হরিণ, হগ হরিণ ও প্যারাইল্ল্যাবানর উল্লেখযোগ্য। হনুমানের অবস্থা আরও করুণ। লাউয়াছড়া, যশোরের কেশবপুরে কোনো রকম বেঁচে আছে। হাতিদের অবস্থাও তেমন ভালো নয়। খাদ্যের অভাবে ওরা মিয়ানমার ও ভারতে পাড়ি জমাচ্ছে। মারাও যাচ্ছে দুর্ঘটনার কবলে পড়ে। আর যে প্রাণীটা এখন বাংলাদেশে নজরেই পড়ছে না, সেটি হচ্ছে নীলগাই। অথচ গত চার দশক আগেও প্রাণীটা উত্তরাঞ্চলের জেলাগুলোতে চষে বেড়াত। দুষ্কৃতকারীদের নিষ্ঠুরতার বলি হয়ে ওরা এখন আর আমাদের ধারে কাছেও ঘেঁষছে না। মাঝে মধ্যে দিক হারিয়ে সীমান্তের ওপার থেকে দুই-একটা নীলগাই এপারে চলে এলে লোকজন ওদের দৌড়ে ধরে ফেলে জবাই করে। শুধু নীলগাই-ই নয়, দেখা যেত পদ্মার উচ্চ অববাহিকায় ঘড়িয়াল। ওই প্রজাতিগুলো এখন আর নেই! ভবিষ্যতে দেখাও যাবে না আর। বিষয়টা ভাবতে কেমন লাগছে? কেমন লাগছে পরিবেশটা ভারসাম্য হারিয়ে পঙ্গু হতে দেখে? এ ধরনের জঘন্য কর্মকাণ্ড বন্ধ না হলে অদূর ভবিষ্যতে কুকুর-বিড়াল দেখতে হলেও চিড়িয়াখানায় যেতে হবে নয়া প্রজন্মকে। তাই আমাদের উচিত প্রকাশ্যে-অপ্রকাশ্যে বন্যপ্রাণীদের ওপর যেন নির্যাতন না ঘটে তার প্রতি সজাগ দৃষ্টি দেওয়া। অকারণে বন্য প্রাণীদের সঙ্গে শত্রুতা সৃষ্টি না করা। লিফলেটের মাধ্যমে সর্ব সাধারণকে বিষয়টা জানিয়ে দেওয়া। তাতে সবাই সচেতন হবে যেমন, তেমনি সতর্ক হবে দুষ্কৃতকারীরাও। \r\nলেখক : কথাসাহিত্যিক, পরিবেশ ও জলবায়ুবিষয়ক কলামিস্ট
