মসজিদ শব্দের অর্থ সিজদাহ করার স্থান। অর্থাৎ যে স্থানে আল্লাহর উদ্দেশে সিজদাহ করা হয়, সে স্থানকে বলা হয় মসজিদ। সালাত বা নামাজকে কোরআন-হাদিসে সিজদাহ বলে অভিহিত করা হয়েছে। এ জন্য সালাত আদায় করার স্থানকে বলা হয় মসজিদ। মসজিদের নামকরণ থেকেই বোঝা যায়, মসজিদ নির্মাণের মূল উদ্দেশ্য সালাত আদায় করা। যদিও সালাত আদায় ছাড়াও ইসলামের আনুষঙ্গিক কাজকর্ম মসজিদে করা যায়। যেমন– কোরআন তিলাওয়াত, আল্লাহর জিকির, দ্বীনি তালিম বা শিক্ষামূলক কার্যক্রম, বিয়ে পড়ানো ইত্যাদি। মূলত মসজিদে আল্লাহর ঘর হিসেবে আল্লাহর সন্তুষ্টিমূলক সব কাজই করা যায়। মসজিদ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ‘আর নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহরই জন্য। সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না।’ এ আয়াতে আল্লাহ তায়ালা মসজিদকে নিজের সঙ্গে সম্পৃক্ত করে তাঁকে ব্যতীত অন্য কাউকে ডাকতে নিষেধ করেছেন। এ থেকে বলা যায়, মসজিদ হচ্ছে তাওহিদ বা আল্লাহর একত্ববাদের কেন্দ্রবিন্দু। তাই আল্লাহর সঙ্গে সম্পৃক্ত কর্মকাণ্ডের বাইরে মসজিদকে অন্য কোনো কাজে ব্যবহার করা সমীচীন নয়।

ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মসজিদে বিচার ফয়সালা করতে পারবেন। কিন্তু কোনো শাস্তি মসজিদে কার্যকর করা যাবে না। ইসলামী রাষ্ট্রীয় ফরমানের বাইরে মসজিদ থেকে কোনো সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে চাইলে অবশ্যই মসজিদের পবিত্রতার প্রতি লক্ষ্য রাখতে হবে। কোনো ধরনের উচ্চবাচ্য, অন্যের দোষত্রুটি আলোচনা কিংবা হাসি-তামাশা ইত্যাদি পরিহার করতে হবে। হাদিসে বলা হয়েছে, যে কেউ মসজিদে হারানো জিনিস খুঁজতে ঘোষণা দেয়, তাকে বল– ‘আল্লাহ তা তোমার কাছে ফিরিয়ে না দিন।’ (মুসলিম)। এমনকি কেউ মসজিদে অনর্থক কথা বললে তাঁকে ইশারা-ইঙ্গিতে নিষেধ করতে বলা হয়েছে। শব্দ করে নিষেধ করাও মসজিদে অনর্থক কথা বলার অন্তর্ভুক্ত।

রাজনৈতিক দলের কর্মকাণ্ড ইসলামী রাষ্ট্রের সরকারি কর্মকাণ্ড নয় বিধায় এসব কর্মকাণ্ড থেকেও মসজিদকে মুক্ত রাখতে হবে। ইসলামী রাজনীতিতেও অনেক শিরক, বিদয়াত অনুপ্রবেশ করেছে। সে জন্য মসজিদে তাদের একেবারে দলীয় অনুষ্ঠান পালন করা উচিত হবে না। তবে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী মসজিদে ইসলামী শিক্ষার কার্যক্রম মসজিদে পরিচালনা করতে পারে। এ ক্ষেত্রে সাধারণ মুসলিম হিসেবেই তা করা উচিত। অনেকে রাসুল (সা.) কর্তৃক মসজিদে নববিতে রাষ্ট্রীয় কিছু কর্মকাণ্ডকে অজ্ঞতাবশত প্রচলিত রাজনীতির সঙ্গে মিল দিয়ে মসজিদকে রাজনীতির জন্য উন্মুক্ত করার কথা বলছেন, যা সম্পূর্ণ অনভিপ্রেত। রাসুল (সা.) বলেছেন, শেষ যুগে কিছু লোক আসবে যারা মসজিদে বসে দুনিয়ার আলোচনা করবে; তাদের সঙ্গে বসো না; আল্লাহ তাদের কোনো দরকার রাখেন না (তাবারানি)।

মসজিদে ব্যবসা-বাণিজ্যও নিষিদ্ধ। এ ব্যাপারে রাসুল (সা.) বলেন, যদি মসজিদে কাউকে ব্যবসা করতে দেখ, বলো– ‘আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান না করুন।’ (তিরমিজি)। কেউ দ্বীন শিখতে অথবা মুসাফির হওয়ার কারণে কিংবা বাসস্থানহীন অভাবী হওয়ার কারণে মসজিদে অবস্থান করতে চাইলে মসজিদের পবিত্রতার প্রতি সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। এ ক্ষেত্রে মসজিদের একেবারে ভেতরে অবস্থান না করে বারান্দা বা পাশের কোনো কক্ষে, যেখানে সাধারণ সালাত আদায় করা হয় না, সেখানে অবস্থান করা উচিত। মসজিদকে কোনোভাবেই বসতবাড়ির মতো ব্যবহার করা যাবে না। মোট কথা, মসজিদে আমরা যা-ই করি না কেন, এর পবিত্রতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রাসুল (সা.) বলেছেন, ‘আমাকে আমার উম্মতের ভালো-মন্দ সব কাজ দেখানো হয়েছে। তাদের ভালো কাজের মধ্যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে এবং মন্দকাজের মধ্যে মসজিদে থুতু ফেলার পাপও আছে (মুসলিম)।’

আবু রুফাইদাহ রফিক: অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বেগমগঞ্জ, নোয়াখালী