দেশে কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি তৈরির কথা প্রায়ই উচ্চকণ্ঠে বলা হয়ে থাকে। বাস্তবে এর জন্য কোন উদ্যোগ-আয়োজন তেমন দৃশ্যমান হয়ে ওঠে না। ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ১ হাজার ২২২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়। এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং এইচএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে স্নাতক পর্যায়ে প্রকৌশল শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি। যাতে তারা দেশে-বিদেশে দক্ষ জনশক্তির চাহিদা পূরণ করতে সক্ষম হয়।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে পরিচালিত ২০২১ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদকাল ধরা হলেও দীর্ঘ সাত বছর পরেও শুধু শর্ট কলাম বা মাটির নিচের গাঁথুনি, প্রথম তলার ছাদ ঢালাই ইত্যাদি কার্যক্রমে থমকে আছে। ফলে প্রকল্পের সম্পূর্ণ নির্মাণ কাজ কবে শেষ হবে, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অবশ্য কারিগারি শিক্ষা বোর্ড এই প্রকল্পের মেয়াদ আরো ৩ বছর বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এর জন্য অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৯৫ কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি অনুমোদিত হয়েছে গত সোমবার। এবারে এই প্রকল্প বৃদ্ধির মেয়াদ ধরা হয়েছে ২০২৮ সাল পর্যন্ত। \r\nপ্রকল্পের অগ্রগতি যাই হোক না কেন দ্বিতীয় দফায় আরও ৩৯৪ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ করার প্রস্তাব দিয়েছে বাস্তবায়নকারী সংস্থা কারিগরি শিক্ষা বোর্ড।

ফলে প্রকল্পের মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৬২১ কোটি ২৩ লাখ টাকা। প্রকল্পটি খুঁড়িয়ে চলার কারণ জানতে চাইলে প্রকল্প প্রকৌশলী ফয়সাল মুফতি বলেন, একটি প্রকল্প শুরু করার আগে জমি অধিগ্রহণসহ যে ধরনের নকশা স্ট্রাকচারাল ড্রইং বা ডিজাইন করতে হয়, তেমন কিছুই এক্ষেত্রে করা হয়নি। কনসালট্যান্ট বুয়েটের সঙ্গে সমঝোতা হয়নি। জনবলও নিয়োগ করতে হবে। এখন পুরো প্রকল্প বাস্তবায়নে কতটুকু সময় লাগবে, তা নির্ভর করছে শিক্ষা প্রকৌশল দপ্তরের ওপর। এসব কাজ সম্পন্ন করে যথাসময়ে প্রকল্পটি শেষ করা যাবে কিনা, তা নিয়েও দেখা দিয়েছে সংশয়।\r\nনিকট অতীতের মতো এখানেও দেখা যাচ্ছে যে, প্রায় সব সরকারি প্রকল্পের মতো বারবার প্রকল্প পরিচালক বদলি ও নিয়োগ করা হয়েছে। যথাসময়ে জমি অধিগ্রহণসহ প্ল্যান-প্রোগ্রাম না করেই তড়িঘড়ি করে শুরু হয়েছে প্রকল্পের কাজ। বারবার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পদে পদে সংঘটিত হয়েছে অনিয়ম-দুর্নীতি। ফলে সরকারি প্রকল্প বাস্তবায়নে নয়-ছয় চলছেই। এমতাবস্থায় এই প্রকল্পটিও যথাসময়েও বাস্তবায়ন হবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।