১৯৫৯ সালে কিউবা সমাজতান্ত্রিক বিপ্লবের সময়কালে অনেক কিউবান দেশ ছেড়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যে আশ্রয় নেন এবং সেখানে বসবাস করেন। বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক মার্কো রুবিওর বাবা-মা ১৯৫৬ সালে দেশ ছেড়ে এই রাজ্যে আশ্রয় নেন। সেই অর্থে মার্কো রুবিও হচ্ছেন দ্বিতীয় প্রজন্মের কিউবান-আমেরিকান।
কিউবা থেকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের দূরত্ব মাত্র ৯০ মাইল। এই দুই ভূখণ্ডের মানচিত্র দেখলে মনে হবে এরা একে অন্যের হাত প্রসারিত করেছে, এই বুঝি ছুঁয়ে দেবে পরস্পরকে। কিন্তু না, তা হওয়ার নয়; রাজনৈতিকভাবে দেশ দুটির অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী।
ফ্লোরিডার অধিবাসীর প্রায় ৭০ শতাংশ কিউবান-আমেরিকান। পুরো আমেরিকাতে বসবাসকারী প্রতি তিনজন কিউবানের দুজনই এই রাজ্যে বাস করেন। মার্কো রুবিও হচ্ছেন এখানকারই নির্বাচিত সিনেটর। তিনি তাঁর নির্বাচনের সময় বলেছিলেন, তিনি যদি নির্বাচিত হন এবং তাঁর দল যদি ক্ষমতায় যায় তাহলে তিনি কিউবার সরকার ও ব্যবস্থায় পরিবর্তন আনবেন।
মার্কো রুবিওর পূর্বপুরুষরা ছিলেন কিউবা বিপ্লবের বিপক্ষে। হাভানার সরকারি ভবন থেকে কাস্তে-হাতুড়ি পতাকা নামিয়ে ফেলতে চান তিনি। সেই আকাঙ্ক্ষার অংশ হিসেবেই কিউবার রেজিম চেঞ্জের ইস্যুটিকে ট্রাম্প প্রশাসনের কর্মসূচির অংশে পরিণত করেন।
ভোটের হিসাবে ফ্লোরিডা সবসময় ‘সুয়িং স্টেট’ ছিল। এখানে কখনও ডেমোক্র্যাট কখনও রিপাবলিকানরা বিজয়ী হতেন। কিন্তু এই ফ্লোরিডা এখন রিপাবলিকের দুর্গে পরিণত হয়েছে। এই ভোট ব্যাংকের সমীকরণ হচ্ছে লাতিনো ভোট– কিউবা ও ভেনেজুয়েলা ছেড়ে আসা মানুষদের ভোট। ফ্লোরিডার কিউবান ও লাতিন প্রবাসীরা বামপন্থিদের পছন্দ করেন না। তাদের এই মনোভাবকে ট্রাম্প চতুরতার সঙ্গে ব্যবহার করছেন।
রুবিও হচ্ছেন সেই ব্যক্তি, যাঁর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প লাতিনো কমিউনিটিকে তাঁর পক্ষে টানেন। মাদুরোকে অপহরণের পর কিউবান-আমেরিকানরা এখন তাদের দেশের সরকারের পতন চায়। ট্রাম্প মনে করেন, এ মূহূর্তে যদি কিউবার পতন ঘটনো যায় তাহলে ফ্লোরিডার ভোট ব্যাংক রিপাবলিকের জন্য দীর্ঘস্থায়ী হবে। কিউবা নিয়ে ট্রাম্প ও রিপাবলিকান রাজনীতির সমীকরণ এখানেই।
কিউবার বিরুদ্ধে তাদের প্রধান অভিযোগ– (১) দেশটির মার্কিনবিরোধী নীতি এবং তাদের স্বার্থের পক্ষে কোনো চুক্তি না করা; (২) বিপ্লবের পর কিউবায় মার্কিন কোম্পানির সম্পত্তি জাতীয়করণ; (৩) একদলীয় শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের সীমাবদ্ধতার সমালোচনা; (৪) মাত্র ৯০ মাইল দূরত্বের একটি রাষ্ট্রে চীন-রাশিয়ার প্রভাব বৃদ্ধিতে তাদের উদ্বেগ।
ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় এসে ইরানের মতো কিউবারও রেজিম চেঞ্জের খেলায় মেতে ওঠেন, কিন্তু সেই খেলার কোনো সংবাদ ও শব্দ তেমন নেই! নেই কারণ ইরানের মতো বোমা ও ক্ষেপণাস্ত্র পড়ছে না। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, কিউবার পতন ঘটাতে কোনো মিসাইল ছোড়ার দরকার নেই, শুধু ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ করলেই দেশটি অন্ধকারে পরিণত হবে। আর অন্ধকারে ক্ষুধার্ত পেটে বিপ্লব বেশি দিন স্থায়ী হবে না, তখন সরকার এমনিতেই পড়ে যাবে। কিউবা প্রশ্নে মার্কিন নীতি– তাদের ‘হাতে না মেরে ভাতে মারো’।
কিউবার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সাড়ে ছয় দশকের। কিউবা বিপ্লবের পর ১৯৬২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এই অবরোধ আরোপ করেন, পরবর্তী সময়ে এর সঙ্গে বিভিন্ন শর্ত যুক্ত করে তা কঠিন করা হয়েছে। তবু দ্বীপরাষ্ট্রটি ভেঙে পড়েনি। তারা তাদের মতো করে টিকে ছিল, এগিয়ে গেছে।
এই বছর জানুয়ারিতে ট্রাম্পের সেনাবাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণ করে। এরপর তাদের তেলসম্পদের নিয়ন্ত্রণ নিয়ে কিউবায় তেল সরবরাহ বন্ধ করে দেয়। ভেনেজুয়েলা হচ্ছে কিউবার প্রধান তেল সরবরাহকারী দেশ, কিউবার ৬০ শতাংশ জ্বালানি আসে সেখান থেকে, বাকি ২৫ শতাংশ মেক্সিকো ও ১০ ভাগ আসে রাশিয়া থেকে।
কিউবা এই তেলের বিনিময়ে ভেনেজুয়েলায় তাদের দক্ষ ডাক্তার, নার্স প্রেরণ, গোয়েন্দা ও নিরাপত্তা সহায়তা দিত। মাদুরোকে অপহরণের সময় তাঁর ব্যক্তিগত ৩২ জন বিশেষ নিরাপত্তাকর্মীকে হত্যা করা হয়, যাদের সবাই ছিলেন কিউবান। তারা জীবন দিয়ে প্রেসিডেন্টকে রক্ষা করতে চেয়েছেন
কিন্তু পারেননি। তাদের এ কর্তব্যবোধ মাদুরোর স্বজাতির রক্ষীরা দেখাতে পারেননি। মাদুরোকে অপহরণের পর শুধু কিউবায় তেল রপ্তানি বন্ধ করে ক্ষান্ত হননি ট্রাম্প, ভেনেজুয়েলায় থাকা কিউবার গোয়েন্দা ও অন্যান্য কর্মীর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেন। একই সঙ্গে লাতিন আমেরিকার অন্য কোনো দেশও যেন কিউবায় তেল রপ্তানি করতে না পারে তার ব্যবস্থা করেন। কিউবাকে তেল দিলে তাদের ওপর অধিক শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প।
তেলের অভাবে কিউবার শিল্পকারখানা বন্ধ হতে থাকে। বিদ্যুতের অভাবে হাসপাতালের অপারেশন বন্ধ হয়ে যায়, অনেক রোগী মারা যায়। রাস্তায় গাড়ি কমে যায়। প্রতিদিন প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকে। নাগরিকরা খাদ্য সংকটে ভুগছে। কিউবার সরকার বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় জ্বালানি, খাদ্যদ্রব্য, সার ও জরুরি ওষুধ আমদানি করতে চাইলেও মার্কিন বাধার সম্মুখীন হয়।
এ অবস্থায় অবশ্য বিশ্বের কিছু শক্তি মার্কিন রক্ষচক্ষুকে উপেক্ষা করে তাদের পাশে দাঁড়িয়েছে। তারা বলছে– কিউবা একা নয়, আমরাও তাদের পাশে আছি। সাম্রাজ্যবাদী অবরোধের তোয়াক্কা না করে প্রতিবেশী মেক্সিকো, কলম্বিয়াসহ চীন, রাশিয়া কিউবায় বিপুল পরিমাণ জ্বালানি, খাদ্য ও অন্যান্য দ্রব্য পাঠিয়েছে। তাদের পাঠানো ট্যাঙ্কারগুলো সেখানে কিউবায় ভিড়তে শুরু করেছে।
চীন ৬০ হাজার টন চাল পাঠিয়েছে, যা দিয়ে কিউবার সব মানুষের ছয় সপ্তাহের অন্নসংস্থান হবে। তারা ইতোমধ্যে পাঁচ হাজার বহনযোগ্য সৌরশক্তি সরঞ্জাম সেট সরবরাহ করেছে, যা স্বাস্থ্য ক্লিনিক এবং বয়স্কদের পরিচর্যা কেন্দ্রগুলোতে স্থাপন করছে। কৃষিকাজ ও মৌলিক সুবিধা চালু করতে সেখানে বড় আকারের সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য শক্তি প্রকল্প স্থাপনে কাজ করছে।
কিউবাকে যখন শুকিয়ে মারার পরিকল্পনা চলছে তখন চীন-রাশিয়া-মেক্সিকোর এক অপ্রত্যাশিত জ্বালানি নিরাপত্তা জোট তৈরি হয়েছে তাদের সহায়তার জন্য। এক এক করে যখন চীন, রাশিয়া, মেক্সিকো, কলম্বিয়া, স্পেন, গ্রিসের জাহাজ কিউবার তীরে ভিড়ছে তখন বলা যায়, বিশ্বে এখন এককেন্দ্রিক নয়, বহুকেন্দ্রিক যুগের সূচনা হয়েছে। ইরান যুদ্ধও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
মার্কিনের চাপে ইতোমধ্যে কিউবা সরকার অর্থনৈতিক ক্ষেত্রে কতিপয় গুরুত্বপূর্ণ সংস্কার অনুমোদন করেছে। সেগুলো হচ্ছে– (১) ৭০ বছরের মধ্যে প্রথমবারের মতো তারা রাষ্ট্র ও বেসরকারি যৌথ কোম্পানি অনুমোদন করেছে। এসব কোম্পানি নিজেরাই মূল্য-মজুরি ও উৎপাদন সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে। ছোট ও মাঝারি ব্যবসার বৈধতা দেওয়া হয়েছে; (২) বিদেশি বিনিয়োগকারীদের জন্য সহজ নিয়ম চালু করা হয়েছে। তারা সরাসরি কর্মী নিয়োগ, বৈদেশিক মুদ্রা ব্যবহার ও সম্পদের মালিকানা রাখতে পারবে; (৩) বিদেশে বসবাসরত কিউবানরা এখন ব্যবসার মালিক ও বিনিয়োগকারী হতে পারবে; (৪) অর্থনৈতিক সিদ্ধান্তের বিকেন্দ্রীকরণ তথা স্থানীয় সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে বিনিয়োগ, অংশীদারিত্ব ও স্থানীয় উন্নয়ন পরিচালনার; (৫) নতুন আইনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার, বিনিয়োগ বা একীভূত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
মার্কিন এই আধিপত্যকে কিউবার জনগণ কী চোখে দেখছে? দেশটির জনগণের মধ্যে বিপ্লবী চে গুয়েভারা ও ফিদেল কাস্ত্রোর প্রভাব আজও প্রবল। সমাজতন্ত্রকে আজও তারা আঁকড়ে ধরে আছে। তাদের আদর্শ ও সংগ্রাম কিউবার জনগণকে আপসহীন করেছে। এ কারণে ছোট্ট এই দ্বীপের কোটি মানুষ এতটা দৃঢ়। তারা বিশাল পরাশক্তিকে পরোয়া না করে চীন-রাশিয়া ও লাতিনের বামপন্থি শাসকদের সঙ্গে সন্ধি করছে। এই স্বাধীনচেতা মনোভাবের কারণে দেশজুড়ে অন্ধকার, অভাব, অনিশ্চয়তা ও সংকটের মধ্যেও তারা স্লোগান তুলছে– ‘হয় মাতৃভূমি, নয় মৃত্যু’।
ড. মঞ্জুরে খোদা: লেখক-গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক।
