বর্তমানের জেনজিদের কাছে কাউকে ট্রল করা ভীষণ মজার একটি ব্যাপার। রাস্তাঘাট, অফিস-আদালত, পাড়া বা মহল্লায় অস্বাভাবিক বা অপ্রীতিকর কিছু ঘটলেই তা ভিডিও করে এক ক্লিকে ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে ট্রল করাকে সবাই হয়তো অনেক মহৎ কিছু মনে করে। সুন্দর ভাষায় একে বলা হয় ভাইরাল করে দিয়েছি। কিন্তু বিবেকের কাছে প্রশ্ন থেকে যায়, কাউকে ট্রল করা বা ভাইরাল করা আসলেই উচিত? ট্রল বলতে বোঝায় কাউকে উদ্দেশ্য ইচ্ছাকৃতভাবে আপত্তিকর বা উস্কানিমূলক বার্তা অনলাইনে পোস্ট করা অথবা তার অনুমতি ব্যতীত কোন ছবি বা ভিডিও অনলাইনে পোস্ট করে তাকে হাসির পাত্র বানানো। আপাত দৃষ্টিতে এটি একটি মজা মনে হলেও, আইন ও নৈতিক দুই দিক থেকেই এটি একটি অন্যায়। \r\nনৈতিক দিক থেকে বিবেচনা করলে এটি অন্যায় কারণ আপনার কথা বলার স্বাধীনতা রয়েছে, কিন্তু কাউকে ছোট করে কথা বলার অধিকার নেই। আমরা যখন কাউকে অনলাইনে ট্রল করি পরবর্তীতে হয়তো আর তার কোন খোঁজ রাখি না। কিন্তু এই ট্রলের মাধ্যমে সেই মানুষটি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, পারিবারিক ও সামাজিকভাবে বিভিন্ন প্রশ্ন ও অসুবিধার সম্মুখীন হতে পারে। আর যদি আইনগত দিক থেকে দেখা হয় তাহলে এর ব্যাখ্যা আছে! আপনি চাইলেই কারো অনুমতি ব্যতীত তার ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন না। কিন্তু আজকের তরুণ প্রজন্ম হয়তো একথা ভুলে গেছে। তাই তারা যাকে তাকে যেখানে সেখানে পোস্ট করে ভাইরাল করে দেয়। এটিতে আইনগত একটি অপরাধ একথা কেউ মনে করতেও নারাজ। বিনোদন উপভোগ করার জন্য বিনোদন কেন্দ্র রয়েছে। কোন মানুষকে ট্রল করে বিনোদন নেওয়া একটি অন্যায়। আপনি তো আজকে যে ছোট বিষয়টি নিয়ে কাউকে ট্রল করছেন, সেটি হয়তো তার কাছে একটি অনেক বড় বিষয় এবং এর কারণে হয়তো কেউ সারা জীবনের জন্য মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।