আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। দেশে বছরে প্রতি একজন মানুষ আলু খায় ৫১ দশমিক ৫ কেজি। সেদিক থেকে বিশ্বে অবস্থান ৪৪তম। আলু রপ্তানিতে নেই শীর্ষ ১৫ দেশের তালিকায়। তাহলে উৎপাদিত এত পরিমাণ আলু বাজারে ওঠার পর দাম নিয়ে জটিলতা তৈরি হয় কেন। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) তথ্য অনুযায়ী, গত মৌসুমে রেকর্ড পরিমাণ ১ কোটি ৩০ লাখ টন আলু উৎপাদন হয়েছে। চাহিদার তুলনায় উৎপাদন ৪০ লাখ টন বেশি।
কিন্তু বাজার ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতার প্রভাব পড়েছে দামে। বিসিএসএ বলছে, হিমাগার ফটকে এলাকাভেদে কেজি এখন ১৩-১৫ টাকা। অথচ সব মিলিয়ে কৃষকের প্রতি কেজিতে উৎপাদন খরচ হয়েছে ২৫ টাকা। আবার সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে, এবার আলুর গড় উৎপাদন খরচ ছিল কেজিতে ১৪ টাকা। এর সঙ্গে হিমাগার ভাড়া যোগ হবে। ফলে সরকারি হিসাবেই প্রতি কেজি আলুতে কৃষক লোকসান গুনছেন। বিভিন্ন জেলার কৃষকরা যে তথ্য দিয়েছেন তাতে এই লোকসান কেজিতে ১০ টাকার মতো। আলুর দাম পতনের অন্যতম কারণ হলো আগের বছর প্রাকৃতিক দুর্যোগে আলু চাষ মার খেয়ে ফলন অনেক কম হয়েছিল। তাতে বাজারে আলুর দর বেড়ে ৮০ টাকা পর্যন্ত ওঠে। সে লোভের কারণেই এ বছর দেশজুড়ে ব্যাপক আলু চাষ হয়েছিল।
আবার গত বছরের তুলনায় এ বছর আলু রাখতে হিমাগারের ভাড়াও বৃদ্ধি করা হয়েছে। একদিকে আলুর দরপতন, অন্যদিকে আলু হিমাগারে রাখতে গিয়ে খরচ পড়েছে বেশি। তাই চাষি এবং ব্যবসায়ীরা উভয়ই এখন ক্ষতির মুখে পড়েছেন। বিসিএসএ সূত্রে জানা গেছে, রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হওয়ার কারণে এবার প্রচুর আলু অবিক্রীত থাকার শঙ্কা রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৩৪০টি কোল্ড স্টোরেজে সংরক্ষিত আলুর পরিমাণ ছিল ৩২ লাখ ৭৪ হাজার টন। এর মধ্যে খাওয়ার আলুর পরিমাণ ২৩ লাখ ৩০ হাজার টন, বীজ আলু ৯ লাখ ২০ হাজার টন এবং শিল্পে ব্যবহারের আলু ২৩ হাজার টন। এমন এক পরিস্থিতিতে আগামীতে কমবে আলুর উৎপাদন। চট্টগ্রাম জেলার শতাধিক কৃষক কয়েক বছর ধরে আলু চাষ করে লাভের মুখ দেখেননি। ফলে তারা ধীরে ধীরে আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যাদের একজন কৃষক মো. উসমান গণী। তাই আগামী নভেম্বর থেকে শুরু হওয়া মৌসুমে তিনি আগের চেয়ে কম জমিতে আলু চাষের সিদ্ধান্ত নিয়েছেন। তার দেড় কানি জমি রয়েছে। গত বছর প্রায় ৩০ শতক জমিতে আলু চাষ করেছিলেন। প্রতি শতকে গড়ে তিন মণ করে আলু পেয়েছিলেন। বিক্রি করে মুনাফা হয়নি। তিনি বলেন, ‘এবার ৫-৬ গ-া জমিতে আলু করব। গতবার রোগবালাই আর পোকার আক্রমণে অনেক আলুই নষ্ট হয়ে গিয়েছিল।’
শুধু উসমান গণী নন, তার মতো চট্টগ্রাম জেলার শতাধিক কৃষক কয়েক বছর ধরে আলু চাষ করে লাভের মুখ দেখেননি। ফলে তারা ধীরে ধীরে আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেনÑ এমন তথ্য মিলেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে। চট্টগ্রামে সাধারণত ডায়মন্ড, কার্ডিনাল, দোহাজারীর স্থানীয় জাতসহ কয়েক জাতের আলুর চাষ হয়। ডায়মন্ড বা বারি-৭ এবং কার্ডিনাল বা বারি-৮ জাতের আলুর উৎপত্তিস্থল নেদারল্যান্ডস। ‘দোহাজারী’ চট্টগ্রামের স্থানীয় জাত। বহু বছর আগে দোহাজারীতে এ আলুর চাষ শুরু করেছিলেন কৃষকেরা। সাধারণত নভেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যে এসব জাতের বীজ রোপণ করা হয়। আর ফলন ওঠাতে হয় ৯০ থেকে ৯৫ দিনের মধ্যে। চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বলেন, ‘সর্বশেষ মৌসুমে দেশে আলুর উৎপাদন চাহিদার তুলনায় প্রায় ৪০ লাখ টন বেশি হয়েছিল। ফলে দাম পড়ে যায়। মাঠ পর্যায়ে কৃষকেরা ন্যায্যমূল্য পাননি। তাই অনেকেই এখন আর আগ্রহী নন। এ কারণে এবার উৎপাদনের লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়নি।’ আলু মাটির নিচে জন্মায়। তাই একে বলা হয় ‘মাটির নিচের ফসল’। কিন্তু নানা রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণে অনেক আলু মাঠেই নষ্ট হয়। আলুর রোগ হয় গাছের পাতা, কা-, চারার অঙ্কুর ও মাটির নিচের কন্দে। চট্টগ্রামের কৃষি কর্মকর্তারা বলছেন, সবচেয়ে ক্ষতিকর রোগ হলো লেট ব্লাইট। এ রোগে পাতা কালচে হয়ে যায়, পরে গাছ শুকিয়ে যায়।
আর্লি ব্লাইটে পাতায় বাদামি দাগ পড়ে। লিফ কার্ল ভাইরাসে পাতা কুঁকড়ে যায়, গাছ খর্বাকৃতি হয়ে পড়ে। ফলে ফলন মারাত্মকভাবে কমে যায়। এছাড়া কাটুই পোকা আলু কেটে নষ্ট করে। স্থানীয় জাতের আলুতে এসব রোগবালাই তুলনামূলকভাবে বেশি দেখা যায়। চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় মোট আবাদযোগ্য জমি ২ লাখ ২৮ হাজার ২৯০ হেক্টর এবং কৃষক পরিবারের সংখ্যা প্রায় সাড়ে ৬ লাখ। এর মধ্যে দেড় লাখ পরিবার ভূমিহীন। কৃষকরা তিন মৌসুমে ফসল চাষ করেনÑ রবি, খরিফ-১ ও খরিফ-২। চন্দনাইশ উপজেলার হাজিরপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ মুছা জানান, তার গ্রামে এখন আর দেশি লাল আলুর চাষ তেমন হয় না। একসময় দেশি লাল আলুতে ভরা থাকত মাঠ। এক গ-া জমিতে ছয়-সাত মণ আলু পাওয়া যেত। ২০১৪ সালের দিকে হঠাৎ দেখা গেল, পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, গাছ বড় হচ্ছে না। ধস নামে। তার পর থেকে দেশি আলুর চাষ ক্রমাগত কমতে থাকে। স্থানীয় কৃষকরা জানান, ভাইরাসের কারণে দেশি আলুর গাছ দুর্বল হয়ে যায়, কন্দ ছোট হয়। আলুর আকার ছোট হলে বাজারে দাম পাওয়া যায় না। তাই অনেকেই দেশি জাত বাদ দিয়ে বিদেশি ও উন্নত জাতের দিকে ঝুঁকছেন।
চন্দনাইশের কৃষক আবু মুছা বলেন, ‘সব মিলিয়ে এক কেজি আলু উৎপাদনে খরচ পড়ে ২০-২২ টাকা। কিন্তু গত মৌসুমে ওই দামে বিক্রি করতে পারিনি। তাই এবার আর আলু চাষ করব না।’ চট্টগ্রামে আলু একসময় ছিল লাভজনক ফসল। এখন সেটি কৃষকের কাছে হয়ে উঠছে অনিশ্চয়তার প্রতীক। ফলন কমছে, খরচ বাড়ছে, দাম পড়ছে। কৃষকেরা ধীরে ধীরে মাঠ থেকে সরে যাচ্ছেন। ফলে মাটির নিচের এই সোনালি ফসল যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা প্রণব নাথ আলু চাষে হিমশিম খাচ্ছেন।
মোটাদাগে তিনটি কারণ তিনি জানিয়েছেন। এগুলো হলোÑ ফলন কমে যাওয়া, আলু পচে যাওয়া, দাম কম পাওয়া। প্রণব নাথ প্রথম আলোকে বলেন, গত মৌসুমে ২০ শতক জমিতে আলুর চাষ করেছিলেন। খরচ হয়েছিল ৩০ হাজার টাকা। কিন্তু সব টাকা উঠে আসেনি। ৮-১০ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে। রবি মৌসুম (১৫ অক্টোবর থেকে ১৫ মার্চ) হচ্ছে আলু চাষের সময়। এ মৌসুমে বোরো ধান, শীতকালীন সবজি, ভুট্টা, গম, তেল ও ডালজাতীয় ফসলের পাশাপাশি নভেম্বরের মাঝামাঝি থেকে কৃষকেরা আলুর বীজ মাটিতে রোপণ করেন। একই জাতের বীজ বারবার ব্যবহার করার কারণে ফলন কমে যাচ্ছে। রোগবালাইয়ে নষ্ট হচ্ছে আলু। চট্টগ্রামের কৃষকেরা অপরিপক্ব বীজ ব্যবহার করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, পাঁচ বছর ধরে চট্টগ্রামে আলুর আবাদ ও উৎপাদন দুই-ই কমছে।
২০২০-২১ অর্থবছরে ৪ হাজার ৬৪১ হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল ৬৪ হাজার ৬৮৫ টন। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে এসেছে ৩ হাজার ৬৮৩ হেক্টরে, উৎপাদন দাঁড়িয়েছে ৪৬ হাজার ৪৯৯ টনে। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে জমি কমেছে প্রায় ২১ শতাংশ ও উৎপাদন কমেছে প্রায় ২৮ শতাংশ। একই চিত্র সারাদেশে। সরকারকে আলুচাষিদের রক্ষায় এগিয়ে আসতে হবে। খাদ্যনিরাপত্তার অন্যতম স্তম্ভ আলু নিয়ে অবশ্যই ভাবতে হবে। দেরি না করে বসতে হবে হিমাগারের মালিকদের সঙ্গে। আমাদের বিকল্প কিছুও ভাবতে হবে। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতের কতগুলো রাজ্যে লম্বা সময়ের জন্য আলু সংরক্ষণের জন্য চাষিদের বাড়িতেই বিশেষ এক ধরনের ঘর বানানো হয়। বাংলাদেশে ২০২৩-২৪ অর্থবছরে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আগ্রহে কৃষি বিপণন অধিদপ্তর আলু উৎপাদন অঞ্চলে এ রকম কিছু ঘর তৈরির পরিকল্পনা নেয়। তারা এটার নাম দেয় ‘অহিমায়িত মডেল ঘর’। নওগাঁর ধামইরহাটের আলমপুরে এ রকমের একটা ঘর দেখেছিলাম। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, এটি একটি বিজ্ঞানসম্মত মিনি কোল্ড স্টোরেজ। তাদের নকশা করা ঘরে ২৫-৩০ টন আলু সংরক্ষণে কৃষকের সাশ্রয় হবে বছরে প্রায় দেড় লাখ টাকা।
একটি অহিমায়িত ঘর তৈরি করলে ১৫ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। একেকটি ঘর নির্মাণে ব্যয় হয়েছিল দেড় লাখ টাকা। খুব সহজেই এসব ঘরে আলু চার থেকে ছয় মাস সংরক্ষণ করা যায়। এতে প্রতিবছরে একেকজন আলুচাষির দেড় থেকে পৌনে দুই লাখ টাকা হিমাগার খরচ সাশ্রয় হবে। তাছাড়া এসব ঘর থেকে চাষি ইচ্ছামতো আলু বিক্রি করতে পারবেন। কোল্ড স্টোরেজে আলু রাখলে অনেক সময় আলু মিষ্টি হয়ে যায়। কিন্তু এই ঘরে সে সুযোগ নেই। অহেতুক পোকামাকড়ের আক্রমণ, পচন ধরা ও গন্ধও ছড়ায় না।
লেখক : অর্থনৈতিক বিশ্লেষক, অধ্যাপক ও সাবেক ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ, সিটি বিশ্ববিদ্যালয়
