নিরাপত্তা শঙ্কায় আবারও রাজধানীতে মুক্তিযুদ্ধবিষয়ক এক অনুষ্ঠান বন্ধ হয়ে গেল। এবারের অকুস্থল আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর। গত ৩ নভেম্বর সেখানে মুক্তিযুদ্ধের জাতীয় চার নেতার স্মরণে পক্ষকালব্যাপী এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল মুক্তিযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম সমকালকে বলেছেন, ‘অনুষ্ঠানটির বিষয়ে নিরাপত্তা ঝুঁকিসংক্রান্ত একটি গোয়েন্দা তথ্য ছিল আমাদের কাছে। আমরা সেটি আয়োজকদের জানাই। পরে তারা আর অনুষ্ঠান করেননি। পুলিশ অনুষ্ঠান করতে বাধা দিয়েছে–বিষয়টি এমন নয় (সমকাল, ৩ নভেম্বর, ২০২৬)।’ তবে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি প্রাবন্ধিক মফিদুল হক প্রথম আলোকে বলেছেন, ‘অনুষ্ঠানে তাদের সব ধরনের প্রস্তুতি ছিল। অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের কিছু আগে পুলিশ এসে তাদের অনুষ্ঠান বন্ধ রাখতে বলে। তারা আক্রমণের আশঙ্কা রয়েছে বলে জানায়। যেহেতু এটি একটি জাদুঘর, অনেক মূল্যবান নিদর্শন রয়েছে, তাই পরিস্থিতি বিবেচনা করে তারা অনুষ্ঠান স্থগিত রেখেছেন (দৈনিক প্রথম আলো, ৩ নভেম্বর, ২০২৬)।
নিরাপত্তার শঙ্কা থেকে অনুষ্ঠান বন্ধের ঘোষণা বাংলাদেশে এই প্রথম নয়। আওয়ামী লীগের বিগত দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে বিভিন্ন সময়ে বেশ কিছু অনুষ্ঠান হামলার শঙ্কা থেকে হতে পারেনি বা হতে দেওয়া হয়নি। তবে ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকে এই অনুষ্ঠান বাতিলের হিড়িক পড়ে। বহু অনুষ্ঠান মব সহিংসতায় পণ্ড হয়ে যায়। অনেকেরই ধারণা ছিল, নির্বাচিত সরকার এলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। গত ২৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ জানিয়েছিলেন, ‘সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে বাধাবিঘ্ন হোক–সরকারের তরফ থেকে এমন মানসিকতা নেই’ (প্রথম আলো, ২৫ আগস্ট, ২০২৬)। কিন্তু তথ্যমন্ত্রীর কথায় বিশ্বাস রেখেও বলতে হয়, অনুষ্ঠান বন্ধ বা স্থগিতের ঘটনা এখনও ঘটছে। গত অক্টোবরেই সুনামগঞ্জের দিরাইয়ে কিছু মানুষের আপত্তির মুখে পুলিশ বন্ধ করে দেয় একটি বাউল গানের অনুষ্ঠান।
এই বাতিল দুভাবে হচ্ছে। কখনও পুলিশের সরাসরি হস্তক্ষেপে, কখনও পুলিশ প্রশাসনের চাপে বা ‘অনুরোধে’ আয়োজকরা অনুষ্ঠান বাতিল করছেন। তবে ঘুরেফিরে বিষয়টি একই। নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র তথা পুলিশের। তারা যখন জানেই যে কোনো একটি গোষ্ঠী সেখানে হামলা চালাতে পারে, সেটি ঠেকানোর প্রস্তুতি নিলেই হয়। কিন্তু বাস্তবে অনুষ্ঠান বন্ধ করে দিয়ে আয়োজকদের ওপর দায় চাপিয়ে তারা নিজেদের দায়িত্ব এড়িয়ে যায়। ফলে তথ্যমন্ত্রী যা-ই বলুন, অনুষ্ঠান বাতিল হচ্ছে মূলত সরকারি সিদ্ধান্তে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনুষ্ঠান শুরুর কিছু আগে পুলিশ যদি এসে জানায় যে এই অনুষ্ঠানে ‘নিরাপত্তার শঙ্কা’ আছে, অনুষ্ঠানের জন্য উপস্থিত সবার মনে এক ধরনের ভয় তৈরি হয়। তখন তারা নিজেরাই সেই অনুষ্ঠান থেকে জীবন বাঁচাতে বের হয় যাবে। এটিই স্বাভাবিক ঘটনা। পুলিশ কিন্তু অনুষ্ঠান বন্ধ করেই খালাস; অনুষ্ঠান বন্ধ হলেও কারা হুমকি দিল, তা তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনতে পারে তারা। তাহলে ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তিও প্রতিরোধ করা যায়। অন্তত গত দুই বছরে যখন ধারাবাহিকভাবে এগুলো হচ্ছে, তখন কেউ দেখেনি যে মব করে যখন হামলা করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে বা হচ্ছে, তাদের কেউ কখনও গ্রেপ্তার হয়েছে। তাদের গ্রেপ্তারের চেয়ে ‘নিরাপত্তার স্বার্থ’ দেখিয়ে অনুষ্ঠান বন্ধ করা অনেকটাই সহজ। দুঃখজনকভাবে, এর ধারাবাহিকতা বর্তমানেও চলছে।
এ প্রশ্নও আদৌ বাহুল্য নয় যে, কী ধরনের অনুষ্ঠান নিরাপত্তার স্বার্থে বাতিল হচ্ছে? কারা এই অনিরাপত্তার জায়গাটি তৈরি করছে? তারা কি কোন দল নাকি বিশেষ গ্রুপ? আমরা দেখতে পাচ্ছি মূলত মুক্তিযুদ্ধ, জয় বাংলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলাসংক্রান্ত অনুষ্ঠানের ক্ষেত্রে এই ‘অনিরাপত্তা’র বিষয়টি সামনে আনা হচ্ছে। অর্থাৎ বাতিলকৃত অনুষ্ঠানগুলোর বিষয়বস্তু ও আয়োজকদের দিকে তাকালে বিষয়টা আঁচ করা যায়। যে অনুষ্ঠানগুলো কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত কিংবা যেখানে উন্মুক্ত বা উদার সংস্কৃতিকে উৎসাহিত করা হয় এবং সর্বোপরি যেগুলোর আয়োজক উদারমনা মানুষেরা, বিশেষত সেগুলোই আক্রমণের হুমকি পায় বা আক্রান্ত হয়। এর বিপরীতে গত আড়াই বছরে বিভিন্ন জায়গায় অনেক রাজনৈতিক দল এবং সংগঠনের বড় বড় সমাবেশ হয়েছে, কঠোর নিরাপত্তা এবং বাড়তি পুলিশ মোতায়েন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেসব সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানও করেছে, সেগুলোতে কিন্তু ‘নিরাপত্তার শঙ্কা’ তৈরি হয়নি। কেন মব সহিংসতার হোতাদের গ্রেপ্তার করার ক্ষেত্রে সরকারের মনোযোগ নেই, সেই বিষয়টি আসলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলেই স্পষ্ট হবে, কেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনীতে নিরাপত্তার শঙ্কা হয়, কেন চিরায়ত বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান বা আধুনিক কনসার্ট রাষ্ট্রীয় নিরাপত্তা পায় না।
সরকার জেনেবুঝে এই ‘নিরাপত্তার স্বার্থ’ বিষয়টিকে জিইয়ে রাখছে, যা কারও জন্য শুভ হতে পারে না। এতে হয়তো সরকারের রাজনৈতিক স্বার্থ সাময়িকভাবে চরিতার্থ হতে পারে। তবে একবার অন্ধকারের শক্তিকে প্রশ্রয় দিলে, সে পুষ্ট হবে, একসময় গোটা জাতিকে সে অন্ধকারের দিকে টানবে। তাই তথাকথিত নিরাপত্তা স্বার্থের রাজনীতি না করে সম্ভাব্য হামলাকারীদের প্রতিহত করুন, গ্রেপ্তার করুন; মানুষকে তার আদর্শ ও রুচি অনুসারে সংস্কৃতি চর্চার সুযোগ দিন। মনে রাখতে হবে আমাদের সংবিধানও সকল নাগরিকের জন্য এ অধিকারের নিশ্চয়তা দিয়েছে।
জোবাইদা নাসরীন: শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। zobaidanasreen@gmail.com
