বাংলাদেশের স্বাধীনতা কোনো হঠাৎ পাওয়া ঘটনা নয়। এটি দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এক ঐতিহাসিক বাস্তবতা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে, রাষ্ট্র কেবল একটি ভূখণ্ডেরই নাম নয়। রাষ্ট্র মানে এর মানুষ এবং মানুষের সম্মিলিত ইচ্ছা, স্বপ্ন ও সংগ্রাম। এই ইতিহাসের ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদের আবার স্মরণ করিয়ে দিয়েছে, মানুষের সার্বভৌমত্ব শ্বাসরুদ্ধ করে টিকে থাকা যায় না।

অধিকার সংকুচিত হলে, বৈষম্য প্রকট হলে এবং ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠলে মানুষ রাজপথে নেমে আসে। তারুণ্য অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধের দেয়াল গড়ে তোলে। জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদের দেখিয়েছে, বাংলাদেশে এখন প্রশ্ন করার সাহস ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আছে। বিজয়ের মাসে একাত্তর ও জুলাইয়ের ঐতিহাসিক অভিজ্ঞতা আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে তা হচ্ছে, ভবিষ্যতে আমরা কেমন বাংলাদেশ চাই, আর সেই বাংলাদেশ গড়তে কেমন নাগরিক প্রয়োজন?

স্বাধীনতার সুফল ভোগ করতে হলে প্রথমেই আগামীর বাংলাদেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে; নাগরিকদের হতে হবে সচেতন এবং আরও দায়িত্বশীল। স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পার করে ফেলেছে বাংলাদেশ। পরিবর্তন এসেছে সরকারের নেতৃত্বে। কিন্তু গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশ কি নাগরিকের ক্ষমতায়নে প্রয়োজনীয় ভূমিকা রাখতে পেরেছে? স্বাধীনতার সুফল তখনই অর্থবহ হবে, যখন নাগরিকরা সেই সুফলকে কাজে লাগাতে পারবে এবং রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারবে। সে ক্ষেত্রে আমরা কতটুকু সফল?

শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকট বহুবিধ। অবকাঠামোগত উন্নয়নের কথা বলেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু অবকাঠামো উন্নয়নের অজুহাতে তারা দেশের সব কাঠামো ও ব্যবস্থায় অপশাসন ও বৈষম্যের রাজনীতি জারি করেছিল; আগামীতে কোনো সরকার যেন এটা না করতে পারে, তা নিশ্চিত করা জরুরি। উন্নয়ন মানে কেবল দৃশ্যমান অবকাঠামোই নয়। উন্নয়ন মানে ন্যায়বিচার, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও সুযোগের সমতা।

দেশের তরুণ জনগোষ্ঠী একটি বড় সম্ভাবনা। আবার সঠিক পরিকল্পনা না থাকলে তা বড় চ্যালেঞ্জেও পরিণত হতে পারে। শিক্ষিত তরুণদের জন্য সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত করা এখন সময়ের দাবি। শিল্পায়ন, প্রযুক্তি ও কৃষিতে নতুন বিনিয়োগের সঙ্গে দক্ষতা উন্নয়নকে যুক্ত করতে হবে। উদ্যোক্তা হওয়ার পথ সহজ করতে হবে, যেন তরুণরা চাকরিপ্রার্থী হওয়ার পাশাপাশি চাকরিদাতা হিসেবেও গড়ে উঠতে পারে। এ জায়গায় দুর্নীতি বড় বাধা। দুর্নীতিবাজ আওয়ামী সরকারের সময় আমরা দেখেছি দুর্নীতি ও অর্থ পাচার কীভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিটি কাঠামোকে ভেঙে দিয়েছে। দুর্নীতি রাষ্ট্রের সম্পদ ক্ষয়, নাগরিকদের মধ্যে অনাস্থা তৈরি এবং স্বাধীনতার সুফলকে সীমিত করে। তরুণরা যখন দেখে মেধার চেয়ে পরিচয় ও ক্ষমতার প্রভাব বেশি, তখন তারা হতাশ হয়। যোগ্য নাগরিক গড়তে হলে রাষ্ট্রকে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন হতে হবে এবং ন্যায়ভিত্তিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলোর উচিত এসব বিষয়ে গুরুত্ব আরোপ করা; নির্বাচনী অঙ্গীকারে নাগরিকদের ক্ষমতায়নে অগ্রাধিকার দেওয়া। এবারের নির্বাচনেও বিএনপিকে দেশ ও জনগণের প্রতি তাদের নিষ্ঠা ও সততার প্রমাণ দেওয়া উচিত।

নির্বাচন সামনে রেখে নাগরিক হিসেবে আমাদেরও মনে রাখা উচিত– নির্বাচন মানে শুধু ভোট দেওয়াই নয়; পাশাপাশি ইতিহাস, অভিজ্ঞতা, মূল্যবোধ ও প্রতিশ্রুতি পর্যালোচনা করে সঠিক দল ও ব্যক্তিকে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা।

এই নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলগুলোর কাছে জনগণের প্রত্যাশা পরিষ্কার– উন্নয়নের স্লোগানের পাশাপাশি নাগরিক উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা চাই। শিক্ষার গুণগত মান কীভাবে বাড়বে; স্বাস্থ্য খাতে সংস্কার কীভাবে হবে; তরুণদের কর্মসংস্থান ও রাজনৈতিক অংশগ্রহণ কীভাবে নিশ্চিত হবে, এসব প্রশ্নের বাস্তবসম্মত উত্তর চাই। যোগ্য নাগরিক গড়ে তুলতে এসব প্রশ্নের উত্তর অত্যন্ত জরুরি। পাশাপাশি আমরা যদি মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে সঠিকভাবে ধারণ করি, তবে বাংলাদেশ কেবল উন্নত রাষ্ট্রই নয়; একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত হবে এবং এ লক্ষ্য অর্জনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক– সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে।

জুবায়ের বাবু: নির্মাতা ও সম্প্রচারক