বাংলাদেশের সামাজিক বাস্তবতায় ফেসবুক সবচেয়ে প্রভাবশালী মাধ্যম। প্রায় সাড়ে চার কোটি ব্যবহারকারীর একটি বড় অংশের ডিজিটাল সাক্ষরতা খুবই সীমিত। তারা জানে না কীভাবে সূত্র যাচাই করতে হয়, কীভাবে ভুয়া ছবি শনাক্ত করতে হয়, কীভাবে ভিডিও ম্যানিপুলেটেড কিনা বোঝা যায়। ফলে যে কেউ যে কোনো ব্রেকিং নিউজ বানিয়ে পোস্ট করলে তা মুহূর্তেই বিশ্বাসযোগ্য রূপ পায়। সাম্প্রদায়িক উত্তেজনা, রাজনৈতিক প্রচারণা, সেলিব্রিটিদের কেলেঙ্কারি, স্বাস্থ্য–সংক্রান্ত ভুল পরামর্শ এমন অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে ভুয়া তথ্য জনমনে আতঙ্ক ছড়িয়েছে।\r\nবিশ্বব্যাপী মেটা, ইউটিউব, টিকটক সব প্ল্যাটফর্মই অ্যালগরিদম–নির্ভর। অ্যালগরিদমের লক্ষ্য ব্যবহারকারীকে দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে আটকে রাখা। কোন খবর সত্য নাকি মিথ্যা এই প্রশ্ন তাদের কাছে গৌণ।
তারা দেখে কোন কনটেন্ট বেশি এনগেজমেন্ট পাচ্ছে; বেশি শেয়ার, কমেন্ট, রিঅ্যাকশন মানেই সেই কনটেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত। এই সিস্টেম বিভ্রান্তিকর তথ্যকে আরও বেশি শক্তিশালী করে তোলে, কারণ ভয়ের খবর, ষড়যন্ত্র তত্ত্ব, বিতর্কিত দাবি সাধারণত ভাইরাল হয় বেশি।\r\nবাংলাদেশে ডিজিটাল তথ্য বিভ্রান্তির আরেকটি কারণ হলো রাজনৈতিক মেরুকরণ। যে দলকে আমি সমর্থন করি তার পক্ষে যে কোনো ভুয়া খবর সহজে বিশ্বাস করা হয়। ভিন্নমতের মানুষকে আক্রমণ করতে ভুল তথ্য ব্যবহার করা হয়। এতে মতামতের প্রতি অসম্মান বাড়ে, সমাজে অবিশ্বাস ছড়িয়ে পড়ে।
রাজনৈতিক দলগুলো কখনো কখনো নিজেদের স্বার্থে সোশ্যাল মিডিয়ায় সংগঠিত প্রচারণা চালায়, যা সত্য-মিথ্যার গণ্ডি ভেঙে বিভক্তিকর পরিবেশ তৈরি করে।\r\nতথ্য বিভ্রান্তির সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি মানুষের আচরণ ও সিদ্ধান্তে প্রভাব ফেলে। কোভিড-১৯ মহামারির সময় ভুয়া চিকিৎসা পরামর্শে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার কোনো গুজবের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অমুক জায়গায় নাকি শিশু চোর ধরা পড়েছে এমন খবর বিশ্বাস করে জনগণ কখনো কখনো সহিংসতায়ও জড়িয়েছে। এক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ তার সুফলের পাশাপাশি বড় ধরনের সামাজিক ঝুঁকির মুখে পড়েছে।\r\nসমাধান শুধুমাত্র প্রযুক্তিগত নয় এর মূল সমাধান ডিজিটাল সচেতনতা। স্কুল-কলেজপর্যায়ে ডিজিটাল সাক্ষরতা শিক্ষা অত্যন্ত প্রয়োজন। মানুষকে শেখাতে হবে খবর কোথা থেকে এসেছে, কারা প্রকাশ করেছে, তথ্যের উৎস বিশ্বাসযোগ্য কিনা, ছবিটি আসল নাকি পুরনো এসব বিশ্লেষণ কিভাবে করতে হয়। পাশাপাশি দেশের গণমাধ্যমগুলোরও দায়িত্ব বাড়ে ভুয়া খবরের বিরুদ্ধে দ্রুত ফ্যাক্ট-চেকিং করা, জনসচেতনতা তৈরি করা, এবং যাচাইকৃত তথ্যের সহজ ব্যাখ্যা দেওয়া।\r\nসরকার, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং সচেতন নাগরিক এই তিন পক্ষ মিলেই তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে। ডিজিটাল বাংলাদেশ আজ নতুন যুগের দরজায় দাঁড়িয়ে। এখানে প্রযুক্তির বিকাশ যতই হোক, তথ্যের বিশুদ্ধতা নিশ্চিত না হলে ডিজিটাল উন্নয়ন কখনোই অর্থবহ হবে না।
