অপরূপ প্রাকৃতিক লীলাভূমি এই বাংলা। এঁকেবেঁকে বয়ে চলা নদীর মাঝে পাওয়া যায় প্রাণের স্পন্দন। সবকিছু নিয়ম মাফিক থাকলেও বাংলার নদীগুলো প্রায় বিলীন হয়ে যাচ্ছে। ছবির মতো এ দেশটার প্রাকৃতিক সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে দিনে দিনে। প্রাকৃতিক বিপর্যয় আর মানবসৃষ্ট নানা কর্মকাণ্ড এর জন্য অনেকটা দায়ী। ময়মনসিংহের বানার নদ আর খিরু নদী এর নীরব সাক্ষী। এক সময় দেখা মিলতো বানার নদে স্রোতের প্রবাহ, পালতোলা নৌকা, মৎস্য আহরণ, নদী কেন্দ্রিক জীবনযাপনের প্রবাহমান ধারা ছিল। কিন্তু কালের প্রবাহে তা আর নেই। বানার নদে বিভিন্নভাবে দখল করা হচ্ছে, নদে বাঁধ দিয়ে মাছ শিকার করায় নদের স্বাভাবিক প্রবাহে বাঁধা সৃষ্টি হচ্ছে। খিরু নদীতে দখলদারত্বের মহা উৎসব চলায় দিনদিন সংকুচিত হয়ে যাচ্ছে। অনেক জায়গায় এই নদী মৃত প্রায়।
নদীর নীরব আর্তনাদ প্রকৃতিতে ভেসে বেড়ায়। \r\nদীর্ঘদিন ধরে নদীর নাব্যতা রক্ষায় সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি। ফলে নদীর তলদেশে পলি মাটির জমাট বাঁধায় নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। এছাড়াও দেশের অধিকাংশ নদী দখল, দূষণ ও অপরিকল্পিত নগরায়ণের চাপে প্রতিনিয়ত সংকুচিত হয়ে পড়ছে নদীগুলো। প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, আর শুষ্ক মৌসুমে পানির স্বল্পতায় কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্পকারখানার বর্জ্য ও পৌর বর্জ্যরে কারণে নদীর পানি বিষাক্ত হয়ে উঠছে, যা মানুষের জীবন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। নদী শুধু পানি নয়, একটি দেশের পরিবেশ, কৃষি, মৎস্য, যোগাযোগ ও জীববৈচিত্র্যের মূল ভিত্তি। দখল, দূষণ, অপরিকল্পিত বাঁধ, শিল্প-কারখানার বর্জ্য ও নদীর প্রাকৃতিক প্রবাহ পরিবর্তনের কারণে দেশের প্রায় সব নদী এখন সংকটে। \r\nএ সংকটময় পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে নদী খনন, দখলমুক্তকরণ, নদীর দুই তীর সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ ও কঠোর আইন প্রয়োগ ছাড়া নদীকে বাঁচানোর বিকল্প উপায় খুঁজে পাওয়া দুষ্কর। এই উপলব্ধি থেকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আসুন নদী বাঁচাই, নদী বাঁচলে বাঁচবে দেশ, জনগণ এবং অর্থনীতি হবে সমৃদ্ধ।
