নির্বাচনকে সাধারণত নাগরিকদের সার্বভৌম ক্ষমতার চর্চা মনে করা হয়। বাস্তবে নির্বাচন বিদ্যমান ব্যবস্থার বৈধতা উৎপাদনের একটি কৌশলে পরিণত হয়েছে। ‘সার্বভৌম জনগণ’ কথাটা একটি বিমূর্ত আদর্শ হয়ে পড়েছে। নির্বাচনে প্রতারণা বলতে আমরা শুধু ভোট কারচুপি বুঝি।
অথচ নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়, তার সঙ্গে পরবর্তী সময়ে শাসনের কোনো মিল না থাকাও প্রতারণা। এটা বরং গভীর রাজনৈতিক প্রতারণা। বাস্তবে নির্বাচন-উত্তরকালে রাষ্ট্রের মৌলিক সিদ্ধান্ত– অর্থনৈতিক নীতি, নিরাপত্তা কাঠামো, আন্তর্জাতিক চুক্তি নির্বাচনী পরিসরের বাইরেই তৈরি হয়। ভোটকক্ষে নাগরিকদের ক্ষমতাবান মনে হলেও ওই রাষ্ট্রীয় মৌলিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা ব্রাত্য থেকে যান।
এ প্রেক্ষাপটে বলা যায়, বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক প্রতারণা উৎসব চলে নির্বাচন ঘিরে। এ সময় বিদ্যমান শাসক শ্রেণিভুক্ত প্রার্থীরা এমন এক কৌশল নেন, যেখানে তারা নিজেদের প্রকৃত স্বার্থ ও উদ্দেশ্য আড়াল করেন। গণতন্ত্র, সমতা, ইনসাফ, নিরাপত্তা, উন্নয়ন, নারী অধিকার ইত্যাদি বুলির সঙ্গে ধর্মীয় নানা আবেদন যুক্ত করে এক প্রকার ক্যামোফ্লেজের আশ্রয় নেন তারা। তা ভেদ করা অতি সচেতন ভোটার ছাড়া কারও পক্ষে সম্ভব হয় না।
এবারের নির্বাচনে বিএনপি বলছে, ফ্যামিলি কার্ড দেবে। কার্ড দিয়ে কি দারিদ্র্য হটানো যাবে? আয় বৈষম্যসহ সব ধরনের বৈষম্য নিরসন ও সম্পদ পুনর্বণ্টন কর্মসূচি কোথায়? শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি, সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যের সাংবিধানিক নির্দেশনার কী হবে? স্বাস্থ্য ব্যবস্থায় তথ্য সংরক্ষণ করা হবে; ভালো কথা। তাতে কি করপোরেটদের দখলে থাকা চিকিৎসা ব্যবস্থায় সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে? পাহাড়ি ও সমতলের আদিবাসীদের জন্য কী করা হবে? বিএনপি বরাবর সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখার বিরোধিতা করে আসছে। ধর্মীয় সংখ্যালঘুর তাহলে কী হবে? জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের বঞ্চিত রেখে কি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র বানানো যায়?
নির্বাচনে বিএনপির প্রধান প্রতিপক্ষ তারই দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৩০০ আসনে একজনও নারী প্রার্থী দেয়নি দলটি। অথচ বলছে, তারা নারীর মর্যাদা নিশ্চিত করবে। এমনকি নারীর প্রতি কেউ কুদৃষ্টিতে তাকালে ‘সেই চোখ উপড়ে ফেলা হবে’ বলে মব সহিংসতাকে উস্কে দেওয়ার কথাও বলছে। আন্দোলন-সংগ্রামের সম্মুখভাগে নারী থাকবে। কিন্তু দলটির নীতিতে রাষ্ট্রের নীতিনির্ধারণে নারীর জাগা নেই।
মুক্তিযুদ্ধকালীন নিজের অপরাধ স্বীকার না করেও মুক্তিযোদ্ধাদের হাজার সালাম জানাচ্ছেন জামায়াত নেতারা। ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। অথচ নিজেরাই বলেছেন, বিধর্মীরা সংসদে প্রতিনিধি থাকতে পারেন না। নির্বাচন ঘিরে ধর্মীয় ও করপোরেট নিওলিবারেল ফ্যাসিবাদ জোট বেঁধেছে বলেই মনে হয়। এই সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন ভূ-রাজনৈতিক খেলাও। মার্কিনের সঙ্গে জামায়াতের প্রীতির সম্পর্ক সেই একাত্তর থেকেই। এ জন্যই জামায়াত ইসলাম রক্ষার কথা বললেও ক্ষমতার জন্য গাজায় ইসরায়েলি গণহত্যায় চুপ থাকে।
বিএনপি ও জামায়াত উভয়েই নিওলিবারেল বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থা বহাল রেখে মানুষের কল্যাণ করতে চায়, যা এক প্রকার সোনার পাথর বাটি। নির্বাচনের আলোচনা ও বিতর্ক এসব জনগুরুত্বপূর্ণ পলিসি নিয়ে হওয়া দরকার। কিন্তু বামপন্থি গণতান্ত্রিক যুক্তফ্রন্টসহ আরও অনেকে এ আলোচনা তুলতে চাইলেও তারা মিডিয়ায় প্রায় অনুপস্থিত।
জনতুষ্টিবাদী (পপুলিস্ট) ছদ্মবেশ নিয়ে চরম প্রতিক্রিয়াশীল দলও নিজকে গণতান্ত্রিক ও প্রগতিশীল দাবি করতে পারে। মুখরোচক ভাষা ও মিথ্যা ভাষণ তথ্য ও সত্যকে পেছনে ফেলে দেয়। নির্বাচনী এই অবস্থা যেন একটা হাইপাররিয়াল বা পরাবাস্তব অবস্থা। এখানে নির্বাচন আর জনগণের বাস্তব রাজনৈতিক ক্ষমতার চর্চা থাকে না। আবেগ ও মিথ্যা দিয়ে এমন এক বাস্তব মনে হলেও অবাস্তব অবস্থা তৈরি করা হয় যেখানে নির্বাচন একটা প্রদর্শনীতে পরিণত হয়। ভোট, প্রচারণা ও বিতর্ক হয়ে উঠছে প্রদর্শনীমূলক ইভেন্ট। এতে প্রার্থী রূপ নেয় ব্র্যান্ডে; নির্বাচন পরিণত হয় রিয়েলিটি শোতে; গণতন্ত্র হয়ে ওঠে দূর গ্রহের এক বিষয়।
অনেকে এ ধরনের অবস্থাকে সত্য-উত্তর (পোস্ট-ট্রুথ) অবস্থা বলে অভিহিত করেন। এতে রাজনৈতিক প্রভাব মূলত আখ্যান বা গল্প বলার ক্ষমতা এবং মানুষের আবেগকে ছোঁয়ার ওপর নির্ভর করে। আবেগ তথ্যের চেয়ে বড় হয়ে ওঠে। এখানে সত্য নাই হয়ে যায় না, কিন্তু সত্য গুরুত্ব হারায়। প্রশ্ন হয়ে দাঁড়ায়, এটা কি আমার পক্ষের গল্প? সহজ করে বললে, ন্যারেটিভ বা বয়ানের যুদ্ধ হলো অবস্থিত বাস্তবতা দখলের লড়াই; নিজ দৃষ্টিকোণ থেকে বাস্তবতার বয়ান। এতে রাজনীতি রূপ নেয় ন্যারেটিভের যুদ্ধে। তখন নীতি আর কর্মসূচি নয়; ন্যারেটিভ প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচন হয়ে দাঁড়ায় কোনো একটি ন্যারেটিভের পক্ষে অবস্থান নেওয়ার আনুষ্ঠানিকতা। দেশে চলমান নির্বাচনী রাজনীতির মুখোশের আড়ালে কী আছে, সেটা বোঝা তাই কঠিন।
ভোট একটা স্বস্তি দেবে বটে। জনসার্বভৌমত্বের দিক থেকে প্রচলিত ব্যবস্থায় নির্বাচন অপ্রয়োজনীয় নয়। তবে গণতন্ত্রকে শুধু ব্যালট বাক্সে সীমাবদ্ধ করা ঠেকানো গেলেই এ কথা বলা যাবে। গণতন্ত্র শুরু হয় ভোটের পরে এবং প্রায়ই ভোটের বাইরে। আগামীতে বাস্তব গণতন্ত্রের জন্য দরকার হবে শ্রমিক, কৃষক ও পেশাজীবীদের সংগঠন, সামাজিক আন্দোলন, নারী ও আদিবাসী অধিকার আন্দোলন, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম, সাংস্কৃতিক ও ভাষাগত প্রতিরোধ। বৈষম্য নিরসন, অর্থনৈতিক সাম্য ও গণতন্ত্রের জন্য আগামীতে সংগঠন ও সংগ্রাম আরও জরুরি হয়ে উঠবে।
আসন্ন নির্বাচনে দৃশ্যের আড়ালে, মুখোশের পেছনে লুকিয়ে থাকা বৈষম্যবাদী কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। নির্বাচনী রাজনীতির সীমাবদ্ধতা সত্ত্বেও নির্বাচনকে একটা বৈষম্যহীন, মবমুক্ত নিরাপদ শান্তির গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম ও সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।
ড. আখতার সোবহান মাসরুর: নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা
