মানব ইতিহাসের পুরো সময় ধরে মহাশূন্য ছিল খুব কাছে, আবার খুব দূরে। মহাকাশ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। যেমন ধরুন যোগাযোগ, অর্থনীতি, সামরিক কৌশল- সবকিছুর কেন্দ্রবিন্দু বর্তমানে মহাকাশ। পৃথিবীর এক প্রান্তের মানুষের সাথে অপর প্রান্তের মানুষের যোগাযোগ সহজ হয়ে দাঁড়িয়েছে মহাকাশ প্রযুক্তির উৎকর্ষে। পৃথিবীর ওপরে এখন অনেক ভিড়, ভবিষ্যতে তা আরও বাড়বে। আশিটির বেশি দেশ মহাকাশের সীমান্ত অতিক্রম করেছে এবং সেখানে স্থাপন করেছে নিজেদের উপগ্রহ। সেই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।\r\n১৯০৩ সালে মানব ইতিহাসের প্রথম শক্তিচালিত বিমান আকাশে ওড়ার সাত মাস আগে, এক অখ্যাত স্বশিক্ষিত রুশ বিজ্ঞানী মহাকাশযাত্রার সম্ভাবনার প্রথম তাত্ত্বিক প্রমাণ প্রকাশ করেন। সেই বছরই রাইট ভ্রাতৃদ্বয় ইতিহাসে স্থান করে নেন।
কিন্তু সিওলকভস্কি থেকে যান প্রায় অচেনা। তিনি তার Exploration of the World Space with Reaction Machines প্রবন্ধে প্রমাণ করেন, রকেট বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করতে পারে। তরল অক্সিজেন ও তরল হাইড্রোজেন ব্যবহার করে জ্বালানি তৈরি করা হলে তা সম্ভব ।\r\n১৯৫৭ সালের ৪ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে শর্টওয়েভ রেডিওতে এক ধরনের বিপ...বিপ শব্দ শোনা যায়। রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়ন) তখন কাজাখস্তান থেকে স্পুটনিক-১ উৎক্ষেপণ করে। এটাই ছিল পৃথিবীর কক্ষপথে মানুষের তৈরি প্রথম বস্তু। শুরু হলো মহাকাশ যুগ। স্পুটনিক উৎক্ষেপণের পর থেকেই আমেরিকানরা নিজেদের অস্তিত্ব নিয়ে পড়ে যায় দুশ্চিন্তায়। রাশিয়া ও আমেরিকানদের মাঝে শুরু হয় মহাকাশ প্রতিযোগিতা।
Union of Concerned Scientists-এর হিসাবে, বর্তমানে পৃথিবীর কক্ষপথে ঘুরছে ৮০০০ এর বেশি কৃত্রিম উপগ্রহ।\r\nবিমানের সর্বোচ্চ ক্ষমতা প্রায় ১২ কিলোমিটার ছাড়িয়ে। আরও ৬০ কিলোমিটার ওপরে উঠলে আমরা পৌঁছে যাই মহাকাশের দ্বারপ্রান্তে। নাসার সংজ্ঞা অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার ওপর শুরু হয় মহাকাশ। তার নিচে সবই পৃথিবী। প্রায় ১৬০ থেকে ২০০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছালে আপনি হয়তো এক ঝলক দেখতে পাবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আবার লো আর্থ অরবিট এখন আকর্ষণীয় রিয়েল এস্টেট , যেখানে পৃথিবীর অধিকাংশ কৃত্রিম উপগ্রহ ঘুরে বেড়ায়। যেটি সবচেয়ে বেশি ব্যবহৃত অঞ্চল, বিশেষ করে ছবি তোলা ও তথ্য সংগ্রহের জন্য। এই উপগ্রহগুলো না থাকলে আন্তর্জাতিক যোগাযোগ-ব্যবস্থা ও গ্লোবাল পজিশনিং সিস্টেম (GPS) বলে কিছুই থাকত না।
এই স্যাটেলাইটগুলো জ্যাম করা, ভুয়া সংকেত পাঠানো বা ধ্বংস করে দিলে বিশৃঙ্খলা নেমে আসাতে পারে। বিভিন্ন জরুরি পরিসেবা বিঘ্নিত হওয়া থেকে শুরু করে বেশির ভাগ রাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ক্ষতির মুখে পড়বে।\r\nআমরা মহাকাশের নতুন প্রতিযোগিতার মঞ্চে আছি। পৃথিবীর রাজনীতি, জোট, প্রতিদ্বন্দ্বিতা ও সংঘাত একসময় মহাকাশকেও ছাড়িয়ে যাবে। বর্তমানে সামরিক ও বেসামরিক উভয় পক্ষ নজর দিচ্ছে পৃথিবীর উপগ্রহ থেকে শুরু করে চাঁদ পর্যন্ত, এমনকি তার চেয়েও ওপরের দিকে। এখন সময় অ্যাস্ট্রোপলিটিক্স বা মহাকাশ রাজনীতির যুগ।\r\nঊনবিংশ ও বিংশ শতকের সেরা ভূরাজনৈতিক চিন্তাবিদরা সমুদ্রশক্তি ও স্থলশক্তি নিয়ে তত্ত্ব তৈরি করেছিলেন। তাদের বিশ্লেষণে স্থান, দূরত্ব ও ভৌগোলিক প্রতিবন্ধকতাকে গুরুত্ব দেওয়া হয়েছিল।
যেগুলো নির্ধারণ করত কোনো রাষ্ট্র কতদূর ক্ষমতা বিস্তার করতে পারবে এবং আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে। এমনকি উপত্যকা, নদী আর পর্বতশ্রেণি নির্ধারণ করত যুদ্ধের গতিপথ। মহাকাশ রাজনীতি একই নীতির অনুসারী। ভূপৃষ্ঠ থেকে তা বিস্তৃত হয়েছে মহাকাশ পর্যন্ত। ভূরাজনীতির মতোই এর ভিত্তি ভৌগোলিক।\r\nমহাকাশে রয়েছে তীব্র বিকিরণ অঞ্চলের মধ্য দিয়ে পার হওয়ার ঝুঁকি, অসংখ্য আলোকবর্ষ দীর্ঘ দূরত্বের মহাসাগর দ্রুতগতিতে চলার মহাসড়ক, সামরিক বা বাণিজ্যিক সরঞ্জাম স্থাপনের কৌশলগত করিডর এবং রয়েছে খনিজ ও সম্পদে সমৃদ্ধ ভূমি। যা বড় বড় শক্তিধর দেশের নজরে। তারা চেষ্টা করছে এগুলোর ওপরে নিজেদের আধিপত্য ও কর্তৃত্ব বজায় রাখার জন্য।
একটি দেশের মহাকাশ কর্মসূচি সফল করতে হলে থাকতে হবে পর্যাপ্ত বৈজ্ঞানিক, প্রকৌশল ও প্রযুক্তিগত দক্ষতা, দুর্লভ ধাতু ও খনিজ সম্পদে স্বনির্ভরতা এবং জনগণের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নতির প্রতি দৃঢ় বিশ্বাস। যত বড় হবে দেশটি, তত বেশি আকাশের অংশ সে নিজ ভূখণ্ড থেকেই পর্যবেক্ষণ করতে পারবে এবং তত সহজে স্যাটেলাইট ও মহাকাশযান ট্র্যাক করতে পারবে, তা বন্ধুর হোক বা শত্রুর। বর্তমানে চীন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়াই মহাকাশে প্রধান শক্তি। তাদের সামরিক বেসামরিক উপস্থিতি দ্রুত বিকশিত হচ্ছে।\r\nআধুনিক সামরিক উপগ্রহ এখন প্রায় ০.১৫ মিটার (১৫ সেন্টিমিটার) পর্যন্ত দেখতে সক্ষম। অর্থাৎ, কোন ব্র্যান্ডের সানগ্লাস মানুষ পড়েছে তাও শনাক্ত করা সম্ভব!
তবে নিরাপত্তাজনিত কারণে এ ধরনের প্রযুক্তি বাণিজ্যিকভাবে বিক্রি করা নিষিদ্ধ। যদি কোনো উপগ্রহ গোয়েন্দা বা নজরদারির কাজে ব্যবহৃত হয়, তাহলে সেটি কোথায় আছে বা কোথায় ঘুরছে, তা জানা অত্যন্ত মূল্যবান। এমন উন্নত উপগ্রহের ব্যবহার আমেরিকা, রাশিয়া, চীন, ইসরাইলের মতো প্রযুক্তি নির্ভর দেশ করছে। নিজ দেশের নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়াতে ব্যবহার করছে। মহাকাশ এখন আন্তর্জাতিক ব্যবস্থার নতুন সীমান্ত, যেখানে ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রতিযোগিতা চলছে।\r\nলো আর্থ অরবিটে যুক্তরাষ্ট্রের ছয়টি Advanced Extremely High Frequency উপগ্রহ ঘুরছে। যা তাদের যুদ্ধবিমান, ব্রিটিশ, ডাচ, অস্ট্রেলিয়া ও কানাডীয় সেনাবাহিনী এবং মার্কিন পারমাণবিক আগাম সতর্কতা ব্যবস্থার সঙ্গে যোগাযোগ রাখে।
রাশিয়ার Unified Satellite Communication System অবস্থান করছে একই কক্ষপথে।\r\nমানবজাতি যখনি নতুন কোনো জায়গায় পদার্পণ করছে, যুদ্ধও সেখানে সংঘটিত হয়েছে। জাহাজ নির্মাণের ফলে তৈরি হয়েছে যুদ্ধজাহাজ। বিমান প্রযুক্তি এনেছে যুদ্ধবিমান। মহাকাশও এর ব্যতিক্রম নয়। সম্ভাব্য যুদ্ধক্ষেত্র ইতোমধ্যে রূপ নিচ্ছে। মানুষ সত্যিই যদি এক মহাকাশভিত্তিক সংঘাতের যুগে প্রবেশ করতে থাকে, তা দেখতে কেমন হবে?\r\nধারণাগতভাবে, গবেষকরা মনে করেন, মহাকাশের কক্ষপথীয় পথগুলো নিয়ে প্রতিযোগিতায় নামবে অথবা ভূখণ্ড থেকে মহাকাশ পর্যন্ত ক্ষমতা বিস্তার করতে পারে। ঠিক যেমন তারা নিজেদের উপকূলের চারপাশে সমুদ্র অঞ্চল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তবে যেভাবেই ব্যাখ্যা হোক না কেন, নিকট ভবিষ্যতে কোনো একক রাষ্ট্র মহাকাশে আধিপত্য বিস্তার করতে পারবে না।
তত্ত্বগতভাবে কোনো একক শক্তি একদিন পুরো নিয়ন্ত্রণ অর্জন করতে পারে। তাই প্রধান শক্তিধর দেশগুলো এখনই বিনিয়োগ করছে, যাতে তারা ভবিষ্যতে পিছিয়ে না পড়ে।\r\nআবার, দ্বিতীয় সারির শক্তিগুলো চায় বড় তিন শক্তি- যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের ওপর নির্ভরতা কমাতে। মহাকাশে যুদ্ধ মানেই মূলত পৃথিবীতে যুদ্ধ। কারণ, প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলো এখন মহাকাশের ওপর এতটাই নির্ভরশীল যে, মহাকাশ হয়ে উঠেছে আধুনিক সামরিক কৌশলের কেন্দ্রবিন্দু। স্যাটেলাইট ছাড়া, সেনানায়ক জানবেন না কোথায় রাখতে হবে বিমানবাহী রণতরী, কোথায় পাঠাতে হবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও সেনাবাহিনী। তার শত্রুর অবস্থান সম্পর্কেও নিশ্চিত হতে পারবে না। প্রফেসর এভারেট ডরম্যান বলেন, নিকট ভবিষ্যতে সম্ভাব্য মহাকাশ সংঘাতের উৎস হবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উত্তেজনা, যেখানে রয়েছে চীন, তাইওয়ান, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র।\r\nমহাকাশ মানবজাতির সম্পদ- এই ধারণাটি দ্রুত হারিয়ে যাচ্ছে। তাই মহাকাশে সংঘাতের ঝুঁকিও বাড়ছে। আমাদের দরকার এক নতুন নীতিমালা। সেই নীতিমালায় মহাকাশকে বোঝার এক নতুন দৃষ্টিভঙ্গি থাকতে হবে। পৃথিবীর প্রতিটি মানুষ মহাকাশের নিয়মতান্ত্রিক ব্যবস্থার অংশীদার এবং প্রত্যেকেই এই মহাজাগতিক বিষয়ে বৈশ্বিক সহযোগিতার প্রয়োজন অনুভব করে। অন্যথায়, আমরা হয়তো শেষ পর্যন্ত মহাকাশের ভূগোল নিয়ে যুদ্ধ শুরু করব। যেমনটা করেছি পৃথিবীর ভূগোল নিয়ে, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী।
