কাগজে-কলমে একটি ঘর শুধু ইট-সিমেন্টের কাঠামো হলেও ভাড়াটিয়ার কাছে সেটিই পরিবার, নিরাপত্তা আর স্বস্তির শেষ আশ্রয়। সেই আশ্রয়ের খরচ হঠাৎ বেড়ে গেলে পুরো সংসারের হিসাব এলোমেলো হয়ে পড়ে। মাসিক বেতনের বড় অংশ ভাড়ায় চলে যাওয়ায় অনেক পরিবারকে খাবারের মান কমাতে হয়, চিকিৎসা পিছিয়ে দিতে হয়, এমনকি সন্তানের পড়াশোনার খরচও কাটছাঁট করতে হয়।\r\nক্যালেন্ডারের পাতা বদলানোর সঙ্গে সঙ্গে যেন বাড়িওয়ালাদের ভাড়া বাড়ানোর অলিখিত ঘোষণা কার্যকর হয়ে যায়। অথচ সেই একই পুরোনো বাড়ি একই বেতন! অধিকাংশ ক্ষেত্রেই এ বাড়তি ভাড়ার পেছনে কোনো নির্দিষ্ট নীতিমালা বা যুক্তি কাজ করে না। সরকারি বিধি, ন্যায্যতা বা ভাড়াটিয়ার বাস্তব সক্ষমতা এসবের তোয়াক্কা না করেই এক দফা ভাড়া বাড়ানো হয়।\r\nবর্তমান সময়ে মূল্যস্ফীতি সাধারণ মানুষের নিত্যসঙ্গী।

চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে চিকিৎসা ও শিক্ষার খরচ সবকিছুই আগের চেয়ে অনেক বেশি। এই পরিস্থিতিতে বাড়তি ভাড়া গোনা ভাড়াটিয়াদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায়। \r\nঅনেক ভাড়াটিয়া আছেন, যাঁরা নির্দিষ্ট আয়ে চাকরি করেন বা দিনমজুরির ওপর নির্ভরশীল। নতুন বছরে তাঁদের বেতন বাড়ে না, কিন্তু বাড়িওয়ালার দাবি বেড়ে যায় । বিশেষ করে নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এই চাপ মানসিক যন্ত্রণায় রূপ নেয় দুশ্চিন্তা, অনিদ্রা আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাঁদের নিত্যসঙ্গী হয়ে ওঠে। ভাড়াটিয়ারা শহরের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হলেও তাদের অধিকার প্রায়ই উপেক্ষিত থাকে। বাড়িভাড়া নিয়ন্ত্রণে কার্যকর আইন থাকলেও তার প্রয়োগ দুর্বল।\r\nএই বাস্তবতায় ভাড়াটিয়াদের জীবন যেন এক অবিরাম সংগ্রাম। স্বপ্ন, সঞ্চয় কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুই ভাড়ার চাপে চাপা পড়ে যায়। তাই ভাড়াটিয়াদের দুঃখ-কষ্ট শুধু ব্যক্তিগত নয়; এটি সমাজের এক নীরব আর গভীর সংকট, যা সমাধানে মানবিক দৃষ্টিভঙ্গি ও কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।\r\nনতুন বছর যেন আনন্দ আর আশার বার্তা নিয়ে আসে এটাই প্রত্যাশা। কিন্তু ভাড়াটিয়াদের জন্য যদি বছরের শুরুতেই ভাড়া বৃদ্ধির দুশ্চিন্তা নিত্যসঙ্গী হয়, তবে সেই আনন্দ ম্লান হয়ে যায়। তাই ন্যায্য ভাড়ানীতি, আইনের সঠিক প্রয়োগ এবং পারস্পরিক সহমর্মিতাই পারে এই সংকট কিছুটা হলেও লাঘব করতে।