ক্ষমতা হারানোর পরও ফ্যাসিস্ট বা চরম কর্তৃত্ববাদী রাজনৈতিক দল নিজেদের পরাজয় বা পতনকে জনগণের রায় কিংবা নিজেদের ব্যর্থতা হিসেবে স্বীকার করে না। পরাজয়ের দায় চাপানো হয় বিদেশি শক্তি বা কথিত ডিপ স্টেটের ওপর। কখনো দলের কিছু নেতার বিশ্বাসঘাতকতার ফল হিসেবেও দেখানো হয়। কর্মীদের বোঝানো হয়, বর্তমান পরিস্থিতি সাময়িক এবং তারা আবার ক্ষমতায় ফিরবে। এই বিশ্বাস না থাকলে কর্মীরা দল ছাড়তে শুরু করেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের পলাতক নেতারা ঠিক এই কাজটিই করে চলেছেন। এ জন্য তারা সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি দেশের মূলধারার গণমাধ্যমকেও সফলভাবে ব্যবহার করতে পেরেছেন।
অভ্যুত্থানের পর দলটির শীর্ষনেতাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা পালিয়ে যান। দলটির বহুমুখী সাংস্কৃতিক ফ্রন্ট নিষ্ক্রিয় হয়ে পড়ে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যত ভেঙে পড়েছিল। ট্রাফিকব্যবস্থা ঠিক রাখতে শিক্ষার্থীদের রাস্তায় নেমে কাজ করতে হয়েছে। এই দুর্বল পরিস্থিতির মধ্যেও পরাজিত দলটির নেতাকর্মীরা সহিংস কোনো কর্মকাণ্ড চালানোর সাহস পাননি। দেশের গণমাধ্যমগুলোর ভেতরে থাকা দেড় দশকের সুবিধাভোগী গোষ্ঠী কার্যক্রম নিষিদ্ধ দলটির পক্ষে কোনো ধরনের প্রচারণায় অংশ নিতে পারেনি। কিন্তু ফ্যাসিবাদী দলকে পরাজিত করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর কেন তারা সহিংস চেহারা নিয়ে আবার ফিরে আসার চেষ্টা করছে, তা গভীর পর্যালোচনার বিষয়।
ফ্যাসিবাদী রাজনৈতিক দলের কমবেশি জনসমর্থন থাকে। বিশ্বের সব দেশেই ফ্যাসিবাদী রাজনৈতিক দলের তা ছিল। কিন্তু সেই রাজনৈতিক দল আর কখনো পুনর্বাসিত হয়নি। দলটির সমর্থকরা ভিন্ন রাজনৈতিক দলে আত্মীকরণ হন। আবার মতাদর্শ পরিবর্তনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলের জন্ম হতে পারে। বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনৈতিক দলটির আবার ফিরে আসার পেছনে মূল কারণ ছিল নির্বাচন সামনে রেখে এই দলের নেতাকর্মীদের আত্মীকরণের বদলে পুনর্বাসিত করা। নির্বাচনে অংশ নেওয়া প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, ভোট পাওয়ার জন্য এই কাজকে প্রধান নির্বাচনি কৌশল হিসেবে গ্রহণ করে। বিএনপি ফ্যাসিবাদী দলটির নেতাকর্মীদের মতাদর্শ পরিবর্তন করে নিজ দলে আত্মীকরণের পরিবর্তে তাদের কাছে শুধু বিজয়ী হওয়ার জন্য ভোট প্রার্থনা করেছে। কিন্তু বিএনপির প্রতি তাদের কোনো আনুগত্য ছিল না। তাদের আনুগত্য দিল্লিতে পলাতক নেতৃত্বের প্রতি। এই কৌশলের পরিণতি যে কতটা ভয়ংকর হতে পারে, সে ধারণা ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকদের ছিল না।
বিএনপি নেতারা পুরো ফ্যাসিবাদী কাঠামো বহাল রেখে শুধু সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনার স্বপ্ন দেখেছিলেন। এমনকি সরকার গঠনের আগেই ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে দূরত্ব তৈরি করেন। তারা ভুলে গিয়েছিলেন, বিদেশি মদতপুষ্ট ফ্যাসিবাদী রাজনৈতিক দল যখন বাইরের কোনো রাষ্ট্র, প্রভাবশালী গোষ্ঠী বা ভূরাজনৈতিক স্বার্থে সমর্থন পায়, তখন তাদের টিকে থাকার সক্ষমতা অনেক বেড়ে যায়। স্থানীয় জনসমর্থন বা নিজস্ব অর্থনৈতিক ভিত্তি দুর্বল হলেও বাইরের পৃষ্ঠপোষকতা তাদের সাংগঠনিক কাঠামোকে দীর্ঘদিন সচল রাখতে পারে।
পতিত ও পলাতক ফ্যাসিবাদীদের সবচেয়ে ক্ষোভ ছিল ড. মুহাম্মদ ইউনূসের সরকারের ওপর। তারা মনে করে, ড. ইউনূস আর কথিত ডিপ স্টেটের গভীর ষড়যন্ত্রে তারা পরাজিত হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছিল ইসলামপন্থি দলগুলো, বিশেষ করে জামায়াতে ইসলামীর রাজনৈতিক শক্তি। জুলাই-আগস্টে রাজনৈতিক পরিচয়ের বাইরে যে লাখ লাখ ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল, আওয়ামী লীগের চোখে তাদের দেখা হয় বিভ্রান্তি হিসেবে।
বিস্ময়কর ব্যাপার হলো, বিএনপির নির্বাচনি প্রচারের সময় ফ্যাসিবাদী সফট পাওয়ার সক্রিয় হতে শুরু করে। কারণ, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী যেহেতু জামায়াতে ইসলামী, তাই তাদের ঘায়েল করতে ফ্যাসিবাদের পক্ষের চিহ্নিত প্রচারবিদদের দলটি ব্যবহার করতে শুরু করে। এদের প্রধান কাজ ছিল ড. মুহাম্মদ ইউনূস ও জামায়াতে ইসলামীর সমালোচনা করা। বিএনপির রাজনৈতিক নেতৃত্ব ফ্যাসিবাদী প্রচারবিদদের ফাঁদে পড়ে। জামায়াত-ইউনূসবিরোধী বক্তব্য তারা উপভোগ করে। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী তাদের অনেকের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করেন এবং টকশোতে তাদের বক্তব্যের প্রশংসা করে চিঠি লেখেন।
এসব কর্মকাণ্ডের ফলে মূলধারার মিডিয়া অনেকটা খোলাখুলিভাবে ফ্যাসিবাদীদের রাজনৈতিক অধিকার দেওয়ার পক্ষে মত উৎপাদন করতে থাকে। ক্ষমতাসীন দলের এই নীতি প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের সমর্থকদের যেমন উৎসাহিত করে, তেমনি তারা এটিকে সরকারের দুর্বলতা হিসেবেও দেখতে থাকে।
ফ্যাসিবাদী দলের পক্ষে যখন কোনো বয়ান বা প্রচারণা তৈরি করা হয়, তখন তা শুধু বাইরের জনমতকে প্রভাবিত করার জন্য নয়, বরং দলটির নিজস্ব নেতাকর্মীদের মনস্তত্ত্ব ও আচরণ নিয়ন্ত্রণের জন্যও ব্যবহৃত হয়। আওয়ামী লীগের প্রচারবিদরা নিরবচ্ছিন্নভাবে ঠিক এই কাজটি করে গেছেন। আইনি ব্যবস্থা, দুর্নীতির তদন্ত বা গ্রেপ্তারকে ‘রাজনৈতিক নিপীড়ন’ হিসেবে তুলে ধরে কর্মীদের মধ্যে সহানুভূতি ও ক্ষোভ জিইয়ে রাখার কৌশল গ্রহণ করা হয়।
ফ্যাসিবাদী বয়ান পরাজিত দলটির নেতাকর্মীদের মনে এই বিশ্বাস গেঁথে দেয় যে, তারা এবং তাদের দল কোনো এক ‘অদৃশ্য শত্রু’ বা ষড়যন্ত্রের শিকার। এই মানসিকতা তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিশোধস্পৃহা তৈরি করে, যা যেকোনো সহিংসতা বা অন্যায়কে ‘আত্মরক্ষা’ হিসেবে বৈধতা দেয়। বয়ানের মাধ্যমে বিরোধীদের শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং ‘দেশদ্রোহী’, ‘অপরাধী’ বা ‘অস্তিত্বের হুমকি’ হিসেবে চিত্রিত করা হয়।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধীদের সঙ্গে এই আচরণ করেছে। এখন পরাজিত হয়ে একই চিন্তা থেকে বিচ্ছিন্নভাবে হত্যা ও বোমাবাজির পথ বেছে নিয়েছে।
ক্রমাগত মিথ্যা বা অতিরঞ্জিত বয়ান শুনতে শুনতে নেতাকর্মীরা তথ্য-প্রমাণ বা যুক্তির চেয়ে নেতার কথাকে চূড়ান্ত সত্য বলে মেনে নেন। নেতাকর্মীরা মনে করতে শুরু করেন, যেহেতু তারা একটি ‘মহান জাতীয় বা আদর্শিক উদ্দেশ্য’ বাস্তবায়ন করছেন, তাই তাদের নেতাদের দুর্নীতি, স্বজনপ্রীতি বা আইনের লঙ্ঘন কোনো অপরাধ নয়—বরং এটি তাদের ন্যায্য প্রাপ্য।
দুর্ভাগ্যজনক দিক হচ্ছে, বিএনপির ভেতর থেকেই ফ্যাসিবাদী বয়ানের পক্ষে জনমত তৈরি করা হচ্ছে। বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান আওয়ামী লীগের প্রোপাগান্ডা চ্যানেলে হাজির হয়ে গণঅভ্যুত্থানের সময় হাজার হাজার পুলিশ হত্যার অভিযোগ করছেন। গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসকে বৈধতা দিচ্ছেন। বিএনপির একজন সংসদ সদস্য যখন সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করেন, তখন নিষিদ্ধ দলের কর্মীরা যে আরো বেশি উজ্জীবিত হবেন, তাতে কোনো সন্দেহ নেই।
প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে আসার পর নিষিদ্ধ দলটি তাদের সাংগঠনিক কাঠামো বদলে ফেলেছে। জনরোষের কারণে বড় ও দৃশ্যমান সমাবেশের বদলে তারা এখন ছোট ছোট গোপন সেল, এনক্রিপ্টেড যোগাযোগমাধ্যম ও স্থানীয় অনানুষ্ঠানিক নেটওয়ার্কের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছে।
নিষিদ্ধ দলের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য প্রয়োজন হয় বিপুল অর্থের। আমরা দেখেছি, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চরমপন্থি সংগঠনগুলো একসময় অর্থের জন্য ডাকাতির পথ বেছে নিয়েছিল। কিন্তু আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে যে লুটপাটের অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হয়েছে, তা এখনো পুরোপুরি বহাল রয়েছে। শুধু পাহারাদার বদল হয়েছে।
আওয়ামী লীগের অলিগার্ক শ্রেণি বর্তমান ক্ষমতাসীনদের একজন বা দুজন ব্যক্তিকে ভালো বেতন দিয়ে প্রতিষ্ঠানগুলো রক্ষার দায়িত্বে নিয়োজিত রেখেছে। অন্যদিকে, অলিগার্কদের নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো পতিত রাজনৈতিক শক্তির পক্ষে কোনো ধরনের রাখঢাক ছাড়াই প্রচারণা চালাচ্ছে। দলটির সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে দেখানো হচ্ছে নিছক একটি রাজনৈতিক আন্দোলন হিসেবে। আসলে ক্ষমতায় থাকাকালে গড়ে ওঠা ব্যবসায়ী গোষ্ঠী, প্রবাসে পাচার করা অর্থের গোপন তহবিল এবং স্থানীয় প্রভাবশালী নেটওয়ার্কের মাধ্যমে দলের খরচ চালানোর মতো অর্থের কোনো সমস্যা হচ্ছে না।
আওয়ামী লীগের সন্ত্রাসবাদী তৎপরতার জন্য দেশের ভেতরে যেমন শক্তিশালী নেটওয়ার্ক কাজ করছে, তেমনি সীমান্তের ওপার থেকেও মদত পাচ্ছে। ভারতের হিন্দুত্ববাদী সরকারের সমর্থন নিয়ে দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করছে তা নয়, লাগাতার চালানো হচ্ছে বাংলাদেশবিরোধী প্রচারণা । মনে রাখতে হবে, ভারতের মদতে আওয়ামী লীগের সন্ত্রাসবাদী রাজনীতি নতুন নয়। জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগের একটি অংশ ভারতের মদতে সশস্ত্র কর্মকাণ্ড শুরু করেছিল। তারা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় যুদ্ধ শুরু করেছিল।
খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামান এক সাক্ষাৎকারে আমাকে বলেছিলেন, বিদেশি সমর্থনপুষ্ট সন্ত্রাসবাদী রাজনীতি সহজে ধ্বংস হয় না। সন্ত্রাসবাদী দলকে নানা ধরনের চাপ সৃষ্টির জন্য বিদেশি শক্তি ব্যবহার করে থাকে।
ভারত ও আওয়ামী লীগের পলাতক নেতারাও জানেন, গণহত্যার পর রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা নেই। ভারতে আশ্রয়ের বিনিময়ে এরা শুধু খেলার গুঁটি হিসেবে ব্যবহৃত হবে।
জিয়াউর রহমানের মতো তারেক রহমানকেও এখন দীর্ঘ সময়ের জন্য সন্ত্রাসবাদী রাজনীতি মোকাবিলা করতে হবে। জিয়াউর রহমানের মতো তাকেও জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদের পক্ষে বয়ান উৎপাদনকারী গোষ্ঠী ও অলিগার্ক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে হবে।
এ জন্য প্রথম দরকার হবে ক্ষমতাসীন দলের মধ্যে থাকা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীলদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান। ফ্যাসিবাদী প্রভাববলয়ে থাকা রাজনৈতিক নেতৃত্বকে দলের মধ্যে রেখে বিদেশি মদতপুষ্ট আওয়ামী কাল্টের সন্ত্রাসনির্ভর মতাদর্শিক রাজনীতি মোকাবিলা করা কঠিন হবে।
লেখক : সহযোগী সম্পাদক, আমার দেশ
alfaz@dailyamardesh.com
