রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি- তিন পার্বত্য জেলায় দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটানোর অভিপ্রায়ে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও শান্তিবাহিনী প্রধানের মধ্যে স্বাক্ষরিত চুক্তি শান্তি প্রতিষ্ঠার চেয়ে বরং বৈষম্য, সাংবিধানিক সংঘাত ও জাতীয় স্বার্থে আপোসের দলিলে পরিণত হয়েছে বিগত সময়ে। বাংলাদেশের ভূরাজনীতির ইতিহাসে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তির সময় স্পষ্ট হয়ে উঠেছে যে, শান্তি এখনো অধরা। দুপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হলেও এর গঠন, কাঠামো এবং বাস্তবায়ন প্রক্রিয়া আজও বহু প্রশ্নের জন্ম দিচ্ছে প্রতিনিয়ত। চুক্তির ধারা-উপধারা অধ্যয়নে আমরা বুঝতে পারি, এটি কি আসলেই শান্তিচুক্তি, নাকি স্বাধীন বাংলাদেশে বাঙ্গালীদের প্রতি বৈষম্যের এক দলিল?

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির প্রায় তিন দশকেও পাহাড়ে সংঘাত-সংঘর্ষ থামেনি। অস্ত্রের ঝনঝনানি, চাঁদাবাজি, গুম-খুন, ধর্ষণ ও সংঘর্ষ পাহাড়কে অশান্ত করেছে বারবার। চুক্তির পরও গড়ে উঠেছে আরও পাঁচটি সশস্ত্র সংগঠন। যদিও পার্বত্য চুক্তির আগে পাহাড়ে সশস্ত্র সংগঠন বলতে কেবল ছিল শান্তি বাহিনী। \r\nশান্তি চুক্তির প্রেক্ষাপট অধ্যয়নে জানা যায়, শুরু থেকে সব ক্ষেত্রেই জাতীয় স্বার্থকে অগ্রাহ্য করে, পার্বত্য অঞ্চলের অর্ধেক জনগোষ্ঠী বাঙালিদের সম্পূর্ণ মতামত উপেক্ষা করে আলোচনার টেবিলে চুক্তির ধারাগুলো সাজানো হয়েছিল।

১৯৭৫-এ রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসে মাত্র দেড় বছরের মাথায় কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়াই বাঙালিদের মতামত না নিয়ে, তড়িঘড়ি করে শুধু সশস্ত্র গোষ্ঠীর নেতাদের সঙ্গে বিশেষ সুবিধাকেন্দ্রিক এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। পরবর্তীতে এই একতরফা চুক্তিই গুরুতর সাংবিধানিক সংঘাতের বীজতলা তৈরি করে। এই অসম চুক্তির ফলে দেশের একমুখী প্রশাসনিক কাঠামো দ্বৈত শাসনব্যবস্থার দিকে চলে যায়। চুক্তি অনুযায়ী গঠিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, তিন জেলা পরিষদ এবং ভূমি কমিশনের আইনসমূহ সংবিধানের মৌলিক অধিকার বিশেষত অনুচ্ছেদ ২৭, ২৮ এবং ২৯ সরাসরি লঙ্ঘন করেছে। জনসংখ্যার প্রায় অর্ধেক হওয়া সত্ত্বেও বাঙালিদের সর্বোচ্চ নির্বাহী পদে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আইন দ্বারা রহিত করা হয়েছে, যেটি সংবিধানের লংঘন। আঞ্চলিক পরিষদে চেয়ারম্যানের পদ একচেটিয়াভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সংরক্ষিত; ২৫ সদস্যের পরিষদে ১৮টি আসন তাদের জন্য বরাদ্দ। জেলা পরিষদেও একই বৈষম্যমূলক কাঠামো বহাল। এমনকি একটি মন্ত্রণালয়ের দায়িত্বও শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে, যা স্বাধীন বাংলাদেশের সংবিধানিক কাঠামোর সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক।\r\nআমরা স্মরণ করতে পারি, হাইকোর্ট ২০১০ সালে আঞ্চলিক পরিষদ আইনকে অসাংবিধানিক ঘোষণা করে যে রায় দেন, তা এই বাস্তবতারই সুস্পষ্ট প্রতিফলন। আইনশৃঙ্খলা, ভূমি বিরোধ নিষ্পত্তি, প্রশাসন- সব ক্ষেত্রেই চুক্তি-সৃষ্ট প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় সরকারের স্বাভাবিক ক্ষমতা এবং সংবিধানের মৌলিক নীতিকে চ্যালেঞ্জ করেছে। যে কারণে রাজনৈতিক সদিচ্ছার অভাব ও প্রশাসনিক সমন্বয়ের ঘাটতি বাঙালি-পাহাড়ি অবিশ্বাসের দেয়াল আজও ভাঙতে পারেনি, যা দুঃখজনক।