সামাজিক যোগাযোগ মাধ্যম প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এটি পারস্পরিক যোগাযোগ, সুখ-দুঃখ আনন্দ-বেদনার বহি:প্রকাশের এক অনন্য মাধ্যম। এর সৃষ্টি হয়েছিল মূলত মানুষের সাথে মানুষের সর্ম্পক তৈরি, সেটি রক্ষা এবং যোগাযোগের ইতিবাচক আকাঙ্ক্ষা থেকে। সামাজিক মাধ্যমের ধারণার সূত্রপাত ঘটে মূলত বিশ শতকের শেষদিকে, যখন ই-মেইলের মাধ্যমে মানুষ প্রথমবার দূরত্ব পেরিয়ে তাৎক্ষণিক যোগাযোগের স্বাদ পায়। এই প্রযুক্তিগত অভিজ্ঞতা থেকেই ধারণা জন্ম নেয়, যদি মানুষকে একটি অভিন্ন মাধ্যমে একত্র করা যায়, প্রোফাইল তৈরি করে পরিচিতি প্রকাশ করা যায়, তাহলে যোগাযোগ আরও কার্যকর হবে।
এই উদ্দেশ্য থেকে ১৯৯৬ সালে অ্যান্ড্রু ওয়েইনরিচ ‘সিক্স ডিগ্রি’ নামে একটি সামাজিক নেটওয়ার্কিং সাইট চালু করেন, যা কার্যকর হয় এক বছর পর ১৯৯৭ সালে। এখানে ব্যবহারকারীরা প্রোফাইল তৈরি করতে পারতেন, বন্ধুদের যুক্ত করতে এবং নিজের তথ্য প্রকাশ করতে পারতেন। যদিও তখন ইন্টারনেটের ব্যাপক প্রসার না হওয়ায় এটি জনপ্রিয়তা পায়নি, তবু এটিকে বিশ্বের প্রথম সামাজিক মাধ্যম নেটওয়ার্ক হিসেবে ধরা হয় এবং ওয়েইনরিচকে সোশ্যাল মিডিয়ার জনক বলা হয়। পরবর্তীতে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় লিংকডইন, যা মূলত পেশাদার ও ব্যবসায়িক যোগাযোগের জন্য একটি ভিন্ন ধারার সামাজিক মাধ্যম তৈরি করার লক্ষ্যে সৃষ্টি করা হয়। এটি প্রমাণ করে যে, সামাজিক মাধ্যম কেবল বন্ধুত্ব বা বিনোদনের জন্য নয়, বরং পেশাগত নেটওয়ার্কিংয়ের জন্যও একটি কার্যকর হাতিয়ার হতে পারে।
প্রায় একই সময়ে ২০০৩-০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্ক জাকারবার্গ তাঁর কয়েকজন সহপাঠীকে নিয়ে তৈরি করেন দ্য ফেসবুক এবং ৪ ফেব্রুয়ারি ২০০৪ তারিখে এটি প্রথম চালু করেন। মূল উদ্দেশ্য ছিল হার্ভার্ডের শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি ও যোগাযোগ সহজ করা। দ্য ফেসবুক চালুর প্রথম চব্বিশ ঘণ্টায় বারো হাজারের বেশি নিবন্ধন হওয়ার পর ধীরে ধীরে এটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য উন্মুক্ত হয় এবং ২০০৬ সালে সাধারণ জনগণের জন্য বিশ্বব্যাপী উন্মুক্ত করা হয়। ২০০৫ সালে এর নাম সংক্ষিপ্ত করে রাখা হয় ফেসবুক।
ফেসবুকের সাফল্যের পর একের পর এক ভিন্ন উদ্দেশ্যে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠিত হতে থাকে। ভিডিও শেয়ারিংয়ের জন্য ইউটিউব, সংক্ষিপ্ত বার্তা ও তাৎক্ষণিক মতামত প্রকাশের জন্য টুইটার, ছবি-কেন্দ্রিক যোগাযোগের জন্য ইনস্টাগ্রাম, এবং সংক্ষিপ্ত ভিডিও বিনোদনের জন্য টিকটক। প্রতিটি প্ল্যাটফর্মই মূলত একটি নির্দিষ্ট চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল; কোনটা যোগাযোগ সহজ করতে, কোনটা আবার পেশাগত নেটওয়ার্কিং ও বিনোদনের জন্য। লক্ষণীয় বিষয় হলো, প্রতিষ্ঠাকালীন প্রায় প্রতিটি সামাজিক মাধ্যমের ঘোষিত লক্ষ্যই ছিল ইতিবাচকÑ মানুষকে কাছে আনা, যোগাযোগ সহজ করা, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। কিন্তু বাণিজ্যিকীকরণ, বিজ্ঞাপন-নির্ভর আয়ের মডেল এবং ব্যবহারকারীর মনোযোগ ধরে রাখার প্রতিযোগিতাÑ এই কাঠামোগত পরিবর্তনগুলোই পরবর্তীতে এই মাধ্যমগুলোকে এমন এক পর্যায়ে নিয়ে যায়, যেখানে ‘সংযোগ’-এর মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে তা আসক্তি ও বিভেদ-এর হাতিয়ারে পরিণত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম প্রযুক্তি মানুষকে যতটা কাছে টেনে আনার প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলাদেশের বাস্তবতায় তা যেন উল্টো পথে হাঁটছে। ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মতো মাধ্যমগুলো এখন যতটা সংযোগের উপকরণ, ততটাই বিভেদ, গুজব, মানসিক অস্থিরতা আর সামাজিক অবক্ষয়ের বাহনও হয়ে উঠেছে। ‘সোশ্যাল’ নামের এই প্রযুক্তি যখন ব্যবহারকারীর মধ্যে অসহনশীলতা, সহমর্মিতা বা যুক্তিবোধ না বাড়িয়ে বরং ঘৃণা, বিভ্রান্তি বাড়ায়, তখন তাকে সামাজিক না বলে ‘অসামাজিক ব্যবহার’ বলাই যুক্তিযুক্ত।
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় সাড়ে বারো কোটি বা তাঁর একটু বেশি এবং এর সিংহভাগ ব্যবহারকারীর কাছে ইন্টারনেট মানেই মূলত ফেসবুক বা ইউটিউবের মতো সামাজিক মাধ্যম। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা গত কয়েক বছরে ওঠানামা করলেও সাম্প্রতিক হিসাবে তা ছয় কোটির বেশি, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ। ব্যবহারকারীদের বড় অংশই তরুণ; ১৮ থেকে ২৪ বছর বয়সীরা এই মাধ্যমে সবচেয়ে বেশি সক্রিয়, এবং পুরুষ ব্যবহারকারীর অনুপাত নারীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এই বিপুল সংখ্যক ব্যবহারকারী, বিশেষত তরুণ প্রজন্মের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব তাই কোনো প্রান্তিক বিষয় নয়, এটি জাতীয় গুরুত্বের সামাজিক প্রশ্ন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের অসামাজিক ব্যবহারের প্রধান সমস্যাগুলোর মধ্যে প্রথমে আসে-গুজব ও ভুল তথ্যের বিস্তার। বাংলাদেশে ২৪ এর জুলাই বিপ্লব পরবর্তী সহিংসতা, গণপিটুনি বা সামাজিক অস্থিরতার নেপথ্যে ফেসবুক-ভিত্তিক গুজবের ভূমিকা প্রমাণিত। একটি এডিট করা ছবি বা বিকৃত তথ্য মুহূর্তের মধ্যে হাজার হাজার শেয়ার হয়ে বাস্তব সহিংসতায় রূপ নিয়েছে এমন ঘটনার অভাব নেই। বিশেষত নারী ও কিশোর-কিশোরীরা অনলাইন হয়রানি, ছবি বিকৃতি, ব্ল্যাকমেইল ও মর্যাদাহানির শিকার হচ্ছে নিয়মিত। অনেক ক্ষেত্রে এই হয়রানি সামাজিক লজ্জা ও পারিবারিক চাপের কারণে অপ্রকাশিতই থেকে যায়। ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন ও ব্যক্তির অনুমতি না নিয়ে স্পর্শকাতর বিষয় প্রদর্শন এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে টানা, অনুমতি না নিয়ে অন্যের ছবি বা তথ্য শেয়ার করা, এবং প্রতিশোধমূলক মনোভাব থেকে ব্যক্তিগত কথোপকথন প্রকাশ করার প্রবণতা ক্রমেই বাড়ছে। রাজনৈতিক মেরুকরণ ও ঘৃণাত্মক বক্তব্য সামাজিক মাধ্যম রাজনৈতিক মতভেদকে আলোচনার বদলে শত্রুতার রূপ দিচ্ছে। ইকো-চেম্বার তৈরি করে অ্যালগরিদম মানুষকে কেবল তার নিজের মতের প্রতিধ্বনি শোনায়, ফলে সমাজে ভিন্নমত সহনশীলতা কমে যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম আসক্তি ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি আরেকটি অন্যতম সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অনিদ্রা, উদ্বিগ্নতা, তুলনামূলক হতাশা (অন্যের প্রদর্শিত সুখী জীবনের সঙ্গে নিজের তুলনা করে সৃষ্ট অবসাদ), এবং মনোযোগ ঘাটতির মতো সমস্যা তরুণদের মধ্যে বাড়ছে বলে বিভিন্ন গবেষণায় উঠে আসছে। পারিবারিক ও সামাজিক সম্পর্কে ফাটল সৃষ্টি হচ্ছে। একই ঘরে বসেও পরিবারের সদস্যরা যখন যার যার ফোনে ব্যস্ত, তখন মুখোমুখি কথোপকথনের সংস্কৃতি ক্ষয়ে যাচ্ছে। দাম্পত্য কলহ, সন্দেহপ্রবণতা ও বিচ্ছেদের অনেক ঘটনায় সামাজিক মাধ্যমের ভূমিকা থাকার তথ্যও পাওয়া যায়। বিনোদনের নামে অসুস্থ প্রতিযোগিতা টিকটক ও রিলসের মতো প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার নেশায় ঝুঁকিপূর্ণ, অশোভন বা অপরাধমূলক কনটেন্ট তৈরির প্রবণতা তৈরি হয়েছে, যা বিশেষত কিশোর-কিশোরীদের বিচারবোধকে প্রভাবিত করছে।
কিন্তু কেন এই অবক্ষয়? এর পেছনে কয়েকটি কাঠামোগত কারণ কাজ করে। প্রথমত, ডিজিটাল সাক্ষরতা ও সমালোচনামূলক চিন্তার শিক্ষা এখনও প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থায় পর্যাপ্ত জায়গা পায়নি। দ্বিতীয়ত, প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদম এমনভাবে তৈরি যে উত্তেজক, বিতর্কিত বা মিথ্যা কনটেন্ট বেশি দ্রুত ছড়ায়। কারণ, তা বেশি সময় ব্যবহারকারীকে স্ক্রিনে ধরে রাখে। তৃতীয়ত, নিয়ন্ত্রক কাঠামোÑ যেমন সাইবার সিকিউরিটি সংক্রান্ত আইন প্রায়শই ভুল তথ্য বা হয়রানি রোধের চেয়ে ভিন্নমত দমনে বেশি ব্যবহৃত হওয়ার অভিযোগ ওঠে, যা প্রকৃত সমস্যা সমাধানে বাঁধা তৈরি করে। চতুর্থত, দ্রুত নগরায়ণ ও সামাজিক বন্ধনের শিথিলতার কারণে অনেকে বাস্তব সম্পর্কের বদলে অনলাইন স্বীকৃতি খুঁজতে অভ্যস্ত হয়ে পড়ছেন।
তাহলে আমরা কি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ছেড়ে দেব? উক্ত সমস্যাগুলো উত্তরণের উপায়ই বা কী? আসলে এই সমস্যার সমাধান একমুখী নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম কোম্পানি ও রাষ্ট্র—সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন। আমাদের স্কুল-কলেজ শিক্ষাক্রমে ডিজিটাল সাক্ষরতা অন্তর্ভুক্তি এখন সময়ের দাবী। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি তথ্যের উৎস যাচাই, গুজব চেনা এবং দায়িত্বশীল অনলাইন আচরণ শেখানো জরুরি। পরিবার আমাদের শিশুদের প্রাথমিক শিক্ষাকেন্দ্র। তাই পরিবারে সচেতনতা সৃষ্টিতে স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের চেয়েও গুরুত্বপূর্ণ হলো সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনা, যাতে তারা অনলাইনে সমস্যায় পড়লে লজ্জা না পেয়ে সাহায্য চাইতে পারে। সাইবার হয়রানি ও ব্ল্যাকমেইলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সহজ ও ভুক্তভোগী-বান্ধব করা প্রয়োজন, পাশাপাশি আইনের অপব্যবহার রোধেও স্বচ্ছতা আনা জরুরি। স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ও সাংবাদিকতার প্রসার গুজব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিটি ব্যবহারকারীর নিজেরই বোঝা প্রয়োজন যে শেয়ার করার আগে যাচাই করা, মন্তব্যের আগে চিন্তা করা এবং অনলাইন সময়ের সীমা রাখা একটি ব্যক্তিগত দায়িত্ব।
সামাজিক যোগাযোগ মাধ্যম নিজে ভালো বা মন্দ নয়, এটি একটি টুল মাত্র, যার ভালো-মন্দ প্রভাব নির্ভর করে ব্যবহারকারীর ওপর। বাংলাদেশে এই মাধ্যমের অসামাজিক ব্যবহার এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা ব্যক্তি মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে সামাজিক সহাবস্থান পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করছে। প্রযুক্তিকে দোষ দিয়ে সমাধান হবে না; বরং সচেতনতা, শিক্ষা ও যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণের মাধ্যমে এই মাধ্যমকে প্রকৃত অর্থে ‘সামাজিক’ করে তোলার দায়িত্ব সমাজেরই।
লেখক: ঊর্ধ্বতন যোগাযোগ কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর smmomin80@gmail.com
