গণতন্ত্র একটি শাসন ব্যবস্থার নাম। এই শাসন ব্যবস্থায় রাষ্ট্র হলো সার্বভৌম। সার্বভৌমত্বের অর্থ হলো রাষ্ট্রই চূড়ান্ত ক্ষমতার অধিকারী। রাষ্ট্র জনগণের ওপর যে আইন ও সিদ্ধান্ত আরোপ করে, জনগণ তা মেনে চলে। জনগণ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু জনগণই রাষ্ট্র নয়। জনগণ থেকে গড়ে ওঠে রাজনৈতিক দল। তবে রাজনৈতিক দলও রাষ্ট্র নয়। রাষ্ট্র জনগণ ও রাজনৈতিক দলের ঊর্ধ্বে অবস্থান করে। এই জায়গাটিই আমরা ঠিকভাবে বুঝতে বা মেনে নিতে পারছি না। এই ভুল বোঝাবুঝির কারণেই আমাদের দেশে গণতন্ত্র বারবার ব্যাহত হচ্ছে। বিষয়টি কিছু উদাহরণের মাধ্যমে বোঝানো যাক। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস সহজ নয়। এই পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি একটি যুদ্ধবিধ্বস্ত ও বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। রাষ্ট্রকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখার উদ্যোগ নেন। সেই প্রচেষ্টা অনেকটাই সফল হয়। দুর্ভাগ্যজনকভাবে তিনি নির্মমভাবে নিহত হন। এর ফলে দেশ আবারও গভীর সংকটে পড়ে। এ সুযোগে সেনাবাহিনীর প্রধান এরশাদ ক্ষমতা দখল করেন। দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়। প্রায় এক দশক ধরে গণতন্ত্র স্থগিত থাকে। দীর্ঘ আন্দোলন ও গণসংগ্রামের মাধ্যমে অবশেষে স্বৈরতন্ত্রের পতন ঘটে। পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ খুলে যায়। একটি গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে অনুষ্ঠিত হয় নির্বাচন। সে সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে ক্ষমতা হস্তান্তরিত হয়। নির্বাচন জনগণের আস্থা অর্জন করে। কিন্তু এই ধারাবাহিকতা দীর্ঘস্থায়ী হয়নি।
পরে শেখ হাসিনা ক্ষমতায় এসে নিজের রাজনৈতিক কর্তৃত্ব সুদৃঢ় করার পথে এগিয়ে যান। বিচার বিভাগকে ব্যবহার করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এই সিদ্ধান্ত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত। কারণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম ছিল। এটি বাতিল হওয়ার পর দলীয় সরকারের অধীন নির্বাচন ব্যবস্থা চালু করা হয়। এর ফল খুব দ্রুত সামনে আসে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে শুরু করে। রাষ্ট্রের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়। দেশ ধীরে ধীরে একটি গভীর রাজনৈতিক সংকটে পতিত হয়। ২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। তখন মূল স্লোগান ছিল পরিবর্তন চাই এবং ডিজিটাল বাংলাদেশ । শুরুতে সরকার কিছু পরিবর্তন আনে।
কিন্তু সেই পরিবর্তন সবাই মেনে নিতে পারেনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেখা গেল, শেখ হাসিনা রাষ্ট্রের চেয়েও বড় হয়ে উঠেছেন। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা ধীরে ধীরে ব্যক্তি শেখ হাসিনার হাতে চলে যায়। এর ফলে রাষ্ট্র ও জনগণ উভয়ই বঞ্চিত হয়। বিভিন্ন ধরনের আন্দোলন শুরু হয়। একপর্যায়ে ছাত্র-জনতার তীব্র প্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। এরপর মানুষ নতুন আশায় বুক বাঁধে। অনেকে ভাবতে শুরু করে, বাংলাদেশ হয়ত ইউরোপ বা আমেরিকার মতো গণতান্ত্রিক রাষ্ট্র হবে। কিন্তু খুব কম মানুষই বুঝতে চেষ্টা করেছিল যে, দেশগুলোর গণতন্ত্র আসলে কীভাবে কাজ করে। উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রের কথা ধরা যায়। সেখানে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য একজন ব্যক্তি দু বারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। এটি ক্ষমতার কেন্দ্রীকরণ রোধ করে।
ইউরোপের অনেক দেশে দেখা যায়, কোনো রাজনৈতিক দল নির্বাচনে হেরে গেলে দলীয় প্রধান পদত্যাগ করেন। কারণ, একজন ব্যক্তি দীর্ঘদিন একই পদে থাকলে রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়। বারবার সেই আঘাত গণতন্ত্রকে দুর্বল করে দেয়। পরবর্তী সময়ে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো রাষ্ট্রকে শক্তিশালী করার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেনি। উদাহরণ হিসেবে বিএনপির কথা বলা যায়। তারা রাষ্ট্রের পক্ষে কিছু চেষ্টা করেছে ঠিকই, কিন্তু সেই চেষ্টা যথেষ্ট ছিল না। তারা বারবার মূল আলোচনায় এনেছে শুধু নির্বাচনের বিষয়টিকে। একই চিত্র দেখা যায় বিশ্ববিদ্যালয়গুলোয়। ছাত্র সংসদ নির্বাচনে কোনো একটি রাজনৈতিক মতাদর্শের সমর্থিত প্যানেল জয়ী হলে তারা অনেক সময় রাষ্ট্রীয় সিদ্ধান্ত বা নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করে।
ফলে ওই প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যায়। এটি রাষ্ট্রের সার্বভৌমত্বকে দুর্বল করে। এই মানসিকতার কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে। তারা স্বাধীনভাবে তাদের গণতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করতে পারে না। এর ফলে যে কাক্সিক্ষত পরিবর্তন আমরা চাই, তা আর আসে না। এখন আবার সামনে নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল নানা প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু জনগণ হিসেবে আমাদের একটি বিষয় স্পষ্টভাবে দাবি করতে হবে। তা হলো, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা। যদি আমরা এই দাবি না তুলি, তাহলে শুধু সরকার বা দল পরিবর্তন করে কোনো লাভ হবে না।\r\nযদি রাজনৈতিক দলগুলো কেবল নিজেদের ক্ষমতার প্রতি নয়, বরং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকে, তাহলেই গণতন্ত্র স্থায়ী হবে।
তাহলেই মানুষের অধিকার সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রের মূল শর্ত হলো রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও শক্তিশালী রাখা। কিন্তু যখন ক্ষমতা ব্যক্তি বা দলের হাতে কেন্দ্রীভূত হয়, তখন রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে। আর দুর্বল রাষ্ট্রে গণতন্ত্র টিকে থাকতে পারে না। এ বাস্তবতা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে, আমরা কি দলীয় স্বার্থকে রাষ্ট্রের ঊর্ধ্বে তুলে ধরছি না? এ প্রশ্নের উত্তর খোঁজাই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার প্রথম শর্ত। বাংলাদেশে প্রথম জাতীয় \r\n৭ মার্চ ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করে এবং ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসন লাভ করে ও অন্য কোনো রাজনৈতিক দল ১টির বেশি আসন লাভ করেনি। মোট ভোট সংগৃহীত হয়েছিল ৫৪.৯%। স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচনটি ছিল বিতর্কিত।
দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যালট বাক্স ছিনতাই করে ঢাকায় ভোট গণনা করার অভিযোগ ছিল। দ্বিতীয় জাতীয় সংসদ ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে অনুষ্ঠিত হয়। সেটি ছিল জিয়াউর রহমানের শাসনামলে। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয় লাভ করে। তারা জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২০৭টি আসন লাভ করে। মোট ভোট সংগৃহীত হয়েছিল ৫১.৩%। এ নির্বাচনে আওয়ামী লীগ (মালেক) ৩৯, আওয়ামী লীগ (মিজান) ২, জাসদ ৮, মুসলিম লীগ ও ডেমোক্রেটিক লীগ ২০, ন্যাপ (মোজাফফর) ১, বাংলাদেশ জাতীয় লীগ ২, বাংলাদেশ গণফ্রন্ট ২, বাংলাদেশের সাম্যবাদী দল ১, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন ১, জাতীয় একতা পার্টি ১ ও স্বতন্ত্র প্রার্থীরা ১৬টি আসনে জিতেন। এই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক ছিল না।\r\nতৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ৭ মে ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ১,৫২৭ জন প্রার্থী অংশগ্রহণ করে। নির্বাচনে জাতীয় পার্টি ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসন নিয়ে জয় লাভ করে। মোট ভোটারের ৬১.১% ভোট সংগৃহীত হয়েছিল। পূর্বের নির্বাচনের বিজয়ী বিএনপি নির্বাচনটি বর্জন করেছিল। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এটি ছিল একটি বির্তকিত নির্বাচন। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন ৩ মার্চ ১৯৮৮ সালে অনুষ্ঠিত হয়। এটি ছিল মূলত এরশাদের একদলীয় নির্বাচন। নির্বাচনটি বাংলাদেশের অধিকাংশ প্রধান দলই বর্জন করেছিল যেমন- বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, জাতীয় আওয়ামী পার্টি (মোজাফফর) এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। নির্বাচনে জাতীয় পার্টি জয় লাভ করে।
তারা ৩০০টি আসনের মধ্যে ২৫১টি আসন লাভ করে। মোট ভোটারদের মধ্যে ৫২.৫% ভোট গৃহীত হয়েছিল।\r\nবাংলাদেশের ইতিহারে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলো পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ সালে অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে এ নির্বাচনের মাধ্যমেই একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা উপহার পায়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটি ছিল প্রথম নির্বাচন। নির্বাচনে দুটি প্রধান দল, আওয়ামী লীগের নেতৃত্বে ছিল শেখ হাসিনা; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বে ছিল খালেদা জিয়া। জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে ৪২৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৭৫টি দল থেকে মোট ২৭৮৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জয় লাভ করে। তারা ৩০০টি আসনের মধ্যে ১৪২টি আসন লাভ করে।
মোট ভোট গৃহীত হয়েছিল ৫৫.৪%। ১৯৯৬ সালে অনুষ্ঠিত হয়েছিল ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে অধিকাংশ দলই বর্জন করেছিল। তবে সেটি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যই করা হয়েছিল বলে অনেকে মনে করেন। মোট ভোট গৃহীত হয়েছিল মাত্র ২১%। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে জয় লাভ করে এবং ৩০০টি আসনের মধ্যে ৩০০টি আসনই লাভ করে। পরবর্তীতে নিরপেক্ষ নির্বাচন জুনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে সবচেয়ে ছোট সংসদ ছিল এটি।\r\nসপ্তম জাতীয় সংসদ নির্বাচন জুন ১২, ১৯৯৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্রধান দল, আওয়ামী লীগের নেতৃত্বে ছিল শেখ হাসিনা; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বে ছিল খালেদা জিয়া।
জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে ২৮১ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৮১টি দল থেকে মোট ২৫৭৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে। উক্ত নির্বাচনে সতন্ত্র প্রার্থীরা ০.৬৭% এবং দলীয় প্রার্থীরা ৭৪.৮২% ভোট লাভ করে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ২০০১, অক্টোবর ১। নির্বাচনে দুটি প্রধান দল, আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া। জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে ৪৮৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৫৪টি দল থেকে মোট ১৯৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এটি হলো ১৯৯৬ সালে চালু হওয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় নির্বাচন। নির্বাচন অনুষ্ঠানের সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন লতিফুর রহমান।
এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয় লাভ করে। বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২৯ ডিসেম্বর ২০০৮ সালে। নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ-এর নেতৃত্বাধীন সামরিক সরকারের অধীনে। সামরিক সরকার ২০০৭ সালের শুরুর দিকে জরুরি অবস্থা জারি করে, যা ২০০৮ সালের ১৬ ডিসেম্বর তুলে নেওয়া হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে অনেক জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়েছিল। এই নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করে। যদিও এই নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে কারচুপির অভিযোগ উঠেছিল। \r\nদশম জাতীয় সংসদ নির্বাচন, ৫ জানুয়ারি ২০১৪ সালে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনটি নবম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ দলই বর্জন করে এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ ১৭টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়াও নির্বাচনে সাধারণ মানুষের ভোটের মাধ্যমে ৩০০টি আসনের মধ্যে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসন লাভ করে বিজয় অর্জন করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ জানুয়ারি। এ নির্বাচনে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টি ১১, ওয়ার্কার্স পার্টি ১, জাসদ ১, কল্যাণ পার্টি ১ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে বিজয়ী হয়েছেন। নবম, দশম ও দ্বাদশ নির্বাচন ছিল মূলত একদলীয়। আওয়ামী লীগের শাসনামলের এই তিনটি নির্বাচন নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হয়। দেশে গণতন্ত্র বলতে তখন কিছুই ছিল না। দীর্ঘ প্রায় ১৭ বছর পর আজ দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
