চাকরিজীবী যারা তারা তো বছরের শেষ মাসে এসে ছুটি নষ্ট হয়ে যাচ্ছে- এই ধুয়ো তুলে টানা বেশ কয়েকদিনের ছুটি আদায় করে নেওয়াটাও তো গড়পড়তা চাকরিজীবীদের কাছে একরকম পান্তাভাত। পরের ধাপ, পরিবারের সকলে বসে ঠিক করা, কোথায় যাওয়া হবে। কাছে পিঠে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জে না জয়দেবপুরে নাকি একটু দূরে? হাতে সময় যেমন খুব কম, তেমনি ছুটির মেয়াদও। তাই বেশির ভাগ মানুষই ঘরের কাছের কোনো ডেস্টিনেশন বেছে নিতে চান। হতে পারে ময়মনসিংহ, হালুয়াঘাট, কিশোরগঞ্জ, অষ্টগ্রাম অথবা চিরচেনা শ্রীমঙ্গল। যাদের হাতে সময় আরও কম, তারা কাজ সারতে চান শহর ঢাকার আশপাশেই নবাবগঞ্জ, দোহার, মাওয়ায় ঢুঁ মেরে। আবার হতে পারে বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জে বা সাভার ও ধামরাই। পাশাপাশি ঢাকার মিরপুরের চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের আকর্ষণও বড় কম নয়।
বছরের শেষ দিনটিতে সকালে কেক বা পেস্ট্রি সহযোগে চা বা কফি খেয়ে বেরিয়ে পড়ার আনন্দই যে অন্যরকম। \r\nচুয়াত্তর বয়সে এসে খুব মনে পড়ে যায় ছোটবেলার হারিয়ে যাওয়া সোনালি স্মৃতি। তখন আব্বার কাছে বায়না ধরতাম ক্রিসমাসের বা নতুন বছরের কয়েকটা দিন আগে থেকেই। তখন তো থাকতাম পিরোজপুরে। লেখাপড়া করতাম পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে সেই ১৯৬১ সালে। পিরোজপুরের পাড়েরহাট বন্দর, রায়েরকাঠি জমিদার বাড়ি, নাজিরপুর নয়তো স্বরূপকাঠিতে বেড়াতে বা ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। খালাবাড়ি ঝালকাঠির বেরকাঠিতে ও মামাবাড়ি রাজপাশায় যাওয়ার কথা খুব মনে জাগে। আহারে কোথায় গেল সেই দিনগুলো! সময় চলে গেছে। \r\nএখন তো দিনকাল অনেক পাল্টেছে। বাঙালি হয়েছে সর্বার্থেই অধুনা বিশ্বপর্যটক।
তাই ক্রিসমাস বা ইংরেজি নতুন বছরের উদযাপন অনেকেই সেরে নিতে আগ্রহী নেপালের কাঠমান্ডুতে, ইন্দোনেশিয়ার বালিদ্বীপে বা দূরের ইটালির রোম শহরে- আবার কেউ বা কাটান কক্সবাজার সমুদ্র সৈকতে পা রেখে। অথবা কুতুবদিয়া দ্বীপে ঘুরে ঘুরে। কুতুবদিয়া বাতিঘর দেখার জন্য উন্মনা হয়ে ওঠে। আসলে ডিসেম্বর-জানুয়ারি এই সন্ধিক্ষণ সব দিক দিয়েই যে ভ্রমণকারীদের মন আর মেজাজকে ফুরফুরে করে তোলে। দূরে বেড়াতে গিয়ে কয়েকটা দিন একমুঠো আনন্দ নিয়ে আবার ফিরে আসে নিজ নিজ গৃহে। আবার এই পৌষের শীতে মন ভাল করে দেয় সকালের রোদ্দুর- দূরে কোথাও বেড়াতে গিয়ে রোদ পোহানো বা রোদে বসা থাকা মানেই শরীরটা চাঙ্গা হয়ে ওঠা। শরীর ও মন ভালো করে দেওয়া রোদ্দুর হঠাৎ পাল্টে গিয়ে হয়ে যায় যেন গলানো সোনা। বাতাসে মৃদুমন্দ হিমেল পরশ। পৌষ আর মাঘ- বাংলা পঞ্জিকা অনুযায়ী শীতকাল। পৌষের প্রথম পক্ষকালের মধ্যেই হলো দুটি বড় উৎসব। ২৫ ডিসেম্বর বড়দিন উৎসব আর জানুয়ারির এক তারিখ ইংরেজি নববর্ষ। ওই এক সপ্তাহের মোহময়ী আমেজ উপভোগ করার জন্য সারা বছরই হা-পিত্যেশ করে প্রতীক্ষায় থাকে বহু মানুষ। কিন্তু ক্রিসমাস আর নিউ ইয়ার্স ইভ- এই সময়টাতে অধিকাংশ মানুষ বেরিয়ে পড়েন কাছে- পিঠে বা দূরে কোথাও সেই সেন্ট মার্টিন দ্বীপে। এর সঙ্গে শীত যদি ইনিংসের গোড়া থেকেই বঙ্গে চালিয়ে খেলতে শুরু করে তাহলে তো কথাই নেই। পুরো জমে ক্ষীর। মানুষ পায় আরও আনন্দ। চারদিকে কেমন যেন একটা ফুরফুরে মেজাজ সবার মধ্যেই। তাই দেখে বলতে ইচ্ছে করে, সকল ধরনের উৎসব ও কর্মকাণ্ডের মধ্যে নিহিত সম্প্রীতি, সৌহার্দ্য এবং মিলনাত্মক ভাবময়তার পরশ আলাদা করে মন-মননকে ঋদ্ধ করে তুলুক - এটাই হোক আমাদের প্রত্যাশা।
