রাবারের নৌকায় লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে তৃষ্ণার্ত অভুক্ত দুর্বল অভিযাত্রীদের মধ্যে মৃত ২২ জনকে ভূমধ্যসাগরের নীল জলে ফেলে দেওয়া হয়েছে কিছুদিন আগে। হতভাগ্য এ ২২ জনের মধ্যে ১৮ জন বাংলাদেশি। এর আগে ২০২৪-এর ১৪ ফেব্রুয়ারি লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে মারা যান আট বাংলাদেশি। ২০২০ সালের মে মাসে এমনই এক অভিবাসী দলকে লিবিয়ার বন্দিশিবিরে গুলি করে হত্যা করা হয়েছিল। ৩০ জন মৃতের মধ্যে ২৬ জন ছিলেন বাংলাদেশি, আহত হয়ে বেঁচে ফিরেছিলেন ১২ জন। বহু বছর ধরে এমন খবর মাঝে মাঝেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমসূত্রে জাতীয় সংবাদমাধ্যমেও আসছে। কিন্তু বেঘোরে মৃত্যুর এ মিছিল থামার কোনো লক্ষণ নেই।
ভূমধ্যসাগরে অভিবাসীদের যাত্রা এবং মৃত্যুর এ মিছিল বিশ্বমানবতার এক গভীর সংকট উন্মোচন করে; যেখানে রাজনৈতিক অর্থনীতির সম্পর্ক, গতিশীলতা, সীমান্ত ও মানবিক মর্যাদা ওতপ্রোতভাবে জড়িত। এখানে রাষ্ট্রীয় কাঠামো, অভিবাসন নীতিমালা এবং ভূরাজনৈতিক আলাপের সঙ্গে জড়িয়ে যায় সমুদ্রে জীবন বাজি রাখা অভিবাসীদের দুঃসহ বেকারত্ব থেকে মুক্তির আকুতি। জনপ্রতি ১২-১৮ লাখ টাকার বিনিময়ে ইউরোপ যাত্রার স্বপ্ন আর উদ্যোগের সমাধি হলো সাগরের নোনাজলে। মৃত্যুর ঝুঁকি নিয়েও কেন মানুষ জায়গা-জমি বেচে বিদেশে যেতে চায়? কেন দোলন মিয়া ভিটেমাটি বন্ধক রেখে ২০ লাখ টাকায় সর্বকনিষ্ঠ আদরের সন্তানকে দালালের হাতে তুলে দেন? এটা কি কেবলই অভিবাসনের আকাঙ্ক্ষা, ইচ্ছা বা অভিপ্রায়?
অভিবাসন একটি সামাজিক প্রক্রিয়া, যেখানে বৈশ্বিক বৈষম্যের মাঝে বেঁচে থাকার কৌশলের সমন্বয় ঘটে। ভূমধ্যসাগর পার হতে চাওয়া অভিবাসীদের বেশির ভাগই যুদ্ধ, অর্থনৈতিক সংকট, জাতিগত ও ধর্মীয় প্রান্তিকতা এবং রাজনৈতিকভাবে অস্থিতিশীল অঞ্চল থেকে আসা মানুষ। তাদের এই যাত্রা শুধু ব্যক্তিগত পছন্দ বা আকাঙ্ক্ষার নয়, বরং ঔপনিবেশিক উত্তরাধিকার, বিশ্ব পুঁজিবাদ এবং অসম উন্নয়নের মতো কাঠামোগত শক্তির প্রতি এক ধরনের প্রতিক্রিয়া। আশাহত হয়ে জন্মভূমি ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাও কম নয়।
উন্নত জীবনযাত্রা, অর্থনৈতিক সুযোগ ও নিরাপত্তার আশায় চালিত হলেও স্থানান্তরের প্রকৃত ক্ষমতা বা সামর্থ্য ভিন্ন ব্যাপার। অভিবাসনের উচ্চাকাঙ্ক্ষা দারিদ্র্য ও আইনি সীমাবদ্ধতার কারণে বাধা পায় প্রতিনিয়িত। স্থানান্তরের বিমূর্ত ইচ্ছার সঙ্গে অভিবাসন পরিকল্পনার সাংঘর্ষিক বাস্তবতা দেখা যায় পদে পদে। আইনি জটিলতা ও বৈধ উপায়ের দীর্ঘসূত্রতার কারণে দালাল চক্রের প্রলোভনে অবৈধভাবে অভিবাসনের মরণফাঁদে পা দেয় মানুষ।
অভিবাসীর ঝুঁকি ভরা যাত্রাপথ সামাজিক ও মানবিক অভিজ্ঞতার এক চলচ্চিত্র। অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপ যাত্রার স্বপ্ন এতটাই দুর্বার যে বিপুল বিনিয়োগের মাধ্যমে তারা মানব পাচার চক্রের ফাঁদে অনেক সময় জেনেশুনেও পা দেয়।
অগণিত অভিবাসীর চলতি মৃত্যু তাই আকস্মিক কিছু নয়, বরং তা এমন এক ব্যবস্থার অংশ, যা নির্দিষ্ট জনগোষ্ঠীকে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলে তাদের চলাচল নিয়ন্ত্রণ করতে চাইছে। মিশেল ফুকোর ‘জৈব-রাজনীতি’র ধারণার আলোকে যদি দেখি, ভূমধ্যসাগরে অভিবাসীদের মৃত্যুকে কেবল মানবিক বিপর্যয় হিসেবেই নয়, বরং আধুনিক ক্ষমতার এমন এক পরিণতি হিসেবে বোঝা যেতে পারে, যা নির্দিষ্ট জনগোষ্ঠীর জীবন-মৃত্যুসহ তার আকাঙ্ক্ষা ও সামর্থ্যকে নিয়ন্ত্রণ করে।
এই প্রেক্ষাপটে ভূমধ্যসাগর একটি জৈব রাজনৈতিক সীমান্ত এলাকা হতে পারে, যেখানে ইউরোপীয় রাষ্ট্রগুলো অভিবাসীদের দেহ নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের গতিশীলতা ও নিরাপত্তাও নিয়ন্ত্রণ করে। সরাসরি হত্যা না করে রাষ্ট্রগুলো এমন পরিস্থিতি তৈরি করে রেখেছে, যেখানে কিছু নির্দিষ্ট গোষ্ঠী (প্রধানত আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের অভিবাসীরা) কঠোর সীমান্ত নীতি, সামরিক নজরদারি এবং সীমিত উদ্ধার অভিযানের মাধ্যমে মৃত্যুর ঝুঁকিতে পড়ছে। সাগরটি যেখানে পরিণত হয় একটি পরিত্যক্ত স্থানে আর অনায়াসে সেখানে মৃতদের ছুড়ে ফেলে দেওয়া যায়।
কঠোর সীমান্তপ্রথাকে বৈধতা দিতে গিয়ে বিশ্বজুড়ে অভিবাসীদের দেহকে সার্বভৌমত্ব, সংস্কৃতি ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি গণ্য করা হচ্ছে। এখানে সমুদ্র একাধারে একটি ভূরাজনৈতিক সীমানা এবং একটি মৃত্যু-রাজনীতির ভূখণ্ড হয়ে উঠেছে, যেখানে অভিবাসন ব্যবস্থাপনার অংশ হিসেবে মৃত্যুকে স্বাভাবিক করে তোলা হয়। সাম্প্রতিক ঘটনাগুলো দেখেশুনে সেটাই কি মনে হয় না? ভূমধ্যসাগরে ঘটে চলা এই মর্মান্তিক ঘটনা আধুনিক সীমান্ত ব্যবস্থার সেই রাজনৈতিক কৌশলের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত, যা নির্ধারণ করে কাকে বাঁচতে দেওয়া হবে এবং কাকে মরার জন্য ছেড়ে দেওয়া হবে। সেই সূত্রে আজকের ভূমধ্যসাগর বৈশ্বিক অসমতার একটি প্রতীকী সীমান্তে পরিণত হয়েছে। নিকোলাস ডি জেনোভার মতো অভিবাসন গবেষক নৃবিজ্ঞানীরা যুক্তি দেন, সীমান্ত ব্যবস্থা অভিবাসন বন্ধ করে না; বরং এটি এক ধরনের ‘অবৈধতা’র পথ তৈরি করে, যেখানে অভিবাসীদের পদ্ধতিগতভাবে নথিবিহীন বা অননুমোদিত হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। এই প্রক্রিয়া শোষণ ও নজরদারির মাধ্যমে অভিবাসীদের জীবন আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।
নৃবিজ্ঞানী দিদিয়ের ফাসিনের মতে, অভিবাসীরা তাদের কঠিন ও বিপজ্জনক যাত্রা শেষে গন্তব্যে পৌঁছানোর পর বিবিধ প্রতিকূলতা ও অচ্ছ্যুত নীতির সম্মুখীন হয়। ফাসিন যুক্তি দেন, শরণার্থীদের ‘অবাঞ্ছিত’ জনগোষ্ঠী হিসেবে গণ্য করার চর্চা মানবাধিকার ও মর্যাদা রক্ষার প্রশ্নে পশ্চিমা সমাজের নৈতিক ব্যর্থতা।
এ ছাড়া উদ্ধার অভিযান এবং সাহায্যকে সহানুভূতির প্রকাশ বলে মনে হলেও এগুলো এমন রাজনৈতিক কাঠামোর মধ্যে কাজ করে, যা অভিবাসীদের অবৈধ হিসেবেই গণ্য করে। ফলে অভিবাসীদের দুর্ভোগের বাছাই করা স্বীকৃতির পাশাপাশি এ সমস্যাকে দানবীয় বা অমানবিক হিসেবে চিত্রিত করার প্রবণতা আধুনিক বিশ্বের ‘মানবতাবাদ’-এর স্ববিরোধিতাই প্রকাশ করে। ভূমধ্যসাগরে বারবার ঘটে চলা মর্মান্তিক ঘটনা বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং এমন সব ব্যবস্থার পরিণতি, যা মানুষের চলাচল সীমাবদ্ধ করলেও মানুষকে অভিবাসনে বাধ্য করা কাঠামোগত পরিস্থিতিকে সমস্যা গণ্য করছে না। সমসাময়িক বৈশ্বিক ব্যবস্থা ও রাজনীতির গভীরতম নৈতিক ও রাজনৈতিক অসুখের নির্মম বাস্তবতার স্মারক আজ ভূমধ্যসাগর, যা বিশ্বের অভিন্ন মানবতার ধারণাকে চ্যালেঞ্জ করে চলেছে।
ঈশিতা দস্তিদার: নৃবিজ্ঞানী
