বুধবার মিনিয়াপলিসে ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষের অভিযানকালে ৩৭ বছর বয়সী আইসিই (মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্ট নিকোল গুড নামে এক শ্বেতাঙ্গ মহিলাকে গুলি করে হত্যা করে। নিকোল একজন মার্কিন নাগরিক এবং তিন সন্তানের জননী। অনলাইনে ব্যাপক প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, নিকোল তাঁর এসইউভির (জিপ) চালকের আসনে ছিলেন, যখন আইসিই এজেন্টরা তাঁর দিকে এগিয়ে আসছিল। জানা গেছে, তিনি তাঁর ছোট সন্তানকে স্কুলে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে ছিলেন, যা আইসিই তাদের অভিযানের অংশ হিসেবে বন্ধ করে দিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এজেন্টরা পরস্পরবিরোধী নির্দেশ দিয়ে চিৎকার করে ওঠে। গাড়ি ঘেরাও করার সময় তাদের কেউ কেউ তাঁকে গাড়ি থেকে নামতে বলল, আবার কেউ কেউ সরে যেতে বলল। তারা তাঁকে বেরিয়ে যেতে বললেও নিকোল পালানোর চেষ্টা করেন। যখন তিনি অ্যাক্সিলারেটরে পা রেখে গাড়ির চাকা ঘুরিয়ে দেন, তখন একজন এজেন্ট একটি হ্যান্ডগান বের করে খুব কাছ থেকে ড্রাইভারের পাশের জানালা দিয়ে তিনটি গুলি চালায়।

নিকোলের গাড়িটি সামনের দিকে এগিয়ে যায়, একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে এবং তারপর রাস্তার আরও নিচে পার্ক করা একটি গাড়িতে ধাক্কা খায়। পথচারীরা তৎক্ষণাৎ তাঁর দিকে ছুটে আসেন। একজন ব্যক্তি যিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছিলেন, তিনিও নিকোলের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। আইসিই এজেন্টরা তাঁকে আটকে দেয়। ঘটনাস্থলেই নিকোলের মৃত্যু হয়। যে ভূখণ্ডে নিকোল পরিবারের সঙ্গে মিনেসোটায় বসবাস করেছিলেন, তা ২০২০ সালে জর্জ ফ্লয়েডের হত্যার পর রাজ্যটি পুলিশের জবাবদিহির জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। জাতীয় রাজনৈতিক বক্তব্য এবং ফেডারেল নীতিতে সন্দেহবাতিকের কারণে সোমালি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে এর অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

কয়েক মাস ধরে সোমালিদের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার অমানবিক ভাষা ব্যবহার মিনিয়াপলিসে ফেডারেল আইন প্রয়োগকারী উন্মাদনার জন্য মঞ্চ তৈরি করতে সাহায্য করেছে। তিনি তাদের ‘আবর্জনা’ বলেছেন, বিদেশিদের প্রতি ঘৃণা ছড়িয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন এবং জাতীয় ডানপন্থি ব্যক্তিত্বদের দ্বারা প্রচারিত সাম্প্রতিক সোমালি ডে-কেয়ার জালিয়াতি কেলেঙ্কারির ঘটনায় তা আরও তীব্রতর হয়েছে।

নিকোলের মৃত্যুর প্রায় পরপরই নিরস্ত্র কৃষ্ণাঙ্গদের পুলিশি হত্যার পর মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যে জ্বরাক্রান্ত লোকের প্রলাপের মতো কিছু আশঙ্কা করেছিলাম, তাই ঘটেছিল। ট্রাম্প থেকে শুরু করে স্বরাষ্ট্র নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম–প্রায় সবাই এবং সরকারি কর্মকর্তারা ফুটেজে যেসব দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছিল, তা থেকে আমাদের চোখ সরানোর চেষ্টা করেছিলেন। নোয়েম সাংবাদিকদের বলেন, ‘আমাদের অফিসার নিয়ম অনুযায়ী কাজ করেছিলেন। সেই পরিস্থিতিতে তাঁকে যা করতে শেখানো হয়েছিল ঠিক তাই করেছিলেন। তিনি নিজেকে এবং তাঁর সহকর্মী আইন প্রয়োগকারী কর্মকর্তাদের রক্ষা করার জন্য পদক্ষেপটি নিয়েছিলেন।’

মার্কিন মূলধারার বেশির ভাগ সংবাদমাধ্যমও একই পথ অনুসরণ করেছিল। স্পষ্ট ভিডিও প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মুখেও সাংবাদিকরা একাধিক বিবরণ উদ্ধৃত করতে ছুটে যান। কভারেজ ক্যামেরায় ও পৃথক ফ্রেমগুলোতে সত্যিই পুরো গল্পটি এসেছে কিনা তার ওপর অতিরিক্ত গুরুত্ব দিতে চেষ্টা করেন। তারপরে আইসিই এজেন্টদের ‘দুর্বল প্রশিক্ষণ’ এবং ঐতিহাসিকভাবে প্রতিকূল উদারপন্থি অঞ্চলে ‘অবৈধদের’ ধরার জন্য বিদ্যমান ধারার পক্ষে অবস্থান নেন।

যে দেশে সামরিকায়িত সুপারহিরো আখ্যান থেকে পৌরাণিক কাহিনি আলাদা করা যায় না, সেখানে রাষ্ট্রীয় সহিংসতার দৃশ্য দায়মুক্তিকে ছাড়িয়ে নিষ্ঠুরতার স্বাভাবিক পরিস্থিতির রূপ নিয়েছে। এটি ক্ষমতার এমন এক ব্যঙ্গচিত্র এবং তা এতটাই স্পষ্ট যে, একজন প্রকৃত টিভি সুপারম্যান বাস্তব জীবনেও একজন সামরিক অফিসার বনে গিয়েছিলেন। এগুলো আচার ও বিশ্বাসে মার্কিনিদের ভিন্নতা, সামরিকায়ন এবং আত্মরক্ষায় নিজেদের বাহিনী-সংক্রান্ত প্রতীকের সংক্ষিপ্ত প্রকাশ। প্রকৃতপক্ষে মার্কিন বাহিনী কারাকাসে নেমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে জবরদস্তিমূলক অপহরণ করার মাত্র কয়েকদিন পরে, মিনেসোটার শহরতলির রাস্তায় মার্কিন সাম্রাজ্য এবং যুদ্ধনীতি সর্বত্র দেখা দিয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর তথাকথিত বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী যুদ্ধের ছায়ায় আইসিই বা মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থাটি তৈরি করা হয়েছিল। এটি আফগানিস্তান ও ইরাক আক্রমণকালে উদ্ভূত দমনমূলক নজরদারি এবং সামরিক কৌশলের স্থাপত্যের একটি মূল স্তম্ভ হয়ে ওঠে। বিশেষভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ‘জাতীয় নিরাপত্তা হুমকি’র কথা বলে আইসিইকে সাজানো হয়। ‘জনসাধারণের নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে বিবেচিত এমন ব্যক্তিদের ওপর এজেন্টদের ব্যাপক নজরদারির ক্ষমতা দেওয়া হয়েছিল। তারপর থেকে এটি দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিনিধিত্বকারী অভিযানে রূপ নেয়। ক্ষমতার অপব্যবহার, দায়মুক্তি এবং তদারকির প্রায় সম্পূর্ণ অভাবের কারণে এই তৎপরতায় ভয়াবহ গল্প জড়িত হয়ে পড়ে, যা এর আসল রূপ উদোম করে দেয়। প্রিয় মা, কবি এবং প্রতিবেশী রেনি নিকোল গুডের সঙ্গে যা ঘটেছিল, তা ছিল এক অবিস্মরণীয় ট্র্যাজেডি। কিন্তু যে যুগে বর্বর শক্তির প্রশংসা করা হয় এবং রাষ্ট্রীয় সহিংসতা নিয়ন্ত্রণহীনভাবে চলে, সেখানে এটিই শেষ হওয়ার আশঙ্কা কম।

আজাদ এসা: নিউইয়র্ক মেট্রোপলিটন এলাকায় মিডল ইস্ট আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক; মিডল ইস্ট আই থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম