রাশিয়া পুনরায় এটি স্পষ্ট করেছে, ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তিতে তাদের কোনো আপত্তি নেই। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লিতে লালগালিচা সংবর্ধনা পেলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার বিমানবন্দরে কূটনৈতিক প্রটোকল ভেঙে পুতিনকে আলিঙ্গন ও করমর্দনের মাধ্যমে স্বাগত জানান। এই দৃশ্য প্রমাণ করছে, রাশিয়া একঘরে হয়ে যায়নি। বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু অঞ্চলে ভূরাজনৈতিকভাবে দেশটি প্রাসঙ্গিক। যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন সম্পর্কের টানাপোড়েন চলছে, তখন কৌশলগতভাবে ভারত এই সুযোগ গ্রহণ করেছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা বিশ্বের সর্বোচ্চ শুল্ক হারের অন্যতম। এমনকি মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে মোদির যুদ্ধ বলে অভিহিত করেছেন। কারণ রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনা বাড়িয়ে দিয়েছে ব্যাপকভাবে। আগের দুই শতাংশ থেকে বেড়ে বর্তমানে প্রায় ৪০ শতাংশে।
যদিও ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, তবুও বেশ কিছু বিষয় নিয়ে মতবিরোধ রয়ে গেছে।যেমন–বাণিজ্য নীতি, এইচ ১বি ভিসা দেওয়া, পাকিস্তান প্রসঙ্গ এবং চীনের সঙ্গে জি২ জোট গঠনে ট্রাম্পের চাপ। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সেই কৌশলগত নীতিতে সংকট তৈরি করবে, যেখানে ভারতকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখা হতো।
এটি পরিষ্কার, ভারত বিষয়ে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি ছিল অদূরদৃষ্টিসম্পন্ন। তার প্রমাণ কেবল পুতিনের সাম্প্রতিক ভারত সফরই নয়, বরং সেপ্টেম্বরে সাংহাই কো-অপারেশন সামিটে মোদির উপস্থিতিও। সেখানে মোদি পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে হাসিমুখে হাত মিলিয়েছেন। সে জন্যই সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও তাঁর জ্যেষ্ঠ উপদেষ্টারা ভারতকে প্রকাশ্যেই তাচ্ছিল্য করেন, যা মোদির জন্য রাজনৈতিকভাবে চাপ বটে। এতে গত দুই দশকে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতা নিয়েও সম্প্রতি দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে।
পুতিনের সফরে আলোচনার এজেন্ডায় রয়েছে জ্বালানি, প্রতিরক্ষা, বেসামরিক বিমান চলাচল, গুরুত্বপূর্ণ খনিজ, বিনিয়োগ প্রকল্প এবং শ্রম অভিবাসন। ভারতের এখনও প্রত্যাশা, ২০১৮ সালের চুক্তি অনুযায়ী রাশিয়া তাদের প্রতিশ্রুত সামরিক সরঞ্জাম সরবরাহ করবে। এর মধ্যে আছে এস৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট, ইউক্রেন যুদ্ধের কারণে তা বিলম্ব হয়েছে। দুই পক্ষ প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে। ইউক্রেন যুদ্ধ ও ভারতের অস্ত্র আমদানি বহুমুখীকরণ প্রচেষ্টার কারণে রাশিয়ার অস্ত্র সরবরাহে নির্ভরতা অর্ধেকে নেমে এলেও মস্কো ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। শুক্রবারের সংবাদ সম্মেলনে পুতিন ও মোদি ২০৩০ সাল পর্যন্ত অর্থনৈতিক সহযোগিতার কর্মসূচি ঘোষণা করেছেন। ট্রাম্পের আপত্তি সত্ত্বেও ভারতকে তেল দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন পুতিন। তবে যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুক অয়েলের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা ভারত-রাশিয়া তেল বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ভারতের প্রধান তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে নতুন করে রাশিয়ান তেল আমদানি স্থগিত করেছে। তা ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য এখনও ভারসাম্যহীন। অর্থাৎ রাশিয়ার অনুকূলে রয়েছে। যে কারণে নয়াদিল্লি এখন রাশিয়ার বাজারে তার ওষুধ, যন্ত্রপাতি ও কৃষিজ পণ্যের জন্য আরও বেশি প্রবেশাধিকার চাইছে। পুতিন প্রতিশ্রুতি দিয়েছেন, ভারতের অর্থনীতিকে সচল রাখতে তিনি ‘নিরবচ্ছিন্ন’ জ্বালানি সরবরাহ নিশ্চিত করবেন।
মোদি ও পুতিন এটি পরিষ্কার করেছেন, তারা দ্বিপক্ষীয় চুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখবেন। তারা সম্ভবত স্বীকৃতি দিচ্ছেন, ইতিহাসভিত্তিক প্রতিরক্ষা সম্পর্ক এবং তেলের সাময়িক বাণিজ্য বাড়ানোই কেবল ভারত-রাশিয়া সম্পর্কের একমাত্র ভিত্তি হতে পারে না। ভারত-রাশিয়ার ঘনিষ্ঠতার পথে নানা বাধা দেখে ওয়াশিংটন হয়তো স্বস্তি পেতে পারে। কিন্তু পুতিনের এই ভারত সফর ট্রাম্প প্রশাসনের জন্য সতর্কবার্তা হওয়া উচিত, ভারতের প্রতি তাদের সাম্প্রতিক মনোভাব ও কৌশল কাজ নাও করতে পারে।
হার্শ ভি. প্যান্ট: ভাইস প্রেসিডেন্ট, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, নয়াদিল্লি ও কিংস কলেজ লন্ডনের ভিজিটিং প্রফেসর; টাইম থেকে ঈষৎ সংক্ষেপিত ভাষান্তর মাহফুজুর রহমান মানিক
