জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনীতির সমীকরণ অনেকটা ‘অ্যান্টি ক্লক’ বা উল্টো দিকে ঘুরে গেছে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগকে বাইরে রেখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিশ্বব্যাপীই গণতান্ত্রিক ব্যবস্থায় ‘দ্বিদলীয় সংখ্যাগরিষ্ঠতাবাদ’ এক রকম বাস্তবতায় পরিণত হয়েছিল।
বাংলাদেশেও ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার দ্বিদলীয় সংখ্যাগরিষ্ঠতাবাদ প্রতিষ্ঠা হয়েছিল। আসন্ন নির্বাচনে প্রধান দুটি দলের একটি আওয়ামী লীগের অনুপস্থিতিতে অপর প্রধান দল বিএনপি পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। এতে রাজনৈতিক মানচিত্রে কোনো পরিবর্তন আসছে কিনা– সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
এই পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতে ইসলামী দ্বিদলীয় সংখ্যাগরিষ্ঠতাবাদের অন্যতম প্রধান দল হিসেবে আবির্ভূত হওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু ১৯৯১ থেকে ২০০৮ সালের মধ্যে অনুষ্ঠিত গ্রহণযোগ্য নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দলটি গড়ে ৭.৪৩% ভোট পেয়েছিল। অন্যদিকে, বিএনপি গড়ে ৩৪.৪৭% ভোট ধরে রাখতে সক্ষম হয়েছিল, যদিও ২০০৮ সালে দলটির আসন সংখ্যা নাটকীয়ভাবে কমে গিয়েছিল। ভোটের হিসাবে বিএনপির সঙ্গে জামায়াতের অবস্থান ছিল যোজন যোজন দূরে। কেবল আওয়ামী লীগের সঙ্গেই (গড়ে ৩৮.৯২% ভোট প্রাপ্ত) বিএনপির জনপ্রিয়তা তুলনীয় ছিল।
আসন্ন নির্বাচনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা আদৌ ভোটকেন্দ্রে যাবেন কিনা? গেলেও তাদের উপস্থিতির হার কত শতাংশ হবে? তারা শেষ পর্যন্ত কাকে ভোট দেবেন? ভোট দিতে গেলে তারা কি আদর্শিক স্বার্থকে প্রাধান্য দেবেন, নাকি ব্যক্তিগত লাভ-ক্ষতি বিবেচনায় প্রার্থী অথবা প্রতীক বেছে নেবেন? আওয়ামী লীগের ‘বিশাল’ ভোট ব্যাংকের এই হিসাবগুলো মাথায় রাখলে এটি স্পষ্ট– আগামী নির্বাচনের বৈশিষ্ট্য হবে অত্যন্ত ব্যতিক্রমী ও জটিল।
বিএনপি ও জামায়াতের নির্বাচনী প্রচারণায়ও ঘটেছে বিবর্তন। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আওয়ামী লীগ যখন রাজনৈতিকভাবে কোণঠাসা এবং নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত, তখন এ দুই দলের প্রচারণাও ভিন্ন মোড় নিয়েছে। মোটা দাগে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করলেও কর্মী ও ভোটারদের কাছে টানার অভিযোগ আছে উভয় দলের বিরুদ্ধে।
আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন বিএনপি ও জামায়াতের জোটবদ্ধ আন্দোলনকে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার আলোকে দেখতে বা দেখাতে চাইত। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হতো, বিএনপি মুক্তিযোদ্ধার দল হলেও তারা জামায়াতের সঙ্গে মিশে ‘রাজাকারি আদর্শ’ ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় বর্তমানেও আওয়ামী লীগ সমর্থকদের একটা বড় অংশ নিবার্চন বয়কটের প্রচারণা চালাচ্ছে। এও প্রচার করছে– ‘জামায়াতের দাঁড়িপাল্লা এবং বিএনপির ধানের শীষ একই সাপের একই বিষ।’
একদিকে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের অনুপস্থিতি নির্বাচনের ফলাফলে ব্যতিক্রমী বড় ধরনের প্রভাব ফেলতে পারে ভোটার টার্নআউটের হিসাবনিকাশে। অন্যদিকে, যদি উপস্থিত হয়ে ‘মন্দের ভালো’ হিসেবে বিএনপি বা জামায়াতকে ভোট দেয়, তবেও নির্বাচনের সামগ্রিক ফলাফলে ভিন্নধর্মী মোড় তৈরি হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত ১৫ বছরেরও বেশি সময় ধরে যারা রাজপথে একসঙ্গে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং এর আগে যারা একসঙ্গে সরকার গঠন করেছিল, সেই বিএনপি ও জামায়াতের মধ্যকার ক্রমবর্ধমান সংঘাত আজ তাদের একে অপরের চরম শত্রুতে পরিণত করছে।
জামায়াত এখন আর বিএনপির ‘ছায়াসঙ্গী’ হয়ে থাকতে চায় না। তারা এখন সরাসরি দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। অনেকের কাছে এটি বড় ধরনের ‘রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা’ মনে হলেও জামায়াত মাঠ পর্যায়ে বিশাল জনসভা, নিজেদের শক্তিমত্তা প্রদর্শন এবং তৃণমূল পর্যায়ে বাগ্যুদ্ধের মাধ্যমে তাদের এই লক্ষ্য অর্জনের কৌশল নিয়েছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, বিএনপিও চাচ্ছে জামায়াতকেন্দ্রিক তাদের যে নেতিবাচক ট্যাগ আছে, তা মুছে ফেলার এটাই মোক্ষম সময়। কেননা, জামায়াতের আমিরের নির্বাচন-পরবর্তী জাতীয় সরকার গঠনের পরোক্ষ আহ্বানকেও এক রকম নাকচ করে দিয়েছে।
বর্তমানে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এতটাই চরম রূপ নিয়েছে, প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। ক্ষমতার এই লড়াইয়ে প্রাণহানির ঘটনাও ঘটছে। সম্পর্কের এই হঠাৎ বদল কি কেবলই আদর্শিক পার্থক্য, লোক দেখানো, নাকি কেবলই ক্ষমতাকেন্দ্রিক স্বার্থের দ্বন্দ্ব? যাই হোক, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপিকে তার একসময়ের ছায়াসঙ্গী জামায়াতকেই প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে গণ্য করতে হচ্ছে।
অধিকন্তু জামায়াতে ইসলামী নির্বাচন সামনে রেখে নিজেদের ‘ইনক্লুসিভ’ দল হিসেবে প্রমাণের আপ্রাণ চেষ্টা করছে। তারা আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থক, হিন্দু ধর্মাবলম্বীদেরও দলে ভিড়াতে চাচ্ছে। এমনকি একজন হিন্দু ধর্মাবলম্বী নেতাকে দলে নিয়ে মনোনয়নও দিয়েছে। একজন নারী প্রার্থীকেও মনোনয়ন না দেওয়া সত্ত্বেও দলটির নারী কমিটির রাজনৈতিক সক্রিয়তা আগের তুলনায় জনপরিসরে অনেক বেশি দৃশ্যমান। নির্বাচনী বা সাংগঠনিক ভোটের কাজে তাদের সক্রিয়তা নানামুখী আলোচনার জন্ম দিচ্ছে।
এবারের গণভোটের বিষয়ও ব্যতিক্রমী। ইতোপূর্বে ১৯৭৭, ১৯৮৫ এবং সর্বশেষ ১৯৯১ সালে পৃথকভাবে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। দেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটাররা একই দিনে দুটি আলাদা ব্যালট ব্যবহার করবেন। এই দ্বৈত নির্বাচন প্রক্রিয়া বাংলাদেশের রাজনীতির চিরচেনা সমীকরণকেও বদলে দিয়েছে। অতীতের রাজনৈতিক সংস্কৃতিতে দলগুলোর মধ্যে গণভোট নিয়ে তেমন স্পষ্ট অবস্থান দেখা না গেলেও বর্তমানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এর বিপক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে জামায়াত ও এনসিপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অত্যন্ত সরব ও আক্রমণাত্মক প্রচারণা চালাচ্ছে। বিএনপি অতীত ইতিহাস এবং ভবিষ্যতের রাজনৈতিক জটিল হিসাব মাথায় রেখে অনেকটা সতর্ক অবস্থান নিয়েছে বলে প্রতীয়মান।
প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনের মধ্য দিয়ে দ্বিদলীয় বাস্তবতা কতটা বদলাবে? প্রসঙ্গত, গত তিনটি নির্বাচনে আওয়ামী লীগ অনেক চেষ্টা করেও বিএনপির বদলে জাতীয় পার্টিকে সামনে এনে দ্বিদলীয় বাস্তবতা বদলাতে পারেনি। টানা ১৭ বছর বিএনপি ও জামায়াত ক্ষমতার বাইরে ছিল; হামলা-মামলা, কারাদণ্ড, নির্যাতন, গুম-হত্যার শিকার হয়েও টিকে ছিল। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে দল দুটি বরং আগের চেয়ে বেশি শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে। আওয়ামী লীগের মতো একটি প্রাচীন এবং গড়ে ৩৮ শতাংশ জনসমর্থন নিশ্চিতকারী দলকে কি নির্বাচনের মাধ্যমে নিশ্চিহ্ন করে নতুন ধারার দ্বিদলীয় সংখ্যাগরিষ্ঠতাবাদ বাস্তবায়ন আদৌ সম্ভব? এমনকি এবারের ভোটেও বিএনপি ও জামায়াতকে আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের দ্বারস্থ হতে হচ্ছে। গণভোটেও তাদের ভোট হয়ে উঠছে গুরুত্বপূর্ণ।
দেশীয় ও অভ্যন্তরীণ পরিস্থিতিতে এটাও ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যে, এবারের নির্বাচনে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞায় ফেলা গেলেও আগামী নির্বাচনে সেটা অসম্ভব হয়ে ওঠার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। দেশের দ্বিদলীয় বাস্তবতার অন্যতম প্রধান দল বিএনপিকে যখন কার্যত তিনটি নির্বাচনে দূরে সরিয়ে রেখেও দমিয়ে রাখা যায়নি; এই ব্যবস্থার অপর প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে একাধিক নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখে সেখানে জামায়াতের স্থলাভিষিক্ত হওয়া রাজনৈতিক বিশ্লেষণ মতে প্রায় অসম্ভব একটা কাজ হবে।
প্রয়োজন সত্যিকার অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এর মাধ্যমেই গণতান্ত্রিক ব্যবস্থা স্থিতিশীল ও টেকসই হয়ে উঠবে। তখন কোনো দল দ্বিদলীয় ধারার অন্যতম প্রধান পক্ষ হয়ে উঠতে চাইলে নীতি ও কর্মসূচির মাধ্যমে ভোটারদের আকর্ষণ করার দীর্ঘ পথ বেছে নিতে হবে। অনিশ্চিত দীর্ঘ সময় কোনো দলকে নির্বাচনী মাঠের বাইরে রেখে নিজে প্রধান হয়ে ওঠা যে অসম্ভব– বিএনপি ও জামায়াত নিজেই এর সবচেয়ে বড় প্রমাণ। আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের ক্ষেত্রে একটি বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য পন্থা হতে পারে ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’, তা যে কোনো সময়ই কার্যকর করা হোক না কেন।
অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকী: বিভাগীয় প্রধান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
