দেশের যাতায়াত ব্যবস্থায় পেশাদার চালকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রী ও পণ্য পরিবহনের মাধ্যমে দেশের উন্নয়নে বিপুল অবদান তাদের। অন্যদিকে একজন চালকের শারীরিক ও মানসিক সুস্থতা এবং নিরাপদ কর্মপরিবেশ তাঁর গাড়ি চালানোর সক্ষমতাকে প্রভাবিত করে। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সড়ক নিরাপত্তায়। তারপরও তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বেশ অবহেলিত।

বৈশ্বিক ও বাংলাদেশ প্রেক্ষাপট পর্যাপ্ত গবেষণার অভাবে বাংলাদেশের পেশাদার চালকদের স্বাস্থ্য বিষয়ে বলার সুযোগ সীমিত। তবে যতটুকু গবেষণা হয়েছে, তার সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার চালকদের বিষয়ে প্রাপ্ত কিছু গবেষণার তথ্য মিলিয়ে বাংলাদেশের চালকের পেশাগত কারণে সৃষ্ট শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যার স্বরূপ বোঝা যায়।

বিভিন্ন দেশে পেশাদার চালকদের স্বাস্থ্য সম্পর্কিত গবেষণার ফলাফলে গাড়িচালকদের নানাবিধ শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যার কথা উঠে এসেছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অতিমাত্রায় অ্যালকোহল ব্যবহার; মানসিক চাপ ও ঘুমের অভাব; উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি। পারিপার্শ্বিক অনেক কারণ ও স্বাস্থ্য সচেতনতার অভাবে এরূপ শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা হয় বলে সেসব গবেষণায় প্রমাণ পাওয়া গেছে।

বিভিন্ন সময়ে বাংলাদেশের মতো কয়েকটি নিম্ন-মধ্যম আয়ের দেশে পেশাদার চালকদের নিয়ে কিছু গবেষণা হয়েছে। এরূপ ৪১টি গবেষণায় ৪৮ হাজার ৪১৪ জন চালকের তথ্য রয়েছে। গবেষণাগুলোর সম্মিলিত ফলে দেখা গেছে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন ৩৬.৭ শতাংশ, ডায়াবেটিস আছে ১৫.২ শতাংশের এবং স্থূলতার হার ২৭.২ শতাংশ। এ ছাড়া তারা কোমর ও নিতম্বে ব্যথা, পেশিতে ব্যথা, উদ্বেগ ইত্যাদি সমস্যার কথাও উল্লেখ করেছেন।

স্বাস্থ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) ২০২৪ সালে সায়েদাবাদ বাস টার্মিনাল এবং তেজগাঁও ট্রাক টার্মিনালে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প পরিচালনা করে। তাতে ৪০০ চালকের দৃষ্টিশক্তি পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ পরিমাপ করা হয়। সেখান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৬৭ শতাংশের কোনো না কোনো চোখে বিভিন্ন মাত্রায় দৃষ্টিশক্তিজনিত সমস্যা (দূর বা কাছের) রয়েছে। ৪২.৭ শতাংশের রক্তে উচ্চমাত্রার গ্লুকোজ পাওয়া গেছে। এ ছাড়া ৪১ শতাংশ চালকের মধ্যে উচ্চ রক্তচাপ এবং ৪৭ শতাংশের নিম্ন রক্তচাপজনিত সমস্যা পাওয়া গেছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ২০২৫ সালে ঢাকার পাঁচটি বাস ও ট্রাক ট্রার্মিনালে ৯৩৬ জন পেশাদার চালক এবং হেলপারের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প পরিচালনা করে। অংশগ্রহণকারী ৭৯ শতাংশের মধ্যে রক্তচাপজনিত (উচ্চ বা নিম্ন) সমস্যা পাওয়া গেছে। রক্তে গ্লুকোজের সমস্যা পাওয়া গেছে ৬২ শতাংশের। দৃষ্টিশক্তিজনিত সমস্যা (নিকট ও দূর) পাওয়া গেছে ৭৫ শতাংশের। এ ছাড়া ৩৪ শতাংশ চালক জানিয়েছেন, তাদের ধূমপানের অভ্যাস আছে।

স্বাস্থ্য সমস্যার কারণ পেশাদার চালকদের স্বাস্থ্যগত সমস্যা শারীরিক ও মানসিক উভয় ধরনের। শারীরিক সমস্যা তৈরির জন্য দায়ী কারণগুলো: পর্যাপ্ত ঘুম বা বিশ্রামের অভাব; অনিয়মিত ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস; চিকিৎসার সুযোগ না পাওয়া; দীর্ঘ সময় একই ভঙ্গিতে ড্রাইভিং সিটে বসে থাকা; অতিমাত্রায় ওভারলোড গাড়ির স্টিয়ারিং ঘোরানো; যানবাহনের কম্পন, ত্রুটিপূর্ণ রাস্তায় গাড়ি চালানো ইত্যাদি। মানসিক সমস্যার জন্য দায়ী কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য: দীর্ঘ যানজট, অন্য গাড়ির লেন অমান্য করা, একই সড়ক বা লেনে দ্রুত ও ধীরগতির যানবাহন চলা। বেশি ট্রিপ চালাতে মালিকের চাপ, যাত্রীদের অশোভন আচরণ, দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকা, উপার্জনের অনিশ্চয়তা, ট্রাফিক আইনে মামলার আতঙ্ক, মামলার ব্যয় বহনের চাপ, গাড়ির রেজিস্ট্রেশনের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স পেতে ও নবায়ন করতে দীর্ঘ সময় লাগা, অপ্রাতিষ্ঠানিকভাবে ড্রাইভিং শেখা, যান্ত্রিক ত্রুটি নিয়ে যানবাহন চালানো, নষ্ট যন্ত্রাংশ মেরামতে মালিকের গড়িমসি, রাস্তায় বিভিন্ন গ্রুপকে চাঁদা দেওয়ার ভয় ইত্যাদি।

উত্তরণের সুপারিশ বিভিন্ন পর্যায় থেকে নানামুখী উদ্যোগ নিয়ে চালকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার সুযোগ রয়েছে। যেমন:

১. স্বাস্থ্য পরীক্ষা নিয়োগের সময় চালকের চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ পরিমাপ এবং মানসিক স্বাস্থ্য পরীক্ষা, নির্দিষ্ট সময় পরপর স্বাস্থ্য পরীক্ষা করানো, মানসিক স্বাস্থ্যের কাউন্সেলিং গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষা মনিটরিং, অর্থনৈতিকভাবে অসচ্ছল চালকদের চিকিৎসা ব্যয় বহন ইত্যাদির জন্য নিয়োগকর্তা বা নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা। পাশাপাশি এগুলো নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যথাযথ আইন প্রণয়ন ও প্রয়োগ করা।

২. কর্মঘণ্টা ও নিরাপদ কর্মপরিবেশ নির্ধারণ প্রাতিষ্ঠানিক পর্যায়ে চালকের জন্য যৌক্তিক কর্মঘণ্টা নির্ধারণ করা ও ন্যায্যমূল্যে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবারের সুযোগ, বিশুদ্ধ পানি, গোসল ও শৌচকাজের সুবিধা, ঘুমানোর সুবিধা-সংবলিত বিশ্রামাগার স্থাপনের উদ্যোগ নেওয়া। নীতিনির্ধারণী পর্যায় থেকে এগুলো নিশ্চিত করতে যথাযথ আইন প্রণয়ন ও প্রয়োগ করা।

৩. মানসম্পন্ন যানবাহন ও উন্নত রাস্তা নিশ্চিতকরণ ত্রুটিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন না চালানো; অপ্রয়োজনীয় ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করা; যাত্রী তুলতে প্রতিযোগিতা না করা; ওভারলোড নিয়ে গাড়ি না চালানো; অতিরিক্ত ট্রিপ চালাতে চালককে চাপ না দেওয়া; ওজন কন্ট্রোল স্টেশনগুলোর কার্যক্রম নিয়মিত চালু রাখা; সরকার নির্ধারিত প্রতিষ্ঠান থেকে ড্রাইভিং শেখা; লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন পাওয়া সহজীকরণ ইত্যাদির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট বিধিবিধান প্রণয়ন করতে হবে। পাশাপাশি ত্রুটিপূর্ণ রাস্তা মেরামত ও নিয়মিত রক্ষণাবেক্ষণ; প্রয়োজনীয় রোড সাইন স্থাপন; রোড সাইন ও মার্কিং রক্ষণাবেক্ষণ; দ্রুত ও ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনের ব্যবস্থা করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া আইন প্রয়োগকারী সংস্থাকে সুশৃঙ্খল ট্রাফিক নিয়ন্ত্রণ, যানজট নিরসনের ব্যবস্থা ও আইন অমান্য করলে বিধি অনুযায়ী শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে।

উপসংহার পেশাদার চালকদের সুস্বাস্থ্য সড়ক নিরাপত্তার উন্নয়নে ভূমিকা রাখলেও সামগ্রিকভাবে সড়ক নিরাপত্তা উন্নয়নে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টা। তাতে সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। জনগণকে পথচারী, যাত্রী এবং চালক হিসেবে সঠিক নিয়ম মেনে রাস্তায় চলতে হবে। চালককে সুস্থ থেকে গাড়ি চালাতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। রাস্তায় দায়িত্বশীল আচরণ করতে হবে। যানবাহনের মালিককে চালকের প্রতি সহনশীল হতে হবে। নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে। দেশের আইন মেনে রাস্তায় গাড়ি নামাতে হবে। সড়ক ও যানবাহন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে নির্বিঘ্নে যান চলাচলের ব্যবস্থা করতে হবে। আইন প্রণয়ন ও প্রয়োগকারী প্রতিষ্ঠানকে যৌক্তিক আইন ও বিধি প্রণয়ন এবং তা প্রয়োগ করতে হবে। সর্বোপরি সরকারকে রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

কাজী বোরহান উদ্দিন: প্রোগ্রাম ম্যানেজার (রোড সেফটি); সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)