পাহাড়-টিলা, সবুজ বনাঞ্চল আর নানা জাতিগোষ্ঠী ও বৈচিত্র্যময় জীবনধারার সমন্বয়ে গড়ে ওঠা পার্বত্য চট্টগ্রাম ভূখণ্ড দেশের সামগ্রিক প্রেক্ষাপটে সবসময় আলাদা তাৎপর্য বহন করে। এ অঞ্চলে বাঙালিদের পাশাপাশি বহু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় নিয়ে বসবাস করে আসছেন। ভাষা, পোশাক, উৎসব ও জীবনচর্চার ভিন্নতা এখানে এক অনন্য সামাজিক বুনন তৈরি করেছে। এই বহুত্বই পারস্পরিক সহাবস্থানের ভিত্তি, যা সঠিক দিকনির্দেশনা ও ন্যায়সঙ্গত নীতির মাধ্যমে শক্তিতে রূপ নিতে পারে।\r\nবাস্তবতা হলো, সমন্বয় ও ভারসাম্য রক্ষা না হলে এই বৈচিত্র্যই কখনো কখনো টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়ায়। তাই এই অঞ্চলকে ঘিরে যে কোনো উদ্যোগে প্রয়োজন স্পর্শকাতর, দূরদর্শিতা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি।
এই বাস্তবতায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয়টি কেবল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রশাসনিক কাঠামো নয়, বরং এটি আস্থা, সমন্বয় এবং ন্যায়বিচারের প্রতীক হওয়া উচিত। কিন্তু গত দেড় দশকের অভিজ্ঞতা বিশ্লেষণ করলে দেখা যায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে নানা অভিযোগ, অসন্তোষ ও পারস্পরিক অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, প্রকল্প বণ্টন, নিয়োগ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং আর্থিক সহায়তায় বৈষম্যের ছাপ পড়েছে। এর প্রভাব পড়েছে তিন পার্বত্য জেলার জেলা পরিষদ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে। একইসঙ্গে আঞ্চলিক পরিষদগুলোর কার্যক্রমেও সমন্বয়হীনতা ও আস্থার সংকট তৈরি হয়েছে।\r\nপার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো একমুখী নয়।
এখানে ভূমি-সংক্রান্ত বিরোধ, রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্ন, উন্নয়ন বণ্টনের বৈষম্য এবং নিরাপত্তাজনিত উদ্বেগ- সব মিলিয়ে একটি জটিল বাস্তবতা বিরাজমান এই অঞ্চলে। অনেক ক্ষেত্রে বাঙালি জনগোষ্ঠী মনে করে তারা প্রশাসনিক ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। আবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের মধ্যেও রয়েছে অবহেলা ও অনুন্নয়নের অভিযোগ। ফলে উভয় পক্ষের মধ্যেই এক ধরনের অবিশ্বাসের চক্র তৈরি হয়েছে, যা উন্নয়ন ও সম্প্রীতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।\r\nএই প্রেক্ষাপটে নতুন সরকারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে এমন একজন যোগ্য, দক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব প্রয়োজন, যিনি জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে সমতার ভিত্তিতে কাজ করতে সক্ষম হবেন।
অনেকের মতে, পার্বত্য চট্টগ্রাম থেকে উঠে আসা একজন যোগ্য ও অভিজ্ঞ বাঙালি ব্যক্তিত্বকে পূর্ণ দায়িত্ব দেওয়া হলে ভারসাম্য রক্ষায় উন্মোচিত হতে পারে নতুন দিগন্ত। তবে এখানে মূল বিবেচ্য হওয়া উচিত যোগ্যতা, প্রশাসনিক দক্ষতা, সহানুভূতিশীল এবং সকল জনগোষ্ঠীর আস্থা অর্জনের সক্ষমতা। পরিচয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো ন্যায়বোধ ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি।\r\nপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য নেতৃত্বের জন্য কয়েকটি নীতিগত বিষয় অত্যন্ত জরুরি। প্রথমত, সমানাধিকার ও স্বচ্ছতা নিশ্চিত করা। সরকারি সেবা, উন্নয়ন প্রকল্প, শিক্ষা-স্বাস্থ্য সুবিধা, অবকাঠামো নির্মাণ এবং আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা বণ্টনে থাকতে হবে স্বচ্ছতা।
ডিজিটাল মনিটরিং ব্যবস্থা, উন্মুক্ত তথ্য প্রকাশ এবং স্বাধীন অডিট ব্যবস্থার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা যেতে পারে। দ্বিতীয়ত, সমন্বিত সংলাপ প্রক্রিয়া গড়ে তোলা। জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও নাগরিক প্রতিনিধিদের নিয়ে নিয়মিত আলোচনার ব্যবস্থা থাকতে হবে। মতবিনিময়ের মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি তৈরি করা প্রয়োজন। তৃতীয়ত, উন্নয়নের ভারসাম্য রক্ষা। পাহাড়ি ও সমতল এলাকার চাহিদা এক নয়। তাই প্রকল্প গ্রহণে স্থানীয় বাস্তবতা ও প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। কৃষি, পর্যটন, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবাসহ সব খাতে সমন্বিত পরিকল্পনা নিতে হবে। যাতে কেউ নিজেকে বঞ্চিত মনে না করে, বা বঞ্চিত না হয়। চতুর্থত, আস্থা পুনর্গঠন ও বৈষম্য নিরসন।
অতীতের অভিযোগ ও অসন্তোষকে অস্বীকার না করে বরং তা নিরপেক্ষভাবে মূল্যায়ন করতে হবে। যদি কোথাও দুর্নীতি, পক্ষপাতিত্ব বা বৈষম্যের প্রমাণ থাকে, তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে একটি ইতিবাচক বার্তা দিতে হবে যে, মন্ত্রণালয় সবার জন্য সমানভাবে কাজ করে। পঞ্চমত, শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি জোরদার করা। পার্বত্য চট্টগ্রামের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নির্ভর করে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ওপর। শিক্ষাক্রম, সাংস্কৃতিক বিনিময় এবং স্থানীয় উদ্যোগের মাধ্যমে সম্প্রীতির চর্চা বাড়ানো যেতে পারে।\r\nপার্বত্য চট্টগ্রাম জাতীয় অর্থনীতি ও নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা রাষ্ট্রের কৌশলগত স্বার্থের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এখানে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে কোনো ধরনের বিভাজনমূলক মনোভাব বা একপাক্ষিকতা গ্রহণযোগ্য হতে পারে না। প্রয়োজন এমন নেতৃত্ব, যা সকল পক্ষের আস্থা অর্জন করতে সক্ষম এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশল বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ নির্ভর করছে ন্যায়, সমতা ও সহাবস্থানের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তের ওপর। বিভাজন নয়, বরং সম্প্রীতি। বৈষম্য নয়, বরং সমানাধিকার। এই নীতিতে অটল থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে এগিয়ে যেতে হবে। একজন যোগ্য, অভিজ্ঞ ও অন্তর্ভুক্তিমূলক মানসিকতার নেতৃত্বই পারে বৈষম্য ও অবিশ্বাসের অধ্যায় পেছনে ফেলে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে।
