ব্রিটিশ বণিক এবং শাসকরা বাঙালিদের ব্যবসায়ী হয়ে ওঠার সুযোগ গলা টিপে হত্যা করেছিল। ভারতের মুম্বাই, মাদ্রাজ ইত্যাদি শহর যখন বাণিজ্য তরীর পালে হাওয়া লাগিয়ে তরতরিয়ে এগোচ্ছে বাংলা তখন চিরস্থায়ী বন্দোবস্তের ভূমিতে শেকড় গেড়ে অনড় বসে আছে। জমিদার শ্রেণির হাতে যে পুঁজি জমেছিল তা তারা ভূসম্পত্তি বাড়াতেই ব্যয় করেছে, ব্যবসা বা শিল্প বিনিয়োগে নয়। সে সুযোগ যে পরিকল্পিতভাবেই সঙ্কুচিত করে রেখেছিল চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক লর্ড কর্নওয়ালিস ও তাঁর সহযোগীরা তা বোঝা যায় কর্নওয়ালিসের বক্তব্য থেকেই- আমাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই এ দেশের ভূস্বামীদের আমাদের সহযোগী করে নিতে হবে।
যে ভূস্বামী একটি লাভজনক ভূসম্পত্তি নিশ্চিন্ত মনে ও সুখে-শান্তিতে ভোগ করতে পারে তার মনে এর কোনোরকম পরিবর্তনের ইচ্ছা জাগতেই পারে না ( ভারতীয় জাতীয় আন্দোলন - বদরুদ্দীন উমর)। বিনয় ঘোষের সাময়িক পত্রে বাংলার সমাজচিত্র থেকে জানা যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টরদের কাছে এক চিঠিতে তিনি লিখছেন- ভূমিস্বত্বকে নিরাপদ ঘোষণার সঙ্গে সঙ্গেই এদেশীয়দের হাতে যে বিরাট পুঁজি আছে সেটাকে তারা অন্য কোনভাবে নিয়োগ করার উপায় না দেখে ভূসম্পত্তি ক্রয়ের উদ্দেশ্যেই ব্যয় করবে। এ কাজ সহজ করতে এবং ব্যবসা ও শিল্প খাতে পুঁজি বিনিয়োগ নিরুৎসাহিত করতে ইংরেজ সরকার আইন প্রণয়নসহ গোটা পরিবেশই প্রতিকূল করে রেখেছিল। পাশাপাশি উন্মুক্ত রেখেছিল ভূমিস্বত্ব কেনার সহজ ব্যবস্থা। বাঙালি স্বভাবত তাই মাটির দিকেই ঝুঁকেছে।
ইংরেজের সঙ্গে শিল্প-ব্যবসা বিনিময়ে নিজ দেশে ইংরেজ হয়েছে শিল্প পুঁজিপতি আর বাঙালি দ্বারকানাথ ঠাকুর প্রিন্স উপাধি নিয়ে শেষ পর্যন্ত জমিদারীর গণ্ডিতেই আটকে থাকেন, দেশীয় শিল্প বিকাশে অবদান রাখতে পারেন না। আজও ব্যবসায়ী হিসেবে বাঙালি তেমন সুনাম কুড়াতে পারেনি।\r\nব্যবসায়ী হিসেবে বাঙালি যেখানে এখনো পুরোপুরি পেশাদার হয়ে উঠতে পারেনি সেখানে বই বা প্রকাশনা ব্যবসায় পুরোদস্তুর পেশাদারিত্ব আশা করা যায় না। তারপরও দেশের প্রকাশনা জগত আজ অনেক দূর এগিয়েছে। এর পেছনে অমর একুশে বইমেলার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার প্রকাশনা শিল্পের গতি দ্রুত বাড়িয়েছে। প্রকাশনার পেছনের কাজ ও ঝামেলা কমিয়েছে। খুব অল্প সময়ে বাজারজাত করা যায় বলে প্রচুর বই বাজারে আসছে।
ভেতরে বিষয় যাই থাক প্রকাশনার মান বেড়েছে, প্রকাশকের সংখ্যা বেড়েছে। শিক্ষিত তরুণেরা এর সঙ্গে যুক্ত হওয়ায় এতে আধুনিকতার ছোঁয়া আছে পুরো মাত্রায়। স্বাধীনতার পর নানা সংকট পেরিয়ে প্রকাশনা শিল্প এগিয়ে চললেও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এক লাফে তাকে এগিয়ে দিয়েছে অনেক দূর। সব আশঙ্কা পাশ কাটিয়ে প্রকাশনা শিল্পের অগ্রগামী যাত্রা নিশ্চিত করেছে যে, বই হারাবে না। প্রযুক্তির বিকাশের সঙ্গে বই সাংঘর্ষিক নয়। বরং এর ব্যবহার বইয়ের উৎকর্ষ বাড়িয়েছে। বই উৎপাদনের সঙ্গে জড়িতদের পেশাদার হওয়ার সুযোগ হাতের মুঠোয় পৌঁছে দিয়েছে। লেখার এবং কেনার প্রবণতাও এতে বেড়েছে। যে কেউ যে কোন বিষয় নিয়ে লিখছে। রান্না, রূপচর্চা, ফ্যাশন, লাইফস্টাইল- সব কিছু নিয়ে বই হচ্ছে আজকাল।
দশম শ্রেণিতে পড়ুয়ারও দুটো কবিতা কিংবা গল্পের বই, গৃহবধূর দু খানা লাইফস্টাইল বা রান্নাবিষয়ক বই, চাকরিজীবীর গদ্য-পদ্য মিলিয়ে হাফ ডজন বই থাকা আজকাল বিচিত্র নয়। কিছু লিখলেই তা নিখুঁত বই হয়ে আসছে সহজে। এই বিপুলসংখ্যক বই চিন্তা বা মননশীলতার জগতে কি অবদান রাখছে তা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলেও প্রকাশনা শিল্প বিকাশে অবদান রাখছে। যার অর্থ বই লাভজনক পণ্যে পরিণত হচ্ছে।\r\nপৃথিবীর সবচেয়ে পুরানো বলে পরিচিত ফ্রাঙ্কফুর্ট বইমেলা প্রকাশকদের মেলা। প্রায় পঁাঁচ শ বছরের পুরানো এ আন্তর্জাতিক বইমেলার প্রথম তিন দিন বরাদ্দ প্রকাশক এবং প্রকাশনার সঙ্গে জড়িতদের জন্য। এ তিন দিন অন্য কারও মেলায় প্রবেশ নিষেধ। চার বছর আগের এক পরিসংখ্যানে দেখা যায়, ২০০৯ সালে এ মেলায় চার লাখের মতো বই এসেছিল।
অংশ নেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩১৪টি। এসব পরিসংখ্যান বইয়ের অগ্রগামী অভিযাত্রার চিত্রই তুলে ধরে।\r\nতবে বাংলাদেশের প্রেক্ষিতে বলা যায়, প্রকাশনা শিল্প যত দৃঢ় হচ্ছে, ভালো লেখকের ঘাটতি ততই প্রকট হচ্ছে। এ দেশের প্রকাশনা শিল্প নিজ পায়ে দাঁড়ানোর দৃঢ়তা অর্জনে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অবদান অনেক। তার প্রায় প্রতিটি বইয়ের লাখের বেশি পাঠক ছিল। তার আকাশছোঁয়া জনপ্রিয়তা এ দেশে পাঠকের অস্তিত্বের কথা মনে করিয়ে দেয়। যদিও সে পাঠকের মান নিয়ে প্রশ্ন আছে। পাঠকের মান বাড়ানোর দায় খানিকটা লেখক প্রকাশকের ওপরও বর্তায়। তবে একথাও মনে রাখা দরকার, একটি দেশের প্রকাশনা শিল্প তো বটেই, সাহিত্যের স্বাভাবিক গতির জন্য মননশীল বা সিরিয়াস ধারার লেখার পাশাপাশি জনপ্রিয় ধারার লেখা থাকাও জরুরি।
লেখক সৃষ্টিতে প্রকাশকের দায়িত্বশীলতাও গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল প্রকাশকদের সহযোগিতায় অনেক প্রতিশ্রুতিশীল কবি-সাহিত্যিক প্রতিষ্ঠা পেয়েছেন এমন দৃষ্টান্ত পশ্চিম বাংলায় অনেক আছে। ব্যবসার ক্ষতি না করেও এটা করা যায়। ঘটনাক্রমে একজন লেখক বাজার পেয়ে গেলে শুধু তাকে নিয়ে মেতে থাকলে প্রতিশ্রুতিশীল বা ক্ষমতাবান অন্য লেখকরা কোনো ঠাসা হয়ে পড়েন। তাদের বিকাশ ব্যাহত হয়। সাহিত্যকর্ম তারকানির্ভর বা কর্পোরেট বাণিজ্যনির্ভর হয়ে পড়লে সৃজনশীলতায় শূন্যতা সৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়। পেশাদারিত্বের নামে এ ধরনের মানসিকতা ভাষা-সাহিত্যের বিকাশে তেমন কোন অবদান রাখতে পারে না, বরং ক্ষতি করে। কলকাতার দায়িত্বশীল প্রকাশনী প্রতিক্ষণ -এর কর্ণধার প্রিয়ব্রত দেব এক সাক্ষাৎকারে বলেছিলেন- প্রকাশকদের কাজ শুধু বই প্রকাশ আর বেচা নয়।
পাঠক তৈরি করাও তাঁদের দায়িত্ব। নতুন লেখক তৈরিতে মন দেওয়া প্রয়োজন। প্রকাশনা একটি সম্ভ্রান্ত ব্যবসা। প্রকাশনার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের সমাজের প্রতি একটা দায়িত্ব আছে। বই মানবসভ্যতার অগ্রগতির ঐতিহাসিক দলিল। তাই পাঠককে উন্নততর রুচির সন্ধান দেওয়া প্রয়োজন। বাণিজ্যকে উপেক্ষা না করেও এ কমিটমেন্ট পালন করা যায়। কমিটমেন্ট পেশাদারিত্বের অংশ।\r\nপৃথিবীর সাত হাজারের বেশি জীবিত ভাষার মধ্যে বাংলার অবস্থান ষষ্ঠ। একই ভাষা গোষ্ঠীর ফরাসী বা জার্মান ভাষীরা সংখ্যায় অল্প হয়েও নিজেদের ভাষায় জাতীয় জীবন নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিকভাবে উল্লেখযোগ্য জায়গা দখল করে আছে। পৃথিবীতে এখন ফরাসী ভাষায় কথা বলছে ৬ কোটি ৮০ লাখ মানুষ। জার্মান ভাষায় ৯ কোটি আর বাংলায় কথা বলছে ১৮ কোটি ১০ লাখের বেশি মানুষ।
পরিসংখ্যানেই কেবল বাংলা ফারসী ও জার্মানের দ্বিগুণ বা তার বেশি এগিয়ে আছে। কাজেকর্মে পিছিয়ে আছে যোজন যোজন দূর।\r\nআমাদের ঔপনিবেশিক পূর্বসূরিতা এর অন্যতম কারণ। আমাদের পুঁজির শক্তি নেই। ভাষার কণ্ঠও তাই ক্ষীণ। ইংরেজরা ভারতে আসার আগে ভারত ও চীনের আর্থ-সামাজিক অবস্থা প্রায় একই ধরনের ছিল। কিন্তু চীনে ঔপনিবেশিক আধিপত্য ঢুকতে না পারায় আজ তারা বিশ্বে অর্থনৈতিক পরাশক্তি হতে যাচ্ছে। তাদের ভাষাকে গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে ধনী পুঁজিবাদী দেশ। আর আমরা আজও রাজনীতি, অর্থনীতির সবকিছুতে ঔপনিবেশিক হ্যাংওভার নিয়ে খুঁড়িয়ে হাঁটছি। যার প্রভাব স্বাভাবিকভাবেই ভাষা-সাহিত্যেও পড়েছে। এ অবস্থা চলতে পারেনা। এর পরিবর্তন প্রয়োজন। এজন্য লেখক পাঠক প্রকাশকের সম্মিলিত প্রয়াস যেমন দরকার তেমনি দরকার রাষ্ট্রীয় উদ্যোগের। রাষ্ট্রের সচেতন উদ্যোগ সবচেয়ে জরুরি। \r\nসেই যে আঠারো শতকে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের ফাঁদে আটকে ভূস্বামীদের সম্পর্কে মন্তব্য করেছিলেন- এদের মনে পরিবর্তনের কোনো রকম ইচ্ছা জাগতেই পারে না। তা থেকে বেরোতে শিক্ষা-দীক্ষা, আত্মমর্যাদাবোধ বাড়াতে হবে। আর এর সঙ্গে ভাষা-সাহিত্য বিকাশের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সাহিত্যকে যাঁরা ছাপার অক্ষরে মানুষের হাতে পৌঁছে দেন তাঁরা ব্যবসায়ে অবদান রাখার পাশাপাশি নিজেদের দায়িত্বের গুরুত্বও বুঝবেন এমন সংগত আশা করাই যায়।
