১৬৬৬ থেকে ২০২৫ খ্রিস্টাব্দ। সুদীর্ঘ ৩৬০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে শহর চট্টগ্রামের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে মোঘল বিজয়ের স্মারক দিল্লি শাহী মসজিদের অনুসরণে নির্মিত আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। একে বলা হয়, ‘জামে সংগীন’। নানামাত্রিক কলাকৌশলে শুধু পাথরের সাহায্যে নির্মিত বলেই একে ‘জামে সংগীন’ বলা হয়। কালের বিবর্তনের সাথে সংগতি রেখে লাখো মুসল্লি আর ‘বার আউলিয়ার’ পূণ্যভূমির গভীরতর ধর্মীয় আধ্যাত্মিক অনুভূতিকে সুসমন্বিত করে অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের প্রচেষ্টায় ইসলামী ঐতিহ্যের চিরায়ত এই নিদর্শনকে মসজিদে নববীর অনুসরণে নির্মাণ করার সংকল্প চট্টগ্রামবাসীকে উজ্জীবিত করে তুলেছে।
সুফীবাদের অভয়ারণ্য, ইসলামী জজবার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে ‘আইকনিক’ এ মসজিদ হয়ে উঠবে চট্টগ্রাম ধর্মীয় ঐতিহাসিক ঐতিহ্যের স্মারক, যা আগামী দিনের জন্যও হয়ে থাকবে আধ্যাত্মিক প্রেরণার চিরায়ত প্রতীক। শায়েস্তা খাঁর ছেলে উম্মেদ খাঁ আরাকান ও পর্তুগিজদের পরাজিত করে ১৬৬৬ সালে মুসলিমদের বিজয়ের স্মৃতিস্মারক হিসেবে এ মসজিদটি নির্মাণ করেন। ১৭৯১ খ্রিস্টাব্দে বৃটিশরা দখল করে এ মসজিদকে অস্ত্রাগার হিসেবে ব্যবহার করা শুরু করে। খান বাহাদুর হামিদুল্লাহ খান এ মসজিদকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করার জন্য আন্দোলন শুরু করেন। ১৮৫৬ সালে বৃটিশদের হাত থেকে মুক্ত হয়। ১৯৬২ সালে ওয়াকফ কমিটি গঠিত হয়। ১৯৮০ সালে মসজিদ সংলগ্ন মার্কেটটি নির্মাণ করা হয়। ১৯৮৬ সালে ইসলামিক ফাউন্ডেশনের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন ও বিচার মন্ত্রণালয় কর্তৃক ৭ জানুয়ারি ১৯৮৬ খ্রি. তারিখ জারিকৃত অর্ডিন্যান্স ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ অর্ডিন্যান্স নং ২/১৯৮৬’ মূলে মসজিদের রক্ষণাবেক্ষণ ও প্রশাসনের দায়িত্বভার ইসলামিক ফাউন্ডেশনকে প্রদান করা হয়। অর্ডিন্যান্সে শাহী জামে মসজিদের খতিয়ানভুক্ত জায়গার পরিমাণ পি এস জরিপের ৩০টি দাগে সর্বমোট ২.৪২৭৬ একর। উক্ত জমি ইসলামিক ফাউন্ডেশনের নামে (৯২৯ নং বিএস খতিয়ান) মিউটিশন/নামজারি করা হয়েছে। উক্ত জমির মধ্যে ৬টি দাগে ১.০২০৯ শতক জায়গা এম.ই.এস. এর দখলি জমি অন্তর্ভুক্ত রয়েছে। উক্ত জমির বিরোধ মীমাংসার জন্য উভয় প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন সময়ে যৌথ সার্ভে ও সভা অনুষ্ঠিত হয়। ৭ জানুয়ারি ১৯৮৬ খ্রি. তারিখে জারিকৃত অর্ডিন্যান্স অনুযায়ী ২.৪২৭৬ একর জমি শাহী জামে মসজিদ/ইসলামিক ফাউন্ডেশনকে প্রদান করা হয়।
এই পর্যন্ত প্রাপ্ত তথ্যে নি¤েœাক্ত বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বদের সম্পর্কে জানা যায়, যাঁরা আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব হিসেবে ধর্মীয় দায়িত্ব পালন করেছেন। তাঁরা হলেন: মাওলানা শেখ আকরম আলী নিজামপুরী, মৌলভী ফজলুর রহমান, সৈয়দ আবদুল হামিদ বাগদাদী, মাওলানা সফিরুর রহমান হাশেমী, সৈয়দ আবদুল করিম আল মাদানী, মাওলানা আবদুল মৌতি মিরদাদ, মাওলানা নওয়াব হোসেন, কারী বদি আহমদ, সৈয়দ আবদুল আহাদ আল মাদানী, সৈয়দ আনোয়ার হোসাইন জাবেরী আল মাদানী প্রমুখ।
আমি পৈতৃক সূত্রে অত্র এলাকায় বসবাস ও শৈশব-কৈশোরে শিক্ষাজীবন (আন্দরকিল্লা এমইএস স্কুল, চট্টগ্রাম আইন কলেজ) অতিবাহিত করার সূবাদে শাহী জামে মসজিদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে যাই। মসজিদের বেহাত হয়ে যাওয়া বিপুল সম্পদ উদ্ধারের দাবি জানানোর কারণে মরহুম প্রিন্সিপাল এ এ রেজাউল করিম, আমিসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দকে মিথ্যা মামলার আসামীও হতে হয়েছিল।
আখেরী জুমায় লাখো মুসল্লীর নামাজের জন্যে রাস্তায় দিকদর্শন যন্ত্র বসিয়ে চক দিয়ে লাইন টানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, থলে নিয়ে জুমা আর তারাবীর নামাজে টাকা তোলা প্রভৃতি স্মৃতি আজো অম্লান হয়ে আছে। স্কুল সহপাঠীদের নিয়ে মসজিদে যেতাম। নামাজ শেষে মসজিদের বারান্দায় বসে কোরান হাদীসের বয়ান শুনতাম। ক্বারী শফিক সাহেবের সুললিত কণ্ঠের আজান তখন রেডিওতে প্রচার হতো।
সহিহ কোরআন শিখতাম হজরত মওলানা মরহুম মগফুর ক্বারী মোবারক আলী হিজাজী সাহেবের কাছে। বৃটিশ শাসনামলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব মৌলিক সংস্কারের ক্ষেত্রে এই মসজিদের নতুন প্রাণ-প্রতিষ্ঠাতা শিরক ও বেদা’তের বিরুদ্ধে এক অকুতোভয় জিহাদী সিপাহসালার কাদেরীয়া তরিকার শাইখ মহান প্যালেস্টাইন যুদ্ধের একাধারে গাজী ও শহীদ সৈয়দ আবদুল হামিদ বোগদাদী (রহ.) এবং তাঁর প্যালেস্টাইন যুদ্ধ যাত্রাকালে বিশেষ উপহার স্বরূপ তদীয় কাদেরীয়া তরিকার খলিফা চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের প্রাক্তন অনারারি খতিব ভারতের রামপুরশরীফ থেকে নক্শবন্দীয়া-মোজাদ্দেদীয়া তরিকায় খেলাফতপ্রাপ্ত শাইখুল হাদিস ও চট্টগ্রাম।
দারুল উলুম আলীয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা সফিরুর রহমান হাশেমী (রহ.) এই দুই পবিত্র আওলাদে রাসুল (সা.) এর কর্ম ও মর্মের পুণ্যস্মৃতি আজো দেদীপ্যমান। ঐতিহাসিক প্রেক্ষাপটে কয়েক শত বছরের রাষ্ট্রীয় ও সামাজিক বৈচিত্র্য ও বহুমাত্রিক পট পরিবর্তনের চলমান নীরব সাক্ষী আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। বলাবাহুল্য, চলমান বাস্তবতায় প্রায় প্রতিটি পট পরিবর্তনের সাথে এর ঐতিহাসিক যোগসূত্রেও ছেদ পড়ে যায়, ছন্দপতন ঘটে নানাভাবে।
সমগ্র চট্টগ্রামের উত্তরে ফেনী নদী থেকে দক্ষিণে নাফ নদী পর্যন্ত সুবিস্তৃত দুইশত মাইল এলাকা জুড়ে বৃহত্তর মুসলিম সমাজের কাছে ‘জামে মসজিদ’ নামেই এটি সুপরিচিত হয়ে উঠে। প্রতি শুক্রবার জুমার আয়োজনের বিশাল নামাজের দৃশ্য না দেখলে বিশ্বাস করা কঠিন। আধ্যাত্মিক ঐতিহ্য আর নামাজ সম্পাদনের বাইরে এ মসজিদের সামাজিক ভূমিকাও ছিল প্রণিধানযোগ্য। চাঁদ দেখা, ফিতরা নির্ধারণ, প্রয়োজনীয় ফতোয়া প্রদানের কেন্দ্রভূমি ছিল এই মসজিদ। শুরু থেকে শহর চট্টগ্রামের বিশিষ্ট পরিবারগুলোকে বিভিন্নভাবে বেষ্টন করে রেখেছিল এ মসজিদ। বিখ্যাত হাতি কোম্পানি, একে খান পরিবার এর উদাহরণ হয়ে আছে আজও। একে খান পরিবারের বর্তমান প্রজম্ম সালাউদ্দিন কাসেম খান ৪ দশক ধরে এই মসজিদের মুসল্লি পরিষদের সভাপতির পদ অলংকৃত করে এই ঐতিহাসিক সত্যটি জানান দিয়ে চলছেন আজও। তাইতো বর্তমানে বাংলাদেশের সাড়ে তিন লক্ষ মসজিদের মধ্যে ১৬৬৬ খ্রিস্টাব্দে মোঘল বিজয়ের স্মারক হিসেবে নির্মিত এ মসজিদ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেমেছাল স্বমহিমায় আকর্ষণীয় স্বতন্ত্র সত্ত্বায়। অতি সম্প্রতি এ মসজিদকে নতুন অবয়বে রূপ দানের ভিত্তি প্রস্তর স্থাপন কালে আন্দরকিল্লা জামে মসজিদের অবস্থা এবং চট্টগ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রাণস্পন্দন না দেখলে বিশ্বাস করা কঠিন যে, এ ভূখ-ের গণমানুষের জীবন ও ধর্মীয় বিশ্বাসের সাথে এ মসজিদ কীভাবে জড়িয়ে আছে গভীর থেকে গভীরতর পর্যায়ে শতাব্দীর প্রবহমান ধারায়।
গত ১০ অক্টোবর ২০২৫ এ উক্ত মসজিদ চত্বরে শাহী জামে মসজিদ পুনঃনির্মাণ প্রকল্পের ডিজাইন প্রজেক্টরের মাধ্যমে সর্বসাধারণের মধ্যে প্রদর্শন করা হয়। মসজিদটির ডিজাইন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বিখ্যাত আর্কিটেক্টচার স্টুডিও অএঊ ্ ঊউএঊ এর আর্কিট্যাক্ট পার্টনার সিদ্দিকুল বাশার ও তাঁর টিম এই জন্য স্মরণীয় হয়ে থাকবে। সরকার ও চট্টগ্রামবাসীর যৌথ অর্থায়নে অনেকটা মসজিদে নব্বীর আদলে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আকর্ষণীয় মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয় ও শাহী জামে মসজিদ মুসুল্লি পরিষদ, চট্টগ্রাম। সরকারিভাবে মসজিদ তৈরি করতে অনির্দিষ্টকাল সময় লেগে যাবে তাই চট্টগ্রামবাসীর উদ্যোগটির প্রতি সমর্থন জানান ধর্ম উপদেষ্টা প্রফেসর ড আ ফ ম খালেদ।
তার অভিভাষণের যে তথ্য উপাত্তগুলো উঠে এসেছে তা হল: ২তলা বিশিষ্ট বেইজমেন্ট ফ্লোর যাতে মোট ১৬৫টি গাড়ি পার্কিং সুবিধা, ২৯৫টি দোকান, এক সঙ্গে ১৮৫ জন পুরুষ ও ৫৫ জন নারী মুসল্লির অজুর ব্যবস্থা, ১৪,০০০ জন মুসল্লির নামাজ আদায় ব্যবস্থা, ৫০০ জন নারী মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা, শিশুদের জন্য কিডস জোন, প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে তৈরি আলাদা প্রবেশ পথ, মোঘল আমলের স্মৃতি সম্বলিত একটি জাদুঘর, ইসলামী রিসার্স ইনস্টিটিউট, ইসলামিক ফাউন্ডেশনের অফিস কক্ষ, মাল্টিপারপাস হল, লাইব্রেরি, ফুড কোর্ট এবং গ্রিন কোর্ট, খতীব, ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমের জন্য আবাসনের ব্যবস্থা, মূল স্থাপনার সামনে থাকবে দৃষ্টিনন্দন পানির ফোয়ারা, মসজিদে নববীর মতো খোলা জায়গা।
লেখক: যুগ্ম সম্পাদক, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদ, চট্টগ্রাম।
