বাংলাদেশের জন্ম হয়েছে ইতিহাসের রক্তাক্ত ও গৌরবময় বিভিন্ন অধ্যায়ের মধ্য দিয়ে। ভাষা আন্দোলন, ১৯৬২-এর শিক্ষা আন্দোলন, ১৯৬৬-এর ছয় দফা আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থান– প্রতিটি পর্বেই বাঙালির রক্ত ঝরেছে; সেই সঙ্গে গৌরবময় ইতিহাস রচিত হয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধ তো রীতিমতো এক মহাকাব্য– আত্মত্যাগ ও রক্ত ঝরার প্রশ্নে যা ইলিয়াড-ওডিসিকেও হার মানায়। আমাদের ইতিহাসের এসব ঘটনা শুধু অতীত স্মৃতি নয়। এগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয়, রাজনৈতিক দর্শন ও সাংস্কৃতিক ভিত্তির মূল স্তম্ভ। অথচ দুঃখজনক বাস্তবতা হলো, এই ইতিহাসকে কেন্দ্র করেই বাংলাদেশে সবচেয়ে বেশি বিভাজন, বিকৃতি ও রাজনৈতিক দখলদারিত্ব দেখা যায়।
ইতিহাস একটি জাতির সম্মিলিত স্মৃতি। কিন্তু বাংলাদেশে যে দল যখন ক্ষমতায় আসে, তারাই নিজেদের রাজনৈতিক পূর্বসূরিদের মহান করে তুলে ধরে এবং অন্যদের ভূমিকা খাটো বা মুছে ফেলার চেষ্টা করে। এর ফলে ইতিহাস হয়ে ওঠে আপেক্ষিক; সত্য হয়ে ওঠে বিতর্কিত, আর জাতির স্মৃতি হয়ে পড়ে বিভক্ত।
এই বিভক্ত ইতিহাস-চেতনার সবচেয়ে বড় শিকার হচ্ছে তরুণ প্রজন্ম। একটি শিশু যখন স্কুলে পড়ে, সে রাষ্ট্রের কাছ থেকে যে জ্ঞানটি প্রথম গ্রহণ করে, সেটিই তার ভবিষ্যৎ চিন্তা ও মূল্যবোধ গড়ে তোলে। কিন্তু সেই জ্ঞান যদি স্থির না হয়ে রাজনৈতিক পালাবদলের সঙ্গে বদলে যায়, তাহলে শিশুর মনে জন্ম নেয় বিভ্রান্তি, সংশয় ও অবিশ্বাস। রাষ্ট্রের প্রতি আস্থা তৈরি হওয়ার বদলে তৈরি হয় দ্বিধা।
এই অনিশ্চয়তা ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি ‘টাইম বোমা’। কারণ ইতিহাস-চেতনা দুর্বল হলে রাজনৈতিক সচেতনতাও দুর্বল হয়। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা হারালে সমাজ একই ভুল বারবার করে। গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের চেতনা তখন কেবল স্লোগানে সীমাবদ্ধ থাকে, বাস্তব রাজনীতিতে তার প্রতিফলন ঘটে না। ইতিহাসবোধ যখন বিভক্ত তখন জাতীয় ঐকমত্য গড়ে ওঠে না। আর জাতীয় ঐকমত্য ছাড়া কোনো রাষ্ট্র দীর্ঘ মেয়াদে স্থিতিশীল থাকতে পারে না।
ইতিহাস বিকৃতির আরেকটি ভয়াবহ ফল হলো উগ্রবাদ ও প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান। যখন রাষ্ট্র নিজেই ইতিহাস নিয়ে দ্বিধাগ্রস্ত থাকে, তখন সেই শূন্যস্থান পূরণ করে নানা অপশক্তি। তারা নিজেদের সুবিধামতো ইতিহাস ব্যাখ্যা করে মিথকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। তরুণরা তখন যুক্তিবাদী চিন্তার বদলে আবেগনির্ভর ও বিভ্রান্ত আদর্শে আকৃষ্ট হয়। বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও রাজনৈতিক সহিংসতার পেছনে এই ইতিহাস-চেতনার সংকট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অর্থনৈতিক দিক থেকেও ইতিহাসের এই অস্থিতিশীলতা ক্ষতিকর। একটি দেশের অর্থনীতি শুধু অবকাঠামো বা বিনিয়োগের ওপর দাঁড়িয়ে থাকে না। এটি নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতা, নীতি নির্ধারণের ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক আস্থার ওপর। যখন একটি দেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাতীয় বয়ান ও রাষ্ট্রীয় দর্শন পাল্টে যায়, তখন বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। তারা বুঝতে পারে না, দীর্ঘ মেয়াদে এই দেশের নীতি কোন দিকে যাবে।
বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এখন আর তুচ্ছ কোনো রাষ্ট্র নয়। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বঙ্গোপসাগর, আঞ্চলিক বাণিজ্য, শ্রমবাজার, কৌশলগত অবস্থান– সব মিলিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কিন্তু এই গুরুত্ব ধরে রাখতে হলে প্রয়োজন একটি সুসংহত রাষ্ট্রীয় পরিচয় ও স্থিতিশীল রাজনৈতিক দর্শন। রাজনৈতিক দলগুলো যদি ইতিহাসকে সত্যের অনুসন্ধান হিসেবে না দেখে ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকে, তাহলে গণতন্ত্র আরও দুর্বল হবে। রাজনীতি আদর্শনির্ভর না হয়ে প্রতিহিংসানির্ভর হয়ে উঠবে। এর ফল হিসেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণে আরও ক্ষতিগ্রস্ত; আইনের শাসন দুর্বল এবং নাগরিক অধিকার সংকুচিত হবে।
তবে সম্ভাবনার জায়গা হলো, বিশেষ করে তরুণ সমাজ এখন আগের চেয়ে অনেক বেশি তথ্য সচেতন। ডিজিটাল মাধ্যম ইতিহাসের বিকল্প পাঠের সুযোগ তৈরি করেছে। যদি এই তরুণ সমাজ সমালোচনামূলক চিন্তা ও সত্য অনুসন্ধানের মানসিকতা গড়ে তোলে, তাহলে ইতিহাসের ওপর রাজনৈতিক দখলদারিত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে।
রাষ্ট্রকে বুঝতে হবে– ইতিহাসকে নিয়ন্ত্রণ করা যায় না; ইতিহাসকে বোঝা যায়, সংরক্ষণ করা যায়। কিন্তু তা বিকৃত করলে তার মূল্য দিতে হয় ভবিষ্যৎ প্রজন্মকে। ইতিহাসকে দলীয় বৃত্তের বাইরে এনে জাতীয় সম্পদ হিসেবে প্রতিষ্ঠা করাই হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও অর্থনীতিকে একটি স্থিতিশীল ও সম্মানজনক পথে এগিয়ে নেওয়ার অন্যতম শর্ত।
তাপস দাস: যুব সংগঠক
