মাত্র পাঁচ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে ৩৫ থেকে ৪০ টাকা। বর্তমানে এক কেজি পেঁয়াজের দাম ১১০ থেকে ১২০ টাকা, যা কয়েক দিন আগে ছিল ৭০ থেকে ৮০ টাকা। চারদিকে যখন নির্বাচন ও সংস্কারের তর্ক-বিতর্ক চলমান, এ অবস্থায় পেঁয়াজের মতো অতি জরুরি খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়া নিঃসন্দেহে উদ্বেগের। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৫২ শতাংশ।

কারণ ৫ আগস্টের পর কয়েক মাসের মধ্যে দ্রব্যসামগ্রীর দাম উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে ছিল, যা প্রমাণ করে– সরকারের সদিচ্ছা থাকলে বাজার জনগণের অনুকূলে রাখা সম্ভব। কিন্তু আমরা পরে দেখেছি কীভাবে পুরোনো অর্থনৈতিক বন্দোবস্ত ধীরে ধীরে সক্রিয় হয়ে পুনরায় বাজার নিয়ন্ত্রণে নিয়েছে। এ দেশের যেসব খাত সবচেয়ে অনিয়ন্ত্রিত ও অস্থিতিশীল, তার মধ্যে বাজার অন্যতম। সকাল ও রাতে ব্রাশ করার মধ্যবর্তী সময়ে যত ধরনের ব্যবহারিক অতি প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, তার প্রায় সব কয়টি গুটিকয়েক কোম্পানির হাতে জিম্মি। সবচেয়ে হতাশার বিষয়, ক্ষমতাসীন গোষ্ঠীগুলো সব সময় নিয়ন্ত্রণকারী ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে আঁতাতের মধ্য দিয়ে বাজার নিয়ন্ত্রণে সহযোগিতা করে। বাংলাদেশের রাজনীতির প্রধান সমস্যা এখানেই– রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই। পেঁয়াজের মতো অতি ‘নিরীহ’ দ্রব্যের দাম নিয়ন্ত্রণে সরকারের তেমন শক্তিশালী ভূমিকা থাকে না। শুধু পেঁয়াজ কেন; চাল-ডাল, আদা-রসুন, ডিম– প্রায় সর্বক্ষেত্রে একই অবস্থা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। এ ছাড়া আমদানির অনুমতি দিলে কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। অনেকে বলছেন, পেঁয়াজের দাম বাড়ার সঙ্গে একটি সিন্ডিকেট যুক্ত। পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে, যাতে সরকার আমদানির অনুমতি দিতে বাধ্য হয়। ভোক্তারা বলছেন, কৃষকের ঘরে ঘরে পেঁয়াজ ছিল, এখন কমে গেছে। কৃষকের হাত থেকে যা গেছে মজুতদারদের হাতে। বছরের এ সময় সংকট তৈরি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়। সিন্ডিকেট করে পেঁয়াজ মজুত রেখে দাম বাড়ানোর চক্রান্ত করে। এদিকে আমদানিকারকরা বলছেন ভিন্ন কথা। তারা মনে করছেন, পেঁয়াজ আমদানি করতে হবে; অন্যথায় ভোক্তাদের চাহিদা মেটানো সম্ভব নয়।

দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদার পরিমাণ ২৫ থেকে ২৭ লাখ টন। দেশীয় উৎপাদন ৩৫ থেকে ৩৭ লাখ টন। পেঁয়াজ সংরক্ষণের সময় প্রক্রিয়াজাতকরণে নষ্ট হয়ে যায় ২৫ শতাংশের মতো। এ কারণে প্রতিবছর ছয়-সাত লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। কিন্তু সামগ্রিক বিচারে বোঝা যায়, বাকি ছয়-সাত লাখ টন বাংলাদেশে উৎপাদন করা সম্ভব।

মূলত কৃষকের হাত থেকে পেঁয়াজ মজুতদারদার কাছে চলে যাওয়া এবং বিভিন্ন সিন্ডিকেটের কারণে সংকট দেখা দেয় এবং তারাই আবার আমদানির পক্ষে চাপ তৈরি করে। সরকারও এ ষড়যন্ত্রে বিভিন্নভাবে পা দেয়। কোথাও কোথাও সংশ্লিষ্ট দপ্তর ও সমিতি জড়িত। ফলে সিন্ডিকেট ও আমদানির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের কৃষক। তা ছাড়া কৃষকের স্বার্থ দেখার মতো কোনো কর্তৃপক্ষ নেই। তারা নিজেরাও তেমন সংগঠিত নয় এবং তাদের সংগঠিত হতেও দেওয়া হয় না। এ অবস্থায় কৃষক পেঁয়াজ উৎপাদন করেন মাত্র; উৎপাদন প্রক্রিয়া ও সরবরাহ চেইনের সবকিছুই নিয়ন্ত্রণ করে ভিন্ন এক মহল।

কৃষিপ্রধান দেশে কৃষিপণ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে না পারলে এই জনগোষ্ঠীর যথার্থ উন্নয়ন সম্ভব নয়। কৃষিই আমাদের প্রধান চালিকাশক্তি। এ ক্ষেত্রে পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে এবং কৃষকের অধিকার ও ন্যায্য দাবিগুলোর অগ্রাধিকার ছাড়া আমাদের এগোনোর পথ নেই।

ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, সমকাল