আগামী ১৫-২০ বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার পুরো হিমালয় অঞ্চল জলবায়ু পরিবর্তনের ভয়ংকর রূপ দেখতে পাবে বলে জলবায়ু বিশেষজ্ঞগণ অভিমত প্রকাশ করেছেন। সম্প্রতি হিমালয়ে কয়েক হাজার কিলোমিটার জুড়ে হিমবাহ গলে যাওয়ায় ভয়ংকর রূপ ধারণ করেছে। এতে দক্ষিণ এশিয়ায় পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে প্রায় ১৪০ কোটি মানুষ। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া পরিবেশগত বিষয় নিয়ে ২০১৮ সালের প্রতিবেদনে উল্লেখ করেছে, পরিবেশ দূষণে বাংলাদেশে এক বছরে মৃত্যু ৮০ হাজার এবং বছরে অর্থনৈতিক ক্ষতি ৫৩ হাজার কোটি টাকা। দক্ষিণ এশিয়ায় পরিবেশ দূষণে বাংলাদেশের অবস্থান সবার শীর্ষে।

ঢাকার জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে প্রায় দুই লাখ মানুষ বাস করে। ২০১৫ সালে দূষণের কারণে ঢাকায় মারা গেছে ১৮ হাজার মানুষ। একই কারণে ঢাকাবাসীর জীবন থেকে হারিয়ে গেছে পাঁচ লাখ ৭৮ হাজার কর্ম ঘণ্টা। ওই এক বছরে পরিবেশ দূষণের কারণে শুধু ঢাকার আর্থিক ক্ষতি হয়েছে ১৪৪ কোটি ডলার। টাকার অংকে দাঁড়ায় ১১ হাজার ২৩২ কোটি টাকা, যা দেশের মোট জিডিপির দশমিক ৭ শতাংশ। ঢাকায় ১০ লাখ দরিদ্র মানুষ সিসা দূষণের ঝুঁকিতে রয়েছে। এতে শিশুর বুদ্ধিমত্তা (আই-কিউ) ক্ষতিগ্রস্ত হচ্ছে। গর্ভবতী নারীদের গর্বপাত এবং মৃত সন্তান প্রসবের ঝুঁকিও বাড়ছে। বিগত ৪০ বছরে ঢাকা প্রায় ৭৫ শতাংশ জলাভূমি হারিয়েছে। অপরিকল্পিত নগরায়নের কারণে ছোট নগরগুলো পরিবেশদূষণের শিকার হচ্ছে বেশি। ১৯৯০ সালে পাবনা অর্ধেক জলাভূমি হারিয়েছে। মৃতপ্রায় হয়ে গেছে জেলায় প্রবহমান ইছামতী নদী। বুড়িগঙ্গা ও তুরাগ নদের পাশে গেলে বিষয়টি অনুধাবন করা সহজ হয়। নানা রকম দূষণে আক্রান্ত নদী দুটি। নদী দুটির আশপাশে বসবাসকারী মানুষদের জীবনে বায়ু ও পানির মতো আবশ্যক দুটি জিনিস এখন ভয়ানক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে বায়ুদূষণজনিত কারণে বছরে মারা যায় ৩৭ হাজার ৪৪৯ জন। সেই হিসাবে দৈনিক মৃত্যু ১০৩ জনের। প্রতি এক লাখে মারা যায় ২৪ জন (সূত্র: এনহ্যান্সিং অপরচুনিটিজ ফর ক্লিন অ্যান্ড রিসিলিয়েন্ট গ্রোথ ইন আরবান বাংলাদেশ, ২০১৮)। প্রযুক্তি নিয়ে আমরা অনেক কথা বলি, তা নিয়ে সংশ্লিষ্ট দফতরগুলোর খুব একটা ভাবনা আছে বলে মনে হয় না। বাংলাদেশ ৫৬ বছরে যতটুকু এগিয়েছে, তাতে ৮০ শতাংশই বেসরকারি প্রতিষ্ঠানের অবদান। মাত্র ৬৫ ওয়াটের একটি সোলার প্যানেল দিয়ে টেলিভিশন, কয়েকটি বাতি ও ওয়াশিং মেশিন চালানো সম্ভব। আধুনিক প্রযুক্তি ব্যবহারে এ কাজটি অতি সহজ। এ তথ্য হয়তো অনেকেরই অজানা। বন্ধু চুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ চুলায় ধোঁয়া থাকে নাা। রান্নাও দ্রুত হয়। খুব কম জ্বালানি লাগে। এর দামও অনেক কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে দেখা যায়, পৃথিবীর ১০০ কোটির বেশি মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান মাত্রার চেয়ে খারাপ মানের বায়ু গ্রহণে বাধ্য হচ্ছে এবং প্রতি বছর পৃথিবীর শহরগুলোতে বায়ুদূষণের কারণে আট লাখ মানুষ মারা যায়। ব্যক্তি থেকে সরকারি পর্যায়ে বায়ুদূষণজনিত স্বাস্থ্য ব্যয় বাড়ছে এবং মানুষের কর্মদিবস নষ্ট হচ্ছে। আমাদের দেশে যানবাহন, কলকারখানা ও ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া এবং নির্মাণকাজ থেকে সৃষ্ট ধুলি কণার কারণে প্রতিনিয়ত বায়ুদূষণ হচ্ছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, উন্নয়নশীল দেশের ১৫ শতাংশ রোগ বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে উন্নত দেশের মোট রোগের ২.৬ শতাংশ বায়ুদূষণের সাথে সম্পর্কিত। আমাদের দেশে বায়ুদূষণে মা ও শিশু থাকে সবচেয়ে ঝুঁকিতে।

প্রকৃতি ও জীবন একে অপরের বন্ধু। বিশুদ্ধ প্রকৃতি ছাড়া সুস্থ জীবনযাপন একেবারেই অসম্ভব। আল্লাহর সৃষ্টিকে সাজিয়ে রাখব আমরা। যেভাবে আল্লাহ সাজিয়ে দিয়েছেন সৃষ্টির ঊষালগ্নে। আমরা নগরায়ণ করতে গিয়ে নগরকে ইট-পাথরের বস্তি বানিয়ে ফেলেছি। এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। অপরিকল্পিত সব কিছু গড়ে ওঠার কারণে স্বাস্থ্যগত সমস্যা, আর্থিক ক্ষতি, সময়ের অপচয় ইত্যাদি নানাবিধ সমস্যায় নগরবাসী আক্রান্ত। আমাদের নদীর পানি ব্যবহার অনুপযোগী বহু বছর ধরে। শিল্পপ্রতিষ্ঠান থেকে প্রতিদিন বের হওয়া ৯০ হাজার ঘনমিটার বর্জ্য পড়ছে পাঁচটি নদীতে। পরিবেশ অধিদফতরের হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারি ২০১৩ বংশী নদীর পানির দূরীভূত অক্সিজেনের পরিমাণ ছিল শূন্য মিলিগ্রাম। পরিবেশ আইন বলছে, পানিতে জীবের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে প্রতি লিটার পানিতে ন্যূনতম পাঁচ মিলিগ্রাম ডিও দরকার। অর্থাৎ দূষণের কারণে অক্সিজেনও তৈরি হতে পারছে না।

বাংলাদেশের ৫০ শতাংশের বেশি দূষণ হয় বুড়িগঙ্গা ও বংশী নদী থেকে আসা বর্জ্যরে কারণে। এটি নিয়ন্ত্রণ না করা গেলে ঢাকার কোনো নদীর দূষণ কমানো যাবে না। জেলা প্রশাসন, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের আরো অনেক মন্ত্রণালয় ও দফতর কোনো-না-কোনোভাবে নদীর সাথে জড়িত। এদের মধ্যে কোনো সমন্বয় নেই, বরং দোষারোপ চর্চা আছে। সমন্বয়হীনতার কথা স্বীকার করে খোদ পরিবেশ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক গোলাম রাব্বানী বলেছেন, যেখানে সবার দায় থাকে, সেখানে কারো দায় নেই। এই হলো আমাদের অবস্থা।

বেশি পুরোনো গাড়িতে বায়ুদূষণ বেশি হয়। সঠিক যন্ত্রাংশ দিয়ে সঠিক সময়ে যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। ভেজাল ও নিম্নমানের অকটেন, পেট্রল, ডিজেল ও বেশি মাত্রার সালফারযুক্ত ডিজেল ব্যবহার করলে বায়ুদূষণ বেশি হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, গাড়িমালিক বা চালকদের সজাগ থাকতে হবে। এক পরিসংখ্যানে দেখা গেছে, উন্নয়নশীল দেশের ১৫ থেকে ২০ শতাংশ রোগ বায়ুদূষণের সাথে সম্পর্কিত। অন্যদিকে, উন্নত দেশের মোট রোগের দুই থেকে চার শতাংশ বায়ুদূষণের সাথে সম্পর্কিত। অ্যাজমা, হৃদরোগ ও মস্তিষ্ক এবং ফুসফুসের রোগ যাদের রয়েছে, তাদের অকালমৃত্যু বায়ুদূষণের কারণে হয়ে থাকে। পরিবেশ বিপর্যয়ে উল্লিখিত কারণে স্বাস্থ্যগত এবং অর্থনৈতিক খরচ জ্যামিতিক হারে বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

লেখক: গ্রন্থকার ও গবেষক Harunrashidar@gmail.com