ইতিহাস কখনো কখনো এমন কিছু দিনের জন্ম দেয়, যেগুলো কেবল সময়ের ধারায় ভেসে যায় না, শুধু ক্যালেন্ডারের পাতায় লেখা থাকে না সেই দিনের কথা, বরং একটি জাতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করে দেয়, মানুষের হৃদয়ের গহিনে, অন্তরের অন্তঃস্থলে লেখা হয়ে যায় সেই দিনের কথা। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় নেলসন ম্যান্ডেলার ঐতিহাসিক সেই ভাষণ, যার পরেই প্রতিষ্ঠিত হয়েছিল গণতন্ত্র, দূর হয়েছিল বর্ণবাদ, ওয়াশিংটন ডিসিতে মার্টিন লুথার কিং-এর বজ্রকণ্ঠ, ফরাসি বিপ্লবের উত্তাল জনজাগরণ কিংবা আরব বসন্তের অপ্রতিরোধ্য গণস্রোত, এসব মুহূর্ত ছিল রাষ্ট্র ও সমাজ রূপান্তরের সন্ধিক্ষণ। বাংলাদেশের রাজনীতিও আজ তেমনই এক ঐতিহাসিক মোড়ে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ অপেক্ষায় আছে তেমনি এক গণবিস্ফোরণের।

আগামীকাল ২৫ ডিসেম্বর সকাল বারোটা নাগাদ ঢাকার রাজপথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন কোনো সাধারণ এক রাজনৈতিক যাত্রা নয়। এটি দেড় যুগের অপেক্ষা, মানুষের সাথে নেতার ঐতিহাসিক সংযোগের অপেক্ষা, এটি একটি সময়ান্তকারী ঘটনা, যার অভিঘাত রাজধানী ছাড়িয়ে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জসহ দেশের বিস্তীর্ণ জনপদে ছড়িয়ে পড়বে। এই ঢেউ হবে আগুনের ফুলকির মতো, মানুষের বুকের গভীরে জমে থাকা স্বপ্ন, বঞ্চনা, ক্ষোভ, আবেগ, অনুভূতি ও প্রত্যাশার অনন্য বিস্ফোরণ।

আগামীকাল রাজপথ কেবল রাজনীতির মঞ্চ হবে না; শুধু স্লোগানেই কাঁপবে না, রাজপথ হয়ে উঠবে কবিতার পঙ্‌ক্তি, প্রতিটি স্লোগান হবে ইতিহাসের মর্মস্পর্শী উচ্চারণ। বহুদিন ধরে দমিয়ে রাখা কণ্ঠগুলো একসঙ্গে কথা বলবে, গান গাইবে, কবিতায় স্লোগানে মাতবে। জনতার ঢেউয়ে নতুন সময় আপন তুলিতে আকবে স্বপ্নগাথা, নাম লিখে দেবে প্রিয় নেতার নাম, লেখা হয়ে যাবে মানুষের বুক পকেটে, মন পকেটে। এ হবে গণমানুষের বহুদিনের লুকিয়ে থাকা ভালোবাসার আত্মপ্রকাশ।

এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রত্যাবর্তনের পেছনে লুকায়িত আছে দীর্ঘ নির্বাসনের গল্প, রাষ্ট্রীয় নিপীড়ন, সাজানো মিথ্যা মামলা, রাজনৈতিক প্রতিহিংসা ও সীমাহীন নির্যাতনের ইতিহাস। কিন্তু এই দীর্ঘ অনুপস্থিতির মধ্যেও তারেক রহমান নিজেকে রাজনীতি থেকে বিন্দুমাত্র বিচ্ছিন্ন করেননি। বরং তিনি দূর থেকে দল পরিচালনা করেছেন, সংগঠনকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং বিভক্ত রাজনীতির সময়ে বিএনপিকে একটি সুশৃঙ্খল রাজনৈতিক কাঠামোর মধ্যে ধরে রেখেছেন; শত চেষ্টা করেও বিএনপিকে ভাঙতে পারেনি তারেক রহমানের প্রবল সাংগঠনিক দক্ষতার কারণে। মতপার্থক্য থাকা সত্ত্বেও তিনি সহনশীল রাজনীতির চর্চা করেছেন, প্রবীণ-নবীন নেতৃত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করেছেন এবং তৃণমূলকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন। তিনি বিএনপির সাথে যুক্ত করেছেন গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তিকে।

তারেক রহমানের নেতৃত্ব কেবল আবেগনির্ভর নয়, এটি নীতিনির্ভর ও ভবিষ্যৎমুখী। গত কয়েক বছরে তাঁর রাজনৈতিক চিন্তায় স্পষ্ট হয়েছে একটি আধুনিক রাষ্ট্রচিন্তার প্রতিফলন, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, স্বাধীন নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক জবাবদিহি এবং অর্থনৈতিক সংস্কার। বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব কেবল একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি একটি রোডম্যাপ, যেখানে রাষ্ট্রকে নতুন করে দাঁড় করানোর নীতিগত দিকনির্দেশনা দেওয়া হয়েছে। অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রেই তারেক রহমানের ভাবনায় রয়েছে বাস্তবতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ছাপ। তিনি বারবার জোর দিয়েছেন, রাষ্ট্রের ক্ষমতার উৎস জনগণ, এবং রাষ্ট্র পরিচালনার ভাষা হতে হবে মানুষের কণ্ঠ। উন্নয়ন মানে কেবল অবকাঠামো নয়; উন্নয়ন মানে মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করা।

এই প্রত্যাবর্তন এমন এক সময়ে ঘটছে, যখন জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র দেড় মাস। এই সময়টি বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের রায় কেবল ব্যালট বাক্সেই সীমাবদ্ধ থাকবে না; সেই রায় উচ্চারিত হবে রাজপথের এই ঐতিহাসিক জাগরণেই। এখানেই গড়ে উঠবে নতুন বাংলাদেশের রূপরেখা, যেখানে ক্ষমতা আরোপিত নয়, অর্জিত হবে জনসমর্থনের মাধ্যমে।

এই জাগরণ কোনো এক দিনের আবেগ নয়। এটি দীর্ঘ লড়াইয়ের ফল, ধারাবাহিক সংগ্রামের বহিঃপ্রকাশ। এটি ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার শপথ, যেখানে ভয় নয়, সাহস কথা বলবে; দমন নয়, ন্যায় প্রতিষ্ঠা পাবে।

২৫ ডিসেম্বর হয়ে উঠেছে বাংলাদেশের মানুষের প্রত্যাশার এক বিশাল প্রতিফলন। এটি হয়ে উঠতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়, এ এক অভূতপূর্ব প্রত্যাবর্তন, যা কেবল একজন নেতাকে দেশে ফেরাবে না, বরং একটি জাতিকে নতুন করে ভাবতে শেখাবে, রাষ্ট্র, রাজনীতি ও নিজের অধিকার নিয়ে। তারেক রহমানের বহুকাল আগে ঘোষিত টেইক ব্যাক বাংলাদেশ স্লোগানের মতই; তারেক রহমান ফিরলে বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় ফিরে যাবে, এই প্রত্যাশা দেশের আপামর মানুষের, প্রতিষ্ঠিত হবে মানুষের অধিকার।