ছিনতাই, খুন ঢাকা শহরে সবসময় ছিল। কিশোর গ্যাংও ছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর তা ব্যাপক আলোচনায় আসে। ঢাকার মানুষের ব্যস্ত জীবনে আতঙ্কের নতুন অভিজ্ঞতা নিয়ে আসে কিশোর গ্যাং। সবচেয়ে বেশি আলোচনায় ছিল মোহাম্মদপুর। তবে ধানমন্ডিসহ অন্যান্য এলাকাতেও এর উপস্থিতি কম ছিল না। অনেকে তাদের ঘরের দরজার সামনেই আক্রান্ত হয়েছেন। ছিনতাই, খুনের ঘটনা এখনও নিয়মিত ঘটছে।

পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম রাষ্ট্র অস্ট্রেলিয়ার জনসংখ্যা তিন কোটিরও কম। সেখানে পুঁচকে ঢাকা শহর ধারণ করছে প্রায় তিন কোটি মানুষকে। এই বিপুলসংখ্যক মানুষের শহর পুরোপুরি সুস্থ এবং বাসযোগ্য রাখা কি শুধু পুলিশের পক্ষে সম্ভব? শিশু কীভাবে কেন অপরাধী হয়ে ওঠে? কী কী কারণে সে ছিনতাই এবং খুনের পথ বেছে নিচ্ছে? এসব মহা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তালাশ করে সে অনুযায়ী ব্যবস্থা কি রাষ্ট্র নিচ্ছে? মোহাম্মদপুরের কথা এলো বলে সেখানকার জেনেভা ক্যাম্প নিয়ে কিছু বলা যাক। ভয়ংকর ঘিঞ্জি আর চরম অস্বাস্থ্যকর পরিবেশে নিমজ্জিত সেই ক্যাম্পে মানুষ গিজগিজ করে। পুলিশের তথ্য, ১৭ একর জায়গায় মাদক কারবারিই নাকি আছে সহস্রাধিক! এই বিহারিরা ভারত থেকে এখানে এসেছিল; পাকিস্তান থেকে নয়। স্বাধীন রাষ্ট্রে বঙ্গবন্ধুর ঘোষণা ছিল বিহারি-বাঙালি সবাই ভাই ভাই। সবাই সমান সুযোগ-সুবিধা পাবে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরেও কয়েক হাজার পরিবারের আজীবনের দীর্ঘশ্বাস হয়ে আছে এই জেনেভা ক্যাম্প। মৃত্যু ছাড়া যেন এই দীর্ঘশ্বাসের কোনো শেষ নেই!

জেনেভা ক্যাম্পকে এ অবস্থায় রেখে দিয়ে ঢাকা শহর কখনোই সুনিশ্চিত, চিরস্থায়ী শান্তিতে থাকতে পারবে না। পুলিশ, আর্মি দিয়ে কাজ হবে না। কিছু অপরাধীকে সাময়িক হয়তো নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু অপরাধের সিলসিলা চলতেই থাকবে। একবার বিহারি শিশুদের এই অমানবিক পরিবেশ থেকে বের করে আনতে পারলে; তাদের জন্য সুস্থ-সুন্দর জীবনের ব্যবস্থা করতে পারলে জেনেভা ক্যাম্পের শিশুরা আমাদের বাংলাদেশের সম্পদ হিসেবে আবির্ভূত হবে। ক্রিকেট, ফুটবলসহ সব খেলাধুলায় বিহারি শিশুরা বিপ্লব ঘটাতে পারে। বিপ্লব ঘটাতে পারে টেকনিক্যাল লাইনে। সমান সুযোগ-সুবিধা পেলে বিহারি শিশুরা দেশের সর্বক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। নরকের পরিবেশে থেকেও শত শত বিহারি ছেলেমেয়ে এই শহরে নানা বৈধ পথে আয় করে পরিবারের ভরণপোষণ করে চলেছে। রাষ্ট্র তাদের সুযোগ-সুবিধা দিয়ে করুণা করবে না।

বিহারি পরিবারের শিশু-কিশোর-কিশোরীদের নিয়ে লেখা প্রতিটি কথা শহরের অন্যান্য বস্তির ছেলেমেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। একবার যদি শহরের হতদরিদ্র শিশু-কিশোরদের অমানবিক জীবন থেকে বের করে আনা যায়, তবে এই শহর সুস্থ হতে বেশি দিন সময় নেবে না। কিন্তু প্রশ্ন হলো, কীভাবে এ কাজ করা সম্ভব?

বিচক্ষণ আমলারা বলতে পারেন তাদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, তারা সেখানেই পড়ালেখা করতে পারে। কিন্তু বিহারি এবং ঢাকার বস্তিবাসীদের সমস্যা আরও বেশি গভীরে নিহিত। শুধু ঢাকা শহরের বস্তিগুলোর ছেলেমেয়েদের টার্গেট করে তাদেরকে দেশের জন্য মূল্যবান সম্পদ বানানোর প্রকল্প হাতে নিতে হবে। সবার আগে বস্তিবাসীদের জন্য স্বাভাবিক বাসস্থান নিশ্চিত করতে হবে। অমানবিক পরিস্থিতি থেকে বের করে আনতে হবে। ২০২৩ সালে আওয়ামী লীগ সরকার ঘোষণা করেছিল, বিহারিদের জন্য কেরানীগঞ্জে সাড়ে পাঁচ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। ২০২৩ সালের ২০ জুন সংসদে জানানো হয়, সরকার মোহাম্মদপুরে বসবাসরত অবাঙালিদের পুনর্বাসনে কেরানীগঞ্জে পাঁচ হাজার ৬০০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করেছে। পর্যায়ক্রমে দেশের সব শহরে দরিদ্র কমিউনিটির ছিন্নমূল জনগণকে টেকসই উন্নয়নের আওতায় নিয়ে আসার পরিকল্পনা ছিল বলেও সেদিন জানানো হয়। ছিন্নমূল জনগণকে বিস্তৃত পরিসরে আবাসন সুবিধা দিতে গাজীপুরে টঙ্গীর দত্তপাড়ায় ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট নির্মাণের প্রথম পর্যায়ে চার হাজার ৩২টি ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট তৈরির প্রকল্প নেওয়া হয়।

উল্লেখ্য, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রের আটটি অঞ্চলের এক হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকা ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও গাজীপুরে অবস্থিত। সাভার উপজেলার পুরোটাই রাজউকের আওতাধীন। রাজউকের আওতাধীন গাজীপুর সিটি করপোরেশনভুক্ত এলাকা বর্তমানে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন হিসেবে বিবেচিত। তাই ওই এলাকা বাদ দিয়ে রাজউক অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করার পরিকল্পনা করেছিল সরকার। রাজধানীসহ প্রধান প্রধান শহরের বস্তিতে জীবিকার তাগিদে মানবেতরভাবে বসবাস করা প্রান্তিক ও স্বল্প আয়ের জনগোষ্ঠীকে ভাড়াভিত্তিক ফ্ল্যাটে বসবাসের ব্যবস্থা করা হচ্ছিল। এসব পরিকল্পনা ও প্রকল্প সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাদ পড়ে গেল?

শুধু বাসস্থান নয়, বস্তির শিশুদের জন্য স্পেশালাইজড স্পোর্টস একাডেমি এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করতে হবে। এসব প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার প্রধান যোগ্যতাই হবে বস্তির দরিদ্র মানুষ। সরকার যদি রাষ্ট্রীয় বিভিন্ন অপচয় কমিয়ে উপরোক্ত উপায়ে বস্তির শিশুদের জন্য বিনিয়োগ করে, এই শহর নিঃসন্দেহে অধিকতর নিরাপদ ও সুন্দর হবে। যে শিশুদের আজ আমরা অপরাধী হওয়ার জন্য খোলা ছেড়ে রেখেছি, তারাই একদিন দেশের গর্ব হবে। মানবসম্পদ হিসেবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

শুধু পুলিশের পক্ষে অভিযান চালিয়ে অপরাধ দমন সম্ভব নয়। কোনোকালে কোনো দেশেই তা সম্ভব হয়নি। সামাজিক এবং অর্থনৈতিক সমস্যার সমাধান করতে হবে মানবসম্পদ উন্নয়নের মধ্য দিয়ে। যদি সমাজকল্যাণ, শিশু, শিক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথ উদ্যোগ নেয়, তবে বস্তিগুলোর মানবসম্পদ উন্নয়নের মেগা প্রজেক্ট গ্রহণ এবং বাস্তবায়ন সম্ভব। বর্তমান সরকার এমন উদ্যোগ গ্রহণ করে ইতিহাসে তার আসন পাকাপোক্ত করতে পারে।

শেখ আদনান ফাহাদ: সহযোগী অধ্যাপক, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়