‘আমরা জামদানি-ইলিশ পাঠাই, ভারত দেয় ফেলানীর লাশ আর ফেনসিডিল’- এমন বক্তব্য দেশপ্রেমিক প্রতিটি বাংলাদেশির। দুনিয়াবাসী ভুলে যায়নি, কুড়িগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা লাল পোশাকে ফেলানীর লাশের কথা। একটি নিথর দেহ কেবল একটি নিষ্পাপ মৃত্যু নয়, এটি রাষ্ট্রীয় অবহেলা, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং মানবাধিকারের চরম ও নির্মম লঙ্ঘনের প্রতীক। বিশ্ববিবেককে নাড়িয়ে দেওয়া ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন হত্যাকাণ্ডের ১৫ বছর পূর্ণ হলেও ন্যায়বিচার এখনো রয়ে গেছে অধরাই। ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে ভারতের বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে ১৫ বছরের ফেলানী প্রাণ হারায়। সাড়ে ৪ ঘণ্টা ধরে কাঁটাতারে ঝুলে থাকা সেই লাশ ছড়িয়ে পড়ে বিশ্ব মিডিয়ায়।
দেড় দশক পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া ভারতের বিচারব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতি এবং কূটনৈতিক সদিচ্ছার ভঙ্গুরতা প্রকাশ করে। আমরা মনে করি, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ভারতের প্রতি যে নতযানু নীতি ছিল, তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। প্রফেসর ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আত্মমর্যাদা সামনে রেখে এমন সিদ্ধান্ত নিতে হবে যেন আগামী দিনে যারাই নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তারাও যেন এর ধারাবাহিকতা রক্ষা করতে বাধ্য হয়। ভুলে গেলে চলবে না এ দেশের আপামর জনগণ ১৯৭১-এ পাকিস্তানকে পরাজিত করেছে এবং ৫৩ বছর পর ২০২৪-এর ৫ আগস্ট আধিপত্যবাদী ভারতকে পরাজিত করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত প্রায় ৪,০৯৬.৭ কিলোমিটার দীর্ঘ।
স্বাধীনতার পর থেকে গত ৫৪ বছরে বন্ধুপ্রতিম এই দেশের সীমান্ত কখনই বাংলাদেশের জন্য নিরাপদ ছিল না। মানবাধিকার সংগঠন অধিকার, হিউম্যান রাইটস ওয়াচ, ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের হাতে মোট নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যেতে পারে। অনেক গবেষকের মতে, ২০০০ সালের পর থেকে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন কমপক্ষে ১২০০-১৫০০ জন। আমরা বিশ্বাস করি, অতীতে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি এবং ভারতের বিগব্রাদার সুলভ আচরণে সীমান্ত হত্যার বিচার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। \r\nএখন নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে কূটনৈতিক কৌশলে কঠোর অবস্থান নেওয়ার সময় এসেছে। দ্বিপক্ষীয় আলোচনায় মানবাধিকারকে কেন্দ্রীয় ইস্যু করতে হবে, আন্তর্জাতিক ফোরামে সীমান্ত হত্যার প্রশ্ন জোরালোভাবে তুলতে হবে এবং ফেলানী হত্যার পুনর্বিচার নিশ্চিত করতে ভারতের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে বিশ্ব দরবারে বাড়াতে হবে সরব উপস্থিতি। মানবাধিকার, প্রতিবেশীসুলভ আচরণ এবং সীমান্ত সুরক্ষার নামে ভারত যে নৈতিকতার কথা বলে, ফেলানীর হত্যার পর ভারতের বিএসএফ কোর্ট বিস্ময়করভাবে দুই দফা বিচার শেষে খালাস দেয় ঘাতককে। এটি বিচার নয়, বরং প্রহসন। আমরা দৃঢ়চিত্তে বিশ্বাস করি, যেহেতু প্রতিবেশী পাল্টানো যায় না, সেহেতু প্রতিবেশীর সঙ্গে শত্রুতা নয়, বরং সমঅধিকার ও সমমর্যাদার সঙ্গে বসবাস করতে হয়। এ ক্ষেত্রে ভারতকে অগ্রগামী হতে হবে।
