ভূ-আঞ্চলিক গঠন প্রক্রিয়ায় বাংলাদেশের ভৌগোলিক সত্তা গড়ে উঠেছে নদী-খাল-বিল ও সাগর বেষ্টিত জটিল জলজ নেটওয়ার্কের বর্ণিল সমীকরণের ওপর। একসময় এসব নদী-খাল-বিল ছিল কৃষি, মৎস্য, নৌ-যোগাযোগ ও বন্যার জলনিকাশের প্রধান বাহন। বিভিন্ন সরকারের আমলে পেশাদার লুটেরা ভূমিদস্যুদের দখল, ভরাট, অব্যবস্থাপনা এবং সরকারের সংশ্লিষ্টদপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে বহু নদী ও খাল আজ মৃতপ্রায়। অনেক নদী-খাল-নালা ইতিহাসের মানচিত্র থেকে হারিয়ে গিয়েছে। এমন কঠিন বাস্তবতায় খাল খনন ও পুনরুদ্ধার কর্মসূচি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়; এটি দেশের পানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার সময়োপযোগী বাস্তবধর্মী পদক্ষেপ। সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

এবারে প্রায় ৩০ হাজার খাল চিহ্নিত, শ্রেণিবিন্যাস ও জিও-ইনফরমেটিক ডেটাবেইসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাস্তবায়নে থাকবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ। \r\nএর জন্য পানিসম্পদ মন্ত্রণালয়কে এমন এক তথ্যনির্ভর ডেটা বেইস তৈরি করতে হবে, যেন এক ক্লিকেই দেশের সব খালের শ্রেণিবিন্যাস চিহ্নিতকরণ করা যায়। আধুনিক প্রযক্তির কল্যাণে এই ব্যবস্থা করা সম্ভব হলে ভবিষ্যতে পানিসম্পদ পরিকল্পনা, বন্যা নিয়ন্ত্রণ, সেচ সম্প্রসারণ ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদি সুফল পাবে দেশবাসী। কেননা একই খালে একাধিক সংস্থার কাজ, দায়িত্বের দ্বৈধতা ও অপচয় দেখা দিতে পারে। এই প্রকল্প সেই ঘাটতি দূর করতে পারে।

পাশাপাশি সংস্থাভিত্তিক দায়িত্ব বণ্টন সুস্পষ্ট হলে খাল খনন ও রক্ষণাবেক্ষণে সমন্বয় বাড়বে এবং অপচয় কমবে। ৩১ কোটি ৫৭ লাখ টাকার এই কারিগরি প্রকল্প শুধু তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নয়, এটা দেশের ভবিষ্যতের জন্য সামগ্রিক পানি ব্যবস্থাপনায় কাঠামোগত শৃঙ্খলা ফিরিয়ে আনার এক শুভ সূচনা। \r\nস্বাধীনতার পর খাদ্যসংকট ও কৃষি উৎপাদন বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭-১৯৭৮ সালের দিকে খাল খনন কর্মসূচি হাতে নেন। এ সময়ে খাল খনন, পুনঃখনন ও সেচ সম্প্রসারণ কার্যক্রম গ্রামীণ অর্থনীতিতে গতি আনে। বহু অঞ্চলে আবাদি জমিতে সেচ পৌঁছে যায় এবং দেশের খাদ্য উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলে। সেই ধারাবাহিকতা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়ে। অনেক খাল হারিয়ে যায় মানচিত্র থেকে। খালগুলোকে বড়, মাঝারি ও ছোট কার্যকারিতা ও সক্ষমতার ভিত্তিতে ভাগ করা হবে। সেচ, পানি সংরক্ষণ ও বন্যা ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে নির্ধারণ করা হবে অগ্রাধিকার। দেশে আনুমানিক ৩০ হাজারের বেশি খাল রয়েছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব খালের সুনির্দিষ্ট সংজ্ঞা, শ্রেণিবিন্যাস ও দায়িত্ব বণ্টন নিয়ে কোনো একক নীতিমালা নেই। গ্রামীণ সড়ক-সংলগ্ন কালভার্ট, ব্রিজ ও রেগুলেটরের তথ্য যুক্ত হলে জলপ্রবাহ ব্যবস্থাপনা হবে আরও কার্যকর। ঐতিহাসিক সিএস-আরএস মানচিত্র, স্থানীয় জনগণের মতামত ও মাঠতথ্য সংযুক্ত করা হলে একটি প্রমাণভিত্তিক উন্নত ও টেকসই কাঠামো গড়ে উঠবে।