বাংলাদেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ সমাজব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃষি। কোটি মানুষের জীবন-জীবিকা সরাসরি এই খাতের সঙ্গে সম্পৃক্ত। তবুও কৃষক যিনি উৎপাদনের মূল চালিকাশক্তি সবচেয়ে বেশি অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে বসবাস করেন। কখনো ঘূর্ণিঝড়, বন্যা বা অকালবৃষ্টি; কখনো উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতি; কখনো বাজারদরের পতন; আবার কখনো মধ্যস্বত্বভোগীর আধিপত্য সব মিলিয়ে কৃষকের প্রাপ্য ন্যায্যমূল্য প্রায়ই অধরাই থেকে যায়। নীতিগত সহায়তাও অনেক সময় প্রকৃত উপকারভোগীর কাছে সঠিকভাবে পৌঁছায় না। এই বাস্তবতায় কৃষকের টেকসই উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য কৃষক কার্ড ব্যবস্থা চালু করা এখন সময়ের অপরিহার্য দাবি।
তবে কেবল একটি কার্ড বিতরণ করলেই সমস্যার সমাধান হবে না। এর কার্যকারিতা নির্ভর করবে একটি নির্ভুল ও সমন্বিত ডিজিটাল কৃষক ডাটাবেজের ওপর। বর্তমানে দেশে কতজন সক্রিয় কৃষক রয়েছেন, কার কত জমি, কে কোন মৌসুমে কী চাষ করেন এই মৌলিক তথ্যগুলো এখনো সমন্বিতভাবে সংরক্ষিত নয়। ফলে ভর্তুকি বিতরণে অসামঞ্জস্য, পরিকল্পনায় দুর্বলতা এবং লক্ষ্যভ্রষ্ট সহায়তার ঘটনা ঘটে। তথ্যভিত্তিক কৃষি প্রশাসন ছাড়া আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্ভব নয়। তাই প্রয়োজন একটি শক্তিশালী, নিরাপদ ও আন্তঃসংযোগ যোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে কৃষকের পরিচয়, জমির অবস্থান ও পরিমাণ, ফসলের ধরন, মৌসুমভিত্তিক উৎপাদন এবং আর্থ-সামাজিক প্রেক্ষাপট সংরক্ষিত থাকবে।
এইডাটাবেজকেবল পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে কৃষকের একটি 'ডিজিটাল ক্রেডিট প্রোফাইল' হিসেবেও কাজ করবে এর ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কৃষকের উৎপাদন সক্ষমতা যাচাই করে কোনো জামানত ছাড়াই দ্রুত ও সহজশর্তে ঋণপ্রদানের সুযোগ পাবে, যা গ্রামীণ অর্থনীতিতে পুঁজির প্রবাহ বৃদ্ধি করবে। এখানেই সামনে আসে একটি নতুন ধারণা সেটা হচ্ছে “এক কার্ডেই কৃষকের আর্থিক নিরাপত্তা”যদি কৃষক কার্ডকে ব্যাংক-সংযুক্ত স্মার্ট ডেবিট কার্ডের সঙ্গে একীভূত করা যায়, তবে একই কার্ড হবে কৃষকের পরিচয়পত্র, ভর্তুকি গ্রহণের মাধ্যম, ঋণ লেনদেনের উপকরণ এবং ডিজিটাল আর্থিক নিরাপত্তার প্রতীক। এক কার্ডের মাধ্যমে ভর্তুকি, প্রণোদনা, কৃষিঋণ, বীমা, ক্ষতিপূরণ এবং ফসল বিক্রির অর্থ সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানো সম্ভব হবে। নগদ লেনদেন কমবে, লিকেজ ও দুর্নীতি হ্রাস পাবে, এবং কৃষক হবেন সরাসরি আর্থিক ব্যবস্থার অংশীদার।
এই ডাটাবেজ তৈরিতে মাঠপর্যায়ের কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরাই সরাসরি কৃষকের সঙ্গে কাজ করেন এবং বাস্তব চিত্র সম্পর্কে অবগত। তাঁদের মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই ও নিয়মিত হালনাগাদ নিশ্চিত করা গেলে একটি জীবন্ত ও নির্ভরযোগ্য কৃষক ডাটাবেজ গড়ে তোলা সম্ভব। এতে কৃষি খাত পরিকল্পিত ও ডেটা-ড্রিভেন ব্যবস্থাপনার দিকে এগোবে।
উল্লেখযোগ্য যে, দেশে ইতোমধ্যে সীমিত পরিসরে এই কাজ শুরু হয়েছে। সরকারের প্রস্তাবিত কৃষক কার্ড উদ্যোগটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর এগ্রোমেট ল্যাবের গড়ে তোলা বিদ্যমান ডিজিটাল অবকাঠামোর সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। এ ল্যাব ইতোমধ্যে একটি জিও-রেফারেন্সড কৃষক ডাটাবেজ প্ল্যাটফর্ম তৈরি করেছে। এ পর্যন্ত দেশের ৩০টি জেলার প্রায় এক লক্ষ কৃষককে ডিজিটালভাবে নিবন্ধন ও যাচাই করা হয়েছে। একই সঙ্গে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকদের মোবাইল ফোনে তাৎক্ষণিক আবহাওয়ার পূর্বাভাস, আগাম সতর্কবার্তা এবং পূর্বাভাসভিত্তিক কৃষি পরামর্শ সাপ্তাহিক এসএমএস ও ভয়েস মেসেজের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে, যা কৃষকদের সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে। এছাড়া মোবাইলের মাধ্যমে ফসলের ছবি পাঠিয়ে রোগবালাই শনাক্তকরণ এবং বিশেষজ্ঞ পরামর্শ পাওয়ার একটি ডিজিটাল কল সেন্টার ব্যবস্থাও চালু হয়েছে। অর্থাৎ প্রযুক্তিগতভাবে পরীক্ষিত ও মাঠপর্যায়ে কার্যকর একটি অবকাঠামো ইতোমধ্যে বিদ্যমান। এই অভিজ্ঞতাকে জাতীয় পর্যায়ে সমন্বিতভাবে সম্প্রসারণ করা গেলে কৃষক কার্ড কর্মসূচির বাস্তবায়ন ত্বরান্বিত হবে, একই ধরনের কাজের পুনরাবৃত্তি কমবে এবং সময় ও ব্যয়ের উল্লেখযোগ্য সাশ্রয় সম্ভব হবে। ব্রি এগ্রোমেট ল্যাবের প্ল্যাটফর্মকে কাজে লাগালে একটি সমন্বিত, স্বচ্ছ ও তথ্যভিত্তিক কৃষি সেবা ব্যবস্থায় নির্বিঘ্ন রূপান্তর সম্ভব যা প্রশাসনিক দক্ষতা বাড়াবে এবং জলবায়ু-সংবেদনশীল কৃষি সহায়তাকে আরও কার্যকর করবে।
তবে এ কথাও সত্য যে, এই অবকাঠামো কার্যকরভাবে চালু থাকলেও এর জাতীয় পর্যায়ে সম্প্রসারণের সক্ষমতা, সিস্টেম নকশার পরিমার্জন, প্রশাসনিক কাঠামোর সঙ্গে সমন্বয়, ভর্তুকি লক্ষ্যভিত্তিকভাবে পৌঁছানোর দক্ষতা, জলবায়ু ঝুঁকি সুরক্ষা ব্যবস্থার কার্যকারিতা এবং আর্থিক টেকসইতা—এসব বিষয়ে এখনো পূর্ণাঙ্গ মূল্যায়ন হয়নি। তাই প্রয়োজন একটি সুসংগঠিত গবেষণা উদ্যোগ, যার মাধ্যমে বিদ্যমান ডিজিটাল অবকাঠামোকে জাতীয় কৃষক কার্ড ব্যবস্থার সঙ্গে যুক্ত করে পরিকল্পিতভাবে নকশা, পরীক্ষণ ও মূল্যায়ন করা হবে। এর লক্ষ্য হবে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জলবায়ু-সহনশীল কৃষি প্রশাসন কাঠামো গড়ে তোলা, যা দীর্ঘমেয়াদে দেশের কৃষকদের সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক হবে।
প্রস্তাবিত কৃষক কার্ড হবে একটি মেশিন-রিডেবল স্মার্ট কার্ড। এতে থাকবে কৃষকের নাম, ঠিকানা, একটি ইউনিক নম্বর, কার্ডের মেয়াদ এবং জমি ও ফসলসংক্রান্ত তথ্য। উপজেলা কৃষি অফিসে কার্ড ব্যবহার করে কৃষক সহজেই ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ করতে পারবেন। বর্তমানে অনেক ক্ষেত্রে প্রকৃত কৃষক প্রয়োজনীয় ইনপুট পান না, আবার কোথাও অপব্যবহার ঘটে। জমি ও ফসলের তথ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ইনপুট বরাদ্দ দিলে ভর্তুকি হবে লক্ষ্যভিত্তিক, স্বচ্ছ ও কার্যকর।
ভর্তুকির এই স্বচ্ছতা নিশ্চিত করতে ব্লকচেইন প্রযুক্তির সমন্বয় ঘটানো যেতে পারে। এতেকরে সার বা বীজের প্রতিটি লেনদেনের একটি অপরিবর্তনীয় ডিজিটাল রেকর্ড থাকবে, যা সার ডিলার থেকে শুরু করে মাঠপর্যায় পর্যন্ত যে-কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট রোধে শক্তিশালী ভূমিকা রাখবে। দুর্যোগ ব্যবস্থাপনাতেও কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঝড়, বন্যা বা খরার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত শনাক্ত করে কৃষি বীমা বা ক্ষতিপূরণ প্রদান সহজ হবে। এতে প্রশাসনিক বিলম্ব কমবে এবং সহায়তা পৌঁছাবে সময়মতো। একই সঙ্গে কৃষকের ক্ষতির পরিমাণ যাচাই করা হবে তথ্যভিত্তিক ভাবে, যা স্বচ্ছতা নিশ্চিত করবে।
কার্ডটি যদি মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত থাকে, তবে এর কার্যকারিতা আরও বাড়বে। কৃষক স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস, সেই নিমিত্তে করণীয়, বিভিন্ন বাজারের বর্তমান মূল্য এবং প্রয়োজনীয় কৃষি পরামর্শ তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়লে উৎপাদন ও বিপণন দুটিই হবে আরও পরিকল্পিত। কোথায় ভালো দাম পাওয়া যাচ্ছে তা জেনে সেখানে ফসল বিক্রি করলে ন্যায্যমূল্য নিশ্চিত করা সহজ হবে।
বাংলাদেশের কৃষকের দীর্ঘদিনের সমস্যা হলো মধ্যস্বত্বভোগীর আধিপত্য। বাজার তথ্যের অভাব ও সরাসরি বিপণন ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে কৃষক অনেক সময় কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হন। কৃষক কার্ডভিত্তিক একটি স্বচ্ছ ডিজিটাল বিপণন প্ল্যাটফর্মের মাধ্যমে উৎপাদক ও ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা গেলে বাজার হবে আরও প্রতিযোগিতামূলক ও ন্যায্য।
ভূমিহীন, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ এই চার শ্রেণিতে কৃষকদের বিভাজন করে সুবিধা নির্ধারণ করলে সহায়তা হবে অধিকতর লক্ষ্যভিত্তিক। সবার জন্য এক নিয়ম নয়; প্রয়োজন অনুযায়ী সহায়তাই হবে ন্যায়সংগত পথ। এতে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে এবং প্রকৃত উপকারভোগী সুবিধা পাবেন।
প্রযুক্তির ব্যবহার এখানেই থেমে থাকবে না। মোবাইলের মাধ্যমে ফসলের ছবি পাঠিয়ে রোগবালাই শনাক্তকরণ ও পরামর্শ প্রদান করা গেলে উৎপাদন ঝুঁকি কমবে। ডিজিটাল কৃষি সেবা, তথ্যনির্ভর সিদ্ধান্ত এবং স্বচ্ছ প্রশাসনের সমন্বয়ে একটি আধুনিক কৃষি ব্যবস্থাপনার ভিত্তি গড়ে উঠতে পারে।
তবে এই উদ্যোগ বাস্তবায়নে তথ্য নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা অপরিহার্য। কৃষকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা, স্পষ্ট আইনগত কাঠামো এবং প্রাতিষ্ঠানিক সমন্বয় প্রয়োজন। এটি যেন কেবল কার্ড বিতরণ কর্মসূচি না হয়ে কৃষি প্রশাসনের একটি কাঠামোগত সংস্কারে পরিণত হয় সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ ইতোমধ্যে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। জাতীয় পরিচয়পত্র, মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট তার প্রমাণ। কৃষক কার্ড সেই ধারাবাহিকতার একটি যৌক্তিক সম্প্রসারণ হতে পারে। দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য এই কার্ডের সাথে প্যারা মেট্রিক ক্রপ ইন্স্যুরেন্স' বা শস্যবিমা যুক্ত করা যেতে পারে।
এর ফলে প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে কোনো দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই কার্ডের তথ্যের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বিমার টাকা পৌঁছে যাবে। তবে সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সমন্বিত প্রয়াস।
সবশেষে বলা যায়, কৃষক কার্ড কেবল একটি প্লাস্টিক কার্ড নয়; এটি হতে পারে কৃষকের মর্যাদা, অধিকার ও ন্যায্যতার প্রতীক। এটি হতে পারে তথ্যভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কৃষি ব্যবস্থার ভিত্তি। কৃষকের ঘামঝরা পরিশ্রমের সঠিক মূল্য নিশ্চিত করতে এবং কৃষিকে টেকসই পথে এগিয়ে নিতে এখনই সময় সমন্বিত, নিরাপদ ও নির্ভরযোগ্য কৃষক কার্ড ব্যবস্থা বাস্তবায়নের। ডিজিটাল কৃষির এই নতুন অধ্যায় সফল হলে লাভবান হবেন শুধু কৃষক নন লাভবান হবে সমগ্র বাংলাদেশ।
লেখক: ড. নিয়াজ মো. ফারহাত রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন গবেষক), কৃষি পরিসংখ্যান বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর।
