ইনকিলাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সংখ্যায় ‘সম্পাদকের কথা’র এক স্থানে বলা হয়েছিল : ‘ইনকিলাব একটি শপথ। ইনকিলাব একটি অঙ্গীকার। এ অঙ্গীকার ন্যায়ের পক্ষে, নৈতিক অবক্ষয়ের সয়লাব, অপসংস্কৃতির প্রাদুর্ভাব রোধের। জাতীয় সংস্কৃতি উজ্জীবনে ইতিবাচক ও সংস্কারধর্মী ভূমিকা পালনের, সুন্দর ও কল্যাণমুখী এক নবীনতর ¯্রােতধারা সৃষ্টির, দেশ ও দেশের মানুষের আবেগ ও অনুভূতিকে ভাষা দেয়ার, জাতীয় স্বার্থ সমুন্নত রাখার সংগ্রামের অঙ্গীকার। সকল অকল্যাণকে চিহ্নিত করে শুভশক্তি ও কল্যাণের উদ্বোধনের এই দৃঢ় অঙ্গীকার আর বলিষ্ঠ শপথ নিয়েই ইনকিলাবের যাত্রা শুরু। এই লক্ষ্য ও আদর্শকে ধ্রুব করেই এক বছরের পথ পরিক্রমা।’
এতে সম্পাদকের যে অঙ্গীকার ব্যক্ত হয়েছিল, তা বাস্তবায়নের পথে বারে বারে প্রতিবন্ধকতার প্রাচীর খাড়া করা হলেও পত্রিকার সম্পাদক-মালিক, কর্তৃপক্ষ সে প্রাচীর ভেঙে পত্রিকার অগ্রাভিযান অক্ষুণœ রাখতে সক্ষম হন। এভাবে ইনকিলাব তার চার দশক সময় পার করল। ইনকিলাব তার চলার পথে এ যাবত সৃষ্ট সকল প্রতিবন্ধকতার মুখেও তার ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট রয়েছে। জাতীয় সকল স্তরেই ইনকিলাবের ইতিবাচক ভূমিকা জনগণের সমর্থন লাভ করেছে। এসব ক্ষেত্রে তার কল্যাণকর ও সংস্কারমূলক ভূমিকার তালিকা সুদীর্ঘ, যার বিবরণ এখানে দেয়া সম্ভব নয়। তবে উল্লেখযোগ্য যে, সমাজে প্রচলিত দুষ্টক্ষতগুলো অর্থাৎ বহুমাতৃক অপরাধ প্রবণতার বহিঃপ্রকাশ, পাপাচার, অনাচারের সয়লাব ও অপসংস্কৃতির বিরুদ্ধে ইনকিলাবের অবস্থান, তার নীতি-আদর্শেরই প্রতিফলন।
সমাজের বঞ্চিত-অবহেলিত, দুঃখী-অভাবী-অসহায়, উদ্বাস্তু, মজলুম, অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে ইনকিলাব তাদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় প্রচারধারা অব্যাহত রেখেছে। প্রাকৃতিক দুর্যোগ-কবলিতদের সাহায্য, গৃহহীন-উদ্বাস্তুদের পুনর্বাসন প্রভৃতি ক্ষেত্রে ইনকিলাবের মানবতাবাদী ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। অসংখ্য বিষয় আছে, যেগুলো প্রকাশ্যে সামনে আসতে পারে না, ইনকিলাব সেগুলোর ভালো-মন্দ তুলে ধরছে। ধর্মীয় ক্ষেত্রেও ইনকিলাব বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। শিক্ষা-সংকট দূর করে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন-সংস্কার, শিক্ষকদের বেতন-ভাতা ও মানোন্নয়ন প্রভৃতি ক্ষেত্রেই ইনকিলাবের প্রচারধর্মী ভূমিকা প্রশংসনীয় ও উৎসাহব্যঞ্জক। এসব ছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে মুসলিম উম্মাহর ন্যায়সঙ্গত অধিকার ও দাবি-দাওয়ার প্রতি ইনকিলাব পূর্ণ সমর্থন জ্ঞাপন করে আসছে। ইনকিলাবের মুসলিম উম্মাহর প্রতি সমর্থন, মুসলিম ভ্রাতৃত্ববোধের পরিচায়ক।
চলার পথে ইনকিলাবের নানামুখী প্রতিকূলতা এসেছে; তথাপি তার আদর্শ ও লক্ষ্য থেকে বিন্দুমাত্রও সে পিছপা হয়নি। তার পদচারণার ক্ষেত্রগুলো পর্যালোচনা করলে দেখা যায়, বিশেষভাবে ধর্মীয় ক্ষেত্রে ইনকিলাব যে আলোড়ন সৃষ্টিকারী ভূমিকা পালন করে যাচ্ছে, তার দৃষ্টান্ত বিশ্বে বিরল। একটি দৈনিক পত্রিকা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাল মিলিয়ে, ধর্মীয় তথা ইসলামিক বিষয়গুলো সর্বাধিক গুরুত্বের সাথে বিবেচনা করে, তার মূল অদর্শ ও লক্ষ্যকে সমুন্নত রাখতে সক্ষম হয়েছে। সে তার মূল আদর্শকে পাশ কাটিয়ে চলার মানসিকতা কখনো প্রদর্শন করেনি এবং ভবিষ্যতেও করবে না, এ বিশ্বাস সকলের। ইনকিলাবের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা এম এ মান্নান (রহ.) এর সুযোগ্য জ্যেষ্ঠ সন্তান আলহাজ এ এম এম বাহাউদ্দীন প্রতিষ্ঠালগ্ন হতে ইনকিলাবের সম্পাদক হিসেবে তার মহান পিতার লালিত স্বপ্নগুলো যে দূরদর্শিতা ও দক্ষতার সাথে বাস্তবায়িত করে চলেছেন, তাতে মাওলানার বিদেহী আত্মা নিশ্চয়ই সন্তুষ্ট হবে।
মানবতার সেবায় ইনকিলাব বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে। ইসলামের দৃষ্টিতে মানবসেবার গুরুত্ব তাৎপর্য তুলে ধরছে এবং অবহেলিত বঞ্চিতদের দুঃখ-দুর্দশা ও তাদের সমস্যাবলির প্রতি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। সুতরাং বলা যায়, ইনকিলাব কেবল মুসলমানদের ধর্মীয় মুখপত্র নয়, এটি দেশের সব শ্রেণি-পেশার মানুষেরই মুখপত্র হিসেবে ভূমিকা রাখছে। ইনকিলাব তার প্রচারণার ক্ষেত্রে পক্ষপাতিত্ব এড়িয়ে নিরপেক্ষ ভূূমিকা সততা ও ন্যায়নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। তাই সর্বস্তরের জনগণের ‘তর্জমান’ রূপে তার এ ভূমিকা অব্যাহত রয়েছে। সংক্ষেপে বলা যায়, ইনকিলাব তার পথ-পরিক্রমায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রচারধর্মী ভূমিকাকে প্রাধান্য দিয়েই কার্যক্রম পরিচালিত করছে। এছাড়া সামাজিক কল্যাণ-সংস্কারে, জাতীয় উন্নয়ন, মানবতার সেবা, মানবিক ও নৈতিক গুণাবলি অর্জন, নৈতিক অবক্ষয়রোধ, পাপাচার-অনাচারের অবসান, সন্ত্রাস দমন, মদ-জুয়া, প্রতারণা-দুর্নীতি, অন্যায়-জুলুম, নিপীড়ন, ভেজাল-জালিয়াত, মিথ্যাচার-অপচয় প্রতিরোধ প্রভৃতি হাজারো অনিয়ম ও গর্হিত কার্যাকলাপের বিরুদ্ধে ইনকিলাব শুধু সোচ্চারই নয়, কোরআন-সুন্নার আলোকে বিচার বিশ্লেষণ করে সকল বিষয় উপস্থাপন করছে, যেগুলো করার দায়িত্ব ধর্মীয় প্রতিষ্ঠান, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের।
দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম-কর্মে কোনো প্রকার বাধা এলে ইনকিলাবের প্রতিবাদী কণ্ঠ সোচ্চার হয়ে ওঠে এবং তার ক্ষুরধার লেখনি চলতেই থাকে। পাশাপাশি দেশের মাশায়েখ, উলামার ক্ষোভ, নিন্দা, প্রতিবাদের বিবরণ ইনকিলাব অবিরাম প্রচার করতে থাকে। তাছাড়া ইসলামবিরোধী তৎপরতার বিরুদ্ধে ইনকিলাব কখনো নীরব দর্শকের ভূমিকা পালন করে না। ইনকিলাবের মৌলিক আদর্শ হচ্ছে কোরআন ও হাদিস তথা ইসলাম। সুতরাং কোরআনের বাহক মহানবী (সা.) এর প্রতি এবং কোরআনের প্রতি কোনো কুলাঙ্গার কোনো অশুভ ও অশালীন আচরণ বা অমর্যাদা প্রদর্শন করলে ইনকিলাব গর্জে ওঠে, তার নিন্দা ক্ষোভ ও প্রতিবাদ সমালোচনার চূড়ান্ত রূপ ধারণ করে এবং ক্ষুব্ধ আলেম সমাজ ও ইসলামপ্রিয় জনতার আবেগ-অনুভূতি ইনকিলাবের মাধ্যমেই প্রচার ও প্রকাশ পায়।
এ দেশে মাদরাসা শিক্ষার বিরোধিতা করা একশ্রেণির বুদ্ধিজীবীর মাথায় পোকা হয়ে দাঁড়িয়েছে। সুযোগ পেলেই মাদরাসা শিক্ষার দিকে ঢিল ছুড়তে তাদের তুলনা হয় না। এ ব্যাপারে ইনকিলাব মাদরাসা শিক্ষার বিরোধীদের সকল ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। প্রতিবেশী দেশটির সংখ্যালঘু মুসলমানদের ওপর (তাদের ভাষায়) ‘গো-হত্যার’ অপরাধে অকথ্য নির্যাতন, নিপীড়ন চলছে, ইনকিলাব তার বিবরণ তুলে ধরতে দ্বিধা করে না এবং নিন্দা-প্রতিবাদ জানায়। কাশ্মীর, ফিলিস্তিন, প্রভৃতি ভূখ-ে যেসব অমানবিক নির্যাতন, বিতাড়ন চলছে, ইনকিলাব সবসময় সেগুলোর বিরুদ্ধে সোচ্চার। আন্তর্জাতিক পর্যায়েও ইনকিলাব সত্য ও ন্যায়ের এবং মানবতার পক্ষে অনড়, অটল।
