সংসদে সংরক্ষিত নারী আসন ব্যবস্থা বাংলাদেশে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে বাস্তবে এই ব্যবস্থা নারীর প্রকৃত ক্ষমতায়ন কতটা নিশ্চিত করছে, তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। একইসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১৩ জনের নাম ঘোষণা করেছে।
একসঙ্গে ৪৯ জন নারী সংসদে যাওয়াটা বেশ ইতিবাচক। সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায় যে, মনোনয়ন পাওয়া ৩৬ জনের মধ্যে ১০ জন সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতাদের স্ত্রী ও কন্যা ৭ জন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ৪ জন, ছাত্রদল থেকে উঠে আসা ৬ নেত্রী এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পরাজিত ৩ প্রার্থী রয়েছেন। এ ছাড়া বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের আরও সাত নেত্রীও মনোনয়ন পেয়েছেন।
১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের মধ্যে জামায়াতের হয়ে সংসদে যাচ্ছেন আটজন নারী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যাচ্ছেন দুজন। এ ছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একজন, বাংলাদেশ খেলাফত মজলিসের একজন এবং জুলাই শহীদ পরিবারের একজনকে নারী আসনের সংসদ সদস্য করা হচ্ছে এই জোট থেকে।
সাম্প্রতিক মনোনয়ন বিশ্লেষণ করলে দেখা যায়, একটি বড় অংশই রাজনৈতিক পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট। সাবেক সংসদ সদস্য, প্রভাবশালী নেতাদের স্ত্রী-কন্যা কিংবা দলীয় অঙ্গসংগঠনের পরিচিত মুখদের প্রাধান্য স্পষ্ট। এতে করে একটি ধারণা জোরালো হয় যে, সংরক্ষিত নারী আসন অনেক ক্ষেত্রেই দলীয় আনুগত্যের পুরস্কার বা রাজনৈতিক ভারসাম্য রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, নারীর স্বতন্ত্র নেতৃত্ব বিকাশের ক্ষেত্র হিসেবে নয়।
অবশ্য ইতিবাচক দিকও পুরোপুরি অনুপস্থিত নয়। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, সংখ্যালঘু সম্প্রদায় এবং ছাত্ররাজনীতি থেকে উঠে আসা কিছু নারীর অন্তর্ভুক্তি একটি বৈচিত্র্যপূর্ণ প্রতিনিধিত্বের ইঙ্গিত দেয়। এটি প্রমাণ করে যে, সঠিকভাবে প্রয়োগ করা হলে সংরক্ষিত আসন প্রান্তিক নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এই সংখ্যা কি পর্যাপ্ত, এবং তারা কি দলীয় কাঠামোর বাইরে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন?
সংরক্ষিত নারী আসনের বর্তমান কাঠামোর একটি মৌলিক সীমাবদ্ধতা হলো, এসব আসনে সরাসরি গণরায়ের মাধ্যমে নির্বাচন হয় না। দলীয় মনোনয়নই এখানে প্রধান নির্ধারক। ফলে সংসদ সদস্য হিসেবে তাদের জবাবদিহিতা মূলত দলের প্রতি, জনগণের প্রতি নয়। এই প্রক্রিয়া নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের পরিবর্তে দলীয় নিয়ন্ত্রণকে আরও সুদৃঢ় করতে পারে।
নারীর প্রকৃত ক্ষমতায়ন তখনই সম্ভব, যখন তারা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হতে পারবেন এবং নিজের রাজনৈতিক ভিত্তি তৈরি করতে পারবেন। সংরক্ষিত আসন সেই সুযোগের একটি সেতুবন্ধন হতে পারত, যদি তা স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হতো। কিন্তু বর্তমান বাস্তবতায় এটি অনেক সময়েই ‘টোকেন প্রতিনিধিত্ব’-এ সীমাবদ্ধ হয়ে পড়ছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো— সংরক্ষিত আসনের নারীরা সংসদে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছেন। শুধুমাত্র সংখ্যাগত উপস্থিতি বাড়লেই ক্ষমতায়ন নিশ্চিত হয় না; প্রয়োজন সিদ্ধান্তগ্রহণে সক্রিয় অংশগ্রহণ, নীতি প্রণয়নে প্রভাব এবং স্বাধীন মত প্রকাশের সুযোগ। যদি এই ক্ষেত্রগুলো সীমাবদ্ধ থাকে, তাহলে সংরক্ষিত আসনের মূল উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়।
তাই এখন সময় এসেছে এই ব্যবস্থার পুনর্মূল্যায়নের। সরাসরি নির্বাচনের মাধ্যমে সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং নারীদের রাজনৈতিক প্রশিক্ষণ ও নেতৃত্ব বিকাশে বিনিয়োগ বাড়ানো—এসব পদক্ষেপ বিবেচনা করা জরুরি। সংরক্ষিত নারী আসন নিঃসন্দেহে একটি প্রয়োজনীয় উদ্যোগ, বিশেষ করে একটি পিতৃতান্ত্রিক সমাজে নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য। তবে এটি যেন কেবল প্রতীকী না হয়ে প্রকৃত ক্ষমতায়নের হাতিয়ার হয়— সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, সমকাল
