মানুষের নিরাপত্তাহীন জাগতিক জীবনে বীমার ভূমিকা অনন্য। গোটা দুনিয়ায় জীবন বীমা রয়েছে প্রায় সব দেশেই। প্রাকৃতিক দুর্যোগকবলিত তৃতীয় বিশ্বের দেশগুলোর নাগরিকদের জানমালের নিরাপত্তায় জলবায়ু ঝুঁকি বীমা আশার সঞ্চার করবে। বন্যা, ঘূর্ণিঝড়, খরা, নদীভাঙন ও লবণাক্ততা শুধু পরিবেশগত সংকট নয়, এগুলো মানুষের জীবন, জীবিকা ও অর্থনীতির ওপর সরাসরি আঘাত হানছে এবং প্রান্তিক জনপদের জীবনযাত্রা পর্যুদস্ত করছে। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে বাংলাদেশ আজ বৈশ্বিক সীমারেখায় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখভাগে দাঁড়িয়ে। অথচ বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও জনগণ জলবায়ু ঝুঁকি বীমা থেকে বঞ্চিত। দুর্যোগ হলে দেশের কোটি মানুষ কার্যত অরক্ষিতই থেকে যায়।
এমন বাস্তবতায় দেশের জিডিপির মাত্র শূন্য দশমিক ৪৮ শতাংশ নন-লাইফ বীমার আওতায় থাকা এক ভয়াবহ বাস্তবতার ইঙ্গিত দেয়, যা সামগ্রিক সমতাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের পথে অন্তরায়।\r\nআমাদের আর্থসামাজিক বাস্তবতায় ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স (সিআরআই) কেবল একটি আর্থিক সেবা নয়, বরং একটি প্রয়োজনীয় সামাজিক সুরক্ষা কাঠামো। দেশে প্রচলিত বীমা যেখানে অতীতের ক্ষয়ক্ষতির ওপর নির্ভরশীল, সেখানে জলবায়ু ঝুঁকি ভবিষ্যৎ নির্ভর বীমা সেবা, যা প্যারামেট্রিক বা আবহাওয়াভিত্তিক বীমা মডেল, যেখানে বৃষ্টিপাত, নদীর পানি ও বাতাসের গতির মতো সূচকের ভিত্তিতে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া যাবে।\r\nএই পদ্ধতি বাংলাদেশের প্রাকৃতিক বাস্তবতায় খুবই প্রাসঙ্গিক।
বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামে ডব্লিউএফপি, অক্সফাম ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির যৌথ উদ্যোগে সূচকভিত্তিক বন্যা বীমা প্রকল্পে ২০ হাজারের বেশি কৃষক মোবাইলের মাধ্যমে ব্যক্তিগত ক্ষয়ক্ষতি যাচাইয়ের দীর্ঘসূত্রতা ছাড়াই মাত্র কয়েক দিনের মধ্যে ক্ষতিপূরণ পেয়েছেন। এটি সম্ভব হয়েছে বিগত ৪০ বছরের বেশি সময়ের বন্যা তথ্যের ভিত্তিতে তৈরি পরিকল্পনার আলোকে। জলবায়ু ঝুঁকি বীমার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দারিদ্র্য প্রতিরোধ। দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রায়ই ব্যক্তিগত কিংবা এনজিও ঋণের ফাঁদে পড়ে যায়। সময়মতো বীমা সহায়তা পেলে তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী যারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে, তাদের জন্য সিআরআই হতে পারে আর্থিক নিরাপত্তার ভরসাস্থল। সঠিক প্রযুক্তিভিত্তিক তথ্য ও নীতিগত সহায়তা থাকলে সিআরআই দুর্যোগ ব্যবস্থাপনায় আগামী দিনে এক কার্যকর হাতিয়ার হয়ে উঠবে। এই ব্যবস্থাকে টেকসই করতে জাতীয় পর্যায়ে নীতিগত ও বাস্তবিক কৌশল প্রণয়ন। বিচ্ছিন্ন পরিকল্পানার প্রকল্প নয়, প্রয়োজন আইনের হালনাগাদ, শক্তিশালী ডেটাবেস, আবহাওয়া ও ঝুঁকি তথ্যের ব্যবহার, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং দৃঢ় নিয়ন্ত্রক কাঠামো তৈরি। একই সঙ্গে গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মোট ১৯টি জেলা সরাসরি বা পরোক্ষভাবে বঙ্গোপসাগর উপকূলীয় নদী ও জোয়ারভাটা প্রভাবিত অঞ্চলের সঙ্গে যুক্ত। যার মোট সীমানা ৭১০ কিলোমিটার দীর্ঘ। এই দীর্ঘ উপকূলীয় রেখা বঙ্গোপসাগর ঘেঁষে বিস্তৃত, যা জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার দিক থেকেও এ অঞ্চলগুলো ঝুঁকিপূর্ণ।
