বর্ষার মাঝামাঝি। ভেজা বাতাস, মেঘের ছায়া আর টুপটাপ বৃষ্টির সঙ্গে আমরা ১১ জন কলেজ শিক্ষক আনন্দ ভ্রমণে রওনা হলাম গন্তব্য বিলচান্দক পাথার। সকাল ১০টায় মাইক্রোবাসে উঠলাম, চলল হাসি-ঠাট্টা, পুরনো স্মৃতিমন্থন আর গান সবমিলিয়ে মনে হচ্ছিল আমরা আবার ছাত্র। শহরের কোলাহল পেছনে ফেলে মন হালকা হচ্ছিল আর প্রত্যেক মুহূর্তে চলছিল উচ্ছ্বাস। পথিমধ্যে বনওয়ারীনগর, ফরিদপুরে বিরতি। বন্ধু মিঠুর বাসায় গরম রুটি আর মাংস ভোজনে ভরে দিল উদোর।

মিঠুর বাসার সামনের ফুলবাগান, ভেজা ঘাস, সবুজ গাছের ঝরঝরে জল সবমিলিয়ে বিরতিটা যেন ভ্রমণের প্রথম উৎসব। খাওয়ার ফাঁকে গল্প, হাসি, বন্ধুত্বের উষ্ণতা সেই মুহূর্তগুলো স্মৃতিতে গভীর ছাপ ফেলল। এরপর রাজবাড়ি, রানি ঘাটসহ প্রতœতাত্ত্বিক নিদর্শন দেখলাম। পথের দু’ধারে নদী, সবুজ মাঠ আর বর্ষার জল প্রকৃতির এই দৃশ্য আমাদের শহরের ব্যস্ততা থেকে বহু দূরে নিয়ে গেল। নৌকা ভ্রমণ ছিল সেদিনের সবচেয়ে আনন্দদায়ক। কেউ ছবি তুলছে, কেউ পা জলে ছুঁয়ে দেখছে, কেউ নিঃশব্দে দূর দিগন্তে তাকিয়ে। বর্ষার হালকা রোদ আর বাতাসের ভেজা গন্ধ সবমিলিয়ে অভূতপূর্ব। দুপুরে রফিকের বোনের বাড়িতে রকমারি খাবারের আয়োজন, যদিও মিঠুর বাসায় খেয়ে এসেছি, তবুও আনন্দে সবাই আটখানা। বিলচান্দক পাথারে পৌঁছালাম এবং বিস্মিত হলাম ! বিশাল পাথার, খোলা আকাশ, বর্ষার জল দুটোর মাঝখানে দাঁড়িয়ে নিজেদের ছোট মনে হলেও প্রাণবন্ত ছিল অনুভূতি। গান, হাসি, ছবি, গল্প সবমিলিয়ে আনন্দ সংক্রামক রোগের মতো সবার ঘাড়ে ভর করছিল। প্রকৃতি যেন আমাদের সঙ্গে খেলছিল হালকা রোদ, মেঘের ছায়া, ভেজা হাওয়া আর জলের ঢেউ। পাথারের পাড়ে ঘোড়া ঘুরে বেড়াচ্ছে, নদীর ঢেউ টুপটাপ করছে, আর আমরা যেন সেই দৃশ্যে মিলেমিশে একাকার হয়েছিলাম।

ফেরার পথে মন ভারী হলেও আনন্দের স্মৃতি ভরপুর। নৌকা আবার বড়াল নদী পার হচ্ছিল, মনে হচ্ছিল সৌন্দর্য চিরস্থায়ী। শহরে ফিরব, ক্লাসরুমে ঢুকব, পড়াব কিন্তু পাথারের সেই বর্ষার দিন, বনওয়ারীনগরের আতিথেয়তা সবকিছু হৃদয়ের ভেতরেই থেকে যাবে। আফসোস হলো শিশুসাহিত্যিক নুরুল ইসলাম বাবুলের সঙ্গে দেখা হয়নি। বিলচান্দক পাথারে ১৬ই আগস্ট শুধু ভ্রমণ ছিল না; ছিল বন্ধুত্বের পুনর্নবীকরণ, প্রকৃতির সঙ্গে নীরব সংলাপ, নিজেকে নতুন করে আবিষ্কারের দিন। বর্ষার দিনটি আজও আমাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে ভাসছে, আর সেই আনন্দের অনুভূতি চিরকাল মনকে উজ্জীবিত রাখবে। কাচারীপাড়া, পাবনা থেকে